
১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বিশেষ সিনেট নির্বাচন। কট্টর রক্ষণশীল ও রিপাবলিকানপন্থী হিসেবে পরিচিত এই ‘লাল’ অঙ্গরাজ্যে গত কয়েক দশকে কোনো ডেমোক্রেটিক প্রার্থী সিনেট সদস্য নির্বাচিত হতে পারেননি। এবার সম্ভাবনা দেখা দিয়েছে, আর তার কারণ এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী আলাবামার সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি রয় মুর। তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় দুই ডজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এদের একজনের বয়স মাত্র ১৪ বছর। জানা গেছে, তিন দশক আগে, মুর যখন ৩০-৩২ বছর বয়সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, তখন অল্প বয়সী মেয়েদের পিছু নিতেন। যৌন হয়রানির সব অভিযোগ মিথ্যা দাবি করলেও মুর স্বীকার করেছেন, একসময় কম বয়সী মেয়েদের সঙ্গে তিনি সম্পর্ক গড়েছেন, কিন্তু অভিভাবকদের সম্মতি ছাড়া কোনো অল্প বয়সী মেয়ের সঙ্গে ‘ডেট’ করার কোনো চেষ্টা করেননি।
মুর কেবল রক্ষণশীল নন, আলাবামা অঙ্গরাজ্যের সর্বাধিক খ্রিষ্টপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত। আলাবামা সুপ্রিম কোর্টের বিচারপতি থাকার সময় তিনি নিজ দপ্তরের বাইবেলের বাণীসংবলিত একটি স্মারক স্তম্ভ সরাতে অস্বীকার করায় সেই পদ থেকে অপসারিত হয়েছিলেন। দ্বিতীয়বার একই পদে নির্বাচিত হলে ফেডারেল সুপ্রিম কোর্টের আদেশ সত্ত্বেও সমকামী বিবাহে সম্মতিদানে অস্বীকার করলে দ্বিতীয়বার সেই পদ থেকে অপসারিত হন। সিনেটর জেফ সেশন্স ট্রাম্পের আইনমন্ত্রী মনোনীত হলে মুর তাঁর শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। রিপাবলিকান দলের অধিকাংশ নেতাই চাননি এমন চরমপন্থী একজন প্রার্থী এই পদে মনোনীত হন। ট্রাম্প নিজেও মুরের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। তা সত্ত্বেও আলাবামার রক্ষণশীল রিপাবলিকানদের সমর্থনে মুর দলীয় প্রাইমারিতে জিতে যান।
বিতর্কিত হলেও রিপাবলিকানদের জন্য অতি নিরাপদ এই আসনটিতে মুর জিতবেন, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু নভেম্বরের গোড়ার দিক ওয়াশিংটন পোস্ট এক দীর্ঘ প্রতিবেদনে একাধিক নারীর নামধাম উল্লেখ করে মুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললে পরিস্থিতি বদলাতে শুরু করে। মুরের ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী ডাগ জোন্স হঠাৎ জনমত জরিপে তাঁকে টপকে সামনে চলে আসেন। রিপাবলিকান নেতৃত্ব এমনিতেই মুরের ব্যাপারে বেকায়দায় ছিলেন, এখন যৌন হয়রানির অভিযোগ ওঠায় তাঁরা একে একে মুরকে ত্যাগ করতে শুরু করলেন। প্রস্তাব করা হলো মুর নিজে থেকে সরে না দাঁড়ালে দলীয় ভোটাররা অন্য কারও নামের পক্ষে ‘রাইট-ইন’ প্রার্থী হিসেবে ভোট দেবে। সবচেয়ে জোর গলায় এই দাবি তুললেন সিনেটে তাঁদের নেতা মিচ ম্যাককনেল।
সমস্যা হলো ম্যাককনেল ও অধিকাংশ প্রবীণ নেতা দলের প্রতিষ্ঠানপন্থী হিসেবে পরিচিত। ট্রাম্প নিজে ও তাঁর সাবেক প্রধান উপদেষ্টা স্টিভ ব্যানন সব প্রতিষ্ঠানপন্থীকে ঝেঁটিয়ে বিদায় করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে নেমেছিলেন। হোয়াইট হাউস থেকে বিতাড়িত হওয়ার পর ব্যানন খোলামেলাভাবেই ম্যাককনেল ও অন্যান্য প্রতিষ্ঠানপন্থীকে পরাজিত করার চ্যালেঞ্জ নিয়ে যুদ্ধে নেমে পড়েন। তাঁর জন্য রয় মুর হলেন একজন ‘আদর্শ প্রার্থী’।
কেন্দ্রীয় নেতারা আপত্তি করলেও আলাবামার গভর্নর ও রাজ্য পর্যায়ের দলীয় নেতৃত্ব সব অভিযোগ সত্ত্বেও মুরকে ত্যাগ করতে সম্মত নয়। তাঁদের চোখে মুরের যত অপরাধই থাকুক, তাঁর জায়গায় ডাগ জোন্স কোনোক্রমেই গ্রহণযোগ্য নন, কারণ তিনি গর্ভপাতের অধিকারে বিশ্বাস করেন। তিনি আমেরিকার আগ্নেয়াস্ত্র আইন সংস্কারেরও পক্ষে।
রিপাবলিকান নেতৃত্ব আশা করেছিলেন, মুর দলের জন্য ক্ষতিকর—এ কথা বিবেচনায় এনে ট্রাম্প নিজে মুরের প্রার্থিতা সমর্থন করবেন না। তাঁর কন্যা ইভাঙ্কা বলেছিলেন, যাঁরা শিশুদের যৌন নির্যাতন করে, নরকে তাঁদের জন্য বিশেষ স্থান রাখা আছে। এতে ভাবা হয়েছিল, ট্রাম্প মুরের বিরোধিতা না করুন, নিদেনপক্ষে নিরপেক্ষ অবস্থান নেবেন। গত সপ্তাহে সেই ধারণাও মিথ্যা প্রমাণিত হয়েছে। মুরের নাম উচ্চারণ না করে ট্রাম্প বলেছেন, আলাবামার সিনেট আসনটিতে একজন রিপাবলিকান প্রার্থীকে জয়যুক্ত করতেই হবে, কারণ এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে—রিপাবলিকান দলের না ডেমোক্র্যাটদের।
এই মুহূর্তে ১০০ সদস্যের আইনসভার এই উচ্চকক্ষে ৫২-৪৮ ভোটে রিপাবলিকান কর্তৃত্ব রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এখন পর্যন্ত কোনো বড় সংসদীয় বিজয় অর্জন করেননি। তার কারণ, একদিকে বিরোধী ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে এককাট্টা রয়েছে, অন্যদিকে রিপাবলিকান দলের সিনেটররা সবাই সব ব্যাপারে একমত নন। কোনো কোনো সিনেটর তো খোলামেলাভাবে ট্রাম্পের নেতৃত্ব ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেশের ৫৬ শতাংশ মানুষও ট্রাম্পের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। গত মাসে ভার্জিনিয়ার রাজ্য পর্যায়ের নির্বাচনে ডেমোক্র্যাটরা অভাবিত বিজয় ছিনিয়ে এনেছে। রিপাবলিকানরা এই ভেবে ভীত যে এই ধারা অব্যাহত থাকলে ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া হতে পারে। মুরের বিজয় সেই বিপদ আরও নিশ্চিত করবে।
এ অবস্থায় ট্রাম্প তাঁর তৃণমূল সমর্থনকে ভরসা করে দলীয় নেতৃত্বের আপত্তি সত্ত্বেও মুরের পেছনে ছাতা ধরার যে সিদ্ধান্ত নিয়েছেন, অনেকেই তাতে হতাশ হয়েছেন। সিনেটর লিন্ডসি গ্রাহাম বলেছেন, মুর হারবেন, সঙ্গে সঙ্গে হারবে আমাদের দল। সিনেটর জন থুন বলেছেন, মুর যদি জিতে যান, তাহলেও রিপাবলিকানদের বিপদ যাবে না। একজন যৌন নির্যাতনকারীকে পাশে নিয়ে তাঁদের সিনেটে বসতে হবে। ২০১৮ সালের ভোটে তা দলের গলার কাঁটা হয়ে থাকবে।
ট্রাম্পের হিসাবটি সম্ভবত ভিন্ন। তিনি নিজে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত, কিন্তু তা সত্ত্বেও প্রেসিডেন্ট হিসেবে তিনি নিজে নির্বাচিত হয়েছেন। ‘আমরা ট্রাম্পকে যিশুর চেয়েও বেশি বিশ্বাস করি।’—একজন আলাবামাবাসী সিএনএনকে বলেছেন। এসব ভোটারের ওপর ভরসা করেই ট্রাম্প ধরে নিয়েছেন, মুরের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও ‘ট্রাম্প কান্ট্রি’ হিসেবে পরিচিত আলাবামা কিছুতেই কোনো ডেমোক্রেটিক প্রার্থীকে নির্বাচিত করবে না।
জনমত জরিপ অবশ্য অন্য সংকেত দিচ্ছে। রিপাবলিকান দলের নিজস্ব জরিপেই এই মুহূর্তে মুরের চেয়ে ডেমোক্রেটিক প্রার্থী ডাগ জোন্স ৩-৫ শতাংশ ভোটে এগিয়ে আছেন। বিখ্যাত ভাষ্যকার নেট সিলভার যে নির্বাচনী মডেল নির্মাণ করেছেন তাতে দেখা যাচ্ছে,
গত তিন সপ্তাহে মুর ক্রমেই পিছিয়ে পড়েছেন। এই লক্ষণ দেখেই ডেমোক্র্যাটরা আলাবামায় একটা বোমা ফাটানোর মতো ঘটনার অপেক্ষায় আছেন।
তবে আলাবামার রক্ষণশীল শ্বেতাঙ্গ ভোটারদের ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। ট্রাম্পকে তাঁরা ২৮ শতাংশ ভোটের ব্যবধানে জিতিয়ে এনেছেন। গর্ভপাত ঠেকাতে এবং আগ্নেয়াস্ত্র বহনের অধিকার বজায় রাখতে সেই তাঁরাই যদি একজন যৌন নির্যাতনকারীকে ভোটে জিতিয়ে আনেন, তাহলে বিস্ময়ের কিছু থাকবে না।
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।