মিডওয়াইফ, মা ও পরিবার: জীবনের অবিচ্ছেদ্য অংশ

আলোচনায় সুপারিশ
* ঘোষণা অনুযায়ী অতি দ্রুত িতন হাজার মিডওয়াইফ নিয়োগের উদে্যাগ শেষ করতে হবে
* উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালসহ সব ক্ষেত্রে মিডওয়াইফদের হাতে–কলমে শেখার পর্যাপ্ত সুযোগ িদতে হবে
* মিডওয়াইফদের আবাসন–সংকট দূর করা প্রয়োজন
* মিডওয়াইফদের ক্যারিয়ার ও উচ্চশিক্ষার িবষয় িনশ্চিত করা হোক
* বিদেশের মতো আমাদের দেশেও জন্মনিবন্ধন সনদে মিডওয়াইফদের নাম থাকা জরুরি
* এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন যেন একটা িনর্দিষ্ট সময়ের মধে্য শতভাগ প্রসব মিডওয়াইফদের মাধ্যমে হয়
আলোচনা
আব্দুল কাইয়ুম: মা ও শিশুর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মিডওয়াইফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, ইউএনএফপিএ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিডওয়াইফারি নিয়ে কাজ করছে। ইতিমধ্যে মিডওয়াইফেরা তাঁদের কাজ শুরু করেছেন। এর সুফল আমরা পাচ্ছি।
প্রত্যেক নারীর গর্ভধারণ, সন্তান জন্মদান ও জন্ম-পরবর্তী সময়ে মানসম্পন্ন মিডওয়াইফারি সেবার বিকল্প নেই। মিডওয়াইফারি সেবার বিভিন্ন দিক আজকের আলোচনায় আসবে। এখন আলোচনা ও উপস্থাপনা করবেন তন্দ্রা শিকদার।

তন্দ্রা শিকদার
বাংলাদেশ সরকার মিডওয়াইফ তৈরিতে বিনিয়োগ করছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে শিশু ও মাতৃমৃত্যু কমে আসছে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং প্রজনন স্বাস্থ্যসেবার জন্য মিডওয়াইফেরা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত।
১ হাজার ৬০০ মিডওয়াইফকে সনদ দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন সাব-সেন্টারগুলোতে ১ হাজার ২০০ মিডওয়াইফ কাজ করছেন। আরও প্রায় ৬০০ জন িডপ্লোমাধারী িমডওয়াইফ নিয়োগের অপেক্ষায় আছেন।
মিডওয়াইফদের জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল করা হয়েছে। এ ছাড়া মিডওয়াইফদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এবং স্ট্র্যাটেজিক নির্দেশনা করা হয়েছে। তাঁদের জব ডেসক্রিপশন ও তাঁদের ডেপ্লয়েড গাইডলাইন করা হয়েছে।
নিবন্ধিত নার্সদের জন্য ছয় মাসের মিডওয়াইফারি শিক্ষা কার্যক্রম রয়েছে। এরপর মিডওয়াইফারিতে তিন বছরের ডিপ্লোমার ব্যবস্থা রয়েছে। ওয়েববেজড মাস্টার্স প্রোগ্রাম রয়েছে। বিএসসি ইন মিডওয়াইফারি কারিকুলাম রয়েছে। আমাদের সফলতা রয়েছে।
আমরা এসডিজির লক্ষ্য অর্জনে কাজ করছি। কাজগুলো হলো ডেডিকেটেড মিডওয়াইফারি ফ্যাকাল্টি তৈরি, সেবার মান ঠিক রাখার জন্য নীতি প্রণয়ন ও দিকনির্দেশনা প্রদান, মিডওয়াইফারি শিক্ষা ও চর্চা ইত্যাদি চলমান রাখা।
এখন আমাদের মিডওয়াইফেরা দেশের প্রত্যন্ত অঞ্চলেও কাজ করছেন। আমাদের চ্যালেঞ্জ হলো মিডওয়াইফদের জন্য পৃথক ইউনিট থাকা প্রয়োজন। মানসম্পন্ন শিক্ষা ও চর্চার জন্য যথোপযুক্ত পরিবেশ দরকার। তাঁদের আবাসন সমস্যা দূর করা প্রয়োজন।
আমরা আশাবাদী, ভবিষ্যতে বাংলাদেশে মিডওয়াইফেরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবেন।

সুরাইয়া বেগম
আমাদের মিডওয়াইফেরা শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁরা মা ও শিশুদের মানসম্মত সেবা দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তাঁদের কাজের জন্য এমন একটা পরিবেশ দিতে হবে, যেন কাজ করতে তাঁদের কোনো অসুবিধা না হয়।
মিডওয়াইফদের উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে। তাঁদের জন্য পদ নির্ধারণ করতে হবে। যেসব মিডওয়াইফ ডিপ্লোমা করছেন, ভবিষ্যতে তাঁরা কী করবেন, এ বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। আমরা এটা নিয়ে চিন্তা করছি।
একজন মানুষ শেষ পর্যন্ত কোথায় যাবে, এটা যদি সে না জানতে পারে, তাহলে অনেক ক্ষেত্রে তার কাজের প্রতি মনোযোগ থাকে না। প্রত্যেক মানুষকে তার পেশার মর্যাদা দিতে হবে। সরকার ও উন্নয়ন-সহযোগীদের এ দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
এখন নার্স ও মিডওয়াইফারি প্রশিক্ষণ পাশাপাশি চলছে। এ ক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষক থাকা প্রয়োজন। এটা নেই। শিক্ষকের চলমান সংকট দূর করার উদ্যোগ নিতে হবে। এই কর্মসূচি যেন চলমান থাকে, এর ব্যবস্থা করতে হবে। মিডওয়াইফদের প্রশিক্ষণের জন্য বেসরকারি ১৬টি প্রতিষ্ঠান আছে। তাদের গুরুত্ব দিতে হবে। কারণ, সরকারের একার পক্ষে সব করা অনেক ক্ষেত্রে সম্ভব নয়।
সারা বিশ্বে মিডওয়াইফ একটা স্বতন্ত্র পেশা। বিদেশের মতো আমাদের দেশেও জন্মনিবন্ধন সনদে মিডওয়াইফদের নাম থাকা জরুরি।

মাকসুমা আকতার
একজন মিডওয়াইফ নিজেকে তখনই সার্থক মনে করতে পারবেন, যখন তাঁর ওপর একজন মা আস্থা রাখতে পারবেন। একজন মা যেন মনে করতে পারেন মিডওয়াইফ সবচেয়ে ভালো সেবা দিতে পারবেন।
আমাদের বড় সমস্যা হলো শিক্ষক-সংকট। মিডওয়াইফদের জন্য আলাদা কোনো শিক্ষক নেই।
নার্সদের যাঁরা প্রশিক্ষণ দেন, তাঁরাই মিডওয়াইফদের প্রশিক্ষণ দেন। এ সমস্যা দূর করতে হবে। তাঁদের জন্য আলাদা ফ্যাকাল্টি থাকা প্রয়োজন। তাহলে মিডওয়াইফদের জন্য দক্ষ শিক্ষক পাওয়া যাবে। এ ক্ষেত্রে মিডওয়াইফেরা আরও বেশি দক্ষতা অর্জন করতে পারবেন।
ইউনিয়ন সাব-সেন্টার থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতাল—সব জায়গায় মিডওয়াইফদের হাতে-কলমে কাজ করার সুযোগ দিতে হবে। সরকার এদিকে বিশেষ গুরুত্ব দেবে বলে আশা করি।
আমাদের উচ্চশিক্ষার সুযোগ থাকতে হবে। আমাদের মিডওয়াইফেরা এমনভাবে প্রশিক্ষণপ্রাপ্ত যে তাঁরা মায়ের অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা মোকাবিলা করতে সক্ষম।

মোহাম্মদ জহিরুল ইসলাম
সুইডেনে মিডওয়াইফারির বিরাট ঐতিহ্য আছে। ১৭০১ সাল থেকে মিডওয়াইফারি সেবা চলে আসছে। মিডওয়াইফারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে সিনেমা হয়েছে। টিভি সিরিয়াল হয়েছে। অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে বাড়ি বাড়ি গিয়ে সুইডেনে মিডওয়াইফেরা মায়েদের সেবা দিয়েছেন।
যেসব কারণে মাতৃমৃত্যু হয়, এর একটা বড় কারণ অনিরাপদ অ্যাবরশন। এর প্রতিকারেও সুইডেন সহায়তা করেছে।
আশির দশকে অনিরাপদ অ্যাবরশনে মাতৃমৃত্যুর হার ছিল ২০ থেকে ২২ শতাংশ। এখন এটা ১ শতাংশে নেমে এসেছে। আরও অনেক কারণে মাতৃমৃত্যু হয়। কারণগুলোও আমরা জানি। এসব কারণ প্রতিরোধের জন্য আমাদের চিকিৎসক, মিডওয়াইফ, নার্স সব মিলে প্রয়োজনীয় মানবসম্পদ তৈরি করতে হবে।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা থেকে আমাদের দেশে মাতৃমৃত্যুর হার বেশি। মাতৃমৃত্যু কমিয়ে আনতে হলে যথেষ্ট কার্যকর বিনিয়োগ করতে হবে।
আরেকটা সমস্যা হলো সিজারিয়ান সেকশন আগের থেকে বেড়ে গেছে। ২০০৪ সালে বিডিএইচএসের হিসাব অনুযায়ী সিজারিয়ান সেকশনের পরিমাণ ছিল ৪ শতাংশ। ২০১৪ সালে এটা হয়েছে ২৩ শতাংশ। এটা কমিয়ে আনতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন মিডওয়াইফ। কারণ, তাঁদের তৈরি করা হচ্ছে স্বাভাবিক প্রসবের জন্য।
যেকোনো জটিলতায় তাঁরা রেফার করতে পারবেন। ইউএনএফপিএকে মিডওয়াইফ কর্মসূচিতে সুইডেন সহায়তা করছে। আরও পাঁচ বছর সহায়তার জন্য আলোচনা হয়েছে। নগর স্বাস্থ্য কর্মসূচিতে আমরা সহায়তা করছি। ভবিষ্যতেও করব।
সামগ্রিকভাবে মিডওয়াইফ কর্মপরিকল্পনায় আমাদের সহায়তার অগ্রাধিকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

হালিমা আক্তার
নার্সিং ইনস্টিটিউটগুলোতে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক নেই। সরকার মিডওয়াইফারি ফ্যাকাল্টির জন্য আলাদা কোনো শিক্ষক নিয়োগ দেয়নি।
আমি সিনিয়র স্টাফ নার্স হিসেবে ১০ বছর ধরে শিক্ষা দিচ্ছি। আমার সিনিয়রেরা ২০ বছর ধরে দিচ্ছেন। অনেকগুলো বিষয় একই সঙ্গে কলেজ ও মিডওয়াইফারিতে পড়ানোর জন্য শিক্ষকদের ভীষণ চাপ নিতে হয়। প্রতিদিন চার থেকে পাঁচটা ক্লাস নেওয়া অনেক কষ্টকর।
এখন আমাদের একটা সুযোগ হয়েছে। সুইডেনের সহায়তায় অনলাইন মাস্টার্স করার সুযোগ হয়েছে। মাস্টার্স করার পর শিক্ষার্থীরা বুঝতে পারছেন, তাঁদের আরও কত জানার ছিল।
অনেক শিক্ষার্থী পাস করে এক বছরের মতো বসে আছেন। তাঁরা ক্লিনিকে সাধারণ নার্সের মতো কাজ করছেন। মিডওয়াইফারিতে তাঁদের যে দক্ষতা, সেটা কাজে লাগাতে পারছেন না। তাঁদের পদায়ন না করায় মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ছেন।
আমার অনুরোধ থাকবে, জেলা-বিভাগীয় পর্যায়ের হাসপাতালে যেন চারটি মিডওয়াইফারি পদ সৃষ্টি করা হয়, তাহলে প্রসবের জটিলতাগুলো দূর করা যাবে। নার্সরা সহযোগিতা করেন। মিডওয়াইফরা স্বতন্ত্রভাবে নিজে কাজ করেন। যেকোনো মূল্যে মিডওয়াইফদের শিক্ষাকে মানসম্মত করতে হবে।

আহমদ আল কবির
গত কয়েক বছরে সরকারি খাতে ৩৮টি ও বেসরকারি খাতে ১৬টি মিডওয়াইফারি প্রতিষ্ঠান হয়েছে। এসব প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে। আমাদের বর্তমান অবকাঠামোয় ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ মিডওয়াইফ তৈরি করতে পারব।
এখন মিডওয়াইফের প্রয়োজন ১২ থকে ১৪ হাজার। দেশে সরকারি-বেসরকারি মিলে ৭০টি মেডিকেল কলেজ আছে। এদের যদি একটি করে মিডওয়াইফ কোর্স চালুর নির্দেশ দেওয়া হয়, তাহলে মিডওয়াইফের সংকট কিছুটা হলেও কমে আসবে।
২০১৬ সালের মধ্যে তিন হাজার মিডওয়াইফ তৈরি করার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। সরকারি কলেজগুলোতে সরকার সব খরচ বহন করে। বেসরকারি হাসপাতালে গরিব শিক্ষার্থীদের যদি বৃত্তির ব্যবস্থা করা যায়, তাহলে ভালো হয়। মিডওয়াইফারি সেবার মতো মানবিক কাজ আর হতে পারে না।
এ কাজে সিএসআর ও প্রাইভেট–পাবলিক পার্টনারশিপকে যুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। সরকারি হাসপাতালগুলোতে মিডওয়াইফারি অনুষদ তৈরি করা জরুরি। রোয়ানুর সময় কুতুবদিয়ায় আমাদের ২০ জন মিডওয়াইফ কঠিন পরিস্থিতিতে সেবা দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে মায়ের সেবা সম্পূর্ণ মিডওয়াইফ নির্ভরশীল। আমাদেরও সেদিকে যেতে হবে। ডাক্তার–নার্স িবভিন্ন ধরনের রোগীদের িনয়ে ভাবেন। িকন্তু িমডওয়াইফেরা শুধু প্রসূতি মায়েদের বিষয় ভালোভাবে দেখেন।

কানিজ আলমাস খান
আমার প্রতিষ্ঠানে তিন হাজার নারী কাজ করেন। এদের মধ্যে অনেকেই মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন। আবার ফিরে আসছেন। আমার মধ্যে একধরনের শঙ্কা কাজ করে। কারণ, সন্তান প্রসবের জন্য তাঁদের অধিকাংশ গ্রামে যান। সেখানে অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রসব ও দক্ষ সেবাদানকারীর সেবা গ্রহণের সুযোগ নেই।
দেশে এখন তরুণ-তরুণীর সংখ্যা বেশি। ভবিষ্যতে আরও বেশি তরুণী মা হবেন। দেশে যে পরিমাণ চিকিৎসক ও নার্স আছেন, তাঁদের পক্ষে এত মাকে সেবা দেওয়া সম্ভব হবে না। এ ক্ষেত্রে মিডওয়াইফেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মাতৃত্বকালীন মায়েদের সবচেয়ে ভালো সেবা দিতে পারেন মিডওয়াইফেরা। কারণ, তাঁরা মায়েদের সেবার জন্যই বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত।
গর্ভকালীন মায়েরা অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে থাকেন। অনেক সময় পারিবারিক সমস্যা থাকে। নিজের মধ্যে একধরনের ভয় কাজ করে। এ সময় এমন একজন মানুষের প্রয়োজন, যিনি তাঁকে সবদিক থেকে সাহায্য করতে পারেন। এই মানুষটি হতে পারেন মিডওয়াইফ।

জান্নাতুল ফেরদৌস মিতু
২০১৩ সাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিডওয়াইফ কর্মসূচি শুরু করেছে। আমরা আরও ছয়টি এনজিওকে নিয়ে একসঙ্গে কাজ করছি। আমাদের প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে ১৮৯ জন শিক্ষার্থী পাস করেছেন।
একজন মায়ের প্রসবের সময় অনেক জটিলতা তৈরি হতে পারে। এ জন্য প্রসবের আগে থেকেই গর্ভবতী মায়েদের যত্ন নিতে হয়। আমরা এমনভাবে মিডওয়াইফদের শেখাই, তাঁরা যেন ঘরে ঘরে গিয়ে গর্ভবতী মায়েদের সেবা করেন। তাহলে প্রসবের সময় মায়েরা অনেক সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন।
একটা সমস্যা হলো, গ্রামাঞ্চলের অধিকাংশ মা সচেতন নন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে গর্ভকালীন কমপক্ষে চারবার পরীক্ষা করা দরকার। কিন্তু বেশির ভাগ মা-ই এটা জানেন না। এসব জানাতে হলে তাঁদের কাছে আমাদের যেতে হবে। তাঁদের সচেতন করতে হবে।
আমাদের শিক্ষার্থীদের বলি, হাসপাতাল বা ক্লিনিকে থাকার প্রয়োজন নেই। কমিউনিটিতে যেসব মা গর্ভবতী আছেন, তাঁদের খুঁজে সেবা দিতে হবে। এভাবেই আমাদের মিডওয়াইফেরা মায়েদের পাশে দাঁড়াচ্ছেন এবং তাঁদের সেবা দিচ্ছেন।

কানিজ সুলতানা
আমরা মাতৃমৃত্যুর কারণ নিয়ে গবেষণা করি। মাতৃমৃত্যুর প্রধান কারণ হলো রক্তক্ষরণ ও প্রসব-পূর্ব খিঁচুনি। খিঁচুনিকে কীভাবে প্রতিরোধ ও ব্যবস্থাপনা করা যায়, সেটা নিয়ে আমরা বিশেষভাবে কাজ করছি।
এসডিজির লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে প্রতি লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ৭০ জনে নামিয়ে আনতে হবে। এ লক্ষ্য পূরণ করতে হলে মাতৃমৃত্যুর কারণগুলো প্রতিরোধে আমাদের জোরালোভাবে কাজ করতে হবে।
প্রতিবছর ৫ হাজার ৩০০ জন মা মারা যাচ্ছেন গর্ভজনিত জটিলতায়। এই মৃত্যুগুলো কোনো না কোনোভাবে প্রতিরোধযোগ্য ছিল। এ ক্ষেত্রে মিডওয়াইফেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন।
তাঁদের আছে তিন বছরের ডিপ্লোমা। তাঁরা স্বাধীনভাবে কাজ করেন। তাঁরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মিডওয়াইফেরা কমিউনিটির ঘরে ঘরে পৌঁছাতে পারবেন। গর্ভবতী মায়েদের ঝুঁকিপূর্ণ বিষয়গুলো ব্যবস্থাপনা করতে পারবেন।
এখন মিডওয়াইফেরা মায়েদের সেবা দিচ্ছেন। যখন আরও মিডওয়াইফ আসবেন, তখন গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে।

সায়িদ রুবায়েত
মায়েদের জীবনের সবচেয়ে সংকটময় সময় হলো সন্তান প্রসবের দিনটি। প্রতিবছর ৩২ লাখ মা সন্তান জন্ম দেন। আমাদের স্বাস্থ্য বিভাগ সাত মাস আগে থেকেই জানে এসব মা সম্পর্কে। এসব মা সম্পর্কে একটা পরিকল্পনা নেওয়ার সুযোগ থাকে। তারপরও আমাদের প্রাতিষ্ঠানিক প্রসবের আওতায় আসেন মাত্র ৪২ শতাংশ মা।
তাঁদের মধ্যে ১৩ শতাংশ সরকারি হাসপাতালে আসেন। যাঁরা হাসপাতালে আসেন এবং যাঁরা আসেন না, প্রত্যেকের ক্ষেত্রেই কিছু ঝুঁকি থাকে।
৪ লাখ ৩৫ হাজার মা অপরিণত সন্তান জন্ম দিচ্ছেন। সঠিক পরিকল্পনা করতে পারলে এসব ঝুঁকির অনেকটাই আমরা প্রতিরোধ করতে পারি।
আমাদের পরিকল্পনা এমনভাবে করতে হবে যেন ৩২ লাখ মায়ের প্রাতিষ্ঠানিক প্রসব হয়। তাঁদের পরীক্ষাগুলো ঠিকমতো হয়। জরুরি সময়ে যেন তাঁরা প্রয়োজনীয় সেবা পান। এ ক্ষেত্রে মিডওয়াইফেরা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারেন।
কিছুদিন আগে ইংল্যান্ডের রাজপরিবারের সন্তান প্রসব করানো হয় মিডওয়াইফের মাধ্যমে। অনেকে বিদেশে সন্তান প্রসব করান। সেখানে মিডওয়াইফেরা কাজটি করেন। মিডওয়াইফ দরিদ্র মানুষের জন্য বা কোনো বিকল্প স্বাস্থ্যসেবাকর্মী নন। তাঁরা গর্ভবতী মায়েদের জন্য প্রধান স্বাস্থ্যসেবাকর্মী।

জেবুন্নেছা রহমান
একজন মিডওয়াইফের দায়িত্ব হচ্ছে প্রসবের আগে, প্রসবের সময় ও প্রসবের পর সেবা নিশ্চিত করা।
একজন মা প্রসবের কথা চিন্তা করলে প্রথমেই তিনি চিকিৎসক ও নার্সের কথা চিন্তা করেন। মিডওয়াইফের কথা কেউ ভাবেন না। তিনি গর্ভবতী মায়েদের কাছে তেমনভাবে পরিচিত হয়ে ওঠেননি। এখন মিডওয়াইফদের আলাদা কোনো অনুষদ নেই। আবার যিনি চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিচ্ছেন, তিনিই মিডওয়াইফদের প্রশিক্ষণ দিচ্ছেন।
একজন মা যখন প্রসবকক্ষে আসবেন, তখন তাঁর সব ধরনের সেবা যেন একজন মিডওয়াইফ দিতে পারেন এবং ঝুঁকিপূর্ণ সময়ে তাঁকে রেফার করতে পারেন, এমনভাবে মিডওয়াইফকে তৈরি হতে হবে।
মিডওয়াইফ এমনভাবে মাকে সেবা দেবেন, যেন মা তাঁর কমিউনিটিতে ফিরে গিয়ে এ সেবার প্রশংসা করেন। মা যেন বলতে পারেন, অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে মিডওয়াইফ তাঁকে সেবা দিয়েছেন। এভাবেই মিডওয়াইফদের কমিউনিটিতে পরিচিত হতে হবে।

সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা
সবাই আশা করে, যিনি প্রসব করাবেন, তিনি দক্ষতাসম্পন্ন হবেন। তাঁর পরিপূর্ণ জ্ঞান থাকবে। মানসম্পন্ন সেবা দেওয়ার মতো সক্ষমতা থাকবে। এই তিনটা গুণ যাঁদের থাকবে তাঁরা আদর্শ িমডওয়াইফ হিসেবে সেবা দিতে পারবেন।
সরকার ইতিমধ্যে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি ও ইউনিয়ন সাব-সেন্টারে একটি করে পদ সৃষ্টি করেছে। জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে মিডওয়াইফদের এখনো কোনো পদ সৃষ্টি হয়নি। এটা করতে হবে। তা না হলে বাংলাদেশে পরিপূর্ণভাবে মিডওয়াইফারি সেবা চালু হবে না।
মিডওয়াইফদের আবাসন সমস্যা প্রকট। অনেক ক্ষেত্রে এক কক্ষে ৮ থেকে ১০ জনকে থাকতে হয়। ফলে পড়ার পরিবেশ ভীষণভাবে ব্যাহত হয়।
মিডওয়াইফের গুণগত মানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার একটা মানসম্পন্ন পদ্ধতি নিয়ে আমরা কাজ করছি।
সরকারের তৃণমূল পর্যায়ে প্রায় ৫ হাজার এফডব্লিউভি (ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর) কর্মরত আছেন। তাঁদের নিরাপদ প্রসব করানোর মতো দক্ষতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
৪৫ বছরের নিচে যেসব এফডব্লিউভি কর্মরত আছেন এবং যাঁদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পর্যন্ত তাঁদের মিডওয়াইফারি (আইসিএম মান অনুযায়ী) প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে।
এ বিষয়ে ইউএনএফপিএ কারিগরি সহায়তা প্রদান করছে।
এসব এফডব্লিউভিকে সহযোগিতা দিলে এঁরা দক্ষ মানবসম্পদ হিসেবে গর্ভবতী মায়েদের সেবা দিতে পারবেন।

আবুল কালাম আজাদ
মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের বক্তৃতায় ২০১৫ সালের মধ্যে তিন হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়ার কথা বলেছিলেন। ২০১৫ সালের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হয়েছে। তাঁদের তিন হাজার পদ সৃষ্টি হয়েছে।
মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে এটা সফল হয়েছে। তাঁর নেতৃত্বে ১৫ হাজার নার্স নতুনভাবে নিয়োগ পেয়েছেন। আমি অত্যন্ত আশাবাদী, ২০৩০ সালের মধ্যে এক লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যু ৭০ জনে নেমে আসবে।
আমাদের চেষ্টা থাকবে ২০৩০ সালের মধ্যে যেন শতভাগ প্রসব মিডওয়াইফদের মাধ্যমে হয়। অনেক ক্ষেত্রে আমাদের অর্থের অপচয় হয়। যেমন আমাদের নার্সের থেকে চিকিৎসক বেশি। ১৫ হাজার নতুন নার্স নিয়োগের ফলে চিকিৎসকের থেকে নার্সের সংখ্যা বেড়েছে। আগে দুজন চিকিৎসকের বিপরীতে একজন নার্স ছিলেন। একজন মিডওয়াইফ যেখানে প্রসব করাতে পারেন, সেখানে কেন একজন চিকিৎসক এ কাজ করবেন?
প্রসবের কাজটা অনেক দেশে মিডওয়াইফ দিয়েই হয়। আমাদের দেশে কেন হবে না? আসলে অনেক কাজই আমরা ভেবেচিন্তে করিনি। এখন আমাদের অনেক কিছু করতে হচ্ছে।
বছরে ৫ হাজার ৩০০ মা মারা যান গর্ভজনিত জটিলতায়। অথচ পাঁচ লাখ মানুষ মারা যান অসংক্রামক রোগে। ২০৩০ সালের মধ্যে আমাদের সবকিছু করতে হবে।
আজ সকালেও মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ঢাকা বিভাগের ২৫টি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের নিয়ে সভা করেছেন, যেন তাঁরা মেডিকেল কলেজের মান নিশ্চিত করেন।
মায়েদের গর্ভকালীন সেবায় মিডওয়াইফারির ভূমিকা অনেক বেশি। ২০৩০ সালের মধ্যে যেন শতভাগ মা মিডওয়াইফারি সেবা পান, এই আশাবাদ ব্যক্ত করছি।

মোহাম্মদ নাসিম
আমাদের দেশের মানুষ স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক বেশি সচেতন। গণমাধ্যমও স্বাস্থ্যের বিষয়টি মানুষের সামনে নিয়ে আসে। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য নিয়ে যথেষ্ট আগ্রহ আছে।
স্বাস্থ্য খাতে অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন। ভীষণ প্রতিকূল পরিবেশে দুর্গম এলাকায় মিডওয়াইফেরা সফলভাবে কাজ করছেন। এভাবে মিডওয়াইফেরা কাজ করলে ভবিষ্যতে বাংলাদেশে কোনো প্রসূতি মা মারা যাবেন না।
ধনীদের মধ্যে সিজারিয়ানের প্রবণতা বেশি। একজন মা নয় মাস একটি শিশুকে গর্ভে ধারণ করেন। অথচ শেষ সময়ে এসে কিছুটা ব্যথা সহ্য না করেই সিজার করালেন। হয়তো এর প্রয়োজন ছিল না।
আবার অনেক চিকিৎসকের প্রবণতা আছে সিজার করানোর। কারণ, এখানে একটা আর্থিক সুবিধার বিষয় আছে। এখন আমাদের স্বাভাবিক নিরাপদ প্রসব অনেক বেশি হারে নিশ্চিত করা প্রয়োজন। তাহলে সিজারিয়ান প্রসব কমে আসবে।
এ ক্ষেত্রে মিডওয়াইফেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মাননীয় প্রধানমন্ত্রী তিন হাজার মিডওয়াইফ নিয়োগের কথা বলেছেন। আমরা এ কাজ প্রায় শেষ করে এনেছি। আমাদের প্রধানমন্ত্রী মায়েদের প্রতি অত্যন্ত আন্তরিক। মায়ের মমতা দিয়ে তিনি তাঁদের কষ্ট দূর করতে চান। তিনি চান মায়েরা যেন সবচেয়ে ভালো সেবা পান।
মিডওয়াইফের ক্ষেত্রে ইউএনএফপিএ সরকারকে যথেষ্ট সহযোগিতা করছে। আশা করি, তারা মিডওয়াইফদের পাশে থাকবে।
গ্রামে এখন অবকাঠামো গড়ে উঠেছে। চিকিৎসক, নার্স, মিডওয়াইফ—সবাইকে গ্রামে থাকতে হবে।
গ্রামের মানুষকে সেবা দেওয়া অত্যন্ত জরুরি। প্রায় ৪০ হাজার কর্মচারীর অভাব রয়েছে। এটি দীর্ঘদিনের সমস্যা। এটাও সমাধানের চেষ্টা করছি।
আমরা সবাই নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে চাই। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এর জন্য প্রয়োজন মিডওয়াইফ। মিডওয়াইফদের জন্য যা যা করণীয়, এর সবকিছুই আমরা করে যাব। আপনাদের পরামর্শ ও দিকনির্দেশনা আমরা বিবেচনায় রাখব।
আব্দুল কাইয়ুম: মায়েদের গর্ভকালীন সেবা নিশ্চিত করার জন্য মিডওয়াইফেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যেখানে প্রসূতি মা, সেখানে মিডওয়াইফ, এই হোক আমাদের লক্ষ্য।
আশা করি, সরকার আরও বেশি করে মিডওয়াইফ নিয়োগে যা যা করণীয়, এর জন্য উদ্যোগ গ্রহণ করবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
যাঁরা অংশ নিলেন
মোহাম্মদ নাসিম : সাংসদ, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
আবুল কালাম আজাদ : মহাপরিচালক, ডাইরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস, স্বাস্থ্য অধিদপ্তর
তন্দ্রা শিকদার : মহাপরিচালক, ডাইরেক্টরেট জেনারেল অব নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি
সুরাইয়া বেগম : রেজিস্ট্রার, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল
কানিজ আলমাস খান : প্রধান নির্বাহী কর্মকর্তা, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি কেয়ার
সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা : বিশেষজ্ঞ উপদেষ্টা, ইউএনএফপিএ
মোহাম্মদ জহিরুল ইসলাম : কর্মসূচি কর্মকর্তা, স্বাস্থ্য, সুইডিশ দূতাবাস
আহমদ আল কবির : সভাপতি, আরটিএমআই
হালিমা আক্তার : সভাপতি, বিএমএস
জান্নাতুল ফেরদৌস মিতু : ফ্যাকাল্টি, মিডওয়াইফারি প্রোগ্রাম, ব্র্যাক ইউনিভার্সিটি
সায়িদ রুবায়েত : প্রোগ্রাম অপারেটর, সেভিং নিউবর্ন লাইফ
কানিজ সুলতানা : সিনিয়র রিসার্চ অফিসার, পপুলেশন কাউন্সিল
জেবুন্নেছা রহমান : সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজর, ম্যাটারনাল হেলথ, জাপাইগো
মাকসুমা আকতার : মিডওয়াইফারি ছাত্রী, ঢাকা নার্সিং কলেজ
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো