মার্সিডিজ ফেলে যাওয়া ও রাজস্ব বিভাগ
অজ্ঞাতনামা এক ব্যক্তি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ের সামনের সড়কে একটি গাড়ি ফেলে রেখে গেছেন। সংস্থাটির তথ্য অনুসারে, গাড়িটির মূল্য তিন কোটি টাকা। গাড়িটির ভেতরের আসনে একটি খোলা চিঠি পাওয়া গেছে, এতে বলা হয়েছে: ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার দখলে থাকা গাড়িটি শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে জমা করছি।’ চিঠিতে অবৈধভাবে আনা বিলাসবহুল গাড়ি আটক করতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অভিযানকে স্বাগত জানানো হয়েছে।
কথা হচ্ছে, যিনি এ কাজ করেছেন, তাঁকে অভিনন্দন। কারণ, তিনি হয়তো বিবেকের যন্ত্রণায় মধ্যরাতে গাড়িটি ফেলে রেখে গেছেন। এই ব্যক্তি হয়তো নানা কারণে শুল্ক অধিদপ্তরের মুখোমুখি হতে চাননি, হয়তো হয়রানি বা লোক লজ্জার ভয়ে। কিন্তু অবৈধ গাড়িটি জমা দিয়েছেন। এটি এখন রাষ্ট্রীয় সম্পত্তি। তবে প্রথম আলোর অনলাইনে এই খবরের নিচে অনেক পাঠক নানা সন্দেহপ্রসূত মন্তব্য করেছেন। তাঁরা বলেছেন, গাড়িটি অনেক পুরোনো মডেলের, এটি এখন স্ক্র্যাপ হয়ে গেছে। ওই ব্যক্তি গাড়ির নানা যন্ত্রাংশ ধোলাইখালে বিক্রি করে অর্ধেক টাকা উঠিয়ে ফেলে রেখে গেছেন। আমরা জানি না, এসব দাবির সত্যতা আছে কি না!
তবে এটা ঠিক, কেউ যদি বিবেকের দংশনে রাজস্ব বিভাগের কাছে অবৈধভাবে অর্জিত সম্পদ বা টাকা সমর্পণ করতে চান, তাঁকে হয়তো অনেক হয়রানি পোয়াতে হবে। আমাদের অভিজ্ঞতা অন্তত সে কথাই বলে। লেখকের এক বাল্যবন্ধু রাজস্ব বিভাগে দেয় কর পরিশোধ করতে গেলে তাঁকে বলা হয়েছিল, ‘এত টাকা কর দেবেন কেন, আসুন, আমরা একটা বোঝাপড়ায় আসি’। কিন্তু বন্ধুটি নাছোড়বান্দা হয়ে দেয় কর পরিশোধ করলে তাঁকে নানাভাবে হয়রানি করা হয়েছিল। এ রকম অভিজ্ঞতা আরও বহু মানুষেরই হয়েছে। ফলে এতে রাজস্ব বিভাগেরও দায় রয়েছে।
কর ফাঁকি দেওয়া আমাদের দেশে খুবই সাধারণ ঘটনা। আমরা সবাই কম বেশি কর ফাঁকি দিই। আমাদের রাজস্ব নীতিও এমনভাবে করা হয়েছে যাতে সমাজের বিত্তশালীরা আইনসম্মতভাবেই আয়কর ফাঁকি দিতে পারেন। অথচ রাজস্বের বেশির ভাগই পরোক্ষ করের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। দেশে এখন আয়কর বা প্রত্যক্ষ করের মাধ্যমে রাজস্বের মাত্র ৩০ শতাংশ আসছে, যেখানে পরোক্ষ মাধ্যমে আসছে ৭০ শতাংশ। আবার করমুক্ত আয়ের সীমা এবার না বাড়িয়ে গত বছরের মতো আড়াই লাখ টাকাই রাখা হয়েছে। অথচ প্রতি বছর অন্তত মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা উচিত।
দেশে প্রত্যক্ষ করের পরিমাণ না বাড়ার অন্যতম কারণ হলো সুশাসনের অভাব। আয়কর বিভাগে যারা চাকরি করেন, তাদের স্বচ্ছতা ও দক্ষতার অভাব। তবে মজার ব্যাপার হলো এই অদক্ষতাকে ঢাকতে গিয়ে সরকার অতি সাধারণ মানুষকেও করের জালে জালে আনার চেষ্টা করছে। ব্যাংকের সঞ্চয়ী প্রকল্পের ওপরও করারোপ করেছে। এতে সাধারণ সঞ্চয়কারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনকি অবসরপ্রাপ্ত মানুষের ডিপিএসের মুনাফা থেকেও এই কর কাটা হচ্ছে, যেটা রাজস্ব আইনের সঙ্গেই সাংঘর্ষিক।
মোদ্দা কথা হলো, দেশের শিক্ষিত ও সচেতন মানুষেরা কর দিতে চায়। দেশ স্বনির্ভর হোক, বিশ্ব ব্যাংক ও আইএমএফের কাছে যেন হাত না পাতে-সেটাও তাঁরা চান। প্রতি বছর আয়কর মেলাতে দেখা যায়, প্রচুর তরুণ ও মধ্যবিত্ত কর দিচ্ছেন। এই ধারা ধরে রাখার জন্য রাজস্ব বিভাগকে উদ্যোগ নিতে হবে। মানুষকে হয়রানি করা চলবে না। গাড়িটি ফেরত দিয়ে ওই নাগরিক একভাবে তাঁর দায়িত্ব পালন করেছেন। এবার রাজস্ব বিভাগকেও দায়িত্ব পালন করতে হবে। কেউ যদি এ রকমভাবে অবৈধ গাড়ি বা সম্পদ জমা দিতে চান, তাঁকে অহেতুক হয়রানি করা চলবে না। মানুষকে আশ্বস্ত করা গেলে অনেকেই হয়তো অবৈধ সম্পদ ও অর্থ জমা দেবেন। রাজস্ব বিভাগ এ রকম উদ্যোগ নিতেই পারে।