মিয়ানমারকে খুশি করলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

তোশিমিৎসু মোতেগি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি দেশ সফর শেষ করে টোকিও ফিরে এসেছেন। পাপুয়া নিউগিনি, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারে তাঁর এ সফর ছিল করোনাভাইরাস–পরবর্তী সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার মিত্রদের পাশে দাঁড়ানোর বার্তা জাপানের কাছে পৌঁছে দেওয়া। ফলে সব কটি দেশেই দ্রুত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন।

মিয়ানমার সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মোতেগি দেশটির কার্যত নেতা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়া ছাড়াও মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় বৈঠক অনুষ্ঠিত হয় মিয়ানমারের সামরিক বাহিনী দেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালানোর তৃতীয় বর্ষপূর্তি সামনে রেখে। ফলে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক সমাজে ব্যাপকভাবে নিন্দিত মিয়ানমারের নেতাদের জন্য এটা ছিল প্রকৃত অর্থে সুখবর।

জাপানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে মিয়ানমারের নেতৃত্ব এখন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে আন্তর্জাতিকভাবে মিয়ানমার বিচ্ছিন্ন ও কোণঠাসা হয়ে পড়লেও জাপান দেশটির পাশে আছে। মিয়ানমারের খুশি হওয়ার বাড়তি কারণ হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে জাপানের কাছ থেকে আসা উদার সাহায্যের ঘোষণা।

গত সোমবার রাজধানী নেপিডোতে অং সান সু চির সঙ্গে বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা করোনাভাইরাস মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একে অন্যের দেশে স্বল্পমেয়াদি ভ্রমণ দ্রুত আবার শুরু করায় নেওয়া পদক্ষেপ ত্বরান্বিত করতে সম্মত হয়েছেন। এ ছাড়া জাপান আগামী মাস থেকে জাপানে দীর্ঘ মেয়াদে বসবাসের আবাসন ভিসাধারী ব্যক্তিদের আবার প্রবেশের অনুমতি দিতেও সম্মত হয়। এসব ভ্রমণ করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকে বন্ধ হয়ে আছে। ফলে উভয় দেশের অর্থনীতি ও দ্বিপক্ষীয় বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব এটা ফেলছে।

পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মোতেগি একই সঙ্গে জরুরি বাজেট সমর্থন হিসেবে মিয়ানমার সরকারকে ৩ হাজার কোটি ইয়েন বা আনুমানিক ২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ঋণসহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। এর বাইরে কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বাণিজ্যিক খাতের জন্য অতিরিক্ত আরও ১ হাজার ৫০০ কোটি ইয়েন সহায়তা জাপান দেবে। এই বহুবিধ সাহায্য হবে ইতিমধ্যে মিয়ানমারকে দেওয়া জাপানের কোভিড–সম্পর্কিত ৩০ লাখ ডলারের অতিরিক্ত।

উল্লেখযোগ্য যে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় প্রয়োজন হওয়া অর্থের কোনো রকম উল্লেখ এই উদার থোক সাহায্যে অন্তর্ভুক্ত রাখা হয়নি। তবে রোহিঙ্গা শরণার্থী সমস্যা যে আলোচনার বাইরে ছিল, তা নয়। শরণার্থী সমস্যা সমাধানে আন্তর্জাতিক বিচার আদালত যে আপৎকালীন আদেশ মিয়ানমারের প্রতি জারি করেছেন, তা ক্রমান্বয়ে বাস্তবায়িত করার গুরুত্ব জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর মিয়ানমার প্রতিপক্ষকে স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন, রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নয়নে মিয়ানমারের চালানো নিজস্ব প্রচেষ্টা জাপান পুরোপুরি সমর্থন করবে।

অঞ্চলজুড়ে চীনের ক্রমে বিস্তৃত প্রভাব নিয়ে জাপান এখন এতটাই উদ্বিগ্ন যে মানবাধিকার লঙ্ঘিত হওয়া কিংবা গণহত্যার মতো মারাত্মক অভিযোগও মনে হয় এখন আর জাপানের শ্রুতিগোচর হচ্ছে না। একইভাবে গণহত্যার অভিযোগ যঁাদের বিরুদ্ধে সরাসরি আনা হচ্ছে, তাঁদের প্রতি নমনীয় মনোভাব প্রদর্শনেও জাপান পিছিয়ে নেই। ফলে বগল বাজাচ্ছেন এখন অঞ্চলের সে রকম নেতারা, যাঁদের একজন হলেন মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল হ্লাইং। একই দিন বিকেলে জাপানের পররাষ্ট্রমন্ত্রী গণহত্যার অভিযোগে পশ্চিমের কয়েকটি দেশে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত এই সমরনায়কের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

তাঁদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে মোতেগি বলেছেন, রাখাইন রাজ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানোয় জড়িত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত এবং বিচারপ্রক্রিয়ায় অগ্রগতি দেখতে জাপান আগ্রহী। মিয়ানমারের সেনাপ্রধানকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে দেশের স্বার্থেই বিচার ও তদন্তপ্রক্রিয়া ও সেই সঙ্গে দণ্ডাদেশ যতটা সম্ভব স্বচ্ছ হওয়া দরকার। পাশাপাশি বাস্তুচ্যুত জনগণের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্য অর্জনে উপযুক্ত পরিবেশ তৈরি করে নেওয়ার আহ্বানও তিনি জানান। উত্তরে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে চালানো প্রচেষ্টার ব্যাখ্যা দেন এবং সমস্যার সমাধান খুঁজে পাওয়ায় প্রতিরক্ষা বাহিনীর কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

দ্বিপক্ষীয় আলোচনার এ রকম ধোঁয়াশাপূর্ণ ফলাফল যে মিয়ানমারকে খুশি করবে, তাতে কোনো সন্দেহ নেই। এ ছাড়া জাপানের উদার অর্থনৈতিক সাহায্যের ঘোষণা অবশ্যই হবে দেশটির জন্য বাড়তি খুশির কারণ। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা ও অন্যান্য বৈঠকে রাখাইন রাজ্য ও শরণার্থী সমস্যার বিষয় উত্থাপিত হলেও অবহেলিত সেই জনগোষ্ঠীর জাতিগত পরিচয় যে রোহিঙ্গা, সেটা কিন্তু একেবারেই উল্লেখ করা হয়নি। ফলে সমস্যার গুরুত্ব অনুধাবনে আন্তরিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

মনজুরুল হক শিক্ষক ও সাংবাদিক