মানুষের ক্ষোভ কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা যে মার্কিন সরকারের নিয়ন্ত্রণ নিল, তাতে কি আপনি রুষ্ট? যদি তা-ই হয়, তাহলে নিশ্চিতভাবে আপনি একা নন। ট্রাম্প প্রশাসনের প্রথম কয়েকটি সপ্তাহে যুক্তরাষ্ট্রে বড় বড় বিক্ষোভ হয়েছে। কংগ্রেস টাউন হলে ক্রুদ্ধ জনতা ভিড় করেছে এবং ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে মানুষ বর্জন করেছে। আর ডেমোক্র্যাটরা তাঁদের মূল ভিতের প্রতি বিশ্বস্ত থাকতে গিয়ে নতুন সরকারকে সহযোগিতা না করার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন।

কিন্তু এটা কি বিজ্ঞোচিত হলো? অনিবার্যভাবে আপনি শুনবেন, কিছু কিছু মানুষ বলছেন, শান্ত হোন। তাঁরা বলছেন, অপেক্ষা করে দেখুন, গঠনমূলক হোক, ট্রাম্প সমর্থকদের কাছে যান এবং সমঝোতার চেষ্টা করুন।

এদের শুধু বলুন, ‘না’।

যুক্তরাষ্ট্রে যা ঘটছে তাতে মানুষের ক্রুদ্ধ হওয়া শুধু যৌক্তিকই নয়, খুব গুরুত্বপূর্ণও বটে। বস্তুত, এটা হয়তো গণতন্ত্র রক্ষার জন্য আমাদের কাছে শেষ সুযোগ। এমনকি সংকীর্ণ দলীয় অর্থে হলেও ডেমোক্র্যাটদের উচিত, তাঁদের মূল সমর্থকদের
কথা শোনা। কেউ যদি মনে করেন, প্রতিবন্ধকতাকামী হিসেবে বিবেচিত হলে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাঁকে বলতে চাই তিনি হয়তো গত দশক দুয়েক ঘুমিয়ে ছিলেন। জর্জ ডব্লিউ বুশকে সহায়তা করার জন্য কি ডেমোক্র্যাটদের পুরস্কৃত করা হয়েছিল? অথবা রিপাবলিকানরা যে আদাজল খেয়ে ওবামার বিরোধিতা করেছিলেন, তার জন্য কি তাঁরা শাস্তি পেয়েছিলেন? বাস্তবানুগ হোন।

এটা সত্য, ট্রাম্পের ভোটব্যাংক অর্থাৎ শ্বেতাঙ্গ কর্মজীবী শ্রেণি কেলেঙ্কারির ঢল নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা যতক্ষণ না বুঝতে পারছে যে চাকরি ফিরিয়ে আনা আর স্বাস্থ্যসেবা সুরক্ষিত করা নিয়ে প্রেসিডেন্টের দেওয়া প্রতিশ্রুতি মিথ্যা, ততক্ষণ তারা ট্রাম্পের বিরুদ্ধে যাবে না। কিন্তু এটা মনে রাখবেন, ট্রাম্প হিলারির চেয়ে কম ভোট পেয়েছেন। এমনকি কলেজ শিক্ষিতরা যদি গণমাধ্যম ও এফবিআইয়ের দ্বারা বিভ্রান্ত হয়ে এটা না ভাবতেন যে হিলারি ট্রাম্পের চেয়ে অনৈতিক, তাহলে ট্রাম্প ইলেকটোরাল কলেজেও হেরে যেতেন। এই ভোটাররা এখন একটা বড় ধাক্কায় ঘুম থেকে জেগে উঠছেন। তাঁদের জাগিয়ে রাখা উচিত।

২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে এই জন-অসন্তোষ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। আগামী বছর ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাবেন কি না, তা নির্ভর করবে যেসব এলাকার ভোটের ওপর, সেখানে তুলনামূলকভাবে বেশি শিক্ষিত ও বিপুলসংখ্যক হিস্পানিকের বসবাস। এই উভয় গোষ্ঠীরই ট্রাম্পের অপকর্ম আমলে নেওয়ার কথা।

কিন্তু দলীয় রাজনীতি ছাড়াও এখানে অনেক বড় একটি বিষয় আছে। ট্রাম্পের কর্মকাণ্ড ঢাকার জন্য রিপাবলিকান কংগ্রেসের যে দৃঢ়সংকল্প দৃশ্যমান, তার পরিপ্রেক্ষিতে এটা গুরুত্বপূর্ণ। গণতন্ত্রই যেখানে ঝুঁকির মুখে আছে, সেখানে অসন্তুষ্ট জনগণই সম্ভবত আমাদের প্রতিরক্ষার শেষ ব্যূহ।

পরিষ্কারভাবেই ডোনাল্ড ট্রাম্প একজন হবু একনায়ক। অন্য রিপাবলিকানরা স্বেচ্ছায় তাঁকে সেটা হতে দেবেন। এ নিয়ে কি কারও মনে সন্দেহ আছে? এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলা যায়, যুক্তরাষ্ট্র হাঙ্গেরির মতো কিছু দেশের পথেই হাঁটবে—এমনটা ভেবে উদ্বিগ্ন হওয়া খুবই যৌক্তিক। ওই দেশগুলো কাগজে-কলমে গণতান্ত্রিক হলেও কার্যত কর্তৃত্বপরায়ণ।

এটা কীভাবে ঘটে? এই কাহিনির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, উদীয়মান একনায়কতন্ত্র রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নাগরিক সমাজকে ভয় দেখায় বা তাকে নিজের মধ্যে নিয়ে নেয়। গণমাধ্যমকে জোর করে ও ঘুষ দিয়ে ক্ষমতাসীন মহলের প্রচারণা যন্ত্রে পরিণত করা হয়। ব্যবসায়ী মহলকে চাপ দেওয়া হয় যাতে তারা সরকারি মহলের বন্ধুস্থানীয় ব্যক্তিদের পুরস্কার ও এর শত্রুদের শাস্তি দেয়। স্বাধীন গণব্যক্তিত্বদের সহায়ক চক্রের মধ্যে ঠেলে দেওয়া হয় অথবা নিশ্চুপ করিয়ে দেওয়া হয়। ব্যাপারটা কি চেনা লাগছে?

কিন্তু অসন্তুষ্ট জনগোষ্ঠী পাল্টা ধাক্কা দিতে পারে এবং সেটা তাদের করতে হবে। দুর্নীতিবাজ সরকারের প্রভাব মোকাবিলা করতে তারা অসহযোগিতার শক্তিকে কাজে লাগাতে পারে। এর মানে হলো, সেই সব সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে সমর্থন করা, যারা নিজের কাজটি ঠিকভাবে করে। আর যারা সরকারের দালাল হিসেবে কাজ করে, তাদের এড়িয়ে চলা। একইভাবে সেই ব্যবসাপ্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করা, যারা আমাদের মূল্যবোধ রক্ষা করে। আর যারা তা খাটো করে, তাদের সমর্থন না করা। কোনো গণব্যক্তিত্ব যতই অরাজনৈতিক হোন, তাঁকে এটা জানতে দেওয়া উচিত যে, লোকে তাঁদের অবস্থান বিবেচনায় নেয়। ব্যাপারটা হচ্ছে, এখন স্বাভাবিক সময় নয়। তাই এর চেয়ে কম ঝুঁকিপূর্ণ সময়ে যা গ্রহণযোগ্য হতো, তার অনেক কিছুই এখন স্বাভাবিক নয়।

উদাহরণস্বরূপ বলা যায়, যে যা বলবে তা-ই ছেপে দেওয়া সংবাদপত্রগুলোর উচিত নয়; কারণ ওই সব কথা প্রশাসনের মিথ্যা কথাকে আড়াল করে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোরও উচিত নয়, ট্রাম্পকে ফটোশুটের সুযোগ দেওয়া, যার মাধ্যমে তিনি কর্মসংস্থান সৃষ্টির অন্যায্য কৃতিত্ব নিতে পারেন। এমনকি এই যুক্তিতে প্রেসিডেন্টের সঙ্গে গলফ খেলতে যাওয়াও ঠিক নয় যে, এটা পদের প্রতি সম্মান জানানো, ব্যক্তির প্রতি নয়। দুঃখিত, কিন্তু যখন সংবিধানকে খাটো করতে চান এমন একজন ব্যক্তি ওই পদে অধিষ্ঠিত হন, তখন যে কাজ করলে তাঁর গায়ে স্বাভাবিকতার মার্কা লাগে বা তাঁকে শ্রদ্ধাস্পদ করা হয়, সেটা রাজনৈতিক কাজই হয়ে দাঁড়ায়।

আমি নিশ্চিত, অনেক পাঠক এমন দেশে থাকতেই বেশি পছন্দ করবেন, যেখানে জীবনের আরও বেশিটা সময় রাজনীতি থেকে দূরে রাখা যায়। আমিও তাই চাই! কিন্তু নাগরিক সমাজ রাজনৈতিক শক্তির হামলার মুখে পড়েছে, তাই তাকে রক্ষা করাও অবশ্যই রাজনৈতিক ব্যাপার। যখন প্রেসিডেন্ট ও কংগ্রেসে তাঁর মিত্ররা যুক্তরাষ্ট্রের মৌলিক মূল্যবোধের প্রতি ন্যূনতম শ্রদ্ধাও দেখান না, তখন আমাদের অবলম্বন হয় শুধুই জাগ্রত জনতা।

অনুবাদ: প্রতীক বর্ধন, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া

পল ক্রুগম্যান: ২০০৮ সালের নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ। নিউইয়র্ক টাইমস-এর নিয়মিত কলাম লেখক।