ওকে দেখে আমি সব সময়ই অবাক হতাম। মালালা ইউসুফজাইকে প্রথম দেখি ওর ১১ বছর বয়সে। ২০০৯ সালের বসন্তের শুরুতে সোয়াত উপত্যকার মিঙ্গোরা শহরে ওর সঙ্গে দেখা হয়। এই সুন্দর উপত্যকাটি তখন তালেবানদের অধীনে। আমি সেখানে যাই সরকারের সঙ্গে তালেবান-সমর্থক ধর্মীয় নেতা সুফি মোহাম্মদের শান্তি চুক্তির পর। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে আমি সেই শহর থেকে একটি টেলিভিশন অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করি।অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে আমাদের স্থানীয় প্রতিনিধি মুসা খানখেল ফোনে সতর্ক করে দিয়ে বলেন, ‘ওরা’ কয়েকজন সাংবাদিক হত্যা করে শান্তি চুক্তি ভণ্ডুলের পরিকল্পনা করেছে। আমি জিজ্ঞেস করলাম ‘ওরা’ কারা? বলা হলো, শিগগিরই জানতে পারব। কিছুক্ষণ পর আমাদের একজন ক্যামেরাম্যান জানালেন, মুসা খানখেলকে অপহরণ করে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে ৩২টি বুলেট পাওয়া গেছে। সেদিন সন্ধ্যায়ই আমি মিঙ্গোরা প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশের ডাক দিই। আমাদের কাঁধে তখন মুসার কফিন। আমরা আমাদের সহকর্মী হত্যার প্রতিবাদে স্লোগান দিচ্ছিলাম। মনে আছে, সাদা শাল পরা একটি ছোট্ট মেয়েও আমাদের সঙ্গে স্লোগান দিচ্ছিল। ওর সাহস আমাকে অভিভূত করে দিল।সে-ই ছিল মালালা ইউসুফজাই। ওর বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইয়ের সঙ্গে ও এসেছিল। জিয়াউদ্দিন সেখানে একটি বেসরকারি স্কুল চালাতেন। প্রতিবাদ সমাবেশের ঘণ্টা খানেক পর স্থানীয় জনতাকে নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রচার করি। ওই ভিড়ের মধ্যে মালালাও ছিল এবং সে-ও কথা বলতে চাইছিল। ওর বাবা আমাকে বলেছিলেন, মালালা বিবিসি ব্লগে গুল মাকাই ছদ্মনামে ডায়েরি লেখে। আমি ওকে বললাম, ছদ্মনামটা যেন সে প্রকাশ না করে আর যেন হুঁশিয়ার থাকে। তবু সে কথা বলতে চাইল। আমি ওকে থামালাম না। ও শুধু শিক্ষার অধিকার চেয়েছিল এবং চেয়েছিল শান্তি চুক্তির পর যাতে ওর স্কুল আবার চালু হয়। কেবল বুদ্ধিমতীই ছিল না সে, তার ছিল অগাধ সাহস। চাদরের আড়ালে অস্ত্র লুকিয়ে তালেবানরা ওর পেছনেই দাঁড়িয়ে ছিল। তার পরও মালালা খোলা গলায় বলেছিল, যেকোনো মূল্যে ও পড়ালেখা করতে চায়। সেই রাতে মালালাই ছিল আমাদের প্রধান তারকা। সেই প্রথম মালালা টেলিভিশনে আসে।দুর্ভাগ্যজনকভাবে সোয়াতে শান্তি চুক্তি কার্যকর হয়নি। অবশেষে সেনাবাহিনী সোয়াতে অভিযান চালায় এবং মালালা আরও লাখো সোয়াতির সঙ্গে সোয়াত ছেড়ে যায়। একদিন পেশওয়ার থেকে তার ফোন পাই। সেদিনও তার সংকল্প দেখে অবাক হয়ে যাই। সে বলেছিল, ফাটা অঞ্চলে তালেবানদের পরাজিত করা যায়নি। কারণ, সেখানকার স্থানীয় জনগোষ্ঠী তাদের পক্ষে ছিল। কিন্তু সোয়াতে তাদের পরাস্থ করা যাবে, যদি স্থানীয়রা রুখে দাঁড়ায়। মালালার এই আশাবাদ নিয়ে আমি ২০০৯ সালের ৮ মে পত্রিকায় একটা কলাম লিখি। এর শিরোনাম ছিল ‘এইবার তালেবানরা পরাজিত হবে’। মালালার ভবিষ্যদ্বাণী সত্য হয়েছিল। একদিন বাবাকে সঙ্গে নিয়ে সে ইসলামাবাদে আমার অফিসে এল। সে বলেছিল, সোয়াতে কারফিউর মধ্যে নিরাপত্তা প্রহরা ও টহল চৌকির কারণে বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছে। সমস্যাগুলো তুলে ধরার জন্য আবারও তাকে আমার অনুষ্ঠানে আসতে বলি। সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বেগম শাহনাওয়াজ আলীর উপস্থিতিতে সরকারি নীতির সমালোচনায় মুখর হয়। তার এই আত্মবিশ্বাস দেখে আমি কেন, দর্শকও অবাক হয়ে যায়। গোটা দুনিয়া তাকে চিনতে শুরু করে। ২০১০ সালে পাকিস্তান ও আফগানিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্রুক সোয়াত সফরে এলে মালালার সঙ্গে দেখা করেন। এটাই ছিল যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে মালালার প্রথম সরাসরি যোগাযোগ। হলব্রুক মালালাকে বলেন, যুক্তরাষ্ট্র সোয়াতে শান্তি চায় এবং পুনর্বাসনকাজের জন্য পাকিস্তান সরকারকে তারা ১৭৫ মিলিয়ন ডলার দিচ্ছে। ছোট্ট মালালা হলব্রুককে ধন্যবাদ জানাল। এর জের ধরেই একটি টেলিভিশন অনষ্ঠানে সে বারাক ওবামার প্রতিও শুভেচ্ছা জানায়। তালেবানরা ইতিমধ্যেই মালালার ওপর চটে ছিল। এই সাক্ষাৎকারের অজুহাতে তারা তাকে মার্কিন এজেন্ট বলে ঘোষণা করে। কিন্তু তার বিবেক পরিষ্কার ছিল। স্কুল বন্ধ করে দেওয়ায় সে তালেবানদের বিরুদ্ধে গিয়েছিল। একই সঙ্গে সে ড্রোন হামলারও বিপক্ষে ছিল। কেননা, অনেকবারই ড্রোন হামলায় অজস্র শিশুর জীবন গিয়েছে। ওর দৃষ্টিভঙ্গি ছিল, আমরা যদি তালেবানদের নিয়ন্ত্রণে আনতে পারি, তা হলে যুক্তরাষ্ট্র ড্রোন হামলার অজুহাত পাবে না।তালেবানরা তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল এবং ১৪ বছর বয়সী মেয়েটির কণ্ঠ স্তব্ধ করে দিতে ঘৃণার বুলেট ছুড়ল। হুমকির মুখে সরকার তাকে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে। ও ভেবেছিল, এত ছোট মেয়ের ওপর তালেবানরা হামলা চালাবে না। কিন্তু ওর ধারণা ভুল প্রমাণিত হলো, যখন মুখোশ পরা এক সন্ত্রাসী স্কুল থেকে ফেরার পথে তাকে গুলি করল। তালেবানরা এই হামলার দায় স্বীকার করে নেওয়ায় পাকিস্তানি জনগণ বিরাট ধাক্কা খেল।কী অপরাধ ছিল মালালার? সে কেবল শিক্ষার সুযোগ চেয়েছিল। মেয়েদের শিক্ষার প্রতীকে পরিণত হয়েছিল সে। কিছু মানসিকভাবে অসুস্থ লোক ছাড়া সমগ্র পাকিস্তান তার পেছনে দাঁড়িয়ে গেছে। প্রথম যখন তাকে দেখি, সেদিনও ভাবতে পারিনি, পশ্চিমা মিডিয়া তাকে ব্রিটিশদের বিরুদ্ধে ফরাসিদের নেতৃত্ব দেওয়া কিশোরী জোয়ান অব আর্কের সঙ্গে তুলনা করবে। ভাবতেও পারিনি, ভারতীয় মিডিয়া ১৮৫৭ সালে ব্রিটিশদের প্রতিরোধকারী খুদে ঝাঁসির রানি বলে মহিমা দেবে। কখনোই ভাবিনি, শিল্পী ম্যাডোনা ওকে নিয়ে গান গাইবে। গর্বে আমার বুক ভরে ওঠে শুনে যে ১৮৮০ সালে কান্দাহারে ব্রিটিশের বিরুদ্ধে লড়াকু যোদ্ধা আফগান সাহসিকা মালালাইর ইতিহাসকে জীবন্ত করেছে। ছোট্ট মালালা বিশ্বের মধ্যে পাকিস্তানকে নতুনভাবে চিনিয়েছে। মালালা এখন পাকিস্তানের নতুন মুখচ্ছবি।এখন অজস্র মানুষ স্লোগান তুলছে ‘আমরা সবাই মালালা’। না, আমরা মালালার মতো নই। কোনো রাজনৈতিক নেতা, কোনো ধর্মীয় আলেম, কোনো সাংবাদিক, বিচারপতি অথবা জেনারেল মালালার মতো সাহসিকতা দেখাননি। হ্যাঁ, আমরা কেবল তার প্রশংসাই করতে পারি। হ্যাঁ, নিজ নিজ ব্যক্তিগত ও রাজনৈতিক ধান্দা পূরণে আমরা তার নাম ব্যবহার করতে পারি, কিন্তু সশস্ত্র বাহিনীগুলোর বিরুদ্ধে ওর মতো খালি হাতে দাঁড়াতে পারি না। ‘আমরা সবাই মালালা’ কথাটা ভুল। যারা পাকিস্তানের ভেতরে ও বাইরে বসে আমাদের সার্বভৌমত্ব খেয়ে ফেলছে, তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত। তালেবানদের আমরা আমাদের রাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে দিতে পারি না। আমাদের আকাশসীমা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রকেও ড্রোন হামলা চালাতে দিতে পারি না। কেউ যদি আমাদের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ চালায়, তাকেও আমাদের প্রতিহত করতে হবে। মালালা যদি নিরস্ত্র হয়ে অরাষ্ট্রিক সশস্ত্র শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে, তা হলে এত এত অস্ত্র থাকা সত্ত্বেও আমাদের রাষ্ট্রকে কেন অসহায় দেখায়? উঠে দাঁড়ানোর এখনই সময়।ইংরেজি থেকে ভাষান্তর ফারুক ওয়াসিফহামিদ মির: পাকিস্তানের জিয়ো টিভির নির্বাহী সম্পাদক।[email protected]