মির্জা ফখরুলের সঙ্গে এক পশলা আলাপ ও প্রেসক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসক্লাব থেকে বের হওয়ার মুহূর্তে গ্রেপ্তার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রেসক্লাব থেকে বের হওয়ার মুহূর্তে গ্রেপ্তার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কারওয়ান বাজার থেকেই বন্ধু সাংবাদিক সাইফুল আলম টেলিফোন করে প্রেসক্লাবের খোঁজ নিলেন। জানতে চাইলেন প্রেসক্লাবে ঢোকা যাবে কি না? বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো সেখানে অবস্থান করছেন কি না? আমাদের জানানো হলো, সদস্যদের ঢুকতে কোনো বাধা নেই। তবে গেটের বাইরে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েন আছে। ভেতরে মির্জা ফখরুল।

তিনি গতকাল পুলিশের সতর্ক দৃষ্টি এড়িয়ে এখানে এসেছিলেন বিএনপিপন্থী একটি পেশাজীবী  সমাবেশে ভাষণ দিতে। কিন্তু তাঁর প্রেসক্লাবে অবস্থান এবং সমাবেশে দলীয় কর্মীদের উপস্থিতি নিয়ে সরকার-সমর্থক সাংবাদিকেরা প্রবল আপত্তি জানান। তাঁদের বক্তব্য, জাতীয় পর্যায়ের একজন নেতা প্রেসক্লাবে আসতে পারেন; মতবিনিময় করতে পারেন। কিন্তু এখানে দলীয় কর্মীদের সমাবেশ হতে পারে না। এর আগে একই স্থানে জঙ্গিবাদবিরোধী সাংবাদিক সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। যদিও সাংবাদিক ইউনিয়নের উভয় অংশের নেতারা বসে ঠিক করেছিলেন রাজনৈতিক নেতাদের প্রেসক্লাব চত্বরে আনা হবে না। পেশাজীবীদের সমাবেশে যোগদানকারী দলীয় নেতা–কর্মীদের উপস্থিতিতে প্রেসক্লাব চত্বরে উত্তেজনা ​সৃষ্টি হয়। তাঁদের ধাক্কাধাক্কিতে মূল গেটে রক্ষিত শহীদ সাংবাদিকদের নামফলকের কাচও ভেঙে যায়। এতে সাংবাদিকেরা ক্ষুব্ধ হন এবং অবিলম্বে তাঁদের বের করে দেওয়ার জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে দাবি জানান। মির্জা ফখরুলের সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন শফিউল আলম প্রধান (১৯৭৪ সালে মুহসীন হলে সাত খুনের মামলায় দণ্ডিতআসামি)। তাঁদের প্রশ্ন, তিনি কীভাবে পেশাজীবীদের প্রতিনিধিত্ব করেন? দুই পক্ষের হাঙ্গামার মধ্যে গেটের বাইরে থাকা প্রজন্ম লীগের কর্মীরা ভেতরে ​ঢুকে প্রতিপক্ষকে মারধর করেন। 

প্রেসক্লাবের বাইরে পুলিশের বেষ্টনী। ভেতরে একধরনের অস্থিরতা। দোতলার অনেক সাংবাদিক বন্ধু টিভি ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে প্রস্তুত। সাধারণ সম্পাদকের কক্ষে গিয়ে দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সোফায় বসে আছেন। তাঁর পরনে গতকালের পোশাক। রাতে তিনি এখানেই কাটিয়েছেন। তাঁর সঙ্গে কয়েকজন সাংবাদিক ছিলেন, যাঁরা বিএনপিপন্থী হিসেবে পরিচিত। তাঁরা নানা পরামর্শ দিচ্ছিলেন।

জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক নেতাদের আগমন নতুন নয়। পাকিস্তান আমল থেকে সব সময়ই নেতা-নেত্রীরা প্রেসক্লাবে আসতেন, সাংবাদিকদের সঙ্গে পরামর্শ করতেন। তঁাদের মাধ্যমে সরকারের তৎপরতার খবর নিয়ে করণীয় ঠিক করতেন। স্বৈরাচারী এরশাদের আমলে আন্দোলনে থাকা আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এখানে আসতেন। অনেক সময় সাংবাদিক নেতারা তাঁদের পেছনের গেট দিয়ে পালিয়ে যাওয়ারও ব্যবস্থা করতেন। তখন সাংবাদিক ইউনিয়ন এক ছিল, মত ও পথের ভিন্নতা সত্ত্বেও পেশার মর্যাদা রক্ষায় সাংবাদিকেরা সচেষ্ট ছিলেন। এখন ইউনিয়ন বিভক্ত (১৯৯৩ সালে রাজনৈতিক উদ্দেশ্যেই সাংবাদিক ইউনিয়নকে ভাগ করা হয়েছিল)। এখন বিভক্ত সাংবাদিক ইউনিয়নকে মালিক, সরকার, রাজনৈতিক দল কেউ গুরুত্ব দেয় না। যে যার মতো ব্যবহার করেন।

জাতীয় প্রেসক্লাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগও আছে। ১৫–২০ বছর সাংবাদিকতা করছেন এমন সাংবাদিকদেরও প্রেসক্লাব সদস্য করে না কিন্তু বহু অসাংবাদিক প্রেসক্লাবের সদস্য। ভোটের রাজনীতিতে প্রেসক্লাবও পিছিয়ে নেই। 

আলাপের শুরুতে মির্জা ফখরুলকে জিজ্ঞাসা করলাম, সংকট উত্তরণের উপায় কী? তিনি মৃদু হাসলেন। বললেন, ‘আমরা তো সমঝোতার জন্যই সাত দফা প্রস্তাব দিয়েছিলাম। তারানকোর সঙ্গে বৈঠকেও বলেছিলাম, আমরা নির্বাচন করতে চাই। সে জন্য অন্তত নির্বাচনী তফসিলটি পরিবর্তন করা প্রয়োজন। কিন্তু তখন আওয়ামী লীগ নেতারা বললেন, বিএনপি একটি একতরফা নির্বাচন করেছে, এরশাদও করেছেন, এখন আমরাও একটি একতরফা নির্বাচন করি। পরে সমঝোতার ভিত্তিতে নির্বাচন হবে।’

তারানকোর বৈঠকে আসলে দুই পক্ষের মধ্যে কী কথা হয়েছিল, সেটি আমাদের জানা নেই। বিএনপি নেতারা একধরনের ভাষ্য দেন, আওয়ামী লীগ নেতারা আরেক ধরনের। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কথার কোনো মূল্য নেই। গায়ের জোরেই সবকিছু হয়।

মির্জা ফখরুল বললেন, বাংলাদেশ তো পাকিস্তান নয়। এখানকার মানুষ অনেক বেশি রাজনীতি-সচেতন। গায়ের জোরে কারও মুখ বন্ধ করা যাবে না।

আমি বললাম, পাকিস্তানের রাজনীতিকেরা তো একটা সমঝোতায় আসতে পেরেছেন। সম্প্রতি পেশোয়ারে বোমা বিস্ফোরণের পর সব রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়েছে, জঙ্গিদের বিচার সামরিক আদালতেই হবে। আমাদের এখানে কোনো বিষয়েই আওয়ামী লীগ ও বিএনপি একমত হতে পারে না।

তিনি যোগ করলেন, পাকিস্তানে বিচার বিভাগ খুবই স্বাধীন। তাঁকে যে কথাটি বলা হলো না, সেটি হলো বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করায় বিএনপির ভূমিকাও কম নয়। মির্জা ফখরুল বললেন, পাকিস্তানে পিপিপির পাঁচ বছরের শাসনামলে বিরোধী দলের ওপর দমন–পীড়নের একটি উদাহরণও নেই। এমনকি ইমরান খান ইসলামাবাদে অবরোধ কর্মসূচি পালন করলেও সরকার তাদের কাউকে জোর করে উঠিয়ে দেয়নি।

এর উত্তরে মির্জা ফখরুলকে বলা যেত, পাকিস্তানে বিরোধী দলের হরতাল-অবরোধকে উপহাস করে রাজনীতির কোনো বরপুত্র রাজপথে ক্রিকেটও খেলেননি। এখনো লন্ডনে বসে তিনি যে রাজনৈতিক ক্রিকেট খেলে যাচ্ছেন, তার অভিঘাত এসে পড়ছে দেশের রাজনীতিতে।

মির্জা ফখরুল স্বীকার করলেন যে বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতির প্রচণ্ড অভাব আছে। তিনি বললেন, তাঁর দলেরও অনেক ভুল ছিল। এই ভুল থেকে সম্ভবত বিএনপি এখনো বেরিয়ে আসতে পারেনি। পারলে বিএনপির ওপর জামায়াতে ইসলামী এভাবে ছড়ি ঘোরাতে পারত না।

যখন ফিরে আসছিলাম তখনই সেখানে গুঞ্জন চলছিল মির্জা ফখরুল প্রেসক্লাব থেকে বের হতেই তাঁকে গ্রেপ্তার করা হবে। কিন্তু তার আগে প্রেস ব্রিফিং করা উচিত—জোর দিয়ে বললেন বিএনপিপন্থী কয়েকজন সাংবাদিক। মির্জা ফখরুল একটি বড় দলের দ্বিতীয় প্রধান নেতা, সাবেক মন্ত্রী। তিনি জানেন, কখন কী বলতে হবে বা করতে হবে। কিন্তু অতি উৎসাহী সাংবাদিকেরা অযাচিত উপদেশ দিতে ভোলেন না। পারলে তাঁরা প্রেসক্লাব থেকেই শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলন শুরু করেন। মির্জা ফখরুল সে কথা ​বলেননি। কেননা, তিনি রাজনীতি করেন।

বাংলাদেশে সরকারে থাকলে কেউ আইন মানেন না। মানার প্রয়োজন বোধ করেন না। দুই পক্ষের কর্মসূচির দোহাই দিয়ে সরকার ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ বন্ধ করেছিল। সরকার বিএনপি নেত্রীকে অবরুদ্ধ করে রেখেছে। এর প্রতিবাদে বিএনপি–জামায়াতের নেতা–কর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর করেছেন, গাড়ি জ্বালিয়েছেন। আবার সরকারি দলের নেতা–কর্মীরা বিএনপির অবরোধ ঠেকাতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন। কেউ কেউ লুঙ্গি পরেও নেমেছেন। কিন্তু সত্যিকার লুঙ্গি পরা মানুষগুলোর কথা এরা ভাবেন না।

দুই দলের নেতা-নেত্রীদের কাছে রাস্তা দখল বড় হলেও তার দায় শোধ করতে হয় খেটে খাওয়া মানুষকে। যেই পোশাককর্মী ছুটি নিয়ে বাড়িতে গেছেন, অবরোধের কারণে ঠিক সময়ে ফিরতে না পারলে ছাঁটাই হয়ে যাবেন। তাঁর পরিবারকে না খেয়ে মরতে হবে। যেই চাকরিপ্রার্থী ইন্টারভিউর কার্ডকে হাতের মুঠোয় চাঁদ পাওয়া ভাবেন, অবরোধের কারণে তিনি ইন্টারভিউ দিতে না পারলে তার চাকরির বয়সই হয়তো পার হয়ে যাবে।

গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র হলো আমার জন্য যেটি জায়েজ, সেটি তোমার জন্যও জায়েজ। গণতন্ত্র হলো একসঙ্গে চলা। একসঙ্গে থাকা। গণতন্ত্র হলো যে অধিকার আমি ভোগ করব, সেই অধিকার তুমিও ভোগ করবে। আমাদের নেতা-নেত্রীরা কেবল নিজের অধিকারের কথাই ভাবেন। অন্যের অধিকার ঠেকিয়ে রাখেন কেউ বালুর ট্রাক দিয়ে, কেউ রাস্তায় ক্রিকেট খেলে।

বিকেল চারটায় মির্জা ফখরুল প্রেসক্লাব থেকে বের হতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। মাহবুব উল আলম হানিফ বলেছেন, তিনি মোস্ট ওয়ানটেড আসামি। রাজনীতিকেরা যদি পরস্পরকে সম্মান দিতে না পারেন, তাঁরা কীভাবে জনগণের কাছ থেকে সম্মান আশা করেন?

সোহরাব হাসান

কবি, সাংবাদিক।