মিয়ানমারের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা ১৯ জুন অং সান সু চির ৭৬তম জন্মদিনে সু চির মতোই মাথায় ফুল গুঁজে তাঁকে কারারুদ্ধ করে রাখার প্রতিবাদ করেছেন। গণতন্ত্রের জন্য সু চির দীর্ঘ লড়াই ও সংগ্রামের প্রতিদানে বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে ঠিক তার আগের দিন এক অর্থে একটি প্রতীকী উপহার দেওয়া হয়েছে। ওই দিন অর্থাৎ গত শুক্রবার জাতিসংঘে ১৯৯টি দেশের স্বাক্ষরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে, যাতে জান্তা সরকারকে মিয়ানমারের নির্বাচনের ফল মেনে নিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও সু চিসহ সব রাজবন্দীকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিপুল ভোটে জয়ী সু চির সরকার যেদিন শপথ নিতে যাবে, সেই দিনই সেনা অভ্যুত্থান ঘটে এবং সু চিকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী উসকানি দেওয়ার অভিযোগে মামলাও করা হয়। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতার গদিতে বসা সেনাপ্রধান মিন অং হ্লাইং সামনের জুলাই মাসেই অবসরে যাচ্ছেন। তবে এরই মধ্যে তিনি সরকারবিরোধিতার জন্য শত শত লোককে হত্যা করেছেন এবং বিরোধী পাঁচ হাজারের বেশি নেতা-কর্মীকে জেলে ঢুকিয়েছেন।
গত নভেম্বরের নির্বাচনে সু চির ভূমিধস জয় সেনাবাহিনীর ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিষয়টিকে হুমকিতে ফেলে দিয়েছিল, কারণ সু চির সরকার গদিতে বসতে পারলেই তারা সেনাবাহিনীর ক্ষমতা খর্ব করার মতো সাংবিধানিক সংশোধনী আনত। এর জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন সু চির দল পেয়ে গিয়েছিল।
গত পাঁচ মাসে মিয়ানমারবিষয়ক বিশ্লেষকেরা সেখানকার জান্তা সরকারের দমন-পীড়ন ও সে বিষয়ে বিশ্বের সবচেয়ে প্রাচীন গণতন্ত্রের দেশগুলোকে ম্রিয়মাণ থাকতে দেখে হতবুদ্ধি হয়েছেন।
জাতিসংঘে শুক্রবার যে নিন্দা প্রস্তাব পাস হয়েছে, তাতে ভোটদান থেকে ৩৬টি দেশ বিরত থেকেছে। এ দেশগুলোর কারও পক্ষ থেকে বলা হয়েছে, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার, কারও পক্ষ থেকে বলা হয়েছে, এ প্রস্তাব দন্তহীন, কোনো দেশ আবার বলেছে, রোহিঙ্গা নির্যাতনের সময় তো এমন ধরনের কোনো প্রস্তাব ওঠেনি, তাহলে এখন এটি তোলা হচ্ছে কেন?
মিয়ানমারের স্থিতিশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের স্বার্থ সরাসরি জড়িত। তারা দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পক্ষে। তবে সেনাবাহিনীকে রুষ্ট না করে তা নিশ্চিত করায় ভারতের আগ্রহ বেশি।
একমাত্র বেলারুশ এ প্রস্তাবের সরাসরি বিরোধিতা করে বলেছে, এটি রাজনৈতিক ‘উদ্দেশ্যপ্রণোদিত’ প্রস্তাব, এ কারণে তারা এর বিরোধিতা করছে। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো মিয়ানমারের প্রতিবেশী দেশ ভারত, বাংলাদেশ, ভুটান, চীন, লাওস, নেপাল ও থাইল্যান্ডও নিন্দা প্রস্তাবে ভোটদানে শুধু বিরত ছিল তা-ই নয়, তারা এ বিষয়ে এমনভাবে অস্বস্তি প্রকাশ করেছে, যাকে জান্তা সরকারের নীরব সাফাই বলা যেতে পারে।
নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতাসম্পন্ন দুই দেশ রাশিয়া ও চীন অনেক আগে থেকেই মিয়ানমারকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে। তারাও ভোটদানে বিরত থেকেছে। এর কারণ ব্যাখ্যা করে জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিনস্কি বলেছেন, এ প্রস্তাব রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা তাড়িত ও একদেশদর্শী।
অন্যদিকে, জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি চেন শুয়াং বলেছেন, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। সেনাবাহিনীর ক্ষমতা হস্তান্তরের মনোভাব আছে। সুতরাং এ নিয়ে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা জরুরি বলে চীন মনে করে না।
মিয়ানমারে বেশ কয়েকটি দেশের নিযুক্ত প্রতিনিধি ও দূত ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন, সেখানে আন্তর্জাতিক মহল হস্তক্ষেপ না করলে যেকোনো সময় বড় ধরনের গৃহযুদ্ধ লেগে যেতে পারে। সেই সুবাদে গত এপ্রিলে জাকার্তায় আসিয়ান দেশগুলো মিয়ানমার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিল। সেখানে তাৎক্ষণিকভাবে সহিংসতা রোধ করতে পাঁচ দফার একটি সমঝোতাও হয়েছিল।
সেই পাঁচ দফার মধ্যে অং সান সু চির মুক্তির কথা নেই। ৭ জুন ১০ জাতির আসিয়ান বৈঠক আবার বসেছিল এবং সেখানেই পরিষ্কার হয়েছে, আসিয়ানে চীনের নেতৃত্বই শেষ কথা। চীনের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া আসিয়ানের পক্ষে সম্ভব নয়।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, জান্তা সরকার খুব শিগগির ক্ষমতা থেকে নামবে না। বিশেষত চীনসহ প্রতিবেশী দেশগুলো যত দিন তাদের সমর্থন দেবে, তত দিন সু চির মুক্তির আশা ক্ষীণ।
জান্তা সরকার অভ্যুত্থান ঘটানোর মাত্র দুই সপ্তাহ আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমার সফরে এসে জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন। তখন থেকেই মিয়ানমারে চীনের রাষ্ট্রদূত চেন হাই জেনারেল হ্লাইংয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন। আন্দাজ করা যায়, অভ্যুত্থানের বিষয়টি আগেভাগেই চীনকে সামরিক কর্মকর্তারা জানিয়ে থাকতে পারেন।
মিয়ানমারের স্থিতিশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের স্বার্থ সরাসরি জড়িত। তারা দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পক্ষে। তবে সেনাবাহিনীকে রুষ্ট না করে তা নিশ্চিত করায় ভারতের আগ্রহ বেশি।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘে যে প্রস্তাব আনা হয়েছে, তা প্রণয়নের আগে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলাপ-আলোচনার দরকার ছিল। কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে তাদের কারও সঙ্গে কোনো কথা হয়নি।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, জান্তা সরকার খুব শিগগির ক্ষমতা থেকে নামবে না। বিশেষত চীনসহ প্রতিবেশী দেশগুলো যত দিন তাদের সমর্থন দেবে, তত দিন সু চির মুক্তির আশা ক্ষীণ।
এশিয়া টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
● শরণ সিংহ দিল্লিভিত্তিক জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক