মানুষগুলো যেন সংখ্যা না হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মৃতি স্থাপনা। ছবি: প্রথম আলো
সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মৃতি স্থাপনা। ছবি: প্রথম আলো

প্রথম আলোর প্রথম পাতায় প্রায় নিয়মিত একটি হিসাব যায়। হিসাবের সংখ্যাটা দিনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে। ‘মৃত্যুর মিছিল থামছে না’ শিরোনামের এই হিসাবে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সবশেষ তথ্য উল্লেখ করা হয়। ২৭ আগস্ট পর্যন্ত ১৯৪ দিনে ১ হাজার ৮৪০ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। দিনে গড়ে প্রায় ১০ জনের প্রাণ সড়কে গেছে।

পবিত্র ঈদুল আজহা আসন্ন। ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেড়ে যাওয়ার গতি লক্ষ করা যায়। গত ঈদুল ফিতরের আগে-পরের ১৩ দিনের সড়ক দুর্ঘটনা নিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বলছে, এই সময়ে সড়কপথে ২০৫টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ২৭৪ জন নিহত ও ৮৪৮ জন আহত হয়। গত বছরের চেয়ে ওই ঈদযাত্রায় দুর্ঘটনা ও প্রাণহানি দুটিই বেড়েছে (৫ জুলাই ২০১৭, প্রথম আলো)।

সড়ক দুর্ঘটনা রোধে অনেক দিন ধরেই ব্যক্তি ও সংগঠন পর্যায়ে আন্দোলন চলছে। বছরজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, সড়কে প্রাণহানি থামার কোনো লক্ষণ নেই।

প্রতিদিন পত্রপত্রিকা খুললেই সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার করুণ সব কাহিনি চোখে পড়ে। এমনই একটি কাহিনি ২১ আগস্ট প্রথম আলোয় এসেছে। ‘মুহূর্তেই স্মৃতি হয়ে গেল পরিবারটি’ শিরোনামের খবর থেকে জানা যায়, চট্টগ্রামে ১৯ আগস্ট রাতে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছে। বেপরোয়া বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন। সোহেল-সাইমা দম্পতির সাজানো-গোছানো সুখের সংসার ছিল। ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁদের ছিল বড় স্বপ্ন। আহ্, নিমেষেই সব শেষ হয়ে গেল!

সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিটি খবরে তাৎক্ষণিকভাবে মন ভীষণ ভারাক্রান্ত হয়। তারপর হয়তো কর্মব্যস্ততায় সব ভুলে যাই। কিন্তু যার যায়, সে-ই শুধু বোঝে। একটি মৃত্যু আপনজনদের সারা জীবনের কান্না হয়ে থাকে। অনেক পরিবার বসেও যায়। স্বজনহারাদের দুঃখ-কষ্ট, বেদনার তীব্র অনুভূতি আমাদের জানা হয় না।

সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রিয়জন হারানোর বেদনা আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়। তিনি বলেন, একটা দুর্ঘটনা একটা পরিবারে বিপর্যয় ডেকে আনে। এই বিপর্যয়ের জের আজীবন টানতে হয়। বাইরের কারও পক্ষে তা উপলব্ধি করা সম্ভব না।

সড়ক নিরাপদ করা নিয়ে বিভিন্ন মহলে অনেক কথা হচ্ছে। মাস কয়েক আগে সড়ক পরিবহন আইনের খসড়া মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। তবে তা এখনো সংসদে ওঠেনি। খসড়ায় বেশ কিছু অসংগতি লক্ষণীয়। যেমন শিরোনামে ‘নিরাপত্তা’ শব্দটিই নেই। দুর্ঘটনায় প্রাণহানি বা গুরুতর আহত হলে তা দণ্ডবিধির অপরাধ বিবেচিত হবে বলে খসড়ায় বলা হয়েছে। কিন্তু দণ্ডবিধির কোন ধারার অপরাধ, তার উল্লেখ খসড়ায় নেই।

সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধানে দাবি করে আসছে নাগরিক সমাজ। কিন্তু খসড়ায় এই দাবি উপেক্ষিত থেকেছে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ডই রাখা হয়েছে [দণ্ডবিধির ৩০৪(খ) ধারা]। খসড়ায় ক্ষতিপূরণেরও কোনো বিধান রাখা হয়নি।

সড়ক দুর্ঘটনা রোধে যে খসড়াটি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে, তা নিয়ে নাগরিক সমাজের মধ্যে অসন্তোষ আছে। খসড়াটি পর্যালোচনারও দাবি উঠেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে এ নিয়ে কথা হয়। তাঁর মতে, এই খসড়ায় সড়ক নিরাপত্তার বিষয়টিকে অবজ্ঞা করা হয়েছে। এটি হবে একটি দুর্বল আইন। এই আইন কতটা সুফল দেবে, তা নিয়ে গুরুতর সন্দেহ আছে।

কঠোর আইনের পাশাপাশি দক্ষ চালক, মানসম্মত সড়ক ও যানবাহন এবং জনসচেতনতা সড়ক দুর্ঘটনা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। তিনি বলেন, ‘সমাধানটা আমরা সবাই জানি। কিন্তু নানান কারণে সমাধানের সূত্রটার বাস্তবায়ন ঘটানো যাচ্ছে না। এই অবস্থা চললে সড়ক নিরাপত্তা দুরাশাই হয়ে থাকবে।’

বাংলাদেশের সড়ক পরিবহন খাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিদ্যমান। পরিবহন মালিক-শ্রমিকদের কাছে খাতটি কার্যত জিম্মি। তাঁরা আইন-কানুন, বিচারব্যবস্থা মানতে চান না। নিজেদের লোক সরকারে থাকায় তাঁদের পোয়াবারো। সড়ক নিরাপদ করতে এই খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিকল্প নেই। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ ছেড়ে জনগণের জীবনের মূল্যকে প্রাধান্য দিলে ভোটে কমতি হওয়ার কথা নয়।

একক কারও পক্ষে সড়ক নিরাপদ করা সম্ভব নয় বলে মনে করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ জন্য সম্মিলিত ও সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন তিনি। ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘একটা মৃত্যুও সহ্য হয় না। এখন হাতে সময় কম। মানুষও ছুটবে গন্তব্যে। এই সময়ে সবার সচেতনতা জরুরি। সঙ্গে বাড়াতে হবে নজরদারি।’

ঈদযাত্রাসহ অন্য সময়ে সড়ক নিরাপদ করতে না পারলে লাশের সংখ্যা বাড়তেই থাকবে। দিনের পর দিন জলজ্যান্ত মানুষগুলো সংখ্যা হয়ে কাগজে ঠাঁই নেবে। মানুষের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। সড়কে মৃত্যুর মিছিল ঠেকাতে সরকারকেই বড় ভূমিকা পালন করতে হবে। আর অন্যদের এগিয়ে আসতে হবে। সবার ঈদযাত্রা নিরাপদ হোক।

সাইফুল সামিন: সাংবাদিক
[email protected]