চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্টি ক্রমেই দানা বেঁধে উঠছে। ফলাফলে অধিকসংখ্যক ভোটারের সমর্থন লাভ করা সত্ত্বেও পার্লামেন্টে বিরোধী জোটের আসনসংখ্যা তুলনামূলকভাবে কম হওয়া থেকে দেখা দেয় অসন্তুষ্টি। পশ্চিমের সংবাদমাধ্যমগুলোতেও বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। ফলে মালয়েশিয়ায় দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন ন্যাশনাল ফ্রন্ট কোয়ালিশন সরকার এখন নানা দিক থেকে আসা সমালোচনার ঝড়ের মুখে কিছুটা বিপর্যস্ত। সে রকম পরিস্থিতিতে মে মাসের ২৫ তারিখে টোকিওর বিদেশি সাংবাদিকদের প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে উপস্থিত হয়েছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের প্রবীণ রাজনীতিবিদ হিসেবে দেশ ও বিদেশে সার্বিকভাবে পরিচিত ব্যক্তিত্ব মাহাথির মোহাম্মদ। ৮৭ বছর বয়সী বর্ষীয়ান এই রাজনীতিবিদ বয়সের ভারে এখনো ন্যুব্জ হয়ে পড়েননি। দেশের রাজনৈতিক নীতিনির্ধারণে তাঁর মতামতের যথেষ্ট গুরুত্ব ক্ষমতাসীন মহল দিয়ে থাকে এবং মালয়েশিয়া ও সেই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে নিয়মিতভাবে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। ১৯৮১ সাল থেকে শুরু করে টানা ২২ বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বই কেবল তিনি পালন করেননি, একই সঙ্গে মালয়েশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পেছনেও মূল চালিকাশক্তি ছিলেন দেশটির সবচেয়ে পরিচিত এই রাজনীতিবিদ। ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন জোট ন্যাশনাল ফ্রন্ট প্রথমবারের মতো পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করতে ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার সূত্র ধরে তৎকালীন প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদায়িকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়। তবে নেতৃত্বের বদল সত্ত্বেও ক্ষমতাসীনদের প্রতি জনসমর্থনে ধস ঠেকিয়ে রাখা যে সম্ভব হয়নি, চলতি মাসের ৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচন তা আরও স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কল্যাণে ক্ষমতাসীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হলেও দলগত ভিত্তিতে প্রাপ্ত ভোটের সংখ্যাগত হিসাবে বিরোধী জোটের চেয়ে তারা অনেকটাই পিছিয়ে। ফলে দেশের প্রধান বিরোধী দলসমূহের কোয়ালিশন এখন ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচনী ফলাফল বাতিলের দাবি জানিয়ে দেশজুড়ে আন্দোলন শুরু করেছে। ১৯৮০-র দশকে মাহাথির মোহাম্মদের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী এবং পরবর্তী সময়ে মাহাথিরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া রাজনীতিবিদ আনোয়ার ইব্রাহিম বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন এবং ত্রুটিপূর্ণ নির্বাচনী ফলাফলকে ঘিরে মালয়েশিয়ায় নতুন এক ‘আরব বসন্ত’ শুরু হওয়ার স্বপ্ন তিনি এখন দেখছেন। মাহাথির মোহাম্মদও সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে মালয়েশিয়ার ব্যতিক্রমী সামাজিক কাঠামো এবং এর রাজনৈতিক প্রতিক্রিয়ার দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। ত্রুটিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার বিষয়টি মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মেলনে অস্বীকার করেননি। নির্বাচনী প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ক্ষমতাসীন ন্যাশনাল ফ্রন্ট ৪৭ শতাংশ ভোট পেয়েও ২২২ আসনবিশিষ্ট সংসদে ১৩৩টি আসন পেয়েছে; অন্যদিকে বিরোধী জোট ৫১ শতাংশ ভোট লাভ করেও আসন পেয়েছে মাত্র ৮৯টি। তবে মাহাথির মোহাম্মদের বক্তব্য হচ্ছে, ১৯৫৭ সালে ব্রিটেনের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে মালয়েশিয়ার বহুজাতিক সমাজে সংখ্যাগরিষ্ঠ মালয় জনগোষ্ঠী—শিক্ষা, চাকরি, ব্যবসা থেকে শুরু করে সম্পদের অংশীদারি, সামাজিক মর্যাদা—এ রকম সব দিক থেকেই চীনা ও ভারতীয়দের চেয়ে পিছিয়ে ছিল। ফলে পিছিয়ে পড়া সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে অন্যদের সমকক্ষ করে তোলার লক্ষ্যে যেসব পদক্ষেপ দেশটিতে সত্তর ও আশির দশকে গ্রহণ করা হয়, তার কল্যাণে ‘ভূমিপুত্র’ নামে স্থানীয়ভাবে পরিচিত মালয়রা পর্যায়ক্রমে সমাজে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসতে শুরু করে। সমাজের এই পিছিয়ে পড়া সংখ্যাগরিষ্ঠদের বড় এক অংশের বসবাস পল্লি অঞ্চলে, অন্যদিকে চীনা ও ভারতীয় বংশোদ্ভূত মালয়েশীয় নাগরিকেরা মূলত শহরাঞ্চলে কেন্দ্রীভূত। নগরায়ণের প্রক্রিয়ায় দেশের রাজধানী কুয়ালালামপুর স্বাধীনতা লাভের সময়ের মাত্র তিন লাখ জনসংখ্যার এক জনবসতি থেকে এখন ৬০ লাখ জনসংখ্যা নিয়ে এশিয়ার অন্যতম প্রধান এক মেগাসিটিতে পরিণত হয়েছে। অন্যদিকে পল্লি অঞ্চলগুলোতে জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পেতে থাকায় শহর ও পল্লির জনসংখ্যার আনুপাতিক হিসাবে বিরাট ব্যবধান তৈরি হলেও নির্বাচনী এলাকা নির্ধারণ-প্রক্রিয়ায় সেই তারতম্যের প্রতিফলন সঠিকভাবে প্রতিফলিত হয়নি। ফলে শহর ও পল্লির মধ্যে ভোটের মূল্যমানের ফারাক দাঁড়িয়েছে প্রায় সাত গুণ; অর্থাৎ শহরবাসীর একটি ভোটের মূল্যমান এক ধরা হলে পল্লি অঞ্চলের একটি ভোটের চেয়ে সাত গুণ বেশি গুরুত্ব বহন করে থাকে। ক্ষমতাসীন ন্যাশনাল ফ্রন্ট জোট মালয়েশিয়ার জাতিগত বিভাজনের এক মিশ্রণ হওয়া সত্ত্বেও মালয়রা হচ্ছে এর প্রধান শক্তি। অন্যদিকে পল্লি অঞ্চলগুলোতে একচেটিয়াভাবে মালয়দের বসবাস হওয়ায় সেসব নির্বাচনী কেন্দ্রের ভোট স্বাভাবিকভাবেই ক্ষমতাসীনদের পক্ষে যায় এবং যার ফলাফল হিসেবে এবারের নির্বাচনে বিরোধী জোট বেশি ভোট লাভ করা সত্ত্বেও সংসদে মোট আসনসংখ্যার দিক থেকে ক্ষমতাসীনদের চেয়ে পিছিয়ে পড়ে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মনে করেন, এবারের নির্বাচনে লক্ষণীয় হয়ে ওঠা সবচেয়ে বিপজ্জনক প্রবণতাটি ছিল জাতিগত বিভাজনের কার্ড নিয়ে রাজনীতিবিদদের জনপ্রিয়তা লাভের ‘অপরিণামদর্শী’ খেলায় নিয়োজিত হওয়া। বিরোধী জোটের পেছনে মূল সমর্থন এসেছে চীনা বংশোদ্ভূত মালয়েশীয় নাগরিকদের কাছ থেকে, যদিও জোটের নেতৃত্ব দিচ্ছেন মালয় বংশোদ্ভূত রাজনীতিবিদ আনোয়ার ইব্রাহিম। ফলে মাহাথির মোহাম্মদ মনে করেন, জাতিগত বিভাজনের খেলায় মত্ত থেকেও শেষ পর্যন্ত নির্বাচনী বৈতরণি পার হতে না পেরে বিরোধী জোট এখন উদ্ভট যেসব অভিযোগ উত্থাপন করছে, তার একটি হচ্ছে জাল ভোট দেওয়ার জন্য বাংলাদেশিদের মালয়েশিয়ায় নিয়ে আসা।এই অভিযোগটি অবশ্য নির্বাচনী ফলাফল ঘোষিত হওয়ার কিছুদিন পর থেকে উত্থাপিত হতে শোনা যায় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি প্রচারিত হয়। তবে অভিযোগের সত্যতা তুলে ধরার মতো কোনো রকম উপাত্ত কিংবা প্রমাণ বিরোধী পক্ষ থেকে দেখানো হয়নি, যদিও নির্বাচন-পরবর্তী সময়ের কিছু ঘটনায় জাতিগত বিদ্বেষ জাগিয়ে তুলে রাজনীতির খেলায় জড়িত হওয়ার বিপজ্জনক প্রবণতার দিকটি মনে হয় অনেক বেশি স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশেষ একটি জনগোষ্ঠীর ভোট জালিয়াতিতে অংশ নেওয়ার অনেকটা কল্পনাপ্রসূত বার্তা যাঁদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তাঁরা কিন্তু সত্য-মিথ্যা যাচাই না করেই তা গ্রহণ করছেন এবং এর পরিণতি কারও জন্যই তেমন সুখকর হয়ে দেখা দিচ্ছে না। টোকিওর সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদের দেওয়া বক্তব্যেও সেই বিপজ্জনক দিকটির আভাস আমরা পাই। তিনি বলেছেন, অভিযোগ যে একেবারেই ভিত্তিহীন, তাতে সন্দেহ পোষণের সুযোগ নেই। চার লাখ বাংলাদেশিকে জাল ভোট দেওয়ানোর জন্য বাংলাদেশ থেকে নিয়ে আসতে কতগুলো বিমান ভাড়া করা প্রয়োজন, সেই প্রশ্ন তিনি রাখেন। শুধু তা-ই নয়, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের সেই হিসাবের মধ্যে ধরে নেওয়া হলেও এদের ভোটকেন্দ্রে নিয়ে আসা এবং কাজ শেষ হয়ে যাওয়ার পর ফেরত পাঠানোয় যানবাহনের ব্যবস্থা করা দরকার, সেসব তো মানুষের দৃষ্টির আড়ালে করা সম্ভব নয়। তবে বিরোধী পক্ষের চালানো সেই প্রচারণায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে প্রবাসী বাংলাদেশিদেরই। মাহাথির মোহাম্মদ নিজেই বলেছেন, কয়েকটি নগর কেন্দ্রে বাংলাদেশি বলে সন্দেহ হওয়া মানুষের ওপর হামলা চালানো হয় এবং সে রকম হামলায় ভুলবশত কয়েকজন মালয়কেও নিগ্রহের শিকার হতে হয়েছে। আমরা জানি, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রেরণের একটি চুক্তি কিছুদিন আগে দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তি অনুযায়ী মালয়েশিয়ায় অনেক কম খরচে শ্রমিকদের যাওয়ার ব্যবস্থাও এখন চালু হয়েছে। আমাদের দেশের সেই হতদরিদ্র মানুষজনকেই একদল রাজনীতিবিদ এখন বেছে নিয়েছেন তাঁদের দাবা খেলার ঘুঁটি হিসেবে। এটা যে ভোট জালিয়াতির চেয়েও ছোট মাপের কোনো অপরাধ কিংবা অন্যায় নয়, তা তো আর বুঝিয়ে বলার দরকার হয় না। মাহাথির মোহাম্মদের অনেক ধারণা কিংবা মতামতের সঙ্গে একমত আমরা না-ও হতে পারি। তবে বাংলাদেশিদের বিরুদ্ধে উত্থাপিত বানোয়াট অভিযোগ নিয়ে তিনি যে সোচ্চার, সে জন্য অন্তত আমাদের ধন্যবাদ তাঁর অবশ্যই প্রাপ্য। কোন হিসাব-নিকাশ থেকে তাঁর এই প্রতিবাদ, সেটা আমাদের খতিয়ে না দেখলেও চলবে।মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক।