মালালার ডায়েরি বনাম তালেবানি পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য যাদের নাম মনোনয়ন করা হয়েছে, তাদের মধ্যে পাকিস্তানের মালালা ইউসুফজাইও রয়েছে। ১৪ বছরের এই কিশোরী গত ৯ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবান সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হলেও সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয় এবং সে এখনো সেখানে আছে। নরওয়ে পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন বলেছেন, মালালাকে পুরস্কার দেওয়া হলে সেটি নোবেল পুরস্কারের নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ হবে।মালালা যে এলাকার বাসিন্দা, সোয়াতের এই মিংগোরা অঞ্চলটি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের খুব পছন্দ এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এখন সেখানে তালেবান চাষ হচ্ছে। মালালার বাবা জিয়াউদ্দিন একজন শিক্ষাপ্রচারক এবং তিনি অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তাঁর ভাষায়, ‘আমরা যা করেছি, তা থেকে মেয়েটি অনুপ্রাণিত হয়েছে এবং চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’ইন্টারনেটের মাধ্যমেই মালালা প্রথম তালেবানের বিরুদ্ধে প্রচার চালায়। সে বিবিসির ব্লগে লিখেছে। লিখেছে তার ও সতীর্থদের সংগ্রাম সম্পর্কে। লিখেছে, কীভাবে স্কুলের অধ্যক্ষ তাদের স্কুলের ইউনিফর্ম বাদ দিয়ে সাধারণ পোশাকে আসতে বলতেন এবং শীতকালীন ছুটি ঘোষণার পর স্কুল খোলায় আর ঘোষণা দেওয়া হলো না। গুলিবিদ্ধ হওয়ার অনেক আগেই মালালা লিখেছিলেন, ‘যদি তারা আমাকে হত্যা করতে আসে, আমি তাদের বলব, তোমরা যা করছ তা ঠিক নয়। শিক্ষা হলো মৌলিক অধিকার।’ গত অক্টোবরে মালালা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য ডেসমন্ড টুটুর মনোনয়ন পেয়েছিল। এর দুই মাসেরও কম সময়ের মধ্যে সে জাতীয় তরুণ শান্তি পুরস্কারে ভূষিত হয়। মালালা এখন আর প্রতিবাদকারী এক মেয়ে নয়। সে হয়ে উঠেছে প্রতিবাদের প্রতীক।২০১২ সালের অক্টোবরে যে বন্দুকধারী মালালাকে তাক করে গুলি ছুড়েছিল, সে কখনোই ভাবেনি সেই গুলিই তাদের তাড়া করে ফিরবে। আর যারা তাকে হত্যা করতে পাঠিয়েছিল, তারাও চিন্তা করতে পারেনি যে মেয়েটি দ্বিতীয়বারের মতো তাদেরই অগ্রাহ্য করেনি, অগ্রাহ্য করেছে তার মৃত্যুকেও।যখন এই বর্বর তালেবানগোষ্ঠী নারী শিক্ষাকে অনৈসলামিক ঘোষণা করল, তখন তারা ভেবেছিল যে কেউ প্রতিবাদ করতে সাহস পাবে না। কিন্তু শিক্ষার প্রতি প্রবল অনুরাগী ১২ বছরের একটি মেয়ে বিবিসি উর্দু ব্লগে লিখল তার মনের কথা, অবশ্য পুল মাকাই ছদ্দনামে। মালালার এই প্রতিবাদ ইতিহাসের সাহসী কাজ হিসেবেই চিহ্নিত হলো। কথা, আচরণ ও সাহস দিয়ে যে মেয়েটি নিজেকে প্রতিষ্ঠা করেছে; সে যে তালেবানের লক্ষ্যবস্তু হবে, তাতে সন্দেহ ছিল না। মালালার কথা বহির্বিশ্বের মানুষ তখনই জানল, যখন তালেবান ঘাতক তার মাথায় গুলি ছুড়ল।সোয়াত উপত্যকা তালেবানের দখলে চলে যাওয়ার পর মালালা যে ডায়েরি লিখিছিল, সেই ডায়েরির কয়েক দিনের বিবরণ এখানে তুলে দেওয়া হলো। এই ডায়েরিতে একটি মেয়ের স্বপ্ন ও শঙ্কার কথা জানা যাবে।১ জানুয়ারি, ২০০৯: মাওলানা শাহ দুয়ান চলে গেছেন অথবা ছুটিতে। আজ স্কুলে আমি বন্ধুদের কাছে আমার বানুর ভ্রমণ সম্পর্কে কথা বলছিলাম। আমরা মাওলানা শাহ দুয়ানের মৃত্যুর গুঞ্জন নিয়ে কথা বলছিলাম, যিনি এফএম রেডিওতে বক্তৃতা করতেন। তিনি হলেন তাঁদেরই একজন, যাঁরা মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছিলেন। কয়েকটি মেয়ে জানাল, তিনি (মাওলানা শাহ দুয়ান) মারা গেছেন, কিন্তু অন্যরা দ্বিমত পোষণ করলেন। সেদিন রাতে এফএম রেডিওতে কিছু বলেননি বলেই তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।শুক্রবার বাড়ির কাজ না থাকায় সারা বিকেল আমি খেলা করছিলাম। আমি টিভি চালু করতেই লাহোরে বোমা বিস্ফোরণের খবর শুনলাম। আমি নিজেই প্রশ্ন করলাম, এই হামলার ঘটনাগুলো কেন পাকিস্তানেই ঘটছে। ৩ জানুয়ারি ২০০৯: গতকাল আমি সামরিক হেলিকপ্টার ও তালেবান নিয়ে একটি ভয়ানক স্বপ্ন দেখেছিলাম। সোয়াতে সামরিক অভিযান চালানোর পর থেকেই আমি এ ধরনের স্বপ্ন দেখে আসছিলাম। তালেবান স্কুলে মেয়েদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা করায় আমি ভীত ছিলাম। ২৭ ছাত্রীর মধ্যে মাত্র ১১ জন ক্লাসে যেতাম। তালেবানের নিষেধাজ্ঞার কারণে ছাত্রীদের ক্লাসে অনুপস্থিতি কমে যাচ্ছিল। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে শুনছি এক লোক বলছেন, ‘আমি তোমাকে খুন করব।’ আমি প্রথমে ভীষণ ঘাবড়ে গেলাম, তবে স্বস্তিবোধ করলাম যখন দেখলাম যে লোকটি মোবাইলে কারও সঙ্গে কথা বলছেন এবং নিশ্চয়ই কাউকে হত্যার হুমকি দিচ্ছেন।৪ জানুয়ারি, ২০০৯: আজ ছুটির দিন এবং আমি বেলা ১০টার দিকে ঘুম থেকে উঠলাম। আমি শুনলাম, বাবা গ্রিন চকে (চৌমাথা) আরও তিনটি লাশ পড়ে থাকার কথা বলছিলেন। এ খবর শুনে আমার খুব খারাপ লাগল। সামরিক অভিযানের আগে আমরা সবাই রোববার বনভোজন করতে মারখাজার, ফিজাঘাট ও কানজুতে যেতাম। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমরা দেড় বছর ধরে বনভোজনে যেতে পারছি না। আমরা রাতের খাবারের পর হাঁটতে বের হতাম, কিন্তু এখন সূর্যাস্তের আগেই ঘরে ফিরে আসি। আজ আমি ঘরের কিছু কাজ করলাম, আমার হোমওয়ার্ক করলাম, আমার ভাইয়ের সঙ্গে খেললাম। আগামীকাল স্কুলে যেতে হবে, এ কথা ভেবে আমার ভেতরে অস্থিরতা বেড়ে গেল।৫ জানুয়ারি ২০০৯: আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং স্কুলের পোশাক পরব ভাবছিলাম, তখনই অধ্যক্ষের কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, তোমরা কেউ ইউনিফর্ম পরে আসবে না, সাধারণ পোশাক পরে আসবে। অতএব, আমি আমার পছন্দের মেরুন রঙের পোশাকটি পরলাম। অন্য মেয়েরাও স্কুলে রঙিন জামাকাপড় পরে এল এবং স্কুলটি বাড়ির চেহারা পেল। আমার এক বন্ধু আমার কাছে এসে বলল, খোদার দোহাই, আমাকে বল তো, আমাদের স্কুলে কি তালেবান হামলা চালাবে? সকালের সমাবেশে আমাদের রঙিন জামাকাপড় পরে না আসতে বলা হলো। কেননা, তালেবান এতে আপত্তি করতে পারে। আমি স্কুল থেকে বাড়ি ফিরে এলাম এবং দুপুরে খাওয়ার পর হোমওয়ার্ক করলাম। বিকেলে আমি টিভি খুলতেই শুনলাম, ১৫ দিন পর শাকারদ্রায় কারফিউ তুলে নেওয়া হয়েছে। আমি মনে মনে খুশি হলাম। কেননা, আমাদের ইংরেজির শিক্ষক ওই এলাকায় থাকতেন। এখন থেকে তিনি স্কুলে আসতে পারবেন।৭ জানুয়ারি ২০০৯: মহররমের ছুটি কাটাতে বানুরে এলাম। আমি বানুরকে ভালোবাসি এর পর্বতমালা ও সবুজ মাঠের জন্য। আমার সোয়াতও অত্যন্ত সুন্দর, কিন্তু সেখানে শান্তি নেই। বানুরে শান্তি ও স্থিতি আছে। এখানে গুলির শব্দ বা আতঙ্ক নেই। আমরা সবাই অত্যন্ত সুখী। আজ আমরা পীরবাবার মাজারে (মোসালিয়ম) গেলাম এবং সেখানে অনেক লোককে দেখলাম। আমরা যখন সেখানে বেড়াতে গিয়েছি, তখন দেখেছি যে অনেক মানুষ প্রার্থনা করছেন। দোকানে দোকানে বালা, কানের দুল, লকেট ও অন্যান্য কৃত্রিম অলংকার বিক্রি হচ্ছিল। আমি কিছু কিনতে চেয়েছিলাম; কিন্তু কোনোটাই পছন্দ হয়নি। আমার মা কানের দুল ও পংলি কিনলেন। ১৪ জানুয়ারি ২০০৯: আমি মন খারাপ নিয়ে স্কুলে গেলাম। কেননা, কাল থেকে শীতের ছুটি শুরু হবে। অধ্যক্ষ শীতের ছুটি ঘোষণা করেছেন, কিন্তু কবে স্কুল খুলবে, সে সম্পর্কে কিছু বলেননি। এ রকম ঘটনা এই প্রথম ঘটল। এর আগে ছুটি হলে স্কুল খোলার তারিখও জানিয়ে দেওয়া হতো। অধ্যক্ষ স্কুল না খোলার কারণ সম্পর্কে কিছু না বললেও আমরা আঁচ করতে পেরেছিলাম যে আগামী ১৫ জানুয়ারি থেকে তালেবান মেয়েদের শিক্ষা বন্ধ করে দিয়েছে। এবার ছুটি নিয়ে মেয়েরা খুব উৎফুল্ল ছিল না। কেননা, তারা জানত যে তালেবান যদি নিষেধাজ্ঞা কার্যকর করে, তাহলে তারা আর কখনোই স্কুলে আসতে পারবে না। মেয়েদের একাংশ ফেব্রুয়ারিতে স্কুল খোলার ব্যাপারে আশাবাদী হলেও অন্য মেয়েরা বলছে, তাদের বাবা-মা তাদের সোয়াত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলেছিল, যাতে পড়াশোনা ব্যাহত না হয়।আমরা যখন জানতে পারলাম, আজকেই আমাদের শেষ দিন, সে কারণে অনেকক্ষণ মেয়েদের সঙ্গে মাঠে খেললাম। এত দিন স্কুল খুলবে বলেই আমি ধারণা করছিলাম। কিন্তু বিদায়মুহূর্তে বারবার স্কুল ভবনের দিকে তাকাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে এখানে আমি আর ফিরে আসতে পারব না।’পাকিস্তানে খুনাখুনি চলছেই। ২ ফেব্রুয়ারি তালেবান সন্ত্রাসীরা লাকি মারওয়ায় একটি সেনাচৌকিতে হামলা চালিয়ে ১৩ জন সেনা ও ১০ বেসামরিক লোককে হত্যা করে। এর আগে কোয়েটায় সিয়া-অধ্যুষিত এলাকায় বোমা মেরে শতাধিক লোককে হত্যা করেছিল সন্ত্রাসীরা। মালালার ঘটনাকে বিশ্লেষণ করতে গিয়ে আফগানিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য মালালাই জয়া লিখেছেন, ‘এই ছোট্ট ঘটনা থেকেই পরিবর্তন আসবে না, যেখানে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা ও ইসলামি মৌলবাদীদের সন্ত্রাসী আক্রমণে প্রত্যহ শত শত আফগান ও পাকিস্তানি মারা যাচ্ছে। এ ঘটনা কোনো দিক পরিবর্তন করবে না। কেননা, স্নায়ুযুদ্ধ চলাকালে সিআইএ পাকিস্তানি আইএসআইএর মাধ্যমে এই মৌলবাদীদের তৈরি করেছে এবং এখন তাদের মদদ জোগাচ্ছে।’ একদিকে ড্রোন বোমা, আরেক দিকে তালেবানি হানা। এর ভেতরেপড়ে পাকিস্তানের সাধারণ মানুষ প্রতিদিনই জীবন দিচ্ছে। আখেরে কে জয়ী হবে? মালালার পাকিস্তান, না তালেবানি পাকিস্তান? সোহরাব হাসান: কবি, সাংবাদিক।[email protected]