
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে দৃষ্টিকটুভাবে সৌদি আরবের সেই মিনি স্কার্ট পরা মেয়েটির গ্রেপ্তার নিয়ে কিছু বলেননি। মেয়েটির মিনি স্কার্ট পরে হাঁটার ভিডিও প্রকাশিত হলে সৌদি আরবের পুরুষদের মধ্যে পাশবিক ক্রোধ দেখা যায়। মে সম্ভবত এটা বিশ্বাস করেন না যে সৌদি রাজতন্ত্রের কেউ ‘সন্ত্রাসীদের’ টাকাপয়সা দেয় না, যে সন্ত্রাসীরা ম্যানচেস্টার ও লন্ডনে বোমা হামলা চালাচ্ছে। ফলে তিনি এই মেয়েটির গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে রাজতন্ত্রের ‘জাতীয় নিরাপত্তা’ হুমকির মুখে ফেলবেন না। যা হোক, মের মতো একজন কেতাদুরস্ত নারী, যিনি গ্রেনফেল টাওয়ারের উন্মাদগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে করমর্দন করে হাতে মাটি লাগাতে চাননি, তিনি একজন মধ্যবিত্ত নারীর জন্য অশ্রুপাত করবেন কেন? যে নারীর কারণে আবার সেই রাজতন্ত্রটি ঝামেলায় পড়েছিল, যে রাজতন্ত্রের নাম আমরা মুখে আনার সাহস করি না।
অন্তত এ কথা বলা যায়, আমরা তার নাম মুখে আনার সাহস করি না। কেবল এক সপ্তাহের মধ্যে ব্রিটিশদের প্রিয় প্রধানমন্ত্রী থেরেসা মে আধুনিক ‘সন্ত্রাসবাদের’ ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি এ কারণে প্রকাশ করতে রাজি হননি যে আইএস, আল-কায়েদা ও আল-নুসরার মতো সংগঠনগুলোকে যাঁরা টাকা দেন, তাঁদের পরিচয় চিহ্নিত হয়ে গেলে ‘জাতীয় নিরাপত্তা’ বিপদগ্রস্ত হবে। খেয়াল করবেন, মের সচিব অ্যামবার রাড কৌতূহলোদ্দীপকভাবে এটা সুনির্দিষ্টভাবে বলেননি যে কার জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। আমাদের? নাকি সেই রাজতন্ত্রের, যার নাম আমরা মুখে নেওয়ার সাহস দেখাই না। তারা নিশ্চয়ই জানে, রাজ্যের কোন প্রথিতযশা নাগরিক আইএসের সন্ত্রাসীদের কাছে টাকা পাঠাচ্ছে।
আর বছর দশেক আগে তো ব্রিটিশ পুলিশের মেট্রোপলিস কর্মকর্তা লর্ড ব্লেয়ার এক ঘুষের মামলার তদন্ত বন্ধ করে দিয়েছিলেন, যে মামলায় অ্যারোস্পেস কোম্পানি এবং যে রাজতন্ত্রের নাম আমরা মোটেও মুখে আনতে সাহস করি না, তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। মনে আছে, ওই সময় ‘জাতীয় স্বার্থের’ কারণে ব্রিটিশ নাগরিকেরা জানতে পারেনি প্রকৃতপক্ষে কী ঘটেছে। কারণ, এতে যুক্তরাজ্য ও সৌদি রাজতন্ত্রের সামরিক সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারত। ঘুষের তদন্তে ব্লেয়ার ‘খুব কঠিন ও সূক্ষ্ম প্রসঙ্গের’ কথা বলেছিলেন।
২০০৬ ও ২০০৭ সালে উল্লিখিত ঘুষের তদন্তের ব্যাপারে ‘জাতীয় স্বার্থ’ ও ‘নিরাপত্তার’ খাতিরে আমাদের কিছু জানতে দেওয়া হয়নি। এখন আইএসকে কারা টাকা দিচ্ছে, সেটাও আমরা ওই ‘জাতীয় স্বার্থের’ খাতিরে জানতে পারব না। যদিও এই চাঁদাদাতারা এমন দেশের নাগরিক, ১০ বছর আগে যাদের সঙ্গে ব্রিটিশদের ‘নিরাপত্তা সহযোগিতা’ গুরুত্বপূর্ণ ছিল। আমি বিশ্বাস করি, যুক্তরাজ্যের যে নাগরিকেরা আইএসের ছুরি ও আত্মঘাতী হামলার ধারা থেকে বেরিয়ে এসেছেন, তাঁরাও এই নির্বুদ্ধিতা দেখাতে পারেন।
ব্যাপারটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি সৌদি রাজতন্ত্রের ব্যাপারে ব্রিটিশদের এই গোপনীয়তার ব্যাপারটা আরাধ্য বস্তুতে পরিণত করা হয়েছে। অন্যদিকে বিরোধীরা অনেক দোনামনার পর মেনে নিয়েছে, আপাতত প্রিভি কাউন্সিলররা ব্যাপারটা জানতে পারলে চলবে। অর্থাৎ, জনগণের কাছ থেকে সব গোপন রাখা হলেও তাঁদের কাছ থেকে নয়।
কিন্তু না। ব্যাপারটা হলো, যে রাজতন্ত্রের নাম ব্রিটেন মুখে আনার একদমই সাহস পায় না, সেই রাজতন্ত্র এখন ইসরায়েলের মতোই পবিত্র। একসময় গাজায় যুদ্ধাপরাধের দায়ে আমরা ইসরায়েলের সমালোচনা করতে ভয় পেতাম। মনে ভয় ছিল, আমাদের সেমিটীয়বিরোধী আখ্যা দেওয়া হবে। এখন আমাদের সৌদি আরবের নাম মুখে নিতে ভয় পেতে হবে, পাছে আমাদের জাতীয় স্বার্থ বিপদগ্রস্ত হয়। জাতীয় পরিসরের এই বিতর্ক বন্ধ হওয়া মানে সবকিছু একদম এলোমেলো হয়ে পড়েছে। তাহলে শিগগিরই আমরা কেন এটা জিজ্ঞাসা করতে ভয় পাব যে ইসরায়েল কেন কৌশল হিসেবে সিরীয়, হিজবুল্লাহ ও ইরানিদের ওপর বোমা বর্ষণ করে? আর আইসিসের প্রসঙ্গ টানব না?
এখানেই শেষ নয় পাঠক। তিন মাসেরও কম সময়ের মধ্যে ব্রিটিশদের প্রিয় প্রধানমন্ত্রী জেরুজালেমে বেলফোর ঘোষণার শতবর্ষ উদ্যাপন করবেন, ব্যাপারটা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী পদে অন্য কেউ থাকতে পারেন। শরণার্থী তৈরির এই তরিকাকে ব্রিটিশ সরকার এখন চমৎকার নথি হিসেবে আখ্যা দিয়েছে। থেরেসা মে বলেছেন, এর জন্য ব্রিটিশদের ‘গর্বিত’ হওয়া উচিত। কিন্তু এই সর্বনাশা নথির কারণে (একটি বাক্য) ফিলিস্তিনিদের শরণার্থী হতে হয়েছে, যে দুঃখজনক ঘটনার রেশ আমরা আজও বয়ে বেড়াচ্ছি।
এখন ব্রিটিশদের ‘জাতীয় স্বার্থে’ একটি নথি চাপা দিতে হবে। ‘জাতীয় স্বার্থে’ ব্রিটিশ সরকার অসম্মান ও ভণ্ডামিমূলক বিবৃতি মুছে দিতে পারে। অথবা এই ব্যাপারটা সবাই নীরবে ভুলে যেতে পারে। এই গোপনীয়তার স্রোতে আমাদেরও গা ভাসানোর আহ্বান জানানো হয়েছে। এটাই আমাদের সবচেয়ে লজ্জার কারণ হওয়া উচিত, আর লজ্জিত হওয়াটাই হবে প্রশংসার ব্যাপার। ব্যাপারটা হলো, আমাদের কাছ থেকে যা লুকানোর কথা, সেটাই আমাদের পড়া উচিত।
ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া। অনুবাদ: প্রতীক বর্ধন
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।