মানুষ-প্রকৃতি মরুক, উন্নয়ন তো হোক!
আমাদের উন্নয়নের নেশায় পেয়েছে। নেশা হিসেবে তা খারাপ হওয়ার কথা নয়। কিন্তু দিনে দিনে দেখছি অনেক নেশার মতো এই নেশাও মরণ নেশার দিকে যাচ্ছে। ‘উন্নয়ন’ মেনে নিতে গিয়ে আমরা এরই মধ্যে গণতন্ত্রকে শিকেয় তুলেছি। সেই শিকে এতটাই শক্তপোক্ত যে সহজে তা ছিঁড়বে বলে মনে হচ্ছে না। নির্বাচন হবে কিন্তু ‘প্রতিদ্বন্দ্বিতা’ হবে না—ইউনিয়ন পর্যায়েও এই রেওয়াজে চালু হয়ে গেছে। তা গণতন্ত্র গোল্লায় যাক! উন্নয়নের তোড়ে তো মানুষেরই মরণ দশা। মানুষ বাঁচলে তবে না গণতন্ত্র!
আজ বিশ্ব নদী রক্ষা বা নদী কৃত্য দিবস। পত্রপত্রিকাগুলোতে দেশের নদ-নদীগুলোর দশা নিয়ে অনেক প্রতিবেদন বের হয়েছে। কয়েকটি শিরোনাম আপনাদের নজরে আনছি; ‘গভীর খনন বন্ধ পাঁচ বছর’ (বুড়িগঙ্গাসহ চার নদীর বর্জ্য তোলাও বন্ধ), ‘মাছশূন্য হয়ে পড়েছে কর্ণফুলী’, ‘আবর্জনায় কালো সুরমার পানি’, ‘দখল-দূষণে বিপন্ন নদ-নদী’ (পাবনা), ‘বালু ও মাটির অবৈধ ব্যবসা’ (রংপুরের ঘাঘট নদ)। এগুলো সবই প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন। ‘উত্তাল মুসা খান এখন খাঁড়ি’ (বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্পে নদী হত্যা), ‘দূষণ-দখলে বিপন্ন কীর্তনখোলা’, ‘পলি জমে মৃতপ্রায় অনেক নদী’ (কিশোরগঞ্জ)—এগুলো দৈনিক সমকালের শিরোনাম।
‘উন্নয়ন’-এর যে নেশায় আমরা বুঁদ হয়েছি, আমাদের নদীগুলোকে তা এই দশায় নিয়ে এসেছে। উন্নয়নের জন্য আমাদের শিল্প-কলকারখানার দরকার, আমরা তা বানিয়ে চলেছি। এর দূষণ ও বর্জ্য বহনের দায় আমরা চাপিয়েছি নদীর ওপর। উন্নয়নের জন্য আমাদের জমি লাগবে, তো ভরাট করো নদী! আমাদের লাগবে বালু ও মাটি, তোলো নদী থেকে! নদীগুলো তাই মরছে, এর পানি হয়ে যাচ্ছে থিকথিকে বিষাক্ত কালো তরলে, নদীর নিচে জমছে ময়লা আর পলিথিনের স্তর। গতকাল রোববার এক সেমিনারে বলা হয়েছে, বুড়িগঙ্গা নদীর তলায় ১৩ ফুট পুরু পলিথিনের স্তর জমেছে। প্রথম আলোর প্রতিবেদন লিখেছে, ওয়াসার পয়োবর্জ্য, সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা, কারখানার তরল রাসায়নিক এবং জাহাজের তেলের দূষণে কর্ণফুলী নদী মাছশূন্য হয়ে পড়ছে। মাছ বাঁচার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার, সেই পরিমাণ অক্সিজেন নেই নদীগুলোর পানিতে।
যুগে যুগে সভ্যতা গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। সেই নদীর প্রতি আমাদের এ কেমন আচরণ! নদীগুলোকে মেরে কি আমরা বেঁচে থাকতে পারব? অথবা প্রকৃতির সর্বনাশ করে? ‘উন্নয়ন’ মানেই প্রকৃতির কিছু না কিছু বিনাশ, কিন্তু এর কোনো হিসাবনিকাশ বা বিচার-বিবেচনা বোধ থাকবে না! বিদ্যুৎ আমাদের লাগবে, ধরে নিলাম তা কয়লা দিয়েই বানাতে হবে, কিন্তু তাই বলে এমন একটি বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কাছেই বানাতে হবে! শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াতেই তো সুন্দরবন অনন্য একটি বন। এমন একটি বন হেফাজত করার কোনো দায় আমাদের নেই!
এই বিদ্যুৎকেন্দ্র বানানো নিয়ে যখন আলাপ-আলোচনা শুরু হয় তখন থেকেই বিশেষজ্ঞদের তরফে এ নিয়ে আপত্তি উঠেছে। আন্তর্জাতিক পর্যায় থেকেও বলা হচ্ছে এই বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের ক্ষতি করবে। কিন্তু সরকারের অবস্থানের কোনো নড়চড় নেই। সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎকেন্দ্র বানানো নিয়ে সরকার যেন জেদ ধরেছে! ‘উন্নয়নের নেশায়’ পেয়ে বসা সরকার যেন কিছুতেই দমবে না!
প্রকৃতি ধ্বংস হোক, নদীগুলো মরুক, মানুষ মরুক, তার জীবন-জীবিকা বিপন্ন হোক তাতে কী! ‘উন্নয়ন’ তো হোক! এ থেকে কোনোভাবেই সরে আসা যাবে না। আমরা নদী মেরে ফেলব, আমরা বন ধ্বংস করব, শেষে আমরা নিজেরই মরব, কিন্তু উন্নয়নের পথে আমরা হাঁটবই!