মিসরের গণতান্ত্রিক তৃতীয় শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দেশে গণতন্ত্রায়ণ-প্রক্রিয়ার একপর্যায়ে যদি এমন দুটো রাজনৈতিক শক্তির উত্থান ঘটে, যাদের সম্ভাব্য ও অতীত আচরণ গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্যগুলো বাস্তবায়নের পথে অন্তরায় হয়ে ওঠে বা উঠতে পারে, তখন দেশের অন্যান্য রাজনৈতিক শক্তি, জনসমাজ বা সিভিল সোসাইটি ও গণতন্ত্রাকাঙ্ক্ষীর কী ভূমিকা পালন করা উচিত? যদি জনসমাজের সদস্য সাধারণ জনগণের মধ্যে এই যুক্তিযুক্ত আশঙ্কা দেখা দেয় যে এই দুই শক্তির যেকোনো একটির নিরঙ্কুশ ক্ষমতা দেশের জন্য, বিশেষ করে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য নেতিবাচক ফল তৈরি করবে, তখন কী পদক্ষেপ গ্রহণ করা জরুরি? যদি এমন আশঙ্কার কারণ সৃষ্টি হয় যে রাজনীতির মধ্যে পরস্পরবিরোধী এই দুই শক্তি সমঝোতার মাধ্যমে এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, যা অতীতের নিপীড়নমূলক ব্যবস্থাকে কেবল বহাল রাখবে, না আরও শক্তিশালী করে তুলবে; তখন তা মোকাবিলার জন্য কী করা সংগত? যদি গণতন্ত্রায়ণ-প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থা কেবল এই দুই শক্তিকেই বিকল্প হিসেবে দাঁড় করায়, তখন ভোটার ও সচেতন নাগরিকদের ভবিষ্যতের জন্য কী করণীয়? দেশের গণমাধ্যম, রাজনৈতিক বিতর্ক ও সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নগুলো বিভিন্নভাবে, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আলোচিত হচ্ছে। এসব প্রশ্নের প্রেক্ষাপটে বড় ধরনের একটি রাজনৈতিক পদক্ষেপও নেওয়া হয়েছে। দেশটির নাম মিসর।কয়েক সপ্তাহ ধরে মিসরের প্রেসিডেন্ট নির্বাচন, সেনাবাহিনীর ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা ও মুসলিম ব্রাদারহুড প্রার্থী মোহাম্মদ মুরসির বিজয়ের খবর নিয়ে পৃথিবীর অধিকাংশ গণমাধ্যম যখন ব্যস্ত, তখন মিসরের ভেতরে এসব আলোচনা জোরদার হয়ে ওঠে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ের ফলাফল ঘোষণার পর এটা স্পষ্ট হয়ে যায় যে দ্বিতীয় পর্যায়ে ভোটারদের সামনে সাবেক প্রেসিডেন্ট মোবারক-সরকারের প্রধানমন্ত্রী আহমেদ শফিক ও ব্রাদারহুড প্রার্থী মোহাম্মদ মুরসির মধ্যে একজনকে বেছে নিতে হবে, যদিও তাঁদের সম্মিলিত ভোট ছিল ৫০ শতাংশেরও কম। সে সময় দেশের পার্লামেন্টেও ছিল মুসলিম ব্রাদারহুডের সংখ্যাগরিষ্ঠতা।দেশের রাজনীতির বিশ্লেষক ও মিসরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁদের সামনে প্রশ্ন হয়ে দাঁড়ায়, এ পরিস্থিতিতে তাঁদের ভূমিকা কী হবে। তাঁদের আশঙ্কা, ইসলামপন্থী ব্রাদারহুড ও সেনাবাহিনী—কোনোটাই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উদার গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে না। দেশের নারীসমাজ ও সংখ্যালঘু ব্যাপটিক খ্রিষ্টানদের পক্ষ থেকেও এই আশঙ্কা প্রকাশ করা হয় যে ইসলামপন্থীদের ঘোষিত কর্মসূচি ও তাদের সম্ভাব্য নীতি মিসরে উদার, অংশগ্রহণমূলক ও সমানাধিকারের ভিত্তিতে যে ব্যবস্থার জন্য তাঁরা সংগ্রাম করেছেন, তা বাস্তবায়িত হবে না।এই প্রেক্ষাপটেই গত ২৭ জুন দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল, সামাজিক আন্দোলন ও বিশিষ্ট ব্যক্তি একটি সম্মিলিত মোর্চা গঠনের কথা ঘোষণা করেন। উদ্যোক্তারা এর নাম দিয়েছেন ‘থার্ড কারেন্ট’ বা তৃতীয় স্রোত। সেনাবাহিনী ও মুসলিম ব্রাদারহুডের আদর্শিক অবস্থানের বিপরীতে এই মোর্চার লক্ষ্য হচ্ছে উদার ও গণতান্ত্রিক মিসর প্রতিষ্ঠা। দেশের ১৬টি উদার ও জাতীয় দল, ১০টি রাজনৈতিক আন্দোলন এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা এই উদ্যোগের উদ্যোক্তা। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী সাবাহি খালেদ আলী ও আমর মুসা এই উদ্যোগে শামিল হয়েছেন। ইতিমধ্যে এতে যোগ দিয়েছেন মোহাম্মদ আল-বারাদাইয়ের আল দস্তুর পার্টি। উদার ইসলামপন্থী বলে পরিচিত মুসলিম ব্রাদারহুড থেকে বহিষ্কৃত নেতা আবুল ফতুহ, যিনি প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ স্থান অধিকার করেছিলেন, তিনিও এই পদক্ষেপের সমর্থক বলে উদ্যোক্তারা বলছেন। তৃতীয় স্রোত বা তৃতীয় শক্তির গঠন বিষয়ে গত ২৭ জুনের সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে সাবেক নির্দলীয় সাংসদ আমর হামজাউয়িসহ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও সাংসদেরা ছিলেন। রাজনীতিতে তৃতীয় ধারা বা তৃতীয় শক্তি তৈরির জন্য জনসমাজের পক্ষ থেকে আবেদন আসে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ফলাফলের পরপরই। অনেকেই তখন হামদিন সাবাহিকে এই উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান। পরে অন্যান্য ব্যক্তিত্ব যেমন মোহাম্মদ আল-বারাদাইও বলেন, মিসরে গণতন্ত্রের জন্য বিপ্লব এগিয়ে নিতে হলে এর বিকল্প নেই। এসব আবেদনের প্রেক্ষাপটে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতারা এগিয়ে আসেন। মিসরে তৃতীয শক্তি তৈরির প্রচেষ্টা একেবারে নতুন নয়। নিকট অতীতেও এ ধরনের চেষ্টা হয়েছে। পার্লামেন্ট নির্বাচনের আগে ২০১১ সালের আগস্ট মাসে ১৫টি দল ও সংগঠন ‘ইজিপসিয়ান ব্লক’ নামে একটি নির্বাচনী জোট গঠন করে। নাগরিকদের সমানাধিকার, ধর্ম ও রাষ্ট্রের মধ্যে দূরত্ব রক্ষা এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই মোর্চা। নির্বাচনে তেমন ভালো ফল করতে পারেনি। মোট প্রদত্ত ভোটের ৯ শতাংশ ভোট লাভ করে শরিক দলগুলো মাত্র ৩৩টি আসনে বিজয়ী হয়। পরে একজন নির্দলীয় সদস্য তাদের মোর্চায় যোগ দেন। নিউ ওয়াক্ফ পার্টি দলগতভাবে মুসলিম ব্রাদারহুডের জোটে যোগ দিলেও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এই জোটে শরিক হন। এই নির্বাচনে জোটের শরিকদের মধ্যে কাজের সমন্বয়ের অভাব এবং মুসলিম ব্রাদারহুডের সাংগঠনিক শক্তির বিষয়ে যথাযথ ধারণার অভাব এদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। পরে অক্টোবর নাগাদ দুটো বামপন্থী দল এই জোট ত্যাগ করলে এটি দুর্বল হয়ে পড়ে। এখন পর্যন্ত তিনটি দল, যাদের প্রার্থীরা সংসদের নিম্নকক্ষে নির্বাচিত হয়েছেন, তাঁরা একত্রে জোট টিকিয়ে রাখছেন। ২০১২ সালের গোড়াতে পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনের সময় নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে জোটে বড় রকমের মতভেদ তৈরি হয়। মিসরীয় রাজনীতির একজন বিশ্লেষক বাসেম সাবরি এ বিষয়ে তাঁর এক নিবন্ধে স্মরণ করিয়ে দেন যে প্রায় একই রকম উদ্দেশ্য নিয়ে আল-আদল পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল হোসনি মোবারকের পতনের পরপরই। এর প্রতিষ্ঠাতা মোস্তফা আল-নাসার অতীতে মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন, কিন্তু মোবারকবিরোধী আন্দোলনে আগ্রহী ভূমিকা নেন। তিনি ২০১০ সালে মোবারকের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু হওয়ার আগে মোহাম্মদ আল-বারাদাইয়ের নেতৃত্বধীন সংবিধান সংশোধন আন্দোলনে আল-নাসার একজন সংগঠকের ভূমিকা পালন করেন। কিন্তু দলটি অভ্যন্তরীণ কোন্দলের কারণে খুব বেশি দূর অগ্রসর হতে পারেনি। বারাদাই যখন আল দস্তুর পার্টি গঠন করেন, তখন অনেকে আশা করেছিলেন, হয়তো উদারপন্থী ছোট ছোট দল ও গোষ্ঠীকে এই দলের পতাকাতলে সমবেত করানো সম্ভব হবে। এসব অতীত চেষ্টায় বড় ধরনের সাফল্য না আসায় কোনো কোনো বিশ্লেষক নতুন করে তৃতীয় শক্তি গঠনের প্রচেষ্টায় খুব আশাবাদী হতে পারছেন না।অন্য যেকোনো সময়ের চেয়ে তৃতীয় শক্তির সম্ভাবনা এখন অনেক বেশি বলে যাঁরা মনে করেন, তাঁদের যুক্তি হলো, গত নির্বাচনে এটা স্পষ্ট যে অধিকাংশ নাগরিকই একটি মধ্যপন্থী অবস্থানের পক্ষে। তা ছাড়া গত প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে দুর্বল সংগঠন নিয়েও হামদিন সাবাহি প্রায় ২১ শতাংশ ও আমর মুসা ১১ শতাংশের বেশি ভোট পেয়েছেন। তাঁদের দুজনের অবস্থান সেক্যুলার উদারপন্থী গণতন্ত্রের পক্ষে। তা ছাড়া তুলনামূলকভাবে উদার ইসলামপন্থী আবদুল মোনায়েম আবুল ফতুহ ও মোহাম্মদ সেলিম আল আওয়ার পাওয়া ভোটের হার হলো যথাক্রমে ১৮ ও ১ শতাংশ। তদুপরি পার্লামেন্ট নির্বাচনে ব্রাদারহুডের ফলাফল ও প্রেসিডেন্ট নির্বাচনে মুরসির বিজয়ের পর সাধারণ জনগণ কোনো একটি দলের হাতে আইন ও নির্বাহী বিভাগের নিরঙ্কুশ ক্ষমতা তুলে দিতে রাজি নয়। অন্যদিকে সামরিক বাহিনীর যে কাউন্সিল দেশ চালাচ্ছে, তারা যে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সচেষ্ট, তার প্রমাণও স্পষ্ট—তাদের সর্বশেষ ঘোষণায় তারা প্রেসিডেন্টের ক্ষমতা অনেকটাই খর্ব করে ফেলেছে। এসবই দেশের রাজনীতিতে কার্যকর তৃতীয় শক্তির তাগিদ জোরদার করেছে।তৃতীয় শক্তি তৈরির জন্য যেসব ব্যক্তি ও দল একত্র হয়েছে, তারা যেসব সমস্যার মুখোমুখি হবে, সে বিষয়ে বিশ্লেষকেরা সচেতন। বাসেম সাবরির বক্তব্য অনুযায়ী তিনটি প্রধান সমস্যা রয়েছে। প্রথমত, এখন যাঁরা তৃতীয় শক্তি গঠনে উদ্যোগী হয়েছেন, তাঁরা কেউই রাজনীতিতে নতুন নন। মিসরের রাজনীতিতে তাঁরা ব্যক্তি হিসেবে নতুন নন, কিন্তু এ বিষয়ে তাঁদের দৃঢ়তা আগের চেয়ে বেশি—সেটা তাঁদের প্রমাণ করতে হবে। দ্বিতীয়ত, এখনকার এই মোর্চায় আদর্শিকভাবে ভিন্ন মতাবলম্বী ব্যক্তিরা শামিল হয়েছেন। মিসরীয় কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে মধ্য ডানপন্থী ফ্রি ইজিপসিয়ান পার্টি পর্যন্ত দল ও গোষ্ঠীকে একত্রে রাখা সহজ কাজ নয়। তৃতীয়ত, ইতিমধ্যেই মডারেট ইসলামপন্থী বলে পরিচিত আবুল ফতুহ নিজে দল গঠনের ঘোষণা দিয়েছেন, আল ওয়াসাত পার্টি তাদের অবস্থানে অনড় আছে—এরাও চাইবে তাদের ‘মধ্যপন্থী স্রোত’ তৈরি করতে। এসব সমস্যার কোনোটাই অনতিক্রম্য বাধা নয়; প্রয়োজন এগুলোকে গুরুত্ব দেওয়া। উদ্যোক্তারা তাঁদের এই মোর্চায় সবাইকে স্বাগত জানিয়েছেন এবং এসব বিষয়ে সচেতন বলেই মনে হয়। এখন পর্যন্ত অধিকাংশ দলই চায় সরকারের সর্বত্র স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা, তারা চায় ক্ষমতার নিয়মিত শান্তিপূর্ণ হস্তান্তরের নিশ্চয়তা, চায় অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক বিষয়ে প্রগতিশীল বক্তব্য এবং কর্মসূচি।তৃতীয় শক্তির পতাকাতলে এখন পর্যন্ত যারা একত্র হয়েছে, তাদের লক্ষ্যের মধ্যে বেশ কিছু বিষয়ে মিল রয়েছে, যা এই শক্তির সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছে। দলগুলো চায়, আধুনিক ও প্রগতিশীল রাষ্ট্র, যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, মোবারক সরকারের যেসব কর্তৃত্ববাদী এবং দুর্নীতিপরায়ণ-প্রক্রিয়া ও ব্যক্তি রয়েছেন, তাঁরা চান এর সম্পূর্ণ অপসারণ। সর্বোপরি সব দলই চায়, কোনোভাবেই যাতে সাবেক সরকারের লোকজন ও সেনাবাহিনী রাজনীতিতে তার আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে। একই সঙ্গে তারা ব্রাদারহুড ও সালাফিপন্থী রক্ষণশীল উগ্রপন্থীদের আধিপত্যও দেখতে চায় না।সাংগঠনিকভাবে ব্রাদারহুড সবচেয়ে শক্তিশালী হলেও তাদের প্রাপ্ত ভোটের সবটাই সাংগঠনিক শক্তির পরিচয় বহন করে না। এর প্রমাণ হলো পার্লামেন্ট নির্বাচনে ব্রাদারহুড সারা দেশে এক কোটি ৭৫ লাখের বেশি ভোট পেয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ে সে সমর্থন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে দাঁড়ায় এক কোটির কাছাকাছি।জনসাধারণের মধ্যে আকাঙ্ক্ষা, তৃতীয় শক্তির সাফল্যের কোনো গ্যারান্টি নয়, এর জন্য দরকার হবে তাদের রাজনৈতিক কর্মসূচি তৈরি এবং তা জনগণের সামনে গ্রহণযোগ্যভাবে তুলে ধরা। এ বিষয়ের ওপর জোর দিয়ে মিসরীয় রাজনীতির বিশ্লেষক সামের সোলিমান বলেছেন, নীতির প্রশ্নে একমত হওয়াই তৃতীয় শক্তি গঠনের জন্য যথেষ্ট নয়। তাঁর ভাষায়, সংগঠন তৈরি ও ব্যবস্থাপনার নতুন কৌশল আবিষ্কার করতে হবে, ব্যবহার করতে হবে পুরোনো সাংগঠনিক কাঠামোর পাশাপাশি নতুন যোগাযোগপ্রযুক্তিকে। বাসেম সাবেরি মনে করেন, তৃতীয় শক্তির দরকার একটি দৃঢ় রাজনৈতিক অবস্থান, কিন্তু তাঁর নমনীয়, গ্রহণযোগ্য ও আকর্ষণীয় ব্যাখ্যা যেন সবার বোধগম্য হয়। তাদের প্রয়োজন প্রগতিশীল অবস্থান নেওয়ার পাশাপাশি রক্ষণশীলদের সমালোচনার জবাব দেওয়ার মতো স্পষ্টতা। তাদের উচিত, জনগণের আস্থা অর্জন করার মতো বক্তব্য ও কর্মসূচি তৈরি। সর্বোপরি যত দ্রুত সম্ভব নতুন তরুণ নেতৃত্বকে সামনে আনা। বাসাম সাবেরির ভাষায়, তৃতীয় শক্তিকে হতে হবে ‘তরুণ, নিষ্কলুষ নেতৃত্বের ইনকিউবেটর—যারা পেছনের দিকে নয়, সামনের দিকে এগোতে চাইবে, যারা সাধারণ মানুষকে তাদের থেকে দূরে ঠেলে দেবে না, বরং কাছে টানবে।’তৃতীয় শক্তির উদ্যোক্তারা বলেছেন, তাঁদের সামনে তিনটি আশু লড়াই: প্রথমত, একটি প্রকৃত প্রতিনিধিত্বশীল সংবিধান তৈরি, যা বৈষম্যহীন এবং সবার অধিকার নিশ্চিত করবে; দ্বিতীয়ত, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, অর্থাৎ মিউনিসিপ্যাল নির্বাচনে সমন্বিত ও সংগঠিতভাবে অংশ নেওয়া; তৃতীয়ত, আগামী ছয় মাসের মধ্যে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়া। মিসরের অন্যতম সংবাদপত্র আল আহরাম-এর সঙ্গে এক সাক্ষাৎকারে দেশের অন্যতম রাজনৈতিক বিশ্লেষক মুস্তফা কামাল এল-সায়িদ বলেছেন, আসন্ন নির্বাচনে তৃতীয় শক্তির সাফল্যের সম্ভাবনা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।ইলিনয়৬ জুলাই, ২০১২ আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।