মার্কিন সংবাদমাধ্যমের দেউলিয়াত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে তোলপাড়। অনেকেই বলছেন, এই ফলাফল অবিশ্বাস্য, যা মেনে নেওয়া কষ্টকর। বলা যায়, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যগুলো এক বছর ধরে যে প্রচারণা চালিয়েছে, তার ভিত্তিতেই এই বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের মূলধারার প্রায় সব সংবাদমাধ্যমই অনেকটা একবাক্যে বলে আসছিল, হিলারি ক্লিনটনই হতে যাচ্ছেন দেশের ৪৫তম প্রেসিডেন্ট। কেন ও কোন হিসাবনিকাশের আলোকে সে রকম সিদ্ধান্ত, সেই বিশ্লেষণ অবশ্য আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়নি। মনে হয় আমরা ধরে নিয়েছিলাম যে ‘মুক্ত বিশ্বের গণতন্ত্রের ঝান্ডাবাহী সংবাদমাধ্যম’ যখন এসব কথা বলছে, তখন তা মিথ্যা হওয়ার নয়। তবে ভোটের ফলাফল একেবারে উল্টোমুখী হওয়ায় মার্কিন সংবাদমাধ্যম কতটা নিরপেক্ষ অবস্থান থেকে এই প্রচার চালিয়েছে, তা ভেবে দেখার সময় এসেছে।
হিলারি ক্লিনটনের পরাজয়কে ভোট কারচুপির ফলাফল হিসেবে দেখার উপায় নেই, যেমনটা জর্জ ডব্লিউ বুশের প্রথম নির্বাচনের ফলাফলের বেলায় মনে হয়েছিল। সেই ফলাফল অবশ্য প্রথমবারের মতো আমাদের দেখিয়ে দিয়েছিল, যুক্তরাষ্ট্রের মতো ‘আদর্শ’ গণতান্ত্রিক দেশও ভোট কারচুপির মতো চুরিচামারির প্রভাব থেকে মুক্ত নয়। এবার অবশ্য সম্ভাব্য ভোট কারচুপির অভিযোগটি নির্বাচনের আগে উত্থাপিত হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। নির্বাচনের আগে তিনি খোলাখুলি বলেছিলেন, পরাজিত হলে ফলাফল মেনে নেওয়া তাঁর পক্ষে কষ্টকর হবে। অর্থাৎ তিনি হয়তো ধারণা করে থাকবেন, হিলারি-শিবির কেবল সংবাদমাধ্যমের পক্ষপাতদুষ্ট সমর্থন নিয়েই জয়লাভের জন্য মরিয়া হয়ে থাকবে না, একই সঙ্গে ভোট নিয়ে এদিক-সেদিক করবে। তবে তিনি বিজয়ী হওয়ায় সেই অভিযোগ এখন আর উঠছে না। উল্টোভাবে বরং এতটা জোরালো সমর্থন সত্ত্বেও কেন হিলারিকে পরাজিত হতে হলো, জটিল সেই অঙ্কের হিসাব মেলাতে গিয়ে হিলারি শিবিরের অনেকেই নিজেদের মাথার চুল ছিঁড়ছেন।
সংবাদমাধ্যমকে সাধারণত দেখা হয় নিরপেক্ষতার প্রতীক হিসেবে। যেহেতু সংবাদমাধ্যম, বিশেষ করে জনপ্রিয় ও সমাদৃত সংবাদমাধ্যম, একটি দেশের জনমতকে খুব সহজে প্রভাবিত করতে সক্ষম, তাই সাধারণভাবে ধরে নেওয়া হয়, জাতীয় পর্যায়ের নির্বাচনে তারা সরাসরি বিশেষ কোনো প্রার্থী কিংবা দলের প্রতি প্রকাশ্য সমর্থন দেবে না। তারা অন্তত বাহ্যিকভাবে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করবে। যদিও আমরা জানি সব দেশেই বিশেষ কোনো একটি রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীর প্রতি কিছুটা পক্ষপাতিত্ব সংবাদমাধ্যম করে থাকে, যেটা খুব বড় ধরনের দূষণীয় হিসেবে গণ্য নয়। তবে যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন কিন্তু সংবাদমাধ্যমের আসল পরিচয় আমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে। আর তা হয়েছে অনেকটা নগ্নভাবেই। যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যমের এই পক্ষপাতমূলক অবস্থান অবশ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন থেকেই শুরু।
ডেমোক্রেটিক পার্টির বাছাই পর্বের নির্বাচনে বার্নি স্যান্ডার্সকে দুর্জয় মনে হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যম পক্ষপাতমূলক অবস্থান নেয়। তখন থেকেই নিউইয়র্ক টাইমস ঘোষণা করে বসে যে হিলারি ক্লিনটন হচ্ছেন তাদের প্রার্থী। অর্থাৎ নিউইয়র্ক টাইমস রাখঢাক না করেই বার্নি স্যান্ডার্সকে ধরাশায়ী করার তৎপরতা শুরু করে। নিউইয়র্ক টাইমস-এর দেখিয়ে দেওয়া পথে অন্যরাও এগিয়ে এসে এক এক করে শামিল হয় হিলারি ক্লিনটনের পেছনে। সংবাদমাধ্যমের এ রকম জোরালো সমর্থনে তুষ্ট হয়ে ডেমোক্রেটিক পার্টির মোড়লেরাও ঘোষণা করে বসেন যে, হিলারি ক্লিনটনকেই তঁারা প্রার্থী হিসেবে দেখতে চাইছেন, দলের সাধারণ সদস্যরা যঁাকেই ভোট দেন না কেন। বেচারা বার্নির ভাগ্য কিন্তু সেদিনই নির্ধারিত হয়ে গিয়েছিল, সেই সঙ্গে হিলারির ভাগ্যও; যদিও প্রভাবশালী মহলের সমর্থন লাভ করে আহ্লাদিত হিলারি বুঝতেই সক্ষম হননি যে তাঁর নিজের কপাল পুড়ে যাওয়ার সূচনাও সেখান থেকেই।
যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যমের সঙ্গে হিলারির গড়ে ওঠা সেই অশুভ বন্ধন পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্পের মূল মঞ্চে আরোহণের পর থেকে আরও বেশি দৃঢ় হয়ে ওঠে। ব্যাপারটা এমন দাঁড়ায় যে, বাংলাদেশের অজপাড়াগাঁ থেকে শুরু করে লন্ডন-প্যারিসের চাকচিক্যময় অভিজাত এলাকাগুলোতেও প্রায় সবাই ধরে নেন, হিলারিই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।
সংবাদমাধ্যমের সেই ধোঁকাবাজির ফাঁদে যে কেবল সাধারণ মানুষজন ধরা খেয়েছেন, তা কিন্তু নয়। খোদ জাপানের প্রধানমন্ত্রীও শতভাগ নিশ্চিত হয়ে গিয়েছিলেন, হিলারি ক্লিনটনই হচ্ছেন তাঁর মার্কিন প্রতিপক্ষ। সে রকম এক অর্বাচীন সিদ্ধান্ত থেকে সেপ্টেম্বর মাসে নিউইয়র্ক সফরে গিয়ে হিলারির সঙ্গে তিনি এক দীর্ঘ সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন, নির্বাচনে আরও একজন শক্ত
প্রার্থী রয়েছেন, যিনি দাবার ছক উল্টে দিতে সক্ষম। ডোনাল্ড ট্রাম্পের প্রতি সেদিনের সেই চূড়ান্ত অবজ্ঞা-প্রদর্শনের মাশুল অবশ্য পরে তাঁকে নিজের আঙুল কামড়ে দিতে হয়েছিল। নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ঠিক পরপর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করার জন্য জাপানি কর্মকর্তাদের হন্যে হয়ে চেষ্টা চালাতে হয়। প্রধানমন্ত্রী শিনজো আবে অবশ্য শেষ পর্যন্ত সাক্ষাতের অনুমতি পেয়েছেন। এ মাসের ১৭ তারিখে তিনি নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিত হতে যাচ্ছেন, ট্রাম্প যদিও বলেননি, তিনি কী নিয়ে বিস্তারিত আলাপ করবেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম কেন এতটা নগ্নভাবে হিলারির পেছনে জড়ো হয়েছিল? হিলারির পেছনে কারা সব রকম সাহায্য-সহযোগিতা দিয়ে গেছেন, সেই তালিকার দিকে নজর দিলেই এর উত্তর খুঁজে পাওয়া সম্ভব। আমরা জানি ‘গণতান্ত্রিক’ দেশ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া সাধারণ মানুষের পক্ষে আদৌ সম্ভব নয়। এটি অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। ডোনাল্ড ট্রাম্পের মতো ধনকুবেরও প্রায় নিঃশেষ হতে বসেছিলেন নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে। বিজয়ী হতে না পারলে কোন অজানা ভবিষ্যৎ তাঁর সামনে অপেক্ষমাণ, সেই আশঙ্কা থেকেই মনে হয় অনেকটা তাঁর ফলাফল মেনে নেওয়া না-নেওয়া নিয়ে মন্তব্য করা।

>‘মুক্ত বিশ্বের গণতন্ত্রের ঝান্ডাবাহী সংবাদমাধ্যম’ যখন এসব কথা বলছে, তখন তা মিথ্যা হওয়ার নয়। তবে ভোটের ফলাফল একেবারে উল্টোমুখী হওয়ায় মার্কিন সংবাদমাধ্যম কতটা নিরপেক্ষ অবস্থান থেকে এই প্রচার চালিয়েছে, তা ভেবে দেখার সময় এসেছে

আমরা জানি হিলারি ক্লিনটন নির্বাচন উপলক্ষে যে ১৩৫ কোটি ডলার সংগ্রহ করেছিলেন, তার সবটাই এসেছিল করপোরেট আমেরিকা বা আমেরিকার প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে, যে তালিকার ওপরের দিকে আছে ওয়াল স্ট্রিটভিত্তিক সব আর্থিক প্রতিষ্ঠান। কেন এরা হিলারির জন্য এত টাকা খরচ করে, তার কারণও আমাদের অজানা নয়। বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্দেশ্যহীনভাবে কাউকে কখনো অর্থ দেয় না। এমনকি এদের যেসব দাতব্য শাখা বিদ্যমান, সেখানেও অর্থ খরচ করা হয় করছাড় পাওয়ার সুযোগ কাজে লাগানো যায় বলেই। হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে নতুন নানা রকম আইন প্রণয়নের মধ্য দিয়ে বাণিজ্যের জগতের জন্য আরও বেশি লাভের সুযোগ তিনি করে দেবেন, যুক্তরাষ্ট্রের করপোরেট গণতন্ত্রের ধারা অনুসরণ করে সেই হিসাব অবশ্যই আগে থেকে কষা ছিল। ফলে আমরা ধরে নিতে পারি, বার্নি স্যান্ডার্সকে অনেকটা অনৈতিক অবস্থান থেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিয়ে হিলারি করপোরেট আমেরিকার প্রতিনিধি হয়ে ওঠেন। এটা যুক্তরাষ্ট্রের সুবিধাবঞ্চিত ভোটারদের দৃষ্টি এড়িয়ে যায়নি। আর তঁারাই শেষ পর্যন্ত হিলারিকে ধরাশায়ী করার আঘাতটি হেনেছিলেন।
প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যম কেন হিলারির পেছনে সমবেত হয়ে তাঁকে জিতিয়ে দেওয়ার জন্য নৈতিক-অনৈতিক সব রকম চাল খেলা থেকে পিছপা হয়নি? এই প্রশ্নের উত্তরও সেই করপোরেট আমেরিকার বিশ্লেষণী আলোকপাতের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যমের প্রায় সব কটি হচ্ছে করপোরেট আমেরিকার অংশ। অর্থাৎ ওয়াল স্ট্রিট থেকে এদের ফারাক করে দেখার সুযোগ খুব একটা নেই। ফলে করপোরেট আমেরিকা যেদিকে ঝুঁকে পড়েছে, তার উল্টো পথে যাওয়ার সুযোগ তাদের ছিল না। আর এ কারণেই হিলারি ক্লিনটনের পরাজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে করপোরেট গণতন্ত্রের যে পরাজয়, তার অংশীদার যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যমকেও হতে হচ্ছে।
মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক।