মারবে সীতাকুণ্ডে লাশ পড়বে সন্দীপে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাস্ক পরা স্বাস্থ্যকর্মী
মাস্ক পরা স্বাস্থ্যকর্মী

গত ২৭ জুলাই সীতাকুণ্ডের শিশুমৃত্যু বিষয়ে কর্মকর্তারা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে এক সপ্তাহেই নয় শিশুর মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে হইচই হওয়ার পর এই সম্মেলনে তাঁরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিজেরাই নিজেদের দেন। তাহলেও তাঁরা স্পষ্ট করেননি যে ইচ্ছাকৃত অবহেলায় টিকা না দিয়ে ওই সব মাসুম শিশুকে মৃত্যুমুখে ঠেলে দেওয়াকে কেন হত্যা বলা হবে না! বরং তাঁরা বলেছেন, সীতাকুণ্ডের ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আমরা সব পকেট পাতি পাতি করে খুঁজেছি। টিকা-সেবার বাইরে আর কাউকে থাকতে দেওয়া হবে না। দরকার হলে ঘন ঘন ক্যাম্প করে ফাঁকা জায়গা পূরণ করবই। গাফেলদের শাস্তি দিয়ে সন্দীপে বদলি করা হয়েছে। হাত তালি...। গাফেলদের গাফিলতি ধরার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরা থাকবেন বহাল তবিয়তে।

ঔপনিবেশিক কর্তৃপক্ষের রেখে যাওয়া জুতায় পা গলিয়ে হাঁটা প্রশাসনের নিয়ম—এ রকমই হওয়ার কথা। একের পাপের বোঝা অন্যকে বহন করতে হয়। সীতাকুণ্ডে লঙ্কাকাণ্ডের সব দায়দায়িত্ব গিয়ে পড়েছে মাঠকর্মীদের কাঁধে। তাঁদেরকেই করা হয়েছে বলির পাঁঠা বা ‘স্কেপ গোট’। প্রতিশ্রুতিমতো, স্বাস্থ্য বিভাগের কুলীন কর্মকর্তারা মাঠকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। তাঁদের দলেবলে কালাপানির এপার থেকে ওপারে পাঠিয়ে দিয়েছেন। কালাপানি মানে সাগর পেরিয়ে তাঁদের এখন সন্দীপে চাকরি করতে হবে।

ব্রিটিশ আমলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দ্বীপান্তর বলে একধরনের শাস্তি ছিল। ব্রিটিশ ভারতে অনেককেই আন্দামানে পাঠিয়ে দেওয়ার নজিরও আছে। এই শাস্তির নাম ছিল কালাপানি। রাজবন্দীদের অনেকেই আর ফিরে আসেননি দ্বীপান্তর থেকে। ব্রিটিশরা অস্ট্রেলিয়ায় তাঁদের বসতি তৈরি করেছিল দ্বীপান্তরের দণ্ডে দণ্ডিত আসামিদের দিয়ে।

ব্রিটিশরা দাগি আসামি আর বেয়াড়া রাজনীতিবিদদের মধ্যে দূরে পাঠিয়ে দেওয়ার শাস্তি সীমাবদ্ধ রাখেনি; আমলাদের ঢিট করার জন্যও এই ওষুধ ব্যবহার করেছে। অবাধ্য, অসৎ, দুর্নীতিগ্রস্ত, ঘুষখোর, কিংবা দুর্বিনীত কর্মচারীদের দেশের নানা দুর্গম আর প্রান্তিক অঞ্চলে শাস্তিস্বরূপ পাঠিয়ে দেওয়া হতো। আমরা ব্রিটিশদের রেখে যাওয়া কোট, প্যান্ট, ক্রিকেট, ফুটবলের সঙ্গে সেই চর্চাটাও ধরে রেখেছি।

যে কাজ করে না, যেটা করার সেটা না করে অন্য কিছু করে, তাদের সেই অলসতা, অসততা আর নির্লিপ্ততার বোঝা কেন প্রান্তিক অঞ্চলে বাধ্য হয়ে বসবাসকারী প্রা‌ন্তিকতর মানুষেরা বহন করবে? দোষী কর্মীদের পাহাড়ে, চরে, দ্বীপ উপজেলায়, দ্বীপ ইউনিয়নে পাঠিয়ে ওই সব অঞ্চলে বসবাসকারী মানুষকে আসলে শুধু অপমানই করা হয় না, অসৎ ও অদক্ষ কর্মকর্তাদের হাতে তাদের সঁপেও দেওয়া হয়। এই জিনিসটা যারা বোঝে না, তাদের অস্বচ্ছ মানসিকতা কি অসততার আরেকটা রূপ নয়?

এ দেশে আমলাতন্ত্রের শুরু থেকে পানিশমেন্টর পোস্টিং বা শাস্তিমূলক পদায়নযোগ্য কিছু স্থান অলিখিতভাবে চিহ্নিত করা হয়। খোঁজ নিলে দেখা যাবে, এসব স্থানে সবচেয়ে গরিব, নিরুপায়, অসহায় আর নিরীহ মানুষের বসবাস। সন্দীপ, কুতুবদিয়া, চৌহালী, থানচি, শাল্লা, দিরাই, পানছড়ি, নাইক্ষ্যংছড়িতে কারা থাকেন? তাঁরা দেশের আর পাঁচটা মানুষের মতো খাজনা দেন, আইন মেনে চলেন। দেশের মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকাও ছিল এই সব অঞ্চলের জনপদের। তবে তারা কেন বারবার ‘অযোগ্য’, ‘অলস’, ‘অসৎ’ সরকারি কর্মী আর কর্মকর্তাদের ভার বহনের সহজ ঠিকানা হবে। এসব অঞ্চলে বসবাসকারী মানুষেরা অন্য সব অঞ্চলের মানুষের মতো যোগ্য ও সৎ রাজকর্মচারীর সেবা পাওয়ার সমান অধিকার রাখে। এসব অঞ্চলকে পিছিয়ে রেখে দেশ কি এগোতে পারবে? ভৌগোলিক কারণে দুর্গম এলাকার অসহায় মানুষদের অবস্থার উন্নয়নের জন্য যেখানে মেধাবী, সৎ আর দক্ষ কর্মীদের প্রয়োজন, সেখানে আমরা পাঠাচ্ছি উল্টো প্রকৃতির কর্মীদের।

কথিত এসব দুর্গম এলাকা যেখানে বিশেষ আগ্রহ আর মনোযোগের মধ্যে রাখা প্রয়োজন, সেখানে তারা শিকার হচ্ছে প্রশাসনিক অবহেলার। এসব এলাকার পোস্টিং হওয়া উচিত উপহারমূলক পোস্টিং, শাস্তির পোস্টিং নয়। এসব এলাকায় কাজ করলে তাদের পদোন্নতি এক ধাপ-দুই ধাপ এগিয়ে যাবে—এমন ব্যবস্থা এখন সময়ের দাবি। এসব এলাকায় বদলি হয়ে আসার পরদিন থেকেই অনেক কর্মচারী-কর্মকর্তা শুরু করেন বদলির তদবির। তদবিরের ফলাফল অনুকূলে আনার জন্য যা যা করার, সবই তাঁরা করতে থাকেন। মন দিয়ে কাজ করা দূরে থাকুক, মন খারাপ করা এসব কর্মকর্তার অনেকেই খারাপ থেকে খারাপতর আচরণ শুরু করেন সেবাপ্রার্থী, সহকর্মী, সাক্ষাৎপ্রার্থী, এমনকি রোগী কিংবা পরীক্ষার্থী, সবার সঙ্গে। আরও বেপরোয়া হয়ে উঠলে আর কী হবে তাদের? আর কোথায় বদলি করবে? এই থাকে গড়পড়তা মানসিকতা। যাদের তদবির, ধরপাকড় বা খুশি করার মুরোদ নেই, বাবার শ্যালক বা মায়ের ভাই নেই, তারা পড়ে থাকে মনমরা বন্দীর মতো। কাজ তাদের তাড়া করলেও তারা রাও করেন না।

এক জায়গার লাশ আরেক জায়গায় যখন খুনিরা ফেলে যান, তখন ওই জায়গার নিরীহ মানুষদের কষ্ট বাড়ে। পুলিশ প্রকৃত ঘটনা না জানা পর্যন্ত তাদের নিয়ে টানাহেঁচড়া করে। খুনিরা দূর থেকে হাসে, হাওয়ায় মিলিয়ে থাকার চেষ্টা করে। তেমনি এক জায়গায় ব্যর্থ হওয়া সরকারি কর্মচারী-কর্মকর্তাদের শাস্তির নামে অন্য এলাকার মানুষের ওপর চাপানোর এ প্রথা বন্ধ হোক।

দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও শিক্ষক