মাশুল নির্ধারিত হলো কোন বিবেচনায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় পতাকাবাহী জাহাজে ট্রানজিটের পণ্য চলাচল এবং (ইনসেটে) সড়কের বেহাল অবস্থা
ভারতীয় পতাকাবাহী জাহাজে ট্রানজিটের পণ্য চলাচল এবং (ইনসেটে) সড়কের বেহাল অবস্থা

‘বকশিশ চাই না মালিক, হিসাবের পাওনা চাই।’ ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে একটি জনপ্রিয় গানের কলি। বাংলাদেশ-ভারতের সঙ্গে সম্পাদিত ট্রানজিট চুক্তির আওতায় কলকাতা থেকে ভারতের আগরতলায় মালামাল পাঠানোর মাশুল প্রসঙ্গে এ গানের কলিটি স্মরণে আসা অস্বাভাবিক নয়। এ ট্রানজিট আনুষ্ঠানিকভাবে সম্প্রতি চালু হয়েছে। ব্যবহৃত হচ্ছে কলকাতা থেকে আশুগঞ্জ-আখাউড়া জল ও স্থলপথ। দূরত্ব ৫০০ কিলোমিটার। মাশুল টনপ্রতি ১৯২ টাকা। অবশ্য জাহাজ ও ট্রাক ভাড়া আর বন্দর ব্যবহারের চার্জ আমদানিকারকই দেবেন। তা বলে ট্রানজিট মাশুল টনপ্রতি মোটে ১৯২ টাকা!
উল্লেখ্য, এ পথ ব্যবহার না করলে তারা মাল পাঠাত শিলিগুড়ি-শিলং হয়ে আগরতলা। দূরত্ব ১৬০০ কিলোমিটার। সময় কমেছে দুই-তৃতীয়াংশ। সে পথটি একসময়ে প্রবল ঝুঁকিপূর্ণও ছিল বিচ্ছিন্নতাবাদীদের হামলার কারণে। মালামালের এসব গাড়িবহর পাড়ি দিত সামরিক কনভয়ের প্রহরায়। এতে সময়ও লাগত তিন গুণ। ব্যয় হতো প্রচুর। নিরাপত্তার সে ঝুঁকি এখন প্রায় শূন্যের কোঠায়। আর এতেও উল্লেখযোগ্য ও ন্যায্য অবদান রেখেছে বাংলাদেশ সরকার। ত্রিপুরায় এ পথে ভারতের মালামাল নিতে আগেও একাধিকবার অনুমতি দেওয়া হয়েছে। নদী বেঁধে রেখে বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রপাতি পাড়ি দিতে সহায়তাও করেছে। অবশ্য বিনিময়ে ন্যায্য দামে কিছু বিদ্যুৎ কিনতে পারছে বাংলাদেশ।
আশুগঞ্জ নৌবন্দরটির অবকাঠামো নেই বললেই চলে। এর তেমন প্রয়োজনও আমাদের ছিল না। এ বন্দর থেকে আখাউড়া পর্যন্ত ৫২ কিলোমিটার সড়কটি সামান্য অংশ বাদে প্রায় পুরোটাই খানাখন্দে ভর্তি ও দুর্ঘটনাপ্রবণ। তাই এই রুটে ট্রানজিট দিতে বাংলাদেশ ইচ্ছুক ছিল না। ভারতের অনুরোধে স্বীকৃত হয়। আর কার্যত ১৯৭১-এ আমাদের স্বাধীনতাযুদ্ধে ভারত সরকারের সামগ্রিক ইতিবাচক ভূমিকার অংশ হিসেবে, বিশালসংখ্যক শরণার্থীর চাপ বহন করেছে এ ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা। একপর্যায়ে তাদের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল মূল জনসংখ্যাকে। ফলে ত্রিপুরার জন্য আমাদের করণীয়ও কিছু আছে। আর তা করাও হয়েছে যতটুকু সম্ভব। তাই বলে নগণ্য পরিমাণ মাশুলে মালামাল আনা-নেওয়ার এ ব্যবস্থাটি কি যৌক্তিক? তারা এ পরিমাণ মাল আগের পথে আনতে কী পরিমাণ অর্থ ব্যয় করত আর সময়ই বা লাগত কত, এটা কি হিসাব করা হয়েছে?
ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের সরকারের গঠিত একটি কমিটি যথেষ্ট পর্যালোচনা করে এ বিষয়ে প্রতিবেদন দেয়। তাঁরা প্রস্তাব করেছিলেন এ পথে প্রতি টন মালামাল পরিবহনের মাশুল হবে ১০৫৮ টাকা। পণ্য পরিবহনে নজরদারি করার জন্য লোকবলের বেতন-ভাতাদি, অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ব্যয় ইত্যাদি বিবেচনায় নিয়ে এটাকে বেশি বলার সুযোগ কোথায়? এ নৌপথের নাব্যতা রক্ষা ও পরিবেশ সংরক্ষণের বিষয়টিও এর সঙ্গে সংশ্লিষ্ট। সরকার কী বিবেচনা থেকে তাদের গঠিত কমিটির প্রস্তাবিত হারের প্রায় আশি শতাংশ হ্রাস করে নতুন মাশুল ধার্য করল, তার কোনো ব্যাখ্যা-বিশ্লেষণ আমরা পাইনি। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া পর্যন্ত সড়কপথটি মোটামুটি স্বাভাবিক মানে উন্নীত করতে ব্যয় কত হবে, কে দেবে এর টাকা, রক্ষণাবেক্ষণে বছর বছর ব্যয় কত, এটা কি বিবেচনায় নেওয়া হয়েছে? যা-ই হোক বিষয়টি অস্পষ্ট থাকা অসমীচীন। তবে মাশুল দিয়েই যদি নেওয়া হয় সেটা তো হিসাবমাফিক হওয়া উচিত। আর সে হিসাব হতে হবে স্বচ্ছ ও যৌক্তিক। পয়সাও নেব আর ঠকছি বলে ধারণা করতে থাকব, এমনটা সঠিক হবে না।

>যৌক্তিক কারণেও ‘না’ বলতে অনেক ক্ষেত্রেই আমরা ভুলে গেছি। তা বলতে নতুনভাবে শিখলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কার্যত আরও জোরদার হবে। আত্মমর্যাদাসম্পন্ন ও সচেতন জাতিকে সবাই সম্মান করে

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে অনেক লেখা ও বলা হয়েছে। স্বাধীনতাসংগ্রামে আমাদের অকৃত্রিম বন্ধুর সঙ্গে বেশ কিছু দায়দেনা সুন্দরভাবে মিটে গেছে। যেমন গঙ্গার পানি বণ্টন ও পার্বত্য চট্টগ্রাম থেকে যাওয়া শরণার্থীদের প্রত্যাবাসনে ভারত বাস্তব ভূমিকা রেখেছে। তেমনি সাম্প্রতিক কালে ছিটমহল বিনিময়েও অকারণ জট থেকে বেরিয়ে আসার সাহসী পদক্ষেপ রেখেছে তারা। একইভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর শিবির নির্মূল আর তাদের নেতাদের আশ্রয় স্থান হিসেবে বাংলাদেশকে ব্যবহার বন্ধে আমাদের দৃঢ় পদক্ষেপও অনুরূপ উল্লেখ্য। তবে অবিশ্বাসের সুড়ঙ্গটি প্রশস্ত হচ্ছে। আর এর প্রসারও বহুমাত্রিক। উত্তর-পূর্বাঞ্চলীয় ভূমি আবদ্ধ রাজ্যগুলোর জন্য ভারতকে ট্রানজিট দেওয়া বাংলাদেশের একটি নৈতিক দায় বিবেচনা করা যায়।
এটাও বিবেচনায় নিতে হবে আমাদের সড়ক ও রেল পরিবহন ব্যবস্থা নাজুক ও সর্বক্ষেত্রে অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই সক্ষম হচ্ছে না। এগুলোর মান উন্নয়ন করলে সক্ষমতা কিছুটা বাড়বে। আর নতুন ব্যবস্থা চালু করতে শুধু অর্থ হলেই চলবে না, জোগান দিতে হবে মূল্যবান ভূমি। আর আমাদের ভূমিস্বল্পতা সর্বজনবিদিত। তবু বলতে হয় এর মাঝেই সমন্বয় বিধান করে সড়ক ও রেলপথে ট্রানজিটের ব্যবস্থা করতে হবে। কিন্তু এতে যে অতিরিক্ত টাকা লাগবে, তার জোগান কে দেবে আর শর্ত কী, তাও অস্পষ্ট। নিয়মিত রক্ষণাবেক্ষণে ব্যয়ও কম হবে না। এসব বিষয় বিবেচনায় নিয়েই সড়ক ও রেলপথে ট্রানজিট মাশুল ধার্য করা সংগত হবে। বন্দরের সুবিধাদি আমাদের আছে। আর তা সম্প্রসারণকাজও চলছে। এগুলো ব্যবহার করা হলে তার মাশুলও যৌক্তিক পরিমাণে বিবেচনায় নিতে হবে। যদি সব পক্ষ ন্যায়-নীতি ও বাস্তবতাকে মেনে নিয়ে এর ব্যবস্থা করে, তবে ভুল বোঝার সুযোগ থাকবে না। সময়ে সময়ে পর্যালোচনার আবশ্যকতা থাকলেও টেকসই হবে ব্যবস্থাটি। আর আমরা সবাই এটাই চাই।
ট্রানজিটের সঙ্গে সব ক্ষেত্রে অন্য বিষয়াদি মিলিয়ে ফেলা যৌক্তিক নয়। কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্ক এমন একটি বিষয় যাতে একের সঙ্গে অপরটি চলে আসে। ট্রানজিট যেমন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর অর্থনৈতিক বিকাশে আবশ্যক, ঠিক তেমনি আমাদের কাছে আবশ্যক যৌথ নদীগুলোর পানির সুষ্ঠু বণ্টন। বিষয়টি সামান্য কিছু অগ্রসর হলেও তিস্তায় গিয়ে ঠেকে গেছে। গত কয়েক বছর শুষ্ক মৌসুমে ভাটির তিস্তা শুকনাই থাকে। ভেস্তে গেছে সেচব্যবস্থা। এ যৌথ নদীটির পানিতে অধিকার আমাদেরও আছে। এমনটা কার্যত মানছে না আমাদের প্রতিবেশী দেশটির পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের একটি শুভ প্রচেষ্টা সে রাজ্যই বানচাল করে দেয়। এবারের বিধানসভা নির্বাচনের পর কিছু একটা হবে এমনটা বলা হচ্ছিল। যদিও কোনো লক্ষণ দেখছি না। তবু থেকে যাই আশাবাদীদের মাঝেই।
আবার শুনছি হিমালয় অববাহিকার সবগুলো নদীর পানি আন্তনদী সংযোগ প্রকল্পের আওতায় ভারতের অন্য রাজ্যগুলোর দিকেও পাঠানো হবে। এমনিতেই শুষ্ক মৌসুমে পানি ছাড়ে না পশ্চিমবঙ্গ। আর অন্য রাজ্যে পানি গেলে আমাদের বরাতে কী জুটবে তা নিয়ে কোনো আলাপ-আলোচনা নেই। আমরাও মুখ খুলছি না। যৌথ নদী থেকে এ ধরনের পানি প্রত্যাহার প্রকল্পের প্রস্তাব প্রণয়নে আমাদের অংশীদারি ও মতামত প্রয়োজন। সবাই এ ব্যাপারে সরকারের ভূমিকার দিকে চেয়ে আছে। যৌথ নদীর পানি বণ্টন নিয়ে ভারতের কোনো কোনো রাজ্যের ভূমিকায় দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না, এরূপ যাঁরা ভাবেন তাঁরা বাস্তববাদী নন। আর সে ধরনের সম্পর্কের একটা তো ট্রানজিট। সে ট্রানজিটের নগণ্য মাশুলও হতাশাকে উসকে দিচ্ছে।
সাম্প্রতিক কালে আমাদের একটি প্রধান সমস্যা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই ‘না’ বলতে পারছি না। যেটা সম্ভব নয়, বা যৌক্তিক নয় সেখানে সবাই ‘না’ বলে। ত্রিপুরা থেকে গ্যাস আমদানির আমাদের এক প্রস্তাবে ভারত সরাসরি ‘না’ বলেছে। হয়তো এ ধরনের গ্যাস রপ্তানি তাদের বিবেচনায় লাভজনক হবে না। প্রথিতযশা শিক্ষক ও কথাশিল্পী হাসান আজিজুল হক কিছুদিন আগে সাংস্কৃতিক আগ্রাসন সম্পর্কে আমাদের ‘না’ বলতে নতুনভাবে শিখতে বলেছিলেন।
সত্যিকার অর্থেই বাংলাদেশের সৃষ্টির সূচনাটাই হয়েছিল জিন্নাহ সাহেবের মুখের ওপর রাষ্ট্রভাষা প্রশ্নে ‘না’ বলে। আর তাও একবার নয় তিনবার। যৌক্তিক কারণেও এভাবে ‘না’ বলতে অনেক ক্ষেত্রেই আমরা ভুলে গেছি। তা বলতে নতুনভাবে শিখলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কার্যত আরও জোরদার হবে। আত্মমর্যাদাসম্পন্ন ও সচেতন জাতিকে সবাই সম্মান করে।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]