মিয়ানমার ও চীনের জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্বরতার শিকার রোহিঙ্গারা ‘স্বেচ্ছায়’ ফিরে যেতে আগ্রহী না–ও হতে পারে
বর্বরতার শিকার রোহিঙ্গারা ‘স্বেচ্ছায়’ ফিরে যেতে আগ্রহী না–ও হতে পারে

এবারের রোহিঙ্গা সংকটের আপাতত একটি ‘পরিণতি’ মিলেছে শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি ‘চুক্তি’ সইয়ের মধ্য দিয়ে। এর ফলাফল শেষ পর্যন্ত কী দাঁড়াবে, তা নিয়ে বিচার-বিশ্লেষণ চলছে। সাধারণভাবে এখানে পক্ষ দুটি—বাংলাদেশ ও মিয়ানমার। কিন্তু এর বাইরেও দুটি গুরুত্বপূর্ণ পক্ষ রয়েছে, তারা হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের দুই প্রতিবেশী ভারত ও চীন। ভালো একটি চুক্তি বা সমঝোতা আমরা তাকেই বুঝি, যেখানে সব পক্ষই একটা ‘উইন উইন’ বা সবাই সমভাবে লাভবান হওয়ার অবস্থায় থাকে। সেই দিক থেকে এই চুক্তিটি আসলে কেমন হলো? একই সঙ্গে এই প্রশ্নের উত্তর খোঁজাও জরুরি যে চুক্তিটি রোহিঙ্গা সংকট সমাধানে কোনো কার্যকর ভূমিকা পালন করবে কি না।

‘রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুতদের প্রত্যাবাসন’ নাম দিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে চুক্তি হয়েছে, তার কিছু উল্লেখযোগ্য দিক রয়েছে। প্রথমত, বাংলাদেশ থেকে যারা স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহী, তাদের পরিচয় যাচাই করার পর মিয়ানমার তাদের ফেরত নেবে। দ্বিতীয়ত, পরিচয় যাচাইয়ের ব্যাপারে মিয়ানমার যে সিদ্ধান্ত নেবে, তা-ই চূড়ান্ত। তৃতীয়ত, প্রয়োজনে দুই দেশ এ কাজে জাতিসংঘ শরণার্থী সংস্থাকে যুক্ত করতে পারবে। চতুর্থত, মিয়ানমারে ফিরে যাওয়া শরণার্থীদের প্রাথমিক আশ্রয়স্থল হবে অস্থায়ী শিবির। পঞ্চমত, সেখানে তাদের নাগরিকত্ব যাচাই–প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

এর বাইরের জরুরি তথ্যগুলো হচ্ছে, গত বছরের অক্টোবর থেকে যে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে এসেছে, তারাই এই চুক্তির আওতায় পড়বে। এর আগে থেকেই যেসব শরণার্থী বাংলাদেশে আছে (লাখ তিনেক), তারা এই চুক্তির আওতায় ফিরতে পারবে না। আর বাংলাদেশ যেভাবে চুক্তিটি করতে চেয়েছিল, সেটাও মিয়ানমার মানেনি। শেষ পর্যন্ত চুক্তিটি হয়েছে মিয়ানমারের শর্তে এবং ’৯২ সালে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল তার অনুকরণে।

চুক্তির এসব নানা দিক বিবেচনায় নিলে এটা পরিষ্কার হয় যে মিয়ানমারের স্বার্থ ও শর্তগুলোই এখানে গুরুত্ব পেয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী অবশ্য তা মানাতে চাননি। তিনি বলেছেন, শরণার্থী প্রত্যাবাসনের বিষয়টিই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মিয়ানমার তাতে রাজি হয়েছে। এখন জরুরি প্রশ্ন হচ্ছে, এই চুক্তি কি আদৌ বাংলাদেশের চাওয়া অনুযায়ী শরণার্থী প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করতে পারবে? চুক্তির শর্ত এবং মিয়ানমারের সঙ্গে আমাদের অতীতের অভিজ্ঞতা কিন্তু এ ব্যাপারে একদমই আশাবাদী হতে দেয় না। অন্যদিকে রাখাইন রাজ্যে যে মাত্রার বর্বরতা ও নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তারা কোন ভরসায় ‘স্বেচ্ছায়’ ফিরে যেতে আগ্রহী হবে? চুক্তিতে কি এমন কিছু রয়েছে, যা তাদের ফিরে যাওয়ার ব্যাপারে আস্থা জোগাবে?

বাংলাদেশ ও মিয়ানমারের বাইরে যদি কোনো পক্ষ বা এ ব্যাপারে যদি আন্তর্জাতিক কোনো গ্যারান্টি থাকত, তাহলে একটি আস্থার পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ ছিল। বর্তমানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে চুক্তি হয়েছে, শুধু এর ওপর আস্থা রেখে শরণার্থীরা যদি ‘স্বেচ্ছায়’ ফিরে যেতে না চায়, তখন বাংলাদেশ বিপদে পড়বে। চুক্তি অনুযায়ী ফিরে যাওয়া শরণার্থীদের নির্ধারিত শিবিরে থাকতে হবে এবং সেখানে তাদের নাগরিকত্বের আরেক দফা যাচাই-বাছাই হবে। সেখানে এই পরীক্ষায় কেউ উতরে যেতে না পারলে তার ভবিষ্যৎ কী? শরণার্থী শিবিরেই তার বন্দিজীবন কাটবে? যে চুক্তির মধ্যে এই মাত্রায় অনিশ্চয়তা আছে, সেই চুক্তির ওপর ভরসা করে সব শরণার্থী স্বেচ্ছায় ফিরতে আগ্রহী হবে, এমন আশা করা কঠিন।

চুক্তিতে উল্লেখ করা সময়সীমা অনুযায়ী দুই মাসের মধ্যে যদি প্রত্যাবাসনের কাজ শুরুও হয়, তারপরও এই প্রক্রিয়া যে জটিল ও দীর্ঘ হবে, তাতে কোনো সন্দেহ নেই। পররাষ্ট্রমন্ত্রী নিজেও তা স্বীকার করেছেন। কত দিনের মধ্যে প্রত্যাবাসনের কাজ শেষ করা হবে, এমন কোনো সময়সীমা চুক্তিতে নেই। রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমার সরকারের যে নীতি, তা বিবেচনায় নিলে এটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় যে দেশটি যেকোনো অজুহাতে কাজটি দীর্ঘায়িত ও বাধাগ্রস্ত করতে সচেষ্ট থাকবে। কারণ, এটা প্রমাণিত যে দেশটির মূল লক্ষ্য হচ্ছে আরাকান রাজ্যকে রোহিঙ্গামুক্ত করা এবং কয়েক দশক ধরে মিয়ানমার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে ১০ লাখের মতো রোহিঙ্গা এখন বাংলাদেশে। আরাকানকে রোহিঙ্গাশূন্য করার লক্ষ্য তারা কার্যত পূরণ করে ফেলেছে। রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের আগেও চুক্তি হয়েছে এবং এর ফল কী হয়েছে, তা আমাদের জানা। আমরা এটা বুঝতে পারছি না যে সেই পুরোনো কায়দায় একই ধরনের চুক্তি থেকে এবার ফল মিলবে এমন আশাবাদের ভিত্তিটা আসলে কী?

অনিশ্চিত পরিস্থিতির কারণে শরণার্থীরা যদি স্বেচ্ছায় ফিরতে না চায়, তবে বাংলাদেশ কী করবে? শরণার্থীদের ওপর জোর করবে? বাংলাদেশকে যদি এই পথ ধরতে হয়, তবে শরণার্থীদের আশ্রয় দিয়ে আমরা যে সুনাম কুড়িয়েছিলাম, তার উল্টোটাই আমাদের কপালে জুটবে। এই চুক্তির মাধ্যমে আমাদের কিছু পাওয়ার চেয়ে হারানোর বিপদটাই বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা সংকট সমাধানে এবং শরণার্থীদের দ্রুত প্রত্যাবাসন ও পুনর্বাসনের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন। তিনি রোহিঙ্গাদের নিজেদের বাড়িঘরে ফেরা নিশ্চিত এবং আরাকান রাজ্যের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের অধীনে নিরাপদ অঞ্চল গঠনের কথা বলেছিলেন। কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথাও তিনি বলেছেন। এ ধরনের কোনো উদ্যোগ ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ তৈরি হওয়ার সুযোগ কম। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও চাপ ছাড়া যে কাজটি সম্ভব হবে না, সেটাও পরিষ্কার। সেই অবস্থান থেকে সরে এসে এ ধরনের একটি চুক্তি করা কতটুকু বাস্তবসম্মত হলো?

মিয়ানমারের দিক থেকে দেখলে এই চুক্তি তাদের জন্য এক বড় অর্জন। চুক্তিটি তারা এমন সময়ে করতে পেরেছে, যখন রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব জনমত দিনে দিনে জোরালো হয়ে আসছে। রোহিঙ্গাদের ওপর কোন মাত্রায় বর্বরতা হয়েছে তা আন্তর্জাতিকভাবে পরিষ্কার হতে শুরু করেছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্র আরাকান রাজ্যের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ‘গণহত্যা’ ও ‘জাতিগত নিধন’-এর মতো পরিভাষা ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমের দেশগুলোসহ আন্তর্জাতিক পরিসরে মিয়ানমারের অভিযুক্ত
সেনা কর্মকর্তাদের বিচারের দাবি যেমন উঠছে, তেমনি মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নানা উদ্যোগ-আয়োজনও চলছে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের চুক্তি এসব উদ্যোগে রাশ টানবে, তাতে কোনো সন্দেহ নেই। মিয়ানমারও এই চুক্তিকে গা বাঁচানোর দোহাই হিসেবে কাজে লাগাবে। বলা যায়, এই চুক্তি গণহত্যা, মানবতাবিরোধী কর্মকাণ্ড এবং জাতিগত নিধনের মতো অপকর্মের অভিযোগে অভিযুক্ত মিয়ানমারের পার পাওয়ার একটি পথ তৈরি করে দিয়েছে। জিত তো মিয়ানমারেরই।

রোহিঙ্গা প্রশ্নে চীন মিয়ানমারের পক্ষে থাকবে, এটা প্রত্যাশিতই ছিল। চীন-মিয়ানমার সম্পর্কের একটি ঐতিহাসিক মাত্রা রয়েছে। চীন যখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন এবং নানা অবরোধের মধ্যে ছিল, তখন একমাত্র মিয়ানমারই দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ভারত মিয়ানমারের পক্ষ নিয়েছে। একটি আঞ্চলিক শক্তি, প্রতিবেশী ও ঘনিষ্ঠতম বন্ধুরাষ্ট্র হিসেবে ভারতকে বাংলাদেশ তার চরম দুর্যোগের সময় প্রত্যাশা অনুযায়ী পাশে পায়নি। পাশের একটি দেশে একটি বিশেষ জনগোষ্ঠীর ওপর নৃশংসতা ও জাতিগত নির্মূলের ঘটনা ঘটছে, লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছে, অথচ ভারতের তরফে এ নিয়ে কঠোর কোনো সমালোচনা শোনা যায়নি। অনেক বিশ্লেষক ও পর্যবেক্ষকের মুখে আমরা শুনেছি, ভূরাজনৈতিক হিসাব-নিকাশ ও অর্থনৈতিক বিবেচনায় ভারত এই অবস্থান নিয়েছে। তাদের উদ্দেশে এখন এই প্রশ্ন করা যায়, এ ধরনের অবস্থান নিয়ে ভারত কি আদৌ কিছু আদায় করতে পেরেছে? নাকি সামনে পারবে? বাস্তবতা কিন্তু এর উল্টোটাই বলছে। রোহিঙ্গা প্রশ্নে ভারত এখন একেবারেই চুপ মেরে গেছে।

বাংলাদেশ-মিয়ানমার চুক্তির পেছনে চীনের প্রকাশ্য ও অপ্রকাশ্য ভূমিকার কথা শোনা যায়। বোঝা গেল, আঞ্চলিক শক্তি হিসেবে রোহিঙ্গা প্রশ্নে কর্তৃত্ব ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটি আসলে চীনের হাতে। ভারতের এখানে ভূমিকা রাখার সুযোগ কম অথবা ভারত তার সঠিক ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। মিয়ানমার, বিশেষ করে দেশটির সেনাবাহিনীর ওপর চীনের যে প্রভাব, সেখানে ভারত ভাগ বসাতে পারবে বলে মনে হয় না। বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে যখন নেপিডোতে চুক্তি হয়, মিয়ানমারের সেনাপ্রধান তখন চীন সফর করে বেড়াচ্ছিলেন। খুব শিগগিরই অং সান সু চি চীন সফরে যাচ্ছেন।

রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের পক্ষ নিয়ে ভারত তবে কী পেল? বিনিয়োগ ও অর্থনৈতিক ক্ষেত্রে দেশটির কাছ থেকে কিছু সুবিধা হয়তো ভারত পাবে, কিন্তু ভূরাজনীতি বা চীন-ভারত প্রতিযোগিতার বিবেচনায় হিসাবটি খুবই জটিল। ভারত ও চীন দুই দেশই এই অঞ্চলের কোনো ইস্যুতে বাইরের, বিশেষ করে পশ্চিমের হস্তক্ষেপের বিরোধী। এখানে দুই দেশের মধ্যে মিল থাকলেও দেশ দুটি নিজেদের মতো করেই তাদের প্রভাব ও কর্তৃত্ব বজায় রাখতে চায়। রোহিঙ্গা প্রশ্নে চীন শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমের দেশগুলোকে দূরে রাখতে চেয়েছিল। বাংলাদেশ-মিয়ানমার চুক্তির উদ্যোগ নিয়ে চীন সেই লক্ষ্যে এক ধাপ এগিয়েছে। এটা অনেকটাই পরিষ্কার যে কাউকে যুক্ত হতে না দিয়ে চীন এককভাবে এ ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়। বাংলাদেশ-মিয়ানমার চুক্তির পেছনে চীনের ভূমিকা আঞ্চলিক ভূরাজনীতিতে চীনের প্রাধান্যকেই তুলে ধরছে। এই চুক্তি মিয়ানমারের জন্য যেমন, তেমনি চীনের জন্যও একটি জিত।

বাংলাদেশ এখন কী করবে? রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোই এখন বাংলাদেশের সবচেয়ে বড় চাওয়া। চীনের উৎসাহে বা তাদের চাওয়া মাথায় রেখে যেহেতু বাংলাদেশকে চুক্তি করতে হয়েছে, তাই চীনের কাছ থেকেই এখন চুক্তি বাস্তবায়নের গ্যারান্টি আদায় করতে হবে।

এ কে এম জাকারিয়া: সাংবাদিক।