
হেনরি লুইস মেঙ্কেন আমেরিকার সেরা রাজনৈতিক ভাষ্যকারদের একজন। ১৯২০ সালে তিনি উদ্বেগ প্রকাশ করে লিখেছিলেন, একটা সময় আসবে, যখন দেশের সাধারণ মানুষ তাদের পছন্দমতো এমন একজন নেতাকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করবে, যে শুধু আস্ত বোকাই (গবেট) নয়, রীতিমতো গর্দভ হবে।
এ বছরের নির্বাচনের পর আমেরিকার সাধারণ মানুষ তাদের সেই পছন্দের মানুষটিকে পেয়েছে। যাঁরা তাঁকে নির্বাচন করলেন, তাঁদের সম্বন্ধে এই গর্দভ লোকটি ১৯৯৮ সালে পিপল সাময়িকীকে বলেছিলেন, ‘আমি যদি কখনো নির্বাচনে প্রতিযোগিতার সিদ্ধান্ত নিই, তাহলে অবশ্য তা করব একজন রিপাবলিকান হিসেবে। কারণ, এই দলের সমর্থকেরা এই দেশের সবচেয়ে মূর্খ। ফক্স নিউজ যে কথা বলে তারা তাতেই বিশ্বাস করে। আমি হড়বড় করে একগাদা মিথ্যা বলতে পারি, তারা নির্দ্বিধায় সে কথায় বিশ্বাস করবে। আমি নিশ্চিত, আমার ভোটের ফলাফল হবে চমৎকার।’
কথায় বলে, যেমন দেশ, তেমন তার নেতা। আমেরিকা অবশেষে এমন একজন নেতাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে, যাঁর সম্বন্ধে দেশের ৬৬ শতাংশ মানুষ মনে করে তিনি এই পদের জন্য সম্পূর্ণ অযোগ্য। তিনি দাবি করেছেন, যখন-তখন মেয়েদের স্পর্শ করতে তাঁর কোনো সমস্যা হয় না; কারণ, তিনি একজন মস্ত তারকা। হিস্পানিকদের তিনি ঢালাওভাবে ধর্ষক ও মাদক ব্যবসায়ী বলেছেন। মুসলিমদের বলেছেন সন্ত্রাসী, আফ্রিকান-আমেরিকানদের বলেছেন ব্যর্থ মানুষের দল। এই ব্যক্তি এমন দাবিও করেছেন, তিনি কখনো কোনো বই পড়েন না, তবু তিনি সবকিছু জেনে বসে আছেন। জেনারেলদের চেয়েও তিনি যুদ্ধ বিষয়ে বেশি জানেন। আমেরিকা এক পরাজিত ও দুর্দশাগ্রস্ত দেশ, একমাত্র তিনিই পারেন দেশটাকে তার পুরোনো গৌরব ফিরিয়ে দিতে।
এই ডোনাল্ড ট্রাম্প কীভাবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তার ব্যাখ্যা খুঁজতে গলদঘর্ম হচ্ছেন দেশের পণ্ডিতেরা। তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে হিলারি ক্লিনটনের সঙ্গে, যাঁকে প্রেসিডেন্ট ওবামা বলেছিলেন, ইতিহাসে তাঁর মতো এমন অভিজ্ঞ ও যোগ্য প্রেসিডেন্ট পদপ্রার্থী আগে কখনো দেখা যায়নি। তারপরও সেই হিলারি পরাস্ত হলেন ‘গবেট’ ট্রাম্পের হাতে। কীভাবে এমন অসম্ভব সম্ভব হলো?
এর জন্য তিনটি প্রধান কারণ নির্দেশ করা যায়। প্রথমত, দেশের শ্বেতাঙ্গ ভোটাররা বিপুল সংখ্যাধিক্যে ট্রাম্পের প্রতি সমর্থন জানান। দেশের প্রতি ১০ জন শ্বেতাঙ্গ ভোটারের ৬ জনই ছিলেন ট্রাম্পের পক্ষে। হিলারি আশা করেছিলেন, আফ্রিকান-আমেরিকান ও হিস্পানিকদের ভোটে সাদা মানুষদের বিরুদ্ধ-ভোট তিনি কাটিয়ে উঠতে পারবেন। বাস্তবে তা হয়নি। ২০১২ সালে বারাক ওবামা এই দুই গ্রুপের কাছ থেকে যে পরিমাণ ভোট পেয়েছিলেন, হিলারি তার চেয়ে গড়পড়তা ৬ শতাংশ কম ভোট পান। নারী ভোটে তিনি এগিয়ে ছিলেন, কিন্তু সেখানে ট্রাম্পের তুলনায় হিলারির ভোটের ব্যবধান ছিল মাত্র ১২ শতাংশ। অথচ শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে তঁাদের ব্যবধান ছিল অনেক বেশি—ট্রাম্প ৫৮ শতাংশ, হিলারি ৩৭ শতাংশ।
দ্বিতীয়ত, দেশের মানুষ অপেক্ষায় ছিল পরিবর্তনের। হিলারি ওবামার উত্তরসূরি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, নির্বাচিত হলে তা হতো ওবামার ‘তৃতীয় দফা শাসন’। ফলে তাঁকে কোনোভাবেই পরিবর্তনের প্রতীক বলা যায় না। দীর্ঘদিন ওয়াশিংটনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাঁর প্রতি মানুষের অবিশ্বাস প্রবল। ওয়াল স্ট্রিট-এর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে দেশের তরুণ ভোটাররা আগে থেকেই তাঁর প্রতি বিরূপ, তাঁদের অনেকেই হিলারিকে ভোট দেওয়া থেকে বিরত থাকেন। অন্যদিকে ব্যক্তিগতভাবে জনপ্রিয় না হলেও ট্রাম্প নিজেকে বহিরাগত ও ওয়াশিংটনের এস্টাবলিশমেন্ট–বিরোধী একজন সফল ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করেন। তাঁর কথা বাগাড়ম্বরপূর্ণ হলেও দেশের স্বল্পশিক্ষিত ও শহরতলি বা গ্রামাঞ্চলে বসবাসকারী শ্বেতাঙ্গ মানুষেরা সে কথায় বিশ্বাস স্থাপন করেছিল। তিনি সবকিছু একদম পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন; বলেছিলেন, ওয়াশিংটনের সবকিছু একদম ঝেঁটিয়ে বিদায় করবেন। দেশের মানুষ, বিশেষত সাদা মানুষ, তাঁর সে কথায় উজ্জীবিত হয়েছে। এই নির্বাচন ছিল তাদের জন্য ওয়াশিংটনের অভিজাতদের (এলিট) প্রতি সাধারণের প্রতিশোধ।
তৃতীয়ত, অভিবাসন প্রশ্নে ট্রাম্পের কঠোর অবস্থান। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশের ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করবেন। ভবিষ্যতে অবৈধ অভিবাসন ঠেকাতে তিনি মেক্সিকোর সঙ্গে তাঁদের খরচে দেয়াল তুলবেন। মুসলিমদের আমেরিকায় আগমন নিষিদ্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। আমেরিকা একটি অভিবাসী-অধ্যুষিত দেশ, এদের ৭০ শতাংশ শ্বেতাঙ্গ। কিন্তু গত ৩০ বছরে যাঁরা এই দেশে অভিবাসী হয়ে এসেছেন, তাঁদের অধিকাংশ অশ্বেতাঙ্গ। এই ধারা অব্যাহত থাকলে ২০৪২ সালের মধ্যে আমেরিকার অধিকাংশ জনসংখ্যা হবে অশ্বেতাঙ্গ। যাঁরা আমেরিকাকে শুধু শ্বেতাঙ্গ ও খ্রিষ্টধর্মে বিশ্বাসীদের দেশ বিবেচনা করেন, তাঁদের কাছে জনসংখ্যাগত এই পরিবর্তন কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ট্রাম্প তাঁদের কাছে উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে ‘হোয়াইট ল্যাশ’ বা সাদা মানুষের প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে। ওবামার সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক ভাষ্যকার ভ্যান জোন্স বলেছেন, ‘আমরা অপেক্ষায় ছিলাম এক অলৌকিক ঘটনার। বাস্তবে আমরা পেলাম এক দুঃস্বপ্ন।’ ট্রাম্প মানুষের মনের ভীতিকে উসকে দিয়ে নির্বাচনে জিতেছেন, সে কথা উল্লেখ করে জোন্স বলেছেন, ‘আমরা নিজেদের ছেলেমেয়েদের বলি, ভাড়াটে গুন্ডা বা পাড়ার মাস্তান হবে না। এখন আমরা তাদের কীভাবে একজন মাস্তানের এই বিজয়কে ব্যাখ্যা করব?’ ট্রাম্প মুসলিমদের ঢালাওভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন, তাদের বহিষ্কারের হুমকি দিয়েছেন। ভ্যান বলেন, তাঁর অনেক মুসলিম বন্ধু এখন ভীতসন্ত্রস্ত, তারা জানতে চাইছে, ‘তাহলে কি আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে?’
ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয়ে ক্ষুব্ধ মানুষ আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভে ফেটে পড়েছেন। নিউইয়র্কে ট্রাম্পের বাসভবন ‘ট্রাম্প টাওয়ার’-এর সামনে প্রতিদিনই হাজার হাজার মানুষ ‘ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নন’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার কোনো কোনো শহরে এই বিক্ষোভ সহিংসতায় পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ওবামা ও হিলারি উভয়েই এই নির্বাচনের ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্টকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা। কিন্তু তাতেও বিক্ষোভ কমার কোনো লক্ষণ নেই।
তাহলে এরপর কী হবে?
নির্বাচনের আগে ট্রাম্প অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ক্ষমতায় আসার পরদিন ওবামার স্বাস্থ্যবিমা আইন—যা ওবামাকেয়ার নামে পরিচিত—বাতিল করে নতুন আইন চালু করবেন, হিলারি ক্লিনটনের ‘অপরাধ’ তদন্তের জন্য একজন তদন্তকারী নিয়োগ করবেন, অবৈধ অভিবাসীদের বহিষ্কার ও মেক্সিকোর সঙ্গে দেয়াল বানানোর কাজ শুরু করবেন, অধিকাংশ বাণিজ্য চুক্তি বাতিল করবেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নাকচ করবেন এবং জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহার করবেন। তিনি সুপ্রিম কোর্টে একজন রক্ষণশীল বিচারক মনোনয়ন দেওয়ারও আশ্বাস দিয়েছেন।
>কোনো সন্দেহ নেই, ট্রাম্পের আকস্মিক বিজয় আমেরিকার রাজনৈতিক মানচিত্র ভীষণভাবে বদলে দিয়েছে। দেশটি আগে থেকেই বিভক্ত ছিল। এবার সে বিভক্তি আরও বাড়ল
এর প্রতিটি সম্পূর্ণ অথবা অংশত পূরণের ক্ষমতা ট্রাম্পের রয়েছে। নভেম্বরের নির্বাচনের ফলে কংগ্রেসের উভয় কক্ষই এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। ফলে নিজের রাজনৈতিক অ্যাজেন্ডা পূরণে কোনো বাধাই তাঁকে পোহাতে হবে না। কংগ্রেসের রিপাবলিকান স্পিকার পল রায়ান, যিনি নির্বাচনের আগে ট্রাম্পের প্রতি সমর্থন জানাতে অস্বীকার করেছিলেন, এখন আগবাড়িয়ে বলছেন, ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে দলীয় ঐক্য অর্জনে তিনি কঠোর পরিশ্রম করবেন।
এদিকে নির্বাচনী প্রচারণার সময় যেসব চোখধাঁধানো প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছেন, নির্বাচিত হওয়ার পর সেসব থেকে পিছু হটার ইঙ্গিত দিয়েছেন। মুসলমানদের আমেরিকায় আনা নিষিদ্ধ করার যে দাবি তিনি তুলেছিলেন, তাঁর ওয়েবসাইট থেকে সেসব কথা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের ব্যাপারেও তিনি সুর বদলাতে শুরু করেছেন। তাঁর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, এমন কোনো প্রস্তাব তাঁদের বিবেচনায় নেই। তবে ‘ক্রিমিনাল’ বা অপরাধী হিসেবে চিহ্নিত এমন প্রায় ২০ লাখ হিস্পানিককে নিজ দেশে পাঠানোর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। গর্ভপাত নিষিদ্ধ করার প্রশ্নে তিনি নমনীয়তার আভাস দিয়েছেন। এমনকি ওবামাকেয়ার প্রশ্নেও ট্রাম্প নমনীয়তার আভাস দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাতের পর তিনি জানিয়েছেন, ওবামাকেয়ারের ভালো দিকগুলো তিনি বাতিল করবেন না।
অধিকাংশ পর্যবেক্ষক এটিকে একটি সুলক্ষণ হিসেবে অভিহিত করেছেন। অধিকাংশ প্রশ্নে ট্রাম্প কোন পথ অনুসরণ করেন, তা বহুলাংশে নির্ভর করবে কাদের তিনি নিজের মন্ত্রিসভায় স্থান দেবেন। এ পর্যন্ত তিনি দুটি মনোনয়ন দিয়েছেন, চিফ অব স্টাফ হিসেবে রিপাবলিকান দলের চেয়ারম্যান রাইন্স প্রিবাস ও প্রধান উপদেষ্টা অতি দক্ষিণপন্থী ও শ্বেত শ্রেষ্ঠত্ববাদের সমর্থক স্টিভ ব্যানন। নির্বাচনের আগে ট্রাম্প লবিস্টদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলেছিলেন, কিন্তু এখন তাঁকে যাঁরা ঘিরে আছেন, তাঁদের অধিকাংশই লবিস্ট। ফলে আশান্বিত হওয়ার বদলে আশঙ্কাই বাড়ছে। এসব ব্যক্তি গত আট বছর কাটিয়েছেন ওবামার সব কাজে প্রতি পদে বাধা দিয়ে। এখন তাঁরা যতভাবে সম্ভব ওবামার সব সাফল্য, সব অর্জন মুছে ফেলতে চাইবেন, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই।
কোনো সন্দেহ নেই, ট্রাম্পের আকস্মিক বিজয় আমেরিকার রাজনৈতিক মানচিত্র ভীষণভাবে বদলে দিয়েছে। দেশটি আগে থেকেই বিভক্ত ছিল। এবার সে বিভক্তি আরও বাড়ল। ডেমোক্রেটিক পার্টি আশায় ছিল, তারা কেবল হোয়াইট হাউস নয়, সিনেটেও নিজেদের নিয়ন্ত্রণ অর্জনে সক্ষম হবে। তার কোনোটাই অর্জিত হয়নি। অনেকেই বলেছেন, হিলারি না হয়ে সিনেটর বার্নি স্যান্ডার্স যদি এই দলের প্রার্থী হতেন, তাহলে হয়তো ভিন্ন ফল পাওয়া যেত। স্যান্ডার্স বলেছেন, এই বিপর্যয় কাটাতে এখন নতুন করে সংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। অবিলম্বে সে কাজে নেমে পড়ার তাগিদ দিয়েছেন আরেক প্রগতিশীল সিনেটর এলিজাবেথ ওয়ারেন। ২০১৮ সালে অন্তর্বর্তীকালীন নির্বাচনে কংগ্রেসের একাংশ নির্বাচনের সম্মুখীন হবে। ডেমোক্রেটিক পার্টি এই অভাবিত বিপর্যয় কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে পারল কি না, আর দুই বছর পরই সে কথা বোঝা যাবে।
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।