মানুষের জীবন যখন চিড়িয়াখানার পাখির চেয়েও মূল্যহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিপোটিতে নানা অনিয়মের জন্য এতগুলো জলজ্যান্ত মানুষ মুহূর্তে নাই হয়ে গেল
ছবি: প্রথম আলো

যেদিন চট্টগ্রামে ডিপোতে আগুনের ঘটনা ঘটেছে, ঠিক সেদিনই উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তনিয়ার জনপ্রিয় একটি পত্রিকার খবরের শিরোনাম অনেকটা এই রকম—‘এস্তনিয়ার রাজধানী তাললিন চিড়িয়াখানায় হর্নবিল ডেন্ডি পাখিটি একটি মুদ্রা গিলে মারা গিয়েছে।’ শিরোনামটি পড়ে ভাবলাম, একটা পাখি মারা গিয়েছে, এই নিয়ে কেন পত্রিকাটিকে সব চেয়ে বড় শিরোনাম করতে হবে! এরপর বিস্তারিত পড়ার চেষ্টা করলাম।

গত বৃহস্পতিবার পাখিটির অবস্থা খারাপ হওয়ার পর চিকিৎসকেরা সেটিকে বাঁচাতে পারেননি। চিকিৎসকেরা বলছেন, পাখিটি নিষ্ক্রিয় ছিল, ডায়রিয়া ছিল এবং চোখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। মেডিকেল পরীক্ষা এবং এক্স-রে করে দেখা যায়, পাখিটির শরীরে একটি ‘বস্তু’ প্রবেশ করেছিল। ময়নাতদন্তে পাখিটির শরীরে কয়েনের একটি মুদ্রা পাওয়া গিয়েছে। যার কারণে পাখিটির শরীর ঠিকমতো কাজ করছিল না এবং তার বেদনাদায়ক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
তাজরীন থেকে রানা প্লাজা। চুড়িহাট্টা ঠেকে সীতাকুণ্ড। নিমতলী থেকে রূপগঞ্জ। বেঘোরে মানুষ মরার মিছিল কেবল দীর্ঘ হচ্ছে। চারপাশে উন্নয়নের আওয়াজ শোনা যায়। কিন্তু মানুষের বেঁচে থাকার আকুতি অবশ্য কারও কানে বাজে না। পৃথিবীর এক প্রান্তে একটা পাখি মারা যাওয়ার জন্য ময়নাতদন্ত হয়। ব্যাখ্যা পাওয়া যায়। এবং আরও পরিষ্কার ব্যাখ্যার জন্য তদন্ত চলতে থাকে। আরেক প্রান্তে আমরা মরে গেলে কিছু টাকা দিয়ে দিলেই চলে।

এই অবস্থার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, অনেক সময় পাখিরা নিজেদের খাবার নিজেরা জোগাড় করতে গিয়ে ভুল বুঝে কয়েন গিলে ফেলতে পারে। চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলছে, এটি হয়তো স্রেফ একটি দুর্ঘটনা। কিন্তু দেশটির সরকার এবং অন্যান্য সংস্থা এটি মানতে নারাজ। তারা চাইছে সঠিক তদন্ত। তারা জানতে চাইছে, কেউ উদ্দেশ্যমূলকভাবে পাখিটির সামনে কয়েন ছুড়ে মেরেছিল কি না? যদি মেরে থাকে, চিড়িয়াখানার লোকজন কেন সঙ্গে সঙ্গেই সেটি সরিয়ে ফেলেনি। প্রশ্ন হচ্ছে, কয়েনটি সেখানে গেল কী করে! তা ছাড়া সবাই এখন ভয়ানকভাবে চিন্তিত তার সঙ্গীকে নিয়ে। তার সঙ্গীও চিড়িয়াখানায়ই থাকে। সে নাকি এখন নিজেকে একাকী মনে করছে।
তো এই হচ্ছে এখানকার পত্রিকার খবরের শিরোনাম। চিড়িয়াখানার একটা পাখি মারা গিয়েছে। কেন সে মারা গেল? কীভাবে মারা গেল? এই নিয়ে এখন তদন্ত হচ্ছে। তা ছাড়া সবাই তার সঙ্গীটিকে নিয়ে ভাবছে।

প্রায় একই সময়ে বাংলাদেশের চট্টগ্রামের একটি ডিপোতে আগুন লেগে গিয়ে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের সদস্যসহ অনেক মানুষ নিহত এবং আহত হয়েছেন। বলা হচ্ছে, আগুন লাগার পর মালিকপক্ষ ফায়ার সার্ভিসকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করেনি। যার কারণে ফায়ার সার্ভিসের এতগুলো সদস্য এভাবে মারা গিয়েছে। কারণ, তাঁরা জানতেনই না, সেখানে যে বিস্ফোরক পদার্থ আছে। এখন শোনা যাচ্ছে, সেখানে অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থাই ছিল না।

এত সব অনিয়মের জন্য এতগুলো জলজ্যান্ত মানুষ মুহূর্তে নাই হয়ে গেল। তাঁরা শুধু সংখ্যা নয়। তাঁদেরও সঙ্গী আছে। পরিবার আছে। আছে ভালোবাসার মানুষ। মালিকপক্ষ কিংবা ডিপো কর্তৃপক্ষ কী করে এই দায় এড়াতে পারেন? কেন তাদের আইনের আওতায় এনে সঠিক তদন্ত করা হবে না? কেন তারা কোনো রকম তথ্য দিয়ে ফায়ার সার্ভিসকে সাহায্য করল না? স্রেফ এই কারণেই তো তাঁদের আইনের আওতায় আনা যায়।

এসবের কিছুই হয়তো হবে না। এমন আরও কত শত দুর্ঘটনাই তো বাংলাদেশে হয়েছে। তাজরীন থেকে রানা প্লাজা। চুড়িহাট্টা ঠেকে সীতাকুণ্ড। নিমতলী থেকে রূপগঞ্জ। বেঘোরে মানুষ মরার মিছিল কেবল দীর্ঘ হচ্ছে। চারপাশে উন্নয়নের আওয়াজ শোনা যায়। কিন্তু মানুষের বেঁচে থাকার আকুতি অবশ্য কারও কানে বাজে না। পৃথিবীর এক প্রান্তে একটা পাখি মারা যাওয়ার জন্য ময়নাতদন্ত হয়। ব্যাখ্যা পাওয়া যায়। এবং আরও পরিষ্কার ব্যাখ্যার জন্য তদন্ত চলতে থাকে। আরেক প্রান্তে আমরা মরে গেলে কিছু টাকা দিয়ে দিলেই চলে। মানুষের মূল্য এই জনপদে অনেক আগেই কমে গিয়েছে। এখন যা আছে, সেটা হচ্ছে মূল্যহীন জীবন বয়ে চলা এবং প্রার্থনা করতে থাকা, স্বাভাবিক মৃত্যুটা যেন হয়। বেঘোরে যেন মরতে না হয়!

  • আমিনুল ইসলাম
    সিনিয়র লেকচারার ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন বিভাগ। এস্তনিয়ান এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি। ই-মেইল : [email protected]

আরও পড়ুন