কাশ্মীর উপত্যকায় তিন সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে, উপত্যকার অনেক জায়গাতেই কারফিউ জারি করা হয়েছে। সেখানে যেন প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। ভারতীয় সংসদে গত সপ্তাহে এ নিয়ে যে বিতর্ক হলো, তাতে অনেকেই বলেছেন, কাশ্মীর তো শুধু ভূখণ্ড নয়, সেখানে মানুষও থাকে। ফলে গত ৪০ বছর আমরা যে পথে হেঁটেছি, সে পথে আর হাঁটা যাবে না।
১৯৪৭ সালে এক ‘বড় দর–কষাকষির’ মাধ্যমে জম্মু ও কাশ্মীর ভারতীয় ইউনিয়নে যোগ দেয়। ১৯৪৭ সালের ২৬ অক্টোবর কাশ্মীরের ভারতে যোগদানের লক্ষ্যে যে দলিল সই হয়, তাতে ক্ষমতা ভাগাভাগির এক বন্দোবস্ত করা হয়। ১৯৫০ সালে ভারতীয় সংবিধানে ৩৭০ নম্বর ধারা সংযোজনের মাধ্যমে সেই বন্দোবস্ত পাকাপাকি হয়।
ফেডারেল ব্যবস্থায় ইউনিয়নের সঙ্গে বিভিন্ন রাজ্যের সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার অপ্রতিসম বিন্যাস থাকতে পারে। কোনো রাজ্যের বিশেষ বা অতিরিক্ত ক্ষমতা থাকতে পারে। ভারত শ্রীলঙ্কার তামিল অধ্যুষিত উত্তর ও পূর্বাঞ্চলীয় প্রদেশে একইভাবে ক্ষমতার বিন্যাস করার প্রস্তাব দিয়েছিল। নাগাল্যান্ড সমস্যাও এই নীতির আলোকে সমাধান করা হবে।
কিন্তু কাশ্মীর উপত্যকার বেশির ভাগ মানুষের মত হচ্ছে, ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদটি লঙ্ঘন করা হয়েছে এবং তাদের যে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাতেও সময়-সময় কুঠারাঘাত করা হয়েছে। এই ধারণা থেকেই তারা আজাদির দাবি তুলছে। তবে জঙ্গিবাদ ভিন্ন জিনিস। আমরা সবাই সমস্বরে জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করি। কিন্তু আজাদির দাবির সঙ্গে জঙ্গিবাদকে মিলিয়ে ফেলা ঠিক হবে না। তরুণ-তরুণীরা আজাদির স্লোগান তুললেই তাদের জাতিবিরোধী আখ্যা দেওয়া ঠিক নয়। আর সব কথাকেই রাষ্ট্রদ্রোহী আখ্যা দেওয়াও ঠিক নয়।
কথা হচ্ছে, কেউই কিন্তু বলছে না যে, আমাদের ১৯৪৭ সালে ফেরত যেতে হবে। এমনকি গত ৬৫ বছরে যা করা হয়েছে, তাও সব বদলে ফেলতে হবে না। পরিবর্তনের অনেক কিছুই জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য উপকারী ছিল, ফলে তাদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে।
এ ছাড়া প্রযুক্তির হাত ধরে যেসব পরিবর্তন এসেছে, সেসব তো আর উল্টে দেওয়া যাবে না। সুস্থ চিন্তায় কেউ নিশ্চয়ই সে দাবি করবেন না। টেলিযোগাযোগের কথাই ধরুন। জম্মু ও কাশ্মীরের মানুষ বাকি ভারত ও পৃথিবীর সঙ্গে যুক্ত হয়েছে, এটাকে তারা স্বাগত জানায়। অন্য ক্ষেত্রগুলো হচ্ছে রেলওয়ে, বিমান, বিদ্যুৎ গ্রিড, উন্নত স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, দক্ষতা উন্নয়ন।
জম্মু ও কাশ্মীর যত দিন ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে, তত দিন নতুন নতুন কিছু করার জন্য যথেষ্ট রাজনৈতিক ও আইনি সুযোগ থাকবে, তাতে জনগণ আশ্বস্ত থাকবে, ভারতীয় সরকার কাশ্মীরের ভারতীয় ইউনিয়নে যোগ দেওয়ার শর্তগুলোকে সম্মান করে।
হারানো আস্থা ফিরে পাওয়ার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, বিজেপি সরকার ক্ষমতায় আসার কারণে যেটা হয়েছে। কিন্তু এটা করার জন্য সাহস লাগে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যে সাহস দেখিয়েছিলেন, যখন তিনি জেনারেল পারভেজ মোশাররফের সঙ্গে আলোচনায় বসেছিলেন। এর আগে অটল বিহারি বাজপেয়ি ‘ইনসানিয়াতের’ ভিত্তিতে আলোচনা করা যায় বলে একই রকম সাহস দেখিয়েছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। তাঁর দল লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দল বা মন্ত্রিসভাকে অগ্রাহ্য করে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর আছে। তিনি যা করতে পারেন, তার একটি তালিকা নিচে দেওয়া হলো: কিছু এলাকা থেকে অবিলম্বে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন প্রত্যাহার। সংসদের চলমান অধিবেশনে এএফএসপিএ সংশোধন করে একটি যৌক্তিক আইন প্রণয়ন, যার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে সীমিত দায়মুক্তি দেওয়া হবে। বিল তো প্রস্তুত আছেই। জম্মু ও কাশ্মীরে সর্বদলীয় প্রতিনিধি প্রেরণ, যারা সমাজের সকল স্তরের মানুষের কথা শুনবে। প্রতিনিধিদলে ‘সংখ্যাগরিষ্ঠতাবাদীদের’ নেওয়া যাবে না। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিতে হবে, যাতে তারা ১৫ দিনের মধ্যে পরিকল্পনা করে বেসামরিক এলাকা থেকে যত বেশিসংখ্যক সম্ভব সেনা প্রত্যাহার করতে পারে। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরীণ এলাকাগুলো থেকে ৩০ দিনের মধ্যে সেনাবাহিনী প্রত্যাহার করার জন্যও একটি নির্দেশনা দেওয়া হোক। আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক দায়িত্ব রাজ্য সরকার ও জম্মু ও কাশ্মীর পুলিশকে দেওয়া হোক। নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রমিত বিধি বদলানো হোক। আর সব বিচ্যুতি ও ত্রুটি সংশোধন করা হোক। এর আগে সেখানে যারা সংলাপ করেছিল, তাদের প্রতিবেদন পুনরুজ্জীবিত করা হোক। ৩০ দিনের মধ্যে এটা হালনাগাদ করা হোক। একটি শক্তিশালী দল গঠন করে সুপারিশগুলো বাস্তবায়ন করা হোক। এ ছাড়া এই অঞ্চলকে রক্ষা ও এখানকার মানুষকে জয় করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনে যেসব চিন্তা আসে, তাও তিনি বাস্তবায়ন করতে পারেন।
কথা হচ্ছে, আমাদের বহুদূর যেতে হবে, আর সে যাত্রা শুরু করতে হবে আজ থেকেই।
অনুবাদ: প্রতীক বর্ধন, ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়া।
পি চিদাম্বরম: ভারতের সাবেক অর্থমন্ত্রী।