
দুনিয়াজুড়ে অস্ত্রবাজদের দাপট দিন দিন বেড়েই চলেছে। যত যুদ্ধ আর সংঘাত, তার পেছনে অস্ত্র উৎপাদক আর ব্যবসায়ীদের নানা তৎপরতার কথা শোনা যায়। উসকানি দিয়ে যুদ্ধ বাধিয়ে তারপর মারণাস্ত্র আর সরঞ্জাম বিক্রি করে মুনাফা লুটছে অনেক দেশ। ইরাক যুদ্ধের পর যুক্তরাষ্ট্র কত লক্ষ–কোটি ডলারের অস্ত্র ব্যবসা করেছে, তার একটা খতিয়ান নিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অস্ত্র উৎপাদন ও বিক্রির মহাজনদের তালিকায় আরও আছে রাশিয়া, চীন, ভারত, ইসরাইল, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ফ্রান্সসহ অনেকগুলো দেশ। যেসব দেশ বৈশ্বিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন², তারাই অস্ত্রের প্রধান জোগানদার।
মার্কিন-সোভিয়েত ঠান্ডা লড়াইয়ের সময় দুটো দেশই পাল্লা দিয়ে অস্ত্রের উৎপাদন, ভান্ডার ও বাজার বিস্তৃত করেছিল। এখন ঠান্ডা লড়াই থেমে গেছে বলে মনে হলেও আসলে তা সত্য নয়। এটা এখন ছড়িয়ে পড়েছে চারদিকে। উত্তর কোরিয়া যত হুংকার দেয়, দক্ষিণ কোরিয়া আর জাপান ততই অস্ত্রের ভান্ডার বড় করে। ইসরাইল যত আগ্রাসী হয়, আশপাশের আরব দেশগুলো খেয়ে না–খেয়ে অস্ত্রের মজুত বাড়াতে থাকে। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের দ্বৈরথ তো চলছে ৬০ বছর ধরে। সাম্প্রতিক কালে আরব বসন্ত যত না গোলাপের সুবাস ছড়িয়েছে, তার চেয়ে বেশি বারুদের গন্ধে বাতাস করেছে ভারী। দীর্ঘকাল স্বৈরতান্ত্রিক সরকারের অধীনে থেকে গণতন্ত্রের জন্য মুখিয়ে থাকা মানুষের আকাঙ্ক্ষার বেলুন ফুটো হয়ে গেছে। তিউনিসিয়া থেকে ইয়েমেন পর্যন্ত একই ছবি।
গৃহযুদ্ধ চলছে অনেক দেশে। কোথাও শিয়া-সুন্নি-কুর্দি, কোথাও মুসলমান বনাম খ্রিষ্টান, কোথাও আল-কায়েদার সঙ্গে আইএস, কোথাও–বা বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে। এদের কারও কারও পক্ষ-বিপক্ষ হয়ে বাইরের দেশগুলো নাক গলাচ্ছে। ভেতরে সৈন্য পাঠাচ্ছে, কিংবা আকাশ থেকে ফেলছে বোমা। সবচেয়ে সংকটে আছে সিরিয়ার মানুষ। বিবিসির সূত্র অনুযায়ী গত সাড়ে চার বছরে গোষ্ঠীগত সহিংসতায় এবং বোমার আঘাতে আড়াই লাখ মানুষ মারা গেছে। ১ কোটি ১০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। জঙ্গিবাদী প্রচারণা আর জঙ্গিবাদ দমনের নামে পরাশক্তিগুলোর ছায়াযুদ্ধ চলছে। রক্তাক্ত শিশু ওমরানের ছবি নাড়া দিয়েছে বিশ্ববিবেককে। কিন্তু কে শোনে কার কথা!
বাংলাদেশ ছোট্ট একটা দেশ। জনসংখ্যার ভারে ন্যুব্জ। অর্থনৈতিক পশ্চাদপদতা এবং দারিদ্র্যকে সঙ্গী করে দেশটা একটা সর্বাত্মক জনযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল। তারপর থেকেই চলছে দেশটির টিকে থাকার এবং এগিয়ে যাওয়ার লড়াই। জন্মলগ্নেই বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির মূল কথাটি ঘোষণা করেছিল, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। আমরা কারও সঙ্গে সামরিক জোটে যাব না, কারও বৈশ্বিক রণকৌশলের ছাতার তলায় আশ্রয় নেব না। কিন্তু আমরা চাইলেই কি পার পাওয়া যাবে? বাংলাদেশ বিকাশমান অর্থনীতির দেশ। ভূকৌশলগত অবস্থানের কারণেও এর গুরুত্ব অনেক। ফলে আমরা চাই বা না চাই, আমাদের আষ্টেপৃষ্ঠে বাঁধবার জন্য অনেকেরই তোড়জোড় আছে।
মানুষ তার উদ্ভাবনী শক্তি যে কত অকাজে লাগায়, তার প্রমাণ হলো মানুষ মারার আয়োজন দেখে। এখন যে অস্ত্রটি নিয়ে আলোচনা হচ্ছে, তার নাম হলো গুচ্ছ বোমা—ক্লাস্টার মিউনিশন। আমাদের দেশে অনেকেই এর খবর রাখেন না। এটা এমন ধরনের বোমা, যা একটা অাবরণের মতো এবং তার মধ্যে থাকে ছোট ছোট অনেক বোমা। এর সংখ্যা কয়েক ডজন থেকে ছয় শ পর্যন্ত হতে পারে। আকাশ থেকে যখন একটা গুচ্ছ বোমা ছোড়া হয়, তার নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু থাকে না। ভেতরের ছোট বোমাগুলো বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এবং আশপাশের সবকিছু ধ্বংস করে দেয়। বিমান কিংবা মিসাইলের সাহাযে্য এই বোমা ছোড়া হয়।
গুচ্ছ বোমা প্রথমবার ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। পরে দুনিয়াটা যখন ঠান্ডা লড়াইয়ের কোটরে ঢুকে যায়, বোমাগুলো তখন মজুত করে রাখা হয়। এখন এগুলোর ব্যবহার হচ্ছে। কোনো একটা এলাকায় ধ্বংসযজ্ঞ চালাতে এর জুড়ি নেই। সম্প্রতি এই বোমা ব্যবহার হয়েছে আমাদের আশপাশের কয়েকটি দেশে—আফগানিস্তান ও কম্বোডিয়ায়। বিদ্রোহী দমনের নামে অসামরিক বসতির ওপর গুচ্ছ বোমা ফেলে ভীতি সৃষ্টির নামে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করা হয়েছে।
আন্তর্জাতিক রেডক্রসের তথ্য অনুযায়ী ৩৪টি দেশ ২১০ রকমের গুচ্ছ বোমা তৈরি করেছে এবং ৮৭টি দেশের কাছে এই বোমা মজুত আছে। মজুতের পরিমাণ কয়েক মিলিয়ন এবং এর মধ্যে ছোট ছোট বোমার সংখ্যা অগুনতি—কয়েক বিলিয়ন। হিউম্যান রাইটস ওয়াচের দেওয়া তথ্যে জানা যায়, রাষ্ট্রবহির্ভূত শক্তিগুলোর হাতেও এই মারণাস্ত্র আছে।
গুচ্ছ বোমা ব্যবহারের বিরুদ্ধে অনেক দেশেই জনমত গড়ে উঠেছে। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ২০০৮ সালের মে মাসে গুচ্ছ বোমার ওপর এক সম্মেলনে ১৩২টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এই কনভেনশনে তাঁরা গুচ্ছ বোমা ব্যবহার না করার ব্যাপারে সম্মত হন। তবে সবাই এই সম্মতিপত্র বা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করেনি। ২০১১ সালের ২৩ আগস্ট পর্যন্ত ১০৯টি দেশ গুচ্ছ বোমা ব্যবহার না করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ১৫টি দেশ আছে এর মধ্যে। আমাদের অঞ্চলে এই কনভেনশনে স্বাক্ষরদাতা দেশগুলোর মধ্যে আছে আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ইরাক, জাপান, লেবানন, নিউজিল্যান্ড ও ফিলিপাইন। এই কনভেশনে যোগ না দেওয়া দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, ইসরাইল, সৌদি আরব, পাকিস্তানসহ অনেক দেশ। বাংলাদেশও তাদের সহযাত্রী। এটা মেনে নেওয়া কষ্টকর। কনভেনশনের প্রথম পর্যালোচনামূলক সভাটি অনুষ্ঠিত হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে। এখন পর্যন্ত বাংলাদেশ এই চুক্তিতে সই দেয়নি। এটা এমন একটা ব্যতিক্রমী চুক্তি, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইসরাইল একাকার।
সাম্প্রতিক কালে লিবিয়া, সুদান, সিরিয়া, ইউক্রেন ও ইয়েমেনে গুচ্ছ বোমার ব্যবহার হয়েছে। ছোট বোমাগুলো অনেক সময় বিস্ফোরিত না হয়ে গাছের ডালে ঝুলে থাকে বা মাটিতে পড়ে থাকে। অনেক বছর এগুলো তাজা থাকে এবং খেলতে গিয়ে অনেক শিশু দুর্ঘটনার শিকার হয়। জমিতে চাষবাসের সময়ও দুর্ঘটনা ঘটে। আমাদের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশে এই বোমার প্রতিক্রিয়া হবে মারাত্মক।
মারণাস্ত্র তৈরি করতে আর্থিক প্রতিষ্ঠানের আগ্রহের কমতি নেই। একটি গবেষণায় দেখা গেছে, আটটি গুচ্ছ বোমা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১৬৬টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সাহায্য দিয়েছে। তাদের মোট বিনিয়োগ ৩ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামনের কাতারে আছে যুক্তরাষ্ট্রের জেপি মরগ্যান চেজ, ব্যাংক অব আমেরিকা, গোল্ডম্যান সাচ, সিটি গ্রুপ, চীনের চ্যাংজিয়াং সিকিউরিটিজ, রাশিয়ার এসবার ব্যাংক, কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এবং জাপানের মিতসুবিশি গ্রুপ। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ গুচ্ছ বোমা ব্যবহার না করার সনদে সই দিলেও এবং ইইউভুক্ত ১৫টি দেশ পরে অনুসমর্থন দিলেও ওই সব দেশের ২৪টি আর্থিক প্রতিষ্ঠান গুচ্ছ বোমার পেছনে বিনিয়োগ করেছে। ফলে ওই দেশগুলোর আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রশ্ন হলো, বিষয়টা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই বোমা নেই। অন্য কোনো দেশ আক্রমণের জন্য বাংলাদেশের রণসজ্জাও নেই। নিজেদের দেশের মানুষ মারার জন্যও সরকারের এই বোমা ব্যবহারের পরিকল্পনা আছে—এমনটা মনে করার কোনো কারণ নেই। তাহলে বাংলাদেশ এই সনদে কেন স্বাক্ষর দিচ্ছে না? আমরা তো অন্য কোনো দেশ বা শক্তির আক্রমণের লক্ষ্য হতে পারি। তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি পাওয়ার জন্য বলা যাবে, আমরা এই বোমা তৈরি এবং ব্যবহারের ঘোরতর বিরোধী।
আমাদের আশপাশের অনেক দেশেই গৃহযুদ্ধের পরিস্থিতি বিরাজমান। একবার তা ছড়িয়ে পড়লে বাংলাদেশ কতটুকু নিরাপদ থাকবে, তা নিয়ে বিতর্ক হতে পারে। সাবধানের মার নেই। আমরা দেশে শান্তি বজায় রাখার জন্য যেমন যথোপযুক্ত আর্থসামাজিক ব্যবস্থা নেব, প্রতিরক্ষানীতি সাজাব, তেমনি অস্ত্র প্রতিযোগিতা থেকে যদ্দুর সম্ভব নিজেদের মুক্ত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ হব। নিরস্ত্রীকরণের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব, যদি আমরা গুচ্ছ বোমাসংক্রান্ত সনদে স্বাক্ষর দিই।
গুচ্ছ বোমার ক্ষত বয়ে বেড়ানো মানুষ দেখা যায় আফগানিস্তান, কম্বোডিয়া, ইরাক, কুয়েত, লাওস, লেবানন, সিরিয়া আর ভিয়েতনামে। আমরা এখনো এ থেকে মুক্ত। আমরা ইতিমধ্যে ল্যান্ডমাইন–সংক্রান্ত সনদে স্বাক্ষর দিয়েছি। গুচ্ছ বোমার ব্যাপারেও আমরা আন্তরিক হতে পারি। এ জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটু তৎপর হতে হবে।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।