মানুষের ক্ষোভ ছিল, এখন প্রকাশ করছে
পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার পর কক্সবাজারের পরিস্থিতি এখন থমথমে। মাদকবিরোধী অভিযানের নামে এত দিন যেভাবে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটত, তাতে এখানকার মানুষের উদ্বেগ থাকলেও কেউ ভয়ে কিছু বলতেন না। এখন প্রকাশ্যে এর সমালোচনা করছেন, ক্রসফায়ার বন্ধ করার কথা বলছেন। এ পরিস্থিতিতে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়াছুর রহমান। সাক্ষাৎকার নিয়েছেন কামরুল হাসান ও আব্দুল কুদ্দুস।
প্রশ্ন :
সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার পর কক্সবাজারের পরিস্থিতি কীভাবে দেখছেন?
উত্তর: এ ঘটনায় অনেকের টনক নড়েছে। কারণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কক্সবাজারের মানুষের অনেক ক্ষোভ ছিল, অনেকে এত দিন সেটা প্রকাশ করতে পারেননি। সিনহা হত্যার পর মানুষ ফুঁসে উঠেছে, বিভিন্ন কথা বলাবলি হচ্ছে।
প্রশ্ন :
এ ধরনের ঘটনা কি বাহিনীগুলোর মধ্যে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোনো বিরোধ তৈরি করেছে?
উত্তর: আমি মনে করি, এ ঘটনা দুই বাহিনীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা কোনো বিরোধের সৃষ্টি করবে না। কারণ, উচ্চ মহল থেকে সবকিছু মনিটর করা
হচ্ছে। সেনাবাহিনী প্রধান ও পুলিশ প্রধান একসঙ্গে বলেছেন, ‘এটা একটা নিছক দুর্ঘটনা। আমরা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছি না। ঘটনা যাঁরা ঘটিয়েছেন, দায়দায়িত্ব তাঁদের ওপরই বর্তাবে।’
প্রশ্ন :
এ মুহূর্তে আপনাদের প্রত্যাশা কী?
উত্তর: আমরা চাই, কক্সবাজারের পুলিশ প্রশাসন এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করুক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করুক। মাদকের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি, সেই ঘোষণাকে বাস্তবায়ন করতে হলে শুধু পুলিশ বাহিনী নয়, র্যাব–বিজিবিসহ সব সংস্থাকে সজাগ থাকতে হবে।
প্রশ্ন :
এত দিন ধরে যে মাদকবিরোধী অভিযান চলল, তা কাজে আসছে না কেন? এ অভিযানের কোনো ত্রুটি কি আপনার চোখে পড়েছে?
উত্তর: মাদকবিরোধী অভিযান কাজে আসেনি, এটা বলা ঠিক হবে না। অনেক ক্ষেত্রে কাজ হয়েছে। যারা মাদকের সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। অভিযানের মুখে অনেকে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছে, এরা পরে মাদক ব্যবসা ছেড়ে দিয়েছে। তবে কিছু কিছু মানুষ এখনো মাদকের সঙ্গে জড়িত আছে। সবচেয়ে বড় ঘটনা হলো, রোহিঙ্গারা মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। মাদকের বড় বড় চালান ধরা পড়ছে। যারা ধরা পড়ছে তাদের ৮০ শতাংশ রোহিঙ্গা, এ কারণে মাদক নির্মূল করা কঠিন হচ্ছে।
প্রশ্ন :
মাদক নির্মূলের নামে যা হয়েছে, তা নিয়ে আপনার অভিমত কী?
উত্তর: আমি ব্যক্তিগতভাবে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধী। এটাকে আইন কোনোভাবেই সমর্থন করে না। যদিও যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে ক্রসফায়ারের প্রচলন আছে। তবে আমি মনে করি, অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করলেই মাদক নির্মূল সম্ভব।
প্রশ্ন :
এমন কথা আছে, কক্সবাজারকে অনেকে কালোটাকার সবচেয়ে বড় উৎস স্থান বলে মনে করেন। কিছু কিছু বাহিনীর সদস্যরা তদবির করে কক্সবাজারে চাকরি করতে আসেন। এ প্রতিযোগিতাকে কীভাবে দেখেন?
উত্তর: একটা কথা ঠিক, যারা মাদক আনছে বা মাদক কারবারিদের সহযোগিতা দিচ্ছে, তাদের নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করতে হবে। দরকার হলে বাহিনীর পরিসর আরও বাড়াতে হবে। তবে এ কথা ঠিক যে রোহিঙ্গারা এখন কক্সবাজারের জন্য বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে তাদের নিয়ে আমরা কোথায় যাব চিন্তার বিষয়।
প্রশ্ন :
আপনার কি মনে হয়েছে কক্সবাজারে মাদকসহ বিভিন্ন ইস্যু জিইয়ে রাখা হচ্ছে?
উত্তর: আন্তর্জাতিকভাবে অনেকে রোহিঙ্গা পরিস্থিতিকে জিইয়ে রাখতে চাইবে। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে চেষ্টা করছে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার। কিন্তু মিয়ানমারের কারণে তা সম্ভব হচ্ছে না।
প্রশ্ন :
কক্সবাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কী করণীয় বলে আপনি মনে করেন।
উত্তর: সেই অর্থে কক্সবাজার কখনো অশান্ত ছিল না। আর ইয়াবা শুধু কক্সবাজার নয়, চোরাকারবারিরা যে রুট নিরাপদ মনে করে, সে রুটে পাচার করে মাদক। ঢাকা, নারায়ণগঞ্জ থেকে শুরু করে চাঁদপুর, পটুয়াখালী, খুলনা পর্যন্ত ইয়াবার বিস্তার ঘটেছে। আমরা চাই কক্সবাজার একটা সুন্দর শহর হোক। যেখানে সুন্দর প্রকৃতি দেখতে দেশি–বিদেশি পর্যটকেরা ছুটে আসবেন, সময় কাটাবেন এবং নিরাপদ ভ্রমণ করবেন। তবে মনে রাখতে হবে, শুধু সমুদ্র দেখে হোটেলে ঘুমানোর জন্য পর্যটক আসবে না। পরিবেশবান্ধব পর্যটনের জন্য পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। দরকার হলে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে।