মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ঝগড়া-ঝাঁটি লেগেই আছে। ইচ্ছেমতো প্রতিবেশী বদলানো যায় না। তার পরও এই বাস্তবতাটুকু মেনে নিয়ে সদ্ভাব বজায় রেখে চলার অভ্যাসটুকু এখনো রপ্ত করতে পারেনি এই অঞ্চলের দেশগুলো। আমরা যখন দেখি লাতিন আমেরিকা, ইউরোপ 
এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো জোটভুক্ত হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবল উপস্থিতির জানান দিচ্ছে, আমরা তখন এক দেশ থেকে আরেক দেশে বোমাবাজ পাঠাই, মানুষে মানুষে যাতে মুখ দেখাদেখি না হয় সে জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দিই। আঞ্চলিক সহযোগিতার লক্ষ্য নিয়ে অন্যরা যখন তরতর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের উল্টো যাত্রা।
আশ্চর্য হলেও সত্য যে এ অঞ্চলে যখন স্বৈরশাসনের দাপট ছিল, তখন আঞ্চলিক সহযোগিতার একটা দৃশ্যমান প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এটা ১৯৮০ সালের কথা। দক্ষিণ এশিয়ায় একমাত্র ভারতেই তখন প্রতিনিধিত্বশীল নির্বাচিত সরকার। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ চলছে। নেপাল-ভুটানে নিরঙ্কুশ রাজতন্ত্র। মালদ্বীপে ‘নির্বাচিত’ রাষ্ট্রপতিকে ভোটযুদ্ধে কেউ চ্যালেঞ্জ করেন না। আর বাংলাদেশ ও পাকিস্তানে দুই ‘জিয়া’র সামরিক গণতন্ত্র।
১৯৮০ সালের ২ মে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেপালের রাজা বীরেন্দ্র বিক্রম শাহ্ দেবকে একটি চিঠি পাঠালেন। চিঠিতে তিনি এই অঞ্চলের দেশগুলোর মধ্যে একটা জোট গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে এবং এ বিষয়ে তাঁর মতামত জানানোর অনুরোধ করলেন। চিঠির শেষ প্যারায় জিয়া লিখেছিলেন, ‘আই হোপ ইয়োর ম্যাজেস্টি উইল গিভ সিরিয়াস কনসিডারেশন টু দি আইডিয়াস প্রেজেন্টেড অ্যাবাভ অ্যাবাউট দি আর্জেন্ট নিড ফর আ সুইটেবল ফ্রেমওয়ার্ক অব রিজিওনাল কো-অপারেশন ইন সাউথ এশিয়া।’
জিয়া ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সরকারপ্রধানদের কাছে অনুরূপ চিঠি পাঠালেন একই বছর। অনুকূল সাড়াও পাওয়া গেল। ১৯৮১ সালের এপ্রিলে কলম্বোতে সাতটি দক্ষিণ এশীয় দেশের পররাষ্ট্রসচিবেরা প্রথমবারের মতো বৈঠক করলেন আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে একটা মতৈক্যে পৌঁছাতে। সেই থেকে শুরু। ১৯৮৩ সালের আগস্টে নয়াদিল্লিতে সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বসে আঞ্চলিক সহযোগিতার একটা ফর্মুলা বের করলেন। স্বাক্ষরিত হলো আট দফা লক্ষ্য। প্রথম শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হলো ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায়, জাতীয় সংসদ ভবনে। ৮ ডিসেম্বর সাতটি দক্ষিণ এশীয় দেশের রাষ্ট্র/সরকারপ্রধানেরা সার্ক চার্টার আনুষ্ঠানিকভাবে অনুমোদন করলেন।
তারপর পেরিয়ে গেছে প্রায় তিন দশক। ইতিমধ্যে ভারত-পাকিস্তানের মধ্যে বড় ধরনের একটা যুদ্ধ হয়েছে কারগিলে। সীমান্তে গোলাগুলি তো লেগেই আছে। বাংলাদেশ-ভারত সীমান্তে রক্ষীদের গুলিতে মারা যাচ্ছে নিরীহ মানুষ। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের বলি হয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রেমাদাসা এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ভুটানে নেপালি ভাষাভাষী প্রায় দেড় লাখ মানুষকে ভিটেছাড়া করা হয়েছে এই বলে যে তারা ভুটানের নাগরিক নন। সেই থেকে নেপাল আর ভুটানের মধ্যে শীতল সম্পর্ক। মালদ্বীপ নিয়ে চীন-ভারত দ্বৈরথ চলছে। মোট কথা, আমরা ভালো নেই। সার্ক যে স্বপ্ন দেখিয়েছিল, তিরিশ বছরেও সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে।
১৯৯৫ সালের শেষ দিকে আমি নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী মনমোহন অধিকারীর একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। দৈনিক ভোরের কাগজে এটি ছাপা হয়েছিল। মনমোহন অধিকারী বলেছিলেন, ‘ভারত-পাকিস্তানের ঝগড়ার কারণে আমরা খুব বেশি এগোতে পারছি না। এটাই সার্কের প্রধান সমস্যা। অবস্থাদৃষ্টে মনে হয় সার্কভুক্ত দেশগুলোর অনেকেই নিজেদের হাতে গড়া এই জোটের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছেন। ভারত ইতিমধ্যেই আসিয়ানের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। বাংলাদেশও আসিয়ানের পর্যবেক্ষক হওয়ার ব্যাপারে উৎসাহী। বঙ্গোপসাগরের তীরবর্তী বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড একজোট হয়ে বিমসটেক তৈরি করেছে। উপ-আঞ্চলিক সহযোগিতার দরজা খুলছে একটা একটা করে। বাংলাদেশ-ভারত-মিয়ানমার-চীন করিডর এখন সময়ের ব্যাপার। প্রশ্ন হলো, সার্কের ভবিষ্যৎ কী?
এটা পরিষ্কার যে এ অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বাড়ানোর ক্ষেত্রে সার্কের ভূমিকা তেমন ইতিবাচক নয়। ইদানীং
দেখা যাচ্ছে, অবসরপ্রাপ্ত আমলা আর রাষ্ট্রদূতেরা জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর গুরুত্ব গোলটেবিল বৈঠক করে জোরেশোরে উচ্চারণ করছেন। যখন পদে ছিলেন তখন তাঁদের অনেককেই এ বিষয়ে সক্রিয় হতে দেখা যায়নি।
সার্কের নিষ্ক্রিয়তা, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা এবং একগুঁয়েমির কারণে এই অঞ্চলের দেড় কোটি মানুষ স্পষ্টতই বিরক্ত। ‘জনগণের সার্ক’ বা ‘জনগণের জন্য সার্ক’ কথাটি আলোচিত হচ্ছে অনেক বছর ধরেই। আমার জানা মতে, ‘পিপলস সার্ক’ কথাটি প্রথম উচ্চারিত হয় ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত সাম্প্রদায়িক সম্প্রীতি সম্মেলনে, ১৯৯৩ সালের ২৩-২৪ জুলাই, এর উদ্যোক্তা ছিলেন পিপলস প্ল্যান ফর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি নামের একটি আঞ্চলিক নাগরিক আন্দোলনের নেতারা। ১৯৯৪ সালের ১৬-১৭ জুলাই কাঠমান্ডুতে বাংলাদেশ, ভারত ও নেপালের কয়েকটি নাগরিক সংগঠন নদী, পানি ও পরিবেশ নিয়ে একটি সম্মেলন করেছিল সাউথ এশিয়া পিপলস কমিশন অন রিডার ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের ব্যানারে। ওই সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিরা পিপলস সার্কের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের নাগরিক সম্প্রদায়ের প্রতিনিধিরা ১৯৯৪ সালের ১৮-১৯ মে ‘টুওয়ার্ড পিপলস সার্ক’ এই শিরোনামে একটি সম্মেলন করেছিলেন কাঠমান্ডুতে। একটি ১৮ দফা নাগরিক কর্মসূচিও তৈরি করা হয়েছিল। বিচারপতি কে এম সোবহানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই কর্মসূচি এবং একটি নাগরিক ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়েছিলেন সার্কের মহাসচিবকে।
ধীরে ধীরে ‘পিপলস সার্ক’ একটা নাগরিক আন্দোলন হিসেবে বিকশিত হচ্ছে। যদিও এর মধ্যেও আছে নানা টানাপোড়েন। ২০০৭ সালের জুলাই মাসে কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল সার্ক শীর্ষ সম্মেলন। পিপলস সার্ক ওই সময় কলম্বোতে একটা সমান্তরাল সম্মেলনের আয়োজন করে। শ্রীলঙ্কা সরকার ঘোরতর আপত্তি জানিয়ে বলেছিল, ‘সার্ক’ শব্দটি যেন আমরা ব্যবহার না করি। এটা যেন এই অঞ্চলের সরকারগুলোর একটা প্যাটেন্ট করা কোম্পানি। পিপলস সার্কের পক্ষ থেকে আমরা বারবার অনুরোধ করেছি, সার্ক শীর্ষ সম্মেলনে যেন নাগরিক সংগঠনগুলোর প্রতিনিধিদের পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সার্ক সচিবালয় এই আবেদনে সাড়া দেয়নি। তাদের কথা, শীর্ষ সম্মেলনে সরকারপ্রধানেরা অনুমোদন না করলে এটা সম্ভব নয়।
এ বছর নভেম্বরের ২৬-২৭ তারিখ কাঠমান্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শোনা যাচ্ছে, তার আগেই কাঠমান্ডু শহর নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে, যাতে এই অঞ্চলের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিরা নিরাপদে-নিশ্চিন্তে কথাবার্তা বলতে পারেন। পৃথিবীর সব ভালো ভালো শব্দ চয়ন করে একটি ‘কাঠমান্ডু ঘোষণা’ও তৈরি হবে। কিন্তু তাতে কাজ হবে কী?
সার্ক শীর্ষ সম্মেলনের ঠিক আগে, ২২-২৪ নভেম্বর কাঠমান্ডুতে পিপলস সার্কের সম্মেলন অনুষ্ঠিত হবে। সার্কভুক্ত আটটি দেশের নাগরিক সংগঠনগুলোর কয়েক হাজার প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। তাঁদের একটাই লক্ষ্য, একটাই স্লোগান, মানুষে মানুষে যোগাযোগ বাড়াতে হবে, সম্প্রীতি তৈরি করতে হবে, দেশগুলোকে সামরিক ব্যয় প্রতিবছর ১০ শতাংশ হারে কমাতে হবে, সামাজিক খাতে বরাদ্দ বাড়াতে হবে, ভিসা–প্রক্রিয়া সহজ করতে হবে, এই অঞ্চলের জন্য মানবাধিকারের একটা যৌথ সনদ তৈরি করতে হবে, শুধু পুঁজি নয়, শ্রমের বাজার উন্মুক্ত করতে হবে, নদীগুলোকে বহমান রাখতে হবে, সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আমরা চাই, আমাদের সরকারগুলো একসঙ্গে বসে আমাদের আকাঙ্ক্ষাগুলোর প্রতি সম্মান দেখাবে, যাতে করে পরবর্তী শীর্ষ সম্মেলনে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাই। দেড় শ কোটি মানুষের অমিত সম্ভাবনার এই অঞ্চল, এত সম্পদ থাকা সত্ত্বেও আফ্রিকার সাহারা অঞ্চলের পরেই দরিদ্রতম অঞ্চল, এটা জেনেও কি আমাদের সরকারপ্রধানেরা লজ্জা পান না?
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক। পিপলস সার্কের দক্ষিণ এশীয় স্টিয়ারিং কমিটির সদস্য।
[email protected]