মানুষের শাসন নয়, আইনের শাসনের পথে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিয়েনআনমেন স্কয়ার
তিয়েনআনমেন স্কয়ার

তিয়েনআনমেন স্কয়ারে গিয়ে দেখলাম মাও সেতুংয়ের বিশাল আলোকচিত্র শোভিত রয়েছে। বাঙালির চিন্তাচেতনা অনুযায়ী এই ছবি সেখানে স্বমহিমায় উদ্ভাসিত থাকার কথা নয়। বাকশাল করেছিলেন বলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্পূর্ণ মুছে ফেলতে চাই। সেই বিবেচনায় মাও সেতুং ‘বাকশাল’ করেও পার পেয়ে গেলেন। তাঁর বাকশাল মানে ‘সাংস্কৃতিক বিপ্লব’। মাওয়ের স্মৃতির যে অংশ ভুলে যাওয়াই ভালো, জনগণ তা ঠিকই ভুলছে। মাওয়ের ভুলকে চীনা কমিউনিস্ট পার্টির নেতারা মর্যাদার সঙ্গে মার্জনা করছেন। মাওয়ের ভুলের তাঁরা সমালোচনা করেন। কিন্তু তাঁর নাম ইতিহাস থেকে মুছে দেননি। 
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বাংলাদেশ মিডিয়া প্রতিনিধিদলের সদস্য হয়ে বেইজিং এসেছি। এ বিষয়ে ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ব্রিফিংকালে বলেছিলেন, চেয়ারম্যান মাওয়ের সেই চীনকে আজ আর চেনা যাবে না। মাওয়ের পোশাক কোড ছিল এমনই যে যা পরিধানের পরে নারী ও পুরুষকে আলাদা করে চেনা যেত না। এখন তা আমূল বদলে গেছে। পোশাকে চীনা বৈশিষ্ট্য উবে গিয়ে পাশ্চাত্যের রীতি ভর করেছে।
তদুপরি সিপিসির জ্যেষ্ঠ নেতা লি জুরুর মন্তব্যই হয়তো যথার্থ। মাও সেতুং তাঁর সাংস্কৃতিক বিপ্লবের নামে বাড়াবাড়ির জন্য সমালোচিত হবেন, কিন্তু একজন দেশপ্রেমিক ও আধুনিক চীনের রাষ্ট্রনায়ক হিসেবে তিয়েনআনমেন স্কয়ার থেকে তাঁর আলোকচিত্র কখনোই নির্বাসিত হবে না।
এই লেখাটি মাওকে নিয়ে নয়। চীনের রুল অব ল-কে নিয়ে। চীনের শনৈঃ শনৈঃ উন্নতি ঘটছে। ‘গণতন্ত্র’ ও সমাজতন্ত্র—দুটোই আছে। কিন্তু তা ‘চীনা বৈশিষ্ট্যমণ্ডিত।’ তার এখন চাই আইনের শাসন।
মধ্যাহ্নভোজ কেবলই ভোজনসর্বস্ব নয়। সেখানেও বেশ দরকারি কথা চলতে পারে। আমাদের সঙ্গে সিপিসির পক্ষ থেকে যিনি সবচেয়ে বড় মাপের কর্মকর্তা দেখা করলেন, তিনি দলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টার গুয়ো ইয়াজিও। দলের নেতা। সরকারের কেউ নন। এর আগে বুলগেরিয়ায় চীনের রাষ্ট্রদূত ছিলেন। মধ্য নভেম্বরে ব্রিকসসহ ৪০টির বেশি দেশের বিশেষজ্ঞদের কাছে তিনি ১৮তম ন্যাশনাল কংগ্রেসের প্লেনিয়াম অধিবেশনের মূল প্রতিপাদ্য ব্যাখ্যা করেন। এবারের মূল থিম ছিল রুল অব ল বা আইনের শাসন।
চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসের ইতিহাসে রুল অব ল বা আইনের শাসনকে প্রধান উপজীব্য করা প্রথম ঘটনা। গত ২০ থেকে ২৩ অক্টোবর ওই অধিবেশন চলেছে। ন্যাশনাল কংগ্রেস অব কমিউনিস্ট পার্টি সিসিসিপিসি (সেন্ট্রাল কমিটি অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না) গঠন করে। এই কমিটি বছরে অন্তত একবার বৈঠকে বসে। একে বলে প্লেনিয়াম সেশন। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর পাঁচ বছরের মেয়াদে এ রকম পাঁচটি সেশন পাবেন। এবার হলো চতুর্থ। তাঁর মেয়াদ শেষ হলে যখন নতুন প্রেসিডেন্ট নিয়োগের প্রশ্ন আসবে, তখন হবে ১৯তম কংগ্রেস। এর গণনা শুরু ১৯২১ সালে সিপিসির প্রতিষ্ঠা থেকে।
চীনা কমিউনিস্ট পার্টি অনেক কিছুই পাশ্চাত্যের কাছ থেকে নিয়েছে। এবারে নিল রুল অব ল বা আইনের শাসন। তবে সেটা তারা সরাসরি স্বীকার করে নিতে দ্বিধাগ্রস্ত।
‘আইনের শাসন’ কথাটি চীনা ইতিহাসে আনকোরা নয়। ১৯৬৬-৬৯ সাল ছিল সাংস্কৃতিক বিপ্লবের স্বর্ণযুগ। ওই সময়ে মাও সেতুং ‘কুং সিয়েন ফা (জননিরাপত্তা, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ও বিচার বিভাগ) গুঁড়িয়ে’ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সরকারি নথিতেই দেখা যায়, ওই সময় তাঁর একটি উদ্ধৃতি ছিল: ‘মানুষের শাসনের ওপর নির্ভর করো, আইনের শাসনের ওপরে নয়।’
সেই চীনের এমন কী ঘটল যে তাকে ‘আইনের শাসন’ এমন শশব্যস্ত হয়ে ধারণ করতে হলো। মধ্যাহ্নভোজের টেবিলে এর উত্তর পাওয়ার সুযোগ ছিল না। আমার স্থির বিশ্বাস, আইনের শাসনের ধারণার সঙ্গে রাষ্ট্রের তিনটি স্তম্ভের ক্ষমতার পৃথক্করণের সম্পর্ক অবিচ্ছেদ্য। এবং এটা এতটাই ধ্রুব সত্য যে একে এড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা দূরে থাকুক, বিরাট উন্নতি করেও তাকে ধরে রাখা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হতে পারে। চীন মাও অনুসৃত ‘মানুষের শাসনের’ ধারণাকে পরিত্যাগ করে ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার নীতি আঁকড়ে ধরার নীতি গ্রহণ করে কার্যত তারই প্রমাণ দিল। চীন এই মুহূর্তে জিডিপি প্রবৃদ্ধির শীর্ষে রয়েছে।
আমি ওই ভাইস মিনিস্টারকে বললাম, ক্ষমতার পৃথক্করণ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথক্করণ এবং বিচার বিভাগের স্বাধীনতার মতো বিষয়গুলো বহুকাল আগেই মীমাংসিত। আপনারা কি সেসব অবিকল নাকি মিশ্রিত করবেন? তিনি কিছুটা আবেগের সঙ্গেই বললেন, ‘আমরা পাশ্চাত্যের আইনের শাসনের ধারণাকে নকল করব না। এটা হবে চীনা বৈশিষ্ট্যমণ্ডিত।’
আমি অবশ্য বিশ্বাস করি যে ‘আইনের শাসন’-এর যে ধারণা উন্নত ও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রগুলো প্রতিষ্ঠিত করেছে, তার মৌলিক শর্তগুলোকে ‘চীনা বৈশিষ্ট্যমণ্ডিত’ করার চেষ্টা বিফলে যেতে পারে। তবে চীনের এই পরিবর্তন সেসব প্রবক্তার জন্য বিবেচনার বিষয়, যাঁরা বলেন গণতন্ত্র ছাড়াই উন্নয়ন চলে। এটা যাঁরা বলেন, তাঁরা প্রকারান্তরে এটাও বলেন যে বিচার বিভাগের স্বাধীনতাও জরুরি নয়।
চীন গণতন্ত্র ছাড়াই উন্নতি করতে পেরেছে, সেটা একবাক্যে মেনে নেওয়া কঠিন। কারণ, তারা যে শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে পার্টি পরিচালনা করছে, তাকে আমি যথেষ্ট গণতান্ত্রিক বলব।
লিয়ান ঝিয়ান ঝাং সিপিসির কেন্দ্রীয় কমিটির মূল গবেষণা সংস্থার উপমহাপরিচালক। ১৮তম কংগ্রেসের ওপর প্রকাশিত একটি বইয়ে তিনি লিখেছেন, ‘৩০ বছর আগে সংস্কার শুরু হয়েছিল, কিন্তু এতকাল চীনের উন্নয়ন উঁচুতে পৌঁছাতে না পারার কারণে সামাজিক ন্যায্যতা (বাংলাদেশ সংবিধানে কথাটি বাহাত্তরে লেখা হয়েছিল) ও ন্যায়বিচার চীনা শাসনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যে পরিণত হতে পারেনি। এখন তাই সেদিকে নজর দেওয়া হচ্ছে।’ তাঁকে হয়তো নাকচ করা যাবে না, কারণ তিনি কার্ল মাের্ক্সর উদ্ধৃতি দিয়েছেন: ‘অধিকার কখনো সমাজের অর্থনৈতিক কাঠামো এবং তার দ্বারা নিয়ন্ত্রিত সাংস্কৃতিক উন্নয়নের চেয়ে বড় হতে পারে না।’ আবার এই যুক্তিতে ‘মানুষের শাসনের’ তত্ত্ব কখনোই গ্রহণযোগ্য নয়। মাও ভ্রান্ত ছিলেন।
লক্ষ করলাম, চীনারা পারতপক্ষে ‘বদলে ফেলেছি’ কথাটি বলতে চায় না। তারা বলে, আরও গুরুত্বারোপ করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতার যে রূপরেখা সিপিসির ওই নেতা আমাদের দিলেন, তাতে সন্দেহ থাকে না যে চীন একটি বড় ধরনের সংস্কারের দিকে যাচ্ছে। রুদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত চীনের এই অপেক্ষাকৃত তরুণ সিপিসি নেতা অবাক করে দিয়ে বললেন, ‘আমরা বিচার বিভাগের স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। যদি কোথাও জানা যায় যে সরকার থেকে বিচারকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’
তিনি যথারীতি চীনা ভাষায় বলছিলেন। চীনা অনুবাদক তার তরজমা করছিলেন। ওই উক্তির পরেও যে এ রকম একটি অভিব্যক্তি থাকতে পারে, তা ছিল সত্যিই ধারণার বাইরে। সেটা হলো, তিনি বলেছেন, ‘বিচার বিভাগে হস্তক্ষেপের ঘটনাগুলো সম্পর্কে জনগণকে অবহিত করা হবে।’ এর মানে গোপনীয়তা রক্ষা করা হবে না। এটা প্রমাণ করছে যে চীন প্রকারান্তরে একটি উন্মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার দিকে যাচ্ছে।
প্রচণ্ড কৌতূহলী হলাম। চীনা নেতাদের মধ্যে এই পরিবর্তন কেন এল? সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের অধীনে পরিচালিত গবেষণা সংস্থা হলো ‘চায়না সেন্টার ফর কনটেম্পরারি ওয়ার্ল্ড স্টাডিজ।’ এই সিসিসিডব্লিউএসের অ্যাসোসিয়েট রিসার্চ ফেলো ওয়াং দং-এর সঙ্গে এ নিয়ে দীর্ঘ আলাপ হলো। তাঁর কথায় পরিষ্কারভাবে ফুটে উঠল যে এই আইনের শাসনের সঙ্গে রয়েছে তাদের অর্থনৈতিক উন্নতিকে টিকিয়ে রাখা এবং তাকে আরও সমৃদ্ধ করার স্বার্থ। চীনা পণ্যের বিশ্ববাজার টেকানোর স্বার্থও রয়েছে। কারণ, চীনে বিনিয়োগ করতে গিয়ে বিদেশিদের হরতালের মতো উপদ্রব সহ্য করতে হয় না। কিন্তু বাণিজ্যবিরোধ মোকাবিলা করতে হয়। তাই তারা বিশ্বকে ‘আইনের শাসন’-এ আকৃষ্ট করছে।
১৯৯৯ সালে চীনা সংবিধানে সংশোধনী এনে ‘রুল অব ল’ কথাটি যুক্ত করা হয়েছিল। কিন্তু তা কেবল কাগজেই পড়ে ছিল। এখন তারা বুঝতে পেরেছে যে কোনো সংস্কার বা সাময়িক উন্নতি ঠুনকো থেকে যাবে, যদি তা আইনের শাসনের পরীক্ষায় উতরানো সম্ভব না হয়। ওয়াঙ বললেন, প্রথম দুটি প্লেনিয়ামে কার্যপ্রণালিগত মামুলি বিষয় নিয়ে আলোচিত হয়। গত বছর অনুষ্ঠিত তৃতীয় প্লেনিয়ামেই ঠিক হয়েছিল যে চতুর্থ প্লেনিয়ামের প্রধান প্রতিপাদ্য হবে আইনের শাসন। সেখানে ঠিক হলো যে আগে সরকার অর্থনীতি ও সমাজ নিয়ন্ত্রণ করত, এখন আর করবে না।
বুঝলাম, দলের প্রভাবাধীনে থাকা সরকারের ক্ষমতা খর্ব করাই হলো নয়া চীনা নীতির বৈশিষ্ট্য। চীনে মানুষের শাসননীতি পরাস্ত, আইনের শাসনের যাত্রা শুরু হলো।
বেইজিং, ২৬ নভেম্বর
মিজানুর রহমান খান: সাংবাদিক৷
[email protected]