মানুষের এগিয়ে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডরে বিধ্বস্ত হয়েছিল উপকূলের জনপদ। তবে থেমে থাকেনি মানুষ। বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের তীর হয়ে শেষ বিকেলে গরু নিয়ে বাড়ি ফিরছে এক রাখাল বালক। ছবি: সাইয়ান
সিডরে বিধ্বস্ত হয়েছিল উপকূলের জনপদ। তবে থেমে থাকেনি মানুষ। বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের তীর হয়ে শেষ বিকেলে গরু নিয়ে বাড়ি ফিরছে এক রাখাল বালক। ছবি: সাইয়ান

চার শ শব্দের একচিলতে লেখা ছাপা হয়েছিল গত শনিবার ১৮ নভেম্বর মতামতের পাতায়। প্রথম আলোর অনেক পাঠক দক্ষিণের মানুষের এগিয়ে যাওয়া সম্পর্কে সন্দেহ প্রকাশ না করলেও কতিপয় ব্যাখ্যা ও বিস্তারিত বয়ান দাবি করেছেন। কেউ নরম ভাষায়, কেউবা প্রায় গরম ভাষায় উষ্ণ বাক্যবিনিময়ের ইরাদা নিয়ে ফোন বা ই-মেইল করেছেন। সবাইকে ধন্যবাদ।

প্রশ্ন এক. মানুষ বনে না গেলে গোলপাতা কেন ধ্বংস হবে?

এর উত্তরে বলা যেতে পারে: গোলপাতা নারকেলজাতীয় গাছ। নারকেলগাছ সম্পর্কে একটা বিজ্ঞ খনার বচন আছে—‘বখিলের বঁাশ আর দাতার ডাব’, অর্থাৎ বঁাশ কাটতে হবে হিসাব করে আর ডাব–নারকেল যত কাটবে, বিলাবে, খাবে, ততই তার বাড়বাড়ন্ত হবে। প্রতিবছর আশ্বিন মাসে নারকেলগাছ পরিষ্কার করতে হয়; মরা ডাল বা ডিপোগুলো কেটে গাছের মাথায় চটের মতো একধরনের আচ্ছাদন থাকে, সেগুলোও ছেঁটেছুটে একদম পরিষ্কার করে দিতে হয়। গাছের আগার ডালগুলো তখন যেন আশ্বিনের বাতাসে নাচতে থাকে। গাছ কার্তিকের কাইতানের (শীতপূর্ব বৃষ্টি) জল তার মাথার রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে নেয়। শীতের জন্য প্রস্তুত হয়। শীতের আগেই নতুন ফুল ছেড়ে পরাগায়নের কাজটা সেরে রাখে। কেন শীতের আগে পরাগায়ন সেরে নেয়? শীতে মৌমাছি আর পরাগায়নবান্ধব পোকামাকড় একটু মেনে বেছে চলে। সাবধানে থাকে, তাই গাছ তাদের সহযোগিতা না-ও পেতে পারে, সে জন্যই বোধ হয় নারকেলগাছের এই আয়োজন।

যদি কোনো নারকেলগাছ আশ্বিন মাসে না ঝুড়ায় বা পরিষ্কার না করে, তাহলে সেই গাছে পরের বছর নারকেল হয় না বা কম হয়। ঠিক একই কারণে গোলপাতার গাছ মানুষের স্পর্শ চায়। একটা নির্দিষ্ট সময় পরপর এর বাত্তি (পরিণত) হওয়া ডালগুলো কেটে না নিলে গাছের মন খারাপ হয়, সে আর বাড়ে না, ফুল আসে না, ফলের ভারে নুয়ে পড়ে না। গাছের বংশবৃদ্ধি ব্যাহত হয়। মানুষের যেমন গাছ প্রয়োজন, কোনো কোনো গাছেরও তেমনি মানুষের স্পর্শ প্রয়োজন। প্রয়োজন যত্নের। কাঠ আর মধু সংগ্রহকারী বাওয়ালিরা কাঠ আর মধু আহরণের সময় গাছ বেয়ে উঠে যাওয়া অনিষ্টকারী লতা আর পরগাছাগুলো কেটে দেয়, যা গাছের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। সুন্দরবনকে সব মানুষের প্রবেশ নিষেধের হুকুমজারি করার সময় এগুলো আমাদের বিবেচনায় রাখতে হতো। বাওয়ালি-মাওয়ালিদের সঙ্গে কখনো কি আমরা এসব নিয়ে বাতচিত করেছি? ওরা বনজীবী, আমরা বুদ্ধিজীবী। আমরা সব জানি এই অহংকার আমাদের সভ্যতাকে মাটিতে শুইয়ে দিতে পারে।

প্রশ্ন দুই. কঞ্চি থেকে বঁাশের বংশবৃদ্ধির সঙ্গে ঘূর্ণিঝড়ের কী সম্পর্ক?

এ বিষয়ে বলা যায়: দক্ষিণের মানুষ কি উত্তরের মানুষ, সবাই জানে, ঝড় ঠেকাতে বঁাশের ঝাড় কীভাবে সাহায্য করে। বঁাশঝাড় ঝড়ে শুয়ে পড়লেও আবার সে দঁাড়িয়ে যায়। তারপর ঝড়ের পর ভেঙে যাওয়া ঘরবাড়ি চটজলদি মেরামত করতেও আমাদের বঁাশের প্রয়োজন পড়ে। বঁাশ হচ্ছে গরিব মানুষের নাগালের মধ্যে থাকা ‘কাঠ’। ধনী-গরিবনির্বিশেষে সবাই চায় তার বাড়ির এক কোণে একটা বঁাশের ঝাড় হোক। কিন্তু বঁাশের ঝাড় তৈরির  নানা ঝক্কি। ঝাড় তৈরি করতে গোড়াসহ একটা পরিণত বঁাশ দরকার হয়। কিন্তু ঝাড়ের মালিকেরা সহজে ‘মোথাওয়ালা’ বঁাশ ঝাড় থেকে কাটতে দেন না। ওই যে বিজ্ঞ খনা বলে গেছেন, বখিলের বঁাশ—হিসাব করে কাটো!

আবার মোথাওয়ালা বঁাশ লাগালেই যে সেটা একটা ঝাড়ের জন্ম দেবে, তার কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বিজ্ঞান কর্মকর্তা রতন লাল বণিক আর তঁার দল অনেক গবেষণা করে বঁাশের কঞ্চি থেকে বঁাশ উৎপাদনের কৌশল উদ্ভাবন করেছেন। এই কৌশল বাংলাদেশ ছাড়িয়ে এখন চীন, ভারতসহ নানা দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সুপার সাইক্লোন ২০০০-এর পর ভারতের ওডিশা আর সিডরের পর দক্ষিণাঞ্চলে এই প্রযুক্তি বেশ জনপ্রিয়তা লাভ করে। উত্তরের জনপদে আরেকজন কৃষক একটা বঁাশ কেটে আট-দশ টুকরা করে জলে ভিজিয়ে খড়ে ঢেকে চারা উৎপাদনের আরেক কৌশল বের করেছেন। কঞ্চি কলমের পাশাপাশি এখন এই পদ্ধতিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

প্রশ্ন তিন. দুর্যোগে আক্রান্ত মানুষ কেন লেখাপড়াকে প্রাধান্য দিচ্ছে?

কথা হলো, সব হারালে মানুষ খুব সহজে বুঝে যায় তার কোন সম্পদটা কেউ কেড়ে নিতে পারবে না। ঘর, জমি, দালান, টাকা, গয়না, নৌকা, গুদাম, ফসল—সবই হাতছাড়া হতে পারে; কিন্তু শিক্ষা, কৌশল, লব্ধ জ্ঞান কেউ কেড়ে নিতে পারে না। এ এক অবিনশ্বর পুঁজি। লেখাপড়া শেখো, কাজ খুঁজে নাও; জানা লোকের কাজের অভাব নেই। শরণার্থী অভিবাসীরা তাই এগিয়ে যায় স্থানীয়দের থেকে অনেক দূরে। কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য—সব জায়গায় এটার উদাহরণ আছে। ভারতের পশ্চিমবঙ্গ, হরিয়ানা, পাঞ্জাব এতকাল মোহাজিরই শাসন করেছে। জ্যোতি বসু থেকে মমতা—সবাই পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া পরিবারের সন্তান। পাকিস্তানেও লিয়াকত আলী থেকে জেনারেল মোশাররফ—সবাই ভারত থেকে পাকিস্তানে চলে যাওয়া অভিবাসী, সব হারানো জনগোষ্ঠীর প্রতিনিধি। শিক্ষা ছাড়া আর কোনো সম্পদই তঁাদের ছিল না। জোয়ার-ভাটার দোলাচলে ফসলের আশায় দিন না গুনে লেখাপড়া শিখে নিজেকে অন্য জীবিকার জন্য তৈরি রাখার কৌশল এখন দুর্যোগের নাগপাশে বন্দী মানুষের প্রধান লক্ষ্য।

প্রশ্ন চার. লবণপানির নিত্য জ্বালা মানুষ কীভাবে সামলাচ্ছে?

উত্তরে বলি, লবণমুক্ত করার কৌশল এখন দক্ষিণের জনপদে প্রায় সহজলভ্য এক কৌশলে পরিণত হচ্ছে। রিভার্স অসমোসিসের পুঁজিঘন প্রযুক্তি সস্তা প্রযুক্তিতে পরিণত হচ্ছে দিনে দিনে। মানুষকে কিনে ব্যবহার করতে হচ্ছে লবণমুক্ত পানি। দাম দিতে হচ্ছে ঠিকই, কিন্তু সেই খরচ তার আয়ত্তের মধ্যেই আছে। অনেক ব্যক্তি উদ্যোগে এখন লবণমুক্ত পানির ছোট ছোট কারখানা গড়ে উঠেছে লবণাক্ত জনপদে। শরণখোলা, শ্যামনগর, মোংলার মানুষ হঁাপ ছেড়ে বেঁচেছে। অনেক সীমাবদ্ধতা হয়তো আছে এই প্রযুক্তির, কিন্তু কারও দয়ার ওপর তো আর তাদের নির্ভর করতে হচ্ছে না। সংযমী হয়েছে মানুষ মিষ্টি পানির ব্যবহারে। বৃষ্টির পানি ধরে রাখার কৌশল মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। তারা নিজেরাও নিত্যনতুন কৌশল উদ্ভাবন করছে।

প্রশ্ন পঁাচ. শস্য বহুমুখীকরণের কোনো উদাহরণ আছে কি?

আছে। শুধু আমনের চাষ  যঁারা করতেন, তঁারা এখন বোরো করছেন, সবজি করছেন ব্যাপকভাবে। মৌসুমের প্রথম টমেটো, বেগুন এখন দক্ষিণ থেকেই আসছে—এসবের কথা ছিল আগের লেখায়। বাদ গিয়েছিল নানা তেলবীজ চাষের কথা, বিশেষ করে সূর্যমুখী চাষের ব্যাপক বিস্তারিত কথা। এখন সূর্যমুখীর বীজ ভাঙিয়ে তেল আর সেই তেল শোধনের মেশিন বসছে। অনেক আগে কিছু বিদেশি প্রতিষ্ঠান সয়াবিন চাষে মানুষকে উদ্বুদ্ধ করার নানা কসরত করে ব্যর্থ হলেও এখন মানুষ নিজে থেকেই নানা পথ খুঁজছে।

প্রশ্ন ছয়. পচাব্দী গাজী কে?

পচাব্দী গাজী ছিলেন এক কিংবদন্তি। তঁাকে অনেকটা রূপক হিসেবে ব্যবহার করার খায়েশ হয়েছিল লেখকের। অনেক সন্তানের একজন ছিলেন পচাব্দী গাজী। সে জন্যই কি পিতামাতা তঁার নাম রেখেছিলেন পচা? সেই পচা ক্রমশ কিংবদন্তি হয়ে ওঠেন! বাঘের খপ্পর থেকে নিজেকে আর সাথি বাওয়ালিদের রক্ষা করার জন্য বাঘের সঙ্গে লড়াই করেছেন; বাঘের থাবা থেকে নিজেকে মুক্ত করে ঘরে ফিরেছেন পচাব্দী গাজী। আবার বনে গিয়েছেন মধু সংগ্রহ করতে, বাঘকে তিনি ভয় পাননি। বরং বাঘই তঁাকে সমঝে চলেছে। তঁাকে নিয়ে বই লেখা হয়েছে। লেখা হয়েছে অনেক কাহিনি। তিনি হয়ে উঠেছেন দক্ষিণের মানুষের সাহসের প্রতীক। সিডর-আইলাকে ডরালে তঁাদের চলে না।

গওহার নঈম ওয়ারা: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী। শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।