
কনফুসিয়াসকে তাঁর শিষ্য জিলু জিজ্ঞেস করেছিলেন, ‘রাজপুত্রের সেবায় করণীয় কী?’
কনফুসিয়াস উত্তর দিয়েছিলেন, তাঁর কাছে সত্য উদ্ঘাটিত করবে, তিনি অসন্তুষ্ট হলেও।
কনফুসিয়াসের শিক্ষা—‘রাষ্ট্র যদি সঠিক পথে চলে, তাহলে সাহসভরে কথা বলবে এবং কাজ করবে। রাষ্ট্র যদি ভুল পথে চলে, সাহসভরে কাজ করবে এবং নম্রভাবে কথা বলবে।’
সংবাদমাধ্যমের কাজই হলো অপ্রিয় সত্য কথা বলা। তবে কথাটা যদি নম্রভাবে, যুক্তিপূর্ণভাবে, সবিনয়ে বলা যায়, তাহলে সবচেয়ে ভালো। ক্ষমতা ব্যক্তিকে নিঃসঙ্গ করে। ক্ষমতাধরেরা তা-ই শুনতে চায়, যা শুনতে ভালো লাগে। ক্ষমতাবলয়ে যারা ভিড় করে, তারাও তা-ই শোনায়, যা শুনতে ক্ষমতাকেন্দ্র পছন্দ করে। কিন্তু কবির ভাষায়, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো।
সমালোচনা হলেই তো জানা যাবে কোথায় কী ভুল হচ্ছে। তাহলে সংশোধনের পথ খোঁজার চেষ্টা করা যাবে। ভুল শোধরানো হলে সবার উপকার হবে। মানুষের। রাষ্ট্রের। এমনকি ক্ষমতাসীনদেরও। কিন্তু পৃথিবীর কোনো দেশে কোনো সময়ে ক্ষমতাবানেরা এটা বুঝতে চায় না। মানতে চায় না। এই কারণেই বিস্ময় জাগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টমাস জেফারসন (১৭৪৩-১৮২৬) কীভাবে এত বছর আগে এত জোর দিয়ে এই কথাটা বলে যেতে পেরেছিলেন: ‘যদি আমাকে এই রকম পরিস্থিতিতে ফেলা হয় যে সংবাদপত্র ছাড়া সরকার আর সরকার ছাড়া সংবাদপত্র—এ দুটোর যেকোনো একটা বেছে নিতে হবে, আমি একমুহূর্তও দেরি না করে দ্বিতীয়টা বেছে নেব।’
যুক্তরাষ্ট্রে বাক্স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রায় নিরঙ্কুশ। তাদের সংবিধানের প্রথম সংশোধনীতে বলা হয়েছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করে এমন কোনো আইন কংগ্রেস পাস করতে পারবে না। ১৯৯৫ সালে আমি যখন আমেরিকায় প্রথমবারের মতো গিয়েছিলাম, তখন সে দেশে একটা আইন পাস করার উদ্যোগ নেওয়া হয়েছিল যে আমেরিকার জাতীয় পতাকা পোড়ানো বা অবমাননা সে দেশের কোনো নাগরিক করতে পারবে না। সেই বিল পাস হয়নি। কারণ, পতাকা পোড়ানো নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতার অংশ, তাতে বাধা দেওয়া যাবে না, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে কোনো আইন পাস করা যায় না। আমার কাছে আমেরিকার সরকারের তথ্যকেন্দ্র প্রকাশিত একটা বই আছে—দি আনফেটারড প্রেস, বন্ধনহীন সংবাদমাধ্যম, তাতে বলা হয়েছে, সংবাদমাধ্যমের অধিকার আছে মিথ্যা কথা বলার। এটা এ জন্য, যদি বলা হয় সংবাদমাধ্যমের মিথ্যা কথা বলার অধিকার নেই, তাহলে সরকার এই অজুহাতে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করবে। কারণ, সরকারের কাছে যা মিথ্যা, নাগরিকদের কাছে তা-ই সত্য হতে পারে। তো আমেরিকানরা আমেরিকার পতাকা পোড়ানোর অধিকার রাখে, প্রায়ই সে অধিকার প্রয়োগও করে থাকে, তাতে কি আমেরিকা পৃথিবীর সবচেয়ে দুর্বল, সবচেয়ে অক্ষম রাষ্ট্রে পরিণত হয়েছে?
সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র সবার উপকারই করে থাকে। দেশের ও দশের তাতে কল্যাণ হয়। এ বিষয়ে অমর্ত্য সেনের বহুল উদ্ধৃত উক্তিটা আবারও স্মরণ করি, ‘যে স্বাধীন দেশে নিয়মিতভাবে নির্বাচন হয়, যেখানে বিরোধী দল প্রকাশ্যে সমালোচনা করতে সমর্থ, যেখানে সেন্সরশিপ ছাড়া সংবাদপত্রে রিপোর্ট ছাপা যেতে পারে এবং সরকারি নীতির যথার্থতার প্রশ্ন তোলা যেতে পারে, সেখানে দুর্ভিক্ষ ঘটে না।’
এর প্রমাণ কিন্তু আমরা আমাদের ছোট্ট জীবনেই ঘটতে দেখলাম।
১৯৯০ সালের পরে দেশে গণতন্ত্রের চর্চা শুরু হলো। রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের আমলে একটা আইন করা হলো, সংবাদপত্র নিষিদ্ধ করা যাবে না। সংবাদপত্র যদি কোনো খবর প্রকাশের মাধ্যমে আইন ভঙ্গ করে, তবে তার প্রতিবিধানের ব্যবস্থা তো আছেই, কিন্তু আগামীকাল যে সংবাদ বেরোবে, তা আজকেই বন্ধ করে দেওয়া যায় না। এরপর মোটামুটি নিয়মিতভাবে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার হাতবদল ঘটল। আমাদের গণতন্ত্র নিয়ে হাজার সমালোচনা আছে। আমাদের সংবাদমাধ্যম নিয়েও অজস্র সমালোচনা আছে। তবু বলতে হবে, এই দেশে বাক্স্বাধীনতা আছে এবং গণতন্ত্রের অন্য যেকোনো স্তম্ভের চেয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার স্তম্ভটাই এখন পর্যন্ত সবচেয়ে অক্ষত অবস্থায় আছে। তারপর ২৩ বা ২৪ বছর কেটে গেল।
১৯৯০ সালের পর আমি সাপ্তাহিক পূর্বাভাস থেকে যোগ দিই সাপ্তাহিক খবরের কাগজ-এ। তখন তরুণ সাংবাদিক জুলফিকার আলী মানিক খবরের কাগজ-এ প্রদায়ক হিসেবে কাজ করতেন। তাঁকে ‘অ্যাসাইনমেন্ট’ দিয়েছিলাম, রংপুর অঞ্চলে গিয়ে কার্তিক মাসের মঙ্গার ওপরে সরেজমিনে প্রতিবেদন রচনা করতে—আকালের সন্ধানে। এটা আমার মনে আছে, কারণ মানিক রংপুরে গিয়ে আমার আম্মার সঙ্গে কথা বলেছিলেন, আম্মা তাঁকে জানিয়েছিলেন রোজ কত ভিক্ষুক আসে ভিক্ষা নিতে। সে সময় করুণ সব কাহিনি বেরোত সংবাদপত্রে। কার্তিক মাসে উত্তরবঙ্গের মানুষ ভাত খেতে পেত না। কচুঘেঁচু খেত। দুঁদে সাংবাদিক মোনাজাতউদ্দীন লিখতেন করুণ সব প্রতিবেদন। তারপর আমরা শুরু করলাম ভোরের কাগজ। ভোরের কাগজ-এ মঙ্গার ওপর প্রতিবেদন রচনা করতে বেলাল বেগ গিয়েছিলেন জনপদ থেকে জনপদে। সাজ্জাদ শরিফ একবার গিয়েছিলেন কুড়িগ্রামে।
আমি নাটক লিখলাম, নাল পিরান। উপন্যাস লিখলাম, নিধুয়া পাথার। পরে লিখলাম, ক্ষুধা এবং ভালোবাসার গল্প। তারও বহু আগে তুলসী লাহিড়ী লিখেছিলেন নাটক, ছেঁড়া তার। পশ্চিমবঙ্গের লেখক দেবেশ রায় লিখেছিলেন মঙ্গার প্রতিবেদন, খরার প্রতিবেদনসহ একাধিক বই। সবখানেই খেতে না পাওয়া মানুষের আহাজারি। হাড্ডিসার শিশুর ড্যাবডেবে চোখে চেয়ে থাকা একটুখানি ভাতের জন্য, ভাতের মাড়ের জন্য।
প্রথম আলোয় আমি নিজেই কতগুলো যে উপসম্পাদকীয় লিখেছি, ইয়ত্তা নেই। অর্থমন্ত্রী সাইফুর রহমান সংসদে বলে বসলেন, মঙ্গা কী, তিনি জানেন না। তাঁর কথার জবাব লিখেছিলাম খানিকটা কড়া ভাষাতেই, কনফুসিয়াসের পরামর্শ রাখতে পারিনি, বিনম্রভাবে বলতে পারিনি। আমরা প্রথম আলোর পক্ষ থেকে চলে গেলাম কুড়িগ্রামে। মঙ্গা নিয়ে গোলটেবিল করা হলো। আবার ঢাকায়ও আয়োজন করা হলো গোলটেবিল বৈঠক।
সরকারের টনক নড়ল। বিশেষ কর্মসূচি প্রণীত হলো। বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হলো। এনজিওগুলো গ্রহণ করল বিশেষ কর্মসূচি। পাশাপাশি উন্নয়নের চাকা ঘুরতে লাগল বিভিন্নভাবে। একটা বড় অগ্রগতি ঘটল যমুনা সেতু নির্মাণের পর। আমাদের দাদার বাড়ি গোবিন্দগঞ্জের গ্রামে গিয়ে দেখি, কার্তিক মাসে আর কোনো অভাব নেই। কাজেরও অভাব নেই। কারণ, ঠিক ওই সময়ে কলা ফলে। সেই কলা যমুনা সেতু পেরিয়ে চলে আসে ঢাকায়। কুড়িগ্রামে ধরলা সেতু হলো। শস্যের বহুমুখীকরণ ঘটল। মুরগি খামারের জন্য ভুট্টা লাগে। ভুট্টার চাষ শুরু হয়ে গেল। আর কাজের কাজটা করল ধান গবেষণা ইনস্টিটিউট। এই পরামর্শ আমাকে দিয়েছিলেন ড. বিনায়ক সেন। এমন ধান কি প্রবর্তন করা যায় না, যা কার্তিক মাসেই ফলবে। সেটার পক্ষে আমরা ব্যাপক প্রচারণা চালালাম প্রথম আলোয়। কার্তিক মাসে কাটা যায়, এমন ধানের বীজ আবিষ্কৃত হলো, জনপ্রিয় হলো। অন্যদিকে গার্মেন্টস ও নির্মাণকাজে যোগ দিতে বাড়ি ছাড়ল উত্তরবঙ্গের মানুষও। অর্থাৎ নানাভাবে নানা ক্ষেত্রে উন্নয়ন ঘটায় আস্তে আস্তে বদলে গেল উত্তরবঙ্গের মানুষের জীবনও। এখন আর কেউ অন্তত না খেয়ে থাকে না। গত বছর আমি রংপুরের তারাগঞ্জের গ্রামে গিয়েছিলাম। সেই গল্প আগেও করেছি। আবারও করছি। গ্রামের মানুষ আমাকে বলেছেন, আমাদের গোলাভরা ধান, পুকুরভরা মাছ, গোয়ালভরা গরু, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, প্রতিটি বাড়িতে আছে স্যানিটারি ল্যাট্রিন। গ্রামের মেয়ে সাদেকা বেগমের নেতৃত্বে বেগম রোকেয়া সমিতি সেখানে প্রত্যেক নারীকে দিয়েছে বাড়তি আয়ের সুযোগ। সেখানে কোনো বাল্যবিবাহও হয় না। আর বছর দুয়েক আগে রাজবাড়ীর এক অজগ্রামে গিয়ে তো আমি থ। একেবারেই প্রত্যন্ত গ্রাম, সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, শীতের রাত, গ্রামের নারী-পুরুষ এসেছেন গানবাজনা শুনতে। দর্শকদের মধ্যে একজন বৃদ্ধ ছাড়া কারও পরনে লুঙ্গি নেই। সবার পরনে প্যান্ট।
১৯৯৮ সালের কথা। সম্পাদক মতিউর রহমান বললেন, ‘আমরা একটা স্বাধীন বড় কাগজ করতে চাই, এ জন্য বড় বিনিয়োগ লাগবে। আমরা একটা নতুন কাগজের উদ্যোগ নিতে চাই।’ আমরা—সাজ্জাদ শরিফ, আব্দুল কাইয়ুম, উৎপল শুভ্র, সুমনা শারমীন, এ কে এম জাকারিয়া—আমরা বিশাল বড় দীর্ঘশ্বাস ফেলে শরীর ছেড়ে দিয়ে বললাম, ‘আবারও!’
সেই সময় আমরা মতিউর রহমানকে জিজ্ঞেস করেছিলাম, আপনি যে নতুন স্বাধীন কাগজটা করতে চাইছেন, সেটা কতটা স্বাধীন
হবে। ১. এটা কি মালিকের হস্তক্ষেপমুক্ত হবে? ২. এটা কি বড় বড় রাজনৈতিক নেতা, যাঁরা আপনার বন্ধুস্থানীয়, তাঁদের হস্তক্ষেপমুক্ত হবে? ৩. এটা কি বিজ্ঞাপনদাতাদের হস্তক্ষেপমুক্ত হবে? তিনি বলেছিলেন, ‘হ্যাঁ। তিন ক্ষেত্রেই আমরা স্বাধীন থাকব।’
আজ ১৬ বছর পরে বলতে পারি, আসলেই প্রথম আলো মালিক-রাজনীতিক-বিজ্ঞাপনদাতাদের হস্তক্ষেপমুক্তভাবে চলতে পারে, চলেছে। সেদিন আমরা পরস্পরকে বলেছিলাম, সবারই জীবিকা থাকে, প্রত্যেকের কাজই গুরুত্বপূর্ণ; ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, ব্যবসায়ী, চাষি, মজুর—প্রত্যেকেই দেশের জন্য বড় ভূমিকা রাখছেন। কিন্তু আমরা যে পেশায় আছি, জীবনের শেষ দিনগুলোয় পেছনের দিকে তাকিয়ে আমরা কি বলতে পারব, আমরা মানুষের মঙ্গলের জন্য দেশের ভালোর জন্য অর্থপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছি? এই প্রশ্নের উত্তর পাওয়ার সময় এখনো আসেনি। কিন্তু এ কথা অন্তত ভাবতে ভালো লাগে যে সরকার, বেসরকারি সংগঠন, ব্যক্তি মানুষ—সবার উদ্যোগে যে দেশ এগিয়ে যাচ্ছে, তাতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যম খুব বড় ভূমিকা পালন করছে। আমার জীবদ্দশায় অন্তত মঙ্গা থেকে উত্তরিত হতে দেখলাম উত্তরবঙ্গকে।
আমরা হয়তো বিশাল মরুভূমির এককণা বালি মাত্র।
তবু ‘কে লইবে মোর কার্য্য কহে সন্ধ্যারবি/ শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি।/ মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি।’
আমাদের যতটুকু সাধ্য, তা যেন আমরা করে চলি।
আজকে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম আলোর পাঠক-লেখক-কর্মী-তারকা মিলনমেলায় যাওয়ার আগে এতটুকুনই কেবল বলতে পারি!
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।