
দারিদ্র্য ও ক্ষুধা নিয়ে গবেষণা করে অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বখ্যাতি অর্জন করেন। তাঁর শ্বশুর মশাই নরেন্দ্র দেব ওমর খৈয়ামের অনুবাদ করে খ্যাতি অর্জন করেছিলেন। ওমর খৈয়ামের একটি কবিতার বাংলা তরজমা করেছেন তিনি এভাবে, ‘মানুষেরে হীনচেতা/ তুমিই করেছো হেতা/ সে তোমারই চুক;/ ক্ষমা চাও মানুষের কাছে/ ক্ষমা করো দোষ তার যত কিছু আছে।’
পারস্যের মরমি কবি ও জ্যোতির্বিজ্ঞানী মানুষের অপকর্ম ও পাপের জন্য মানুষকে দায়ী না করে, মানুষের যিনি স্রষ্টা, তাঁকেই দায়ী করেছেন। কারণ বিধাতা যে মানুষকে যেভাবে তৈরি করেছেন, সে সেভাবেই তৈরি হয়েছে। মানুষের দোষ কোথায়? ওমর খৈয়ামের থিওরি অনুযায়ী, যে মানুষ গরিবের হক কেড়ে খায়, হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজির চাল পর্যন্ত যারা মেরে দেয়, তাদেরও দোষ দেওয়া যায় না।
বিধাতা গরিবের চাল আত্মসাৎকারীদের ক্ষমা করলেও, ক্ষুধার্ত চাল ক্রেতারা তাদের ক্ষমা করতে নারাজ। কারণ, ওই চাল তাঁরা মুফতে নিতে চাননি। রিলিফের চাল যখন নিষিদ্ধ পলিথিনের থলেতে গরিবদের মধ্যে বিতরণ করা হয়, তখন তার থেকে প্রতি থলের দু-চার মুঠো সরিয়ে রাখলে দোষের কিছু নেই। মাগনা যে যা পায় তাতেই লাভ। কিন্তু টাকা দিয়ে চাল কিনতে এসে এক কেজির দাম দিয়ে ৭০০ গ্রাম পাওয়া অথবা ৩০ কেজির টাকা পরিশোধ করে ১৫ কেজি নিয়ে ঘরে ফেরার যে মর্মবেদনা তা বৃদ্ধ ওমর খৈয়াম চিন্তাও করতে পারতেন না।
সম্প্রতি সরকার অসহায় অতিগরিবদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি নিয়েছে। এ জন্য সরকারকে, বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষ ধন্যবাদ জানিয়েছে। পত্রপত্রিকা সম্পাদকীয় লিখে সরকারের প্রশংসা করেছে। টক শোর মনোনীত বিতার্কিকদের হাত নাড়া প্রশংসা ছিল খুবই উচ্ছ্বসিত ও প্রাণবন্ত। বিরোধী দলের সমর্থক দর্শক-শ্রোতারা সে প্রশংসায় দ্বিমত পোষণ করার কোনো অজুহাতই খুঁজে পাননি। কিন্তু হপ্তা খানেক যেতেই পত্রপত্রিকার পাতা ভরে উঠল ১০ টাকা কেজি চাল বিতরণের অনিয়মের কাহিনিতে।
সরকারের যেকোনো ব্যাপারে সরকারি দলের লোকদেরই ষোলো আনা কর্তৃত্ব থাকবে, তাতে কারও বিন্দুমাত্র আপত্তি নেই। চাল হোক, রিলিফের খেজুর হোক বা দুম্বার মাংস হোক, সরকার যখন কোনো দ্রব্য বিতরণের জন্য বিভিন্ন এলাকায় বণ্টন করে, তখন তা সরকারি দলের লোকদের হাতেই গিয়ে পড়বে। কেজি দুই চাল কাকে দেবেন, একমুঠো খেজুর কার ভাগ্যে জুটবে অথবা দুম্বার একটি পা কার কপালে জোটে, তা নির্ধারণের ক্ষমতা বিধাতার নয়, সরকারি দলের লোকদের। এলাকার সবচেয়ে দুস্থ যে বিধবা বৃদ্ধা, খেজুর তাঁকে দেওয়া হয় না। কারণ তাঁর দাঁত আছে মাত্র তিনটি, খেজুর তিনি চিবাতে পারবেন না। তাই বাক্সসুদ্ধ খেজুর যায় জনপ্রতিনিধি ও সরকারি দলের নেতার অথবা তাঁর ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে। দুম্বার মাংস রান্না করতে গেলে যে তেল, গরমমসলা ও পেঁয়াজ-রসুনের প্রয়োজন, তা ওই নিঃসন্তান বিধবা জোটাতে পারবেন না। সুতরাং দুম্বার পেছনের দিকের রান ও সিনার টুকরাগুলো জনপ্রতিনিধি ও নেতার শ্যালিকার শ্বশুরবাড়িতে লোক দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। পাঠিয়ে মোবাইল ফোনে শ্যালিকাকে বলে দেন, ‘এ মাংস দেশি খাসির মতো হইব না। মরুভূমির দ্যাশের পশু। চর্বি কম। একটু রুঠা রুঠা হইব। বেশি মসলা দিয়া ভুনা ভুনা করবি।’ তবু গরিবদের হক মেরে, ওই মাংস খাওয়া চাই-ই।
সরকার যে ব্যবস্থা নিয়েছে, তাতে দেশের অতিদরিদ্র ৫০ লাখ মানুষ ১০ টাকা কেজি দরে চাল পাবে। গত ৭ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। পাঁচ মাস চলবে। নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু কাজটি শুরু হতে না হতেই অন্তত ১০ রকমের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মগুলো হলো: ১. কোথাও গরিবের বদলে ধনীরা চাল পাচ্ছে। ২. কোথাও ওজনে কম দেওয়া হচ্ছে। ৩. কোথাও ৩০ কেজি চাল দেওয়ার টিপসই নিয়ে দেওয়া হচ্ছে ১০ থেকে ২০ কেজি চাল। ৪. তালিকা প্রণয়নের অথবা অনুমোদনের আগেই অনেক জায়গায় চাল বিতরণ শুরু হয়ে যায়। ৫. অনেক জায়গায় হতদরিদ্রের নাম তালিকায় আসেনি, সচ্ছল অথচ স্থানীয় নেতাদের ঘনিষ্ঠদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। ৬. চাল বিতরণে অনভিজ্ঞ দলীয় নেতা-কর্মীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৭. বেশ কয়েকটি এলাকায় উপকারভোগী তালিকায় সরকারি চাকরিজীবী, স্কুলশিক্ষক ও ইউনিয়ন পরিষদের মেম্বারের নাম রয়েছে। ৮. কয়েকটি জেলায় খাদ্য বিভাগ থেকে নিম্নমানের চাল দেওয়া হয়েছে। ৯. কার্ডধারী ব্যক্তিদের চাল না দিয়ে খোলাবাজারে বিক্রির ঘটনা ঘটেছে। এবং ১০. ব্যানার টাঙিয়ে নির্দিষ্ট সময়ে চাল বিক্রির নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। [প্রথম আলো, ১১ অক্টোবর]
এই তালিকাই পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত তা বলা যাবে না। এই তালিকা প্রকাশের পরের কয়েক দিনে অন্যান্য পত্রিকা ও টিভি চ্যানেলে যেসব সচিত্র ও সবাক প্রতিবেদন বেরিয়েছে, তা অবলম্বন করে করুণ তথ্যচিত্র শুধু নয়, ফিচার ফিল্ম পর্যন্ত হতে পারে। সেসব যোগ দিলে অনিয়মের তালিকা ১০ নয়, ২০ ছাড়িয়ে যাবে।
রোববার সন্ধ্যায় এক কলেজপড়ুয়া ছোকরা পালপাড়াতে গিয়ে এক বৃদ্ধাকে বলল, ‘মাসি, আইজ তো বিশ্ব খাদ্য দিবস, কী খাইলেন?’ মাসি বললেন, ‘এই বেলা কিছু রান্ধি নাই, বাবা। ১০ টাকা দরে চাউল আনতে গেছিলাম মেম্বারের বাড়ি, কইল, “তোমার তো নামই ওঠে নাই খাতায়, কী কাজে আইছ? পরের মাসে খবর নিয়ো। এই মাসের চালান শ্যাষ।”’
গোপাল সেক ও হরিতন বিবি দুটি ছেলেমেয়ে নিয়ে মহাসড়কের পাশে শণের ঘর বানিয়ে থাকেন। কয়েক বছর আগে নদীভাঙনে বাড়িঘর সব নদীতে চলে গেছে। খেয়ে না খেয়ে দিন কাটে। গোপাল গেছিলেন চেয়ারম্যানের বাড়ি। তিনি ছিলেন না, এমপি সাহেব সদরে আসবেন, তাই তাঁর সঙ্গে দেখা করতে গেছেন জরুরি কাজে। চেয়ারম্যান সাহেবের ছেলে এমপি সাহেবের প্রতিষ্ঠিত খেজুর আলী ডিগ্রি কলেজের ভিপি। বাধ্য হয়ে তাঁর কাছেই চালের ব্যাপারে জানতে চাইলেন গোপাল। মোটরসাইকেলে সজোরে স্টার্ট নিতে নিতে ভিপি বললেন, ‘চাইল-ডাইল-নুন-মরিচের খবর আমার কাছে ক্যান? এইবারের চাইল সব বিক্রি হইয়া গ্যাছে।’ ধমক খেয়ে তঁার ঝুপড়িতে ফেরার পথে গোপাল দেখলেন, দুই বস্তা চাল নিয়ে একটি ভ্যানগাড়ি খান্নাস মিয়ার নতুন দালানঅলা বাড়িতে ঢুকে গেল। কোনো কোনো এলাকায় জীবিত গরিব চাল পায়নি, কয়েক বছর আগে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে এমন ব্যক্তি এসে চাল কিনে নিয়ে গেছে। কোনো পরিবারের তিন কার্ড পাওয়ার সৌভাগ্য হয়েছে, এক কার্ডে চাল নিয়ে দুই কার্ডের চাল বিক্রি করে দিয়েছে।
যাহোক, অনিয়ম, অস্বচ্ছতার কথা গণমাধ্যমে আসার পর খাদ্য মন্ত্রণালয় আট সদস্যের একটি তদারকি কমিটি গঠন করেছে। ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। তাঁরা তিনজনকে সাজা দিয়েছেন। জরিমানা করেছেন ৫০ হাজার টাকা। সাতজনকে গ্রেপ্তার করেছেন। গতকাল পর্যন্ত ১১টি বা তার বেশি ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ ধরনের ব্যবস্থাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এটুকুতেই পরিস্থিতি স্বাভাবিক হবে না।
চাল বিক্রির ডিলারশিপ যে আওয়ামী লীগের লোকেরাই পাবেন, সেটা অবধারিত। তাতে দোষের কিছু নেই। তবে আওয়ামী লীগের সৎলোকটিকে দিলেই ভালো হতো। ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার এলাকার অতিগরিবদের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন। অভাব ও ক্ষুধা জিনিসটি দলনিরপেক্ষ। দুবেলা দুমুঠো ভাত না জুটলে আওয়ামী-সমর্থক হতদরিদ্রের যেমন ক্ষুধা লাগে, তেমনি বিএনপি-সমর্থকদেরও পেট চিনচিন করে। তালিকা তৈরিতে ব্যাপক দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে চারদিক থেকে।
চাল উৎপাদনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। আমরা বিশ্বে চতুর্থ। গম, ভুট্টা, মাছ, শাকসবজি প্রভৃতি উৎপাদনেও প্রচুর সাফল্য। এ জন্য আমাদের কৃষক, মৎস্যজীবী, কৃষিবিদ প্রমুখ ধন্যবাদের পাত্র। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) বা বিশ্ব ক্ষুধাসূচক ২০১৬ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ভালো। এমনকি ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে। বাংলাদেশে এখন অভুক্ত মানুষের সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে কম। তবু অন্তত দুই কোটি মানুষ অতিদরিদ্র। দুবেলা তাদের ভাত-রুটি জোটে না।
শুরুতে অমর্ত্য সেনের কথা বলেছি। তিনি গবেষণা করে দেখিয়েছেন, পর্যাপ্ত খাদ্যশস্য থাকলেই দেশের সব মানুষ ক্ষুধামুক্ত থাকবে তার নিশ্চয়তা নেই। পঞ্চাশের মন্বন্তর ও চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য ছিল। বণ্টন ঠিকমতো হয়নি এবং মানুষের কেনার ক্ষমতা ছিল না। যার হাতে টাকা নেই, তাকে ৪০ টাকা কেজির চাল ২০ টাকায় দিলেও সে কিনতে পারবে না। তাই হতদরিদ্রদের জন্য রাষ্ট্রকে বিশেষ ব্যবস্থা নিতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল বিক্রির যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। কিন্তু তাঁর দলের কিছু মানুষের লোভ-লালসার কারণে কর্মসূচিটি বিতর্কের জন্ম দিচ্ছে।
আমরা নানা অন্যায্য কাজ ও অনিয়মের জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সমালোচনা করি। সরকারি কর্মকর্তাদেরও দোষারোপ করা হয়। আড়ালে থেকে যান দায়িত্বশীল আরও অনেকে। চাল বিক্রির এই অনিয়মের দায় সংশ্লিষ্ট এলাকার সাংসদদেরও বহন করতে হবে। তাঁরা রাষ্ট্রের যাবতীয় আনুকূল্য নিয়ে এলাকার মানুষের জন্য কী কাজটা করছেন? তাঁদের শুল্কমুক্ত দামি গাড়ি, রাজউকের প্লট বা ফ্ল্যাট নিয়ে আমাদের বলার কিছু নেই। সরকারের একটি চমৎকার উদ্যোগ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এমপিদের ভূমিকা রাখা উচিত ছিল।
আগে আমরা দেখেছি, বাড়ির ধান–চালের গোলায় ধেড়ে ইঁদুর ঢুকে সব সাবাড় করে দিত। যারা গরিবের চাল নিয়ে দুর্নীতি করে, তারা তো মানুষরূপী ধেড়ে ইঁদুরের চেয়ে কম নয়। চাল বিক্রির অনিয়ম-দুর্নীতি নিয়ে আমি ব্যক্তিগতভাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তাঁকে অনুরোধ করেছি, কোনোক্রমে যেন এ ক্ষেত্রে দুর্নীতি সহ্য করা না হয়। এবং ভালো হয় ইউপির চেয়ারম্যান-মেম্বার ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সত্যিকারের অতিগরিবেরা যাতে এই কর্মসূচির সুবিধা পায়। তিনি বলেছেন, সরকারি দলের লোক হোক আর যে-ই হোক, এ ব্যাপারে অনিয়ম বরদাশত করা হবে না। আমরা দৃষ্টিগ্রাহ্য পদক্ষেপ দেখতে চাই এবং দেখতে চাই দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক সাজা।
সৈয়দ আবুল মকসুদ: লেখক ও গবেষক।