মিয়ানমারের শরণার্থী এক খাদিজার ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদিজা ও তার নাতি–নাতনি, যাদের বাবাদের ধরে নিয়ে গেছে নাসাকা বাহিনী
খাদিজা ও তার নাতি–নাতনি, যাদের বাবাদের ধরে নিয়ে গেছে নাসাকা বাহিনী

কক্সবাজারের ফ্রিজের দোকানে বিক্রিবাট্টার ঘাটতি নেই। সারা দেশে কোরবানির ঈদের আগের দুই সপ্তাহে সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়। সারা বছরের বিক্রির প্রায় ৪৫ শতাংশ বিক্রি হয় এই দুই সপ্তাহে। বন্যাকবলিত দিনাজপুরে অচেনা উপজেলা চিরির বন্দরে একটা ফ্রিজের সঙ্গে খাসি ফ্রি দেওয়া হচ্ছে। ক্রেতাকে নিয়ে কাড়াকাড়ির আরও নজির আছে।

বাংলাদেশের সীমান্তের কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যের মানুষদেরও আমাদের ঈদ ঘিরে একটা প্রস্তুতি থাকে—সারা বছরের সেই প্রস্তুতি। চরম উত্তরের রৌমারী চর বা ভূরুঙ্গামারীর জল ও ভূমির গরিব কিষান-কিষানি যেমন গরু-ছাগল পেলে-পুষে কোরবানির বাজারের জন্য তৈরি করেন। বাংলাদেশের লাগোয়া রাখাইন রাজ্যের গরিব মানুষেরাও পাল্লা দিয়ে আমাদের কোরবানির জন্য গরু-ছাগল-মোষ তৈরি করে যত্ন দিয়ে। আমরা বলি বার্মার গরু। গয়ালও আসে গরুর ভিড়ে।

ভালো দামের আশায় এবারও তারা তৈরি রেখেছিল আমাদের কোরবানির প্রাণী। কিন্তু তার আগেই মিয়ানমারের সামরিক জান্তার রোষানলে পড়ে যায় রাখাইন রাজ্যের জাতিগত সংখ্যালঘুরা। তাদের ভিটাছাড়া করারřযৌথ অভিযান শুরু হয়। ঘরবাড়ি ছেড়ে অনেকেই চলে আসে বাংলাদেশে। নো ম্যানস ল্যান্ড বা দুই দেশের মাঝামাঝি জায়গায় এখনো খোলা আকাশের নিচে তারা অবস্থান করছে। এবার অনেকেই শেষ সম্বলের সঙ্গে পেলে-পুষে বড় করা গরু-ছাগল নিয়ে আসতে চেয়েছিল। আশা ছিল কোরবানির বাজারটা ধরতে পারলে হাতে কিছু নগদ টাকা আসবে। দালাল আর যাদের কথা লেখা যায় না, তাদের খপ্পরে পড়ে সেসব খোয়াতে হয়। হাঁস-মুরগি ছাড়া বড় কোনো গবাদি প্রাণী তারা সঙ্গে আনতে পারেনি। অবশ্য দু-একটা ব্যতিক্রম যে নেই, তা নয়।

বকরিদ বা কোরবানির ঈদ ঘিরে প্রান্তিক আর উদ্বৃত্ত সম্পদধারী—দুই জনগোষ্ঠীরই একটা স্বপ্ন থাকে, হিসাব থাকে। প্রান্তিক মানুষ তার গবাদি প্রাণী বেচে হাতে কিছু নগদ টাকার স্বপ্ন দেখে। আর উদ্বৃত্তের মালিকেরা ভোগের স্বপনে বিভোর থাকে। ছুরি-কাঁচি ধার দেয়, মাংসের সাত-বারো-চৌদ্দ পদের প্রতিযোগিতায় মাতে। গরুর দালালের খপ্পরে পড়তে পারে, বাজার মন্দা যেতে পারে, এমনকি গরুটি অন্য কারও পেটেও চলে যেতে পারে—এসব ক্ষেত্রেই ক্ষতি শুধু প্রান্তিকদেরই হয়। উদ্বৃত্তের মালিকদের গায়ে তাপ লাগে না। তাই কক্সবাজার, চিরির বন্দর সবখানে এই আকাল আর সংকটের সময়েও দিব্যি রমরমা ফ্রিজের বাজার।

খাদিজা তার দুটো গরু নিয়ে মিয়ানমারের বর্ডারের পাশের গ্রাম হাঁসখালী থেকে তম্রু পর্যন্ত এসেছিল। তারপর তার কাছ থেকে গরু দুটো ‘সিজ’ করে নেওয়া হয়। একরকম খালি হাতেই নানা পথ ভেঙে বালুখালী ক্যাম্পের পাশে বসে বসে ধুঁকছে খাদিজা। সঙ্গে তার তিন নাতি, সবচেয়ে ছোটটার বয়স ছয় থেকে সাত বছর আরও বড়জনের বয়স এগারো বছর। এগারো বছরের আয়েশাকে নিয়ে খাদিজার চিন্তা বেশি। নানি খাদিজা তাকে কথা দিয়েছিল, কক্সবাজারের রাখাইনদের তৈরি গোলাপি লুঙ্গি আর ব্লাউজ কিনে দেবে ঈদে।

মংদুর কাপড় তার পছন্দ নয়। গরুর ব্যাপারীর সঙ্গে আগাম কথা ছিল খাদিজার—গরুর দাম আর একটা গোলাপি রাখাইন ড্রেস নিয়ে গেলে তাকে গরু আর পাঁচটা বার্মিজ মোরগ দিয়ে দেবে। কিন্তু সব গেছে, সঙ্গে আশাটাও। আয়েশা, গণি, হাশেমদের নানি খাদিজা সামনে কোনো আলো দেখে না। কবে ঈদ, তাও যেন ভুলে গেছে।

আগের আসা শরণার্থীরা, নিবন্ধিত শরণার্থীরা খাদিজার পাশে এসে দাঁড়িয়েছে। খাবার ভাগ করে খাচ্ছে। তাদেরও এখন টান। ঈদের আগে যে শেষ বরাদ্দ বা বণ্টনের কথা ছিল, সেটি বণ্টন করা হয়নি। ভয় ছিল, বণ্টনের সময় ম্যালা মানুষের ভিড় হয়। নতুন আসা মিয়ানমার নাগরিকদের সঙ্গে যে অমানবিক আচরণ করা হচ্ছে, তা নিয়ে যদি ওসব ভিড় উত্তেজিত হয়ে কিছু ঘটিয়ে ফেলে! ধারণা করা হয়, সেসব আশঙ্কা থেকেই ঈদ-পূর্ববর্তী বণ্টন মুলতবি রাখা হয়েছে। শেষ বণ্টনটি হয়ে গেলে একটু হাত খুলে খরচ করতে পারত পুরোনোরা। কর্তৃপক্ষ পরিস্থিতি ভালো বুঝলে ঈদের পর ৬/৭ তারিখে ঝুলে থাকা বণ্টন দিয়ে দিতে পারে। তবে এখনো কোনো ঘোষণা নেই। এর মধ্যে ঈদ এসে পড়েছে। মিয়ানমার থেকেও শরণার্থীদের ঢল নেমেছে।

গত অক্টোবরে তার দুই ছেলেকে মিয়ানমারের নাসাকা বাহিনী ধরে নিয়ে যায়। বেঁচে আছে, না মরে গেছে জানে না। একųছেলের বউ ভিটা কামড়ে পড়ে আছে দুটো শিশু নিয়ে—যদি তার স্বামী ফেরত আসে?

কুতুপালং, পালংখালী, শামলাপুর, বালুখালীর গ্রামে গ্রামে স্থানীয় মানুষের বাড়ি বাড়ি কোরবানি হয়। তার মাংস কি পৌঁছাবে ক্যাম্পে কিংবা রাস্তার পাশে বসে থাকা খাদিজার কাছে? আগে ক্যাম্পে ক্যাম্পে কোরবানি হতো রংবেরঙের এনজিওর তত্ত্বাবধানে। এখন আর তা হয় না।

সৌদির কোরবানির মাংস দরিয়া পার হয়ে আসতে আসতে দুই-তিন চাঁদ ঘুরে যায়। মালয়েশিয়ার জাহাজ কি আবার আসবে?

যেটাই হোক, খাদিজার ইব্রাহিম নবীর কথা মনে পড়ে। যিনি আপন ছেলে ইসমাইলকে সবচেয়ে বেশি ভালবাসতেন। খাদিজার সন্তানেরাও তার প্রিয়তম জন। ঈদুল আজহার দিন সে আল্লাহপাকের কাছে গুম হয়ে যাওয়া তার আপন ইসমাইলদের জন্য দোয়া করবে। কাঁদবে, ভিক্ষা চাইবে আর দেশে ফেরার পথের দিকে তাকিয়ে থাকবে। খাদিজারা ফিরতে চায়।

গওহার নঈম ওয়ারা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণকর্মী এবং শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।