ধারণা করা হচ্ছে, মঙ্গলবারের হামলায় একজন শিক্ষিকাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। আর তাঁর ছাত্রদের সে দৃশ্য দেখতে বাধ্য করা হয়। সেদিন পেশোয়ারের সেনা পরিচালিত সরকারি স্কুলে তালেবানরা যে হামলা চালিয়েছে, দৃশ্যত তা মালালা ইউসুফজাইয়ের নোবেল পুরস্কার প্রাপ্তির প্রতিশোধ হিসেবেই করা হয়েছে।
যে শিক্ষিকাকে পুড়িয়ে মারা হয়েছে, তাঁকে চিহ্নিত করেই কাজটি করেছে তালেবানরা। কারণ, তিনি সেনাসদস্য সুবেদার আব্বাসের স্ত্রী।
সেদিনের সেই হামলায় ১৩২ জন স্কুলছাত্রসহ ১৪১ জন মারা যায়।
হামলায় বেঁচে যাওয়া মানুষেরা ভয়াবহ এ হামলার বিবরণ দিয়েছেন। তাঁরা বলেছেন, কীভাবে অনেকে মরার ভান করে বেঁচে গেছেন।
সেই শিক্ষিকা ছাড়া আরও দুজন মানুষ পুড়ে মারা গেছেন। তাঁদের এখনো চিহ্নিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানোর ফলে তাঁদের গায়ে আগুন লেগে যায়।
আরও জানা গেছে, একজন হামলাকারী ৬০ জন ছাত্রের উপস্থিতিতে একটি শ্রেণিকক্ষে নিজের গায়ে বহন করা বোমার বিস্ফোরণ ঘটায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গলা কাটা মৃতদেহও দেখা গেছে। তবে পাকিস্তানি সেনা সূত্র এ বিষয়ে এখনো কিছু বলেনি।
বেঁচে যাওয়া এক ছাত্রের তথ্যমতে, তার সঙ্গে থাকা ১০ জন বন্ধুর সবাই মারা গেছে। শুধু সে-ই বেঁচে আছে।
একজন বিশেষজ্ঞ দাবি করেছেন, এ ঘটনাটি ১৭ বছর বয়সী মালালা ইউসুফজাইয়ের নোবেল পুরস্কার পাওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে তালেবানরা এ নারকীয় হামলা চালিয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের আরেকটি লক্ষ্য হচ্ছে, পাকিস্তান সেনাবাহিনীর ওপর প্রতিশোধ নেওয়া। কারণ, পাকিস্তানি সেনাবাহিনী দেশটির উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী–অধ্যুষিত এলাকায় কয়েক মাস ধরে তালেবান নির্মূলে অভিযান চালাচ্ছে।
মালালা সবচেয়ে কম বয়সী মানুষ হিসেবে এ নোবেল পুরস্কার পেয়েছে। ২০১২ সালে স্কুলবাসে ভ্রমণ করার সময় তালেবানরা তাকে গুলি করেছিল। কারণ, এই মেয়েটি পাকিস্তানে নারীশিক্ষার প্রসারে নানা কাজ করেছে।
এর পর থেকে মালালা বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। নারীশিক্ষার অধিকারের প্রতিভূ হয়ে ওঠে।
ইসলামি জঙ্গিবিশেষজ্ঞ আহমেদ রশিদ বিবিসিকে বলেছেন, বিদ্রোহীদের এ হামলা করার নানা কারণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মালালা–সমর্থকদের সতর্ক করে দেওয়া। তালেবানরা ইতিপূর্বে অভিযোগ করেছিল, মালালা ‘পশ্চিমা শয়তানদের সঙ্গে হাত মিলিয়েছে।’
হামলার পরও দেখা গেল, যাঁরা এর প্রতিবাদ করছেন, তাঁদের সর্বাগ্রে আছে সেই মালালা। সে বলেছে, এ ঠান্ডা মাথায় হামলার ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে।
ধারণা করা হচ্ছে, হামলাকারীদের হাতে তথ্য ছিল, সেদিন অনেক ছাত্রকে একত্রে পাওয়া যাবে। কারণ, সেনাবাহিনী সেদিন ওখানে ছাত্রদের প্রাথমিক চিকিৎসা ও ড্রিলের কসরত শেখাচ্ছিল। এমনকি হামলাকারীরা একজন ব্রিগেডিয়ার ও মেজরের স্ত্রীকে খুঁজে বের করে হত্যা করেছে। ফলে বোঝা যায়, হামলাকারীদের সেনাবাহিনীর ওপর আক্রোশ কত ছিল।
ডেইলিমেইল অনলাইনকে একজন তদন্তকারী কর্মকর্তা বলেছেন, তারা জানত যে অনেক সেনা কর্মকর্তার সন্তান সেই স্কুলে পড়াশোনা করে। তারা এ–ও জানত, অনেক সেনা কর্মকর্তার স্ত্রীই এ স্কুলে পড়ান।
আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘নিরপরাধ মানুষদের হত্যা করা আমাদের নীতির বিরুদ্ধে। আমরা এর নিন্দা জানাই। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, আমরা তাঁদের প্রতি সমব্যথী।’
হামলার কারণ সম্পর্কে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ভাষ্য হচ্ছে, উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযানে তাদের পরিবারের অনেক সদস্যই মারা গেছে। সে কারণেই তারা এ সেনা পরিচালিত স্কুল বেছে নিয়েছে। তারা চেয়েছে, স্বজন হারানোর বেদনা কী জিনিস, সেনারাও তা বুঝুক।
বেঁচে যাওয়া কয়েকজন ছাত্রের ভাষ্যে, হামলাকারীরা একে অপরের সঙ্গে কোনো এক বিদেশি ভাষায় কথা বলছিল। তাদের গায়ে পাকিস্তানি সেনাবাহিনীর উর্দি থাকায় তারা নিরাপত্তাচৌকি ফাঁকি দিতে পেরেছিল।
বেঁচে যাওয়া আরেক ছাত্র বলেছে, ‘মৃত্যুকে খুব কাছে থেকে দেখলাম। ওই কালো বুটগুলো আমার দিকে ধেয়ে আসছে—এ দৃশ্য কখনোই আমি ভুলব না। তখন মনে হয়েছে, মৃত্যুই আমার দিকে ধেয়ে আসছে।’
এই শিশুর জীবন কি কখনো স্বাভাবিক হবে? সেটা না হলে তালেবানরাই সফল হবে।
ইংরেজি থেকে অনূদিত; ডেইলিমেইল অনলাইন থেকে নেওয়া
টেড থর্নহিল: ডেইলিমেইলের সাংবাদিক।
ইমতিয়াজ হুসেইন: ডেইলিমেইলের সাংবাদিক।