মিয়ানমারের সহিংসতা ও তিমির হননের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সাম্প্রতিক মিকতিলা ও গত বছরের জুনে রাখাইন রাজ্যের সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে কিছু পার্থক্য রয়েছে; ঘটনার স্থান, পেছনের ইতিহাস এবং দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ায়। জুনের সহিংসতা ছিল বাংলাদেশ সীমান্তের দিকের রাখাইন প্রদেশে, স্পষ্ট ছিল রোহিঙ্গা মুসলিমদের দেশ ত্যাগে বাধ্য করার অভিপ্রায় এবং দেশটির সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আক্রান্ত ব্যক্তিদের সমর্থনে স্পষ্ট কোনো সমর্থন পাওয়া যায়নি। সংঘর্ষের সময় গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি ছিলেন পুরোপুরি মৌন, এমনকি ওই সময় তিনি ছিলেন ইউরোপ সফরে। গত বছরের সহিংসতাকে সরাসরি গণহত্যার সঙ্গেও তুলনা করলে ভুল হবে না। এবার দেশটির মধ্যাঞ্চলের মান্দালয় প্রদেশের মিকতিলায় সহিংসতা একটি স্বর্ণকারের দোকানে ক্রেতা-বিক্রেতার ব্যক্তিগত বাগিবতণ্ডা থেকে। দেশটির প্রেসিডেন্ট, সু চি ও স্পিকার যৌথ ঘোষণা দিয়েছেন, যার মধ্যে হামলা বন্ধসহ রয়েছে বাস্তুচ্যুত ব্যক্তিদের অবিলম্বে ফিরিয়ে আনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে নানা কর্মশালা ও সভার আয়োজন করার উদ্যোগ। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত দেশটির বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ার যে খবর পাওয়া গেছে, তাতে বোঝা যাচ্ছে না সরকার কতটা সমর্থ হবে এবারের সহিংসতা থামাতে। এমনকি সরকার আসলে কতটা চাইছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, সেটাও একটা প্রশ্ন। এখানে গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চির ভূমিকা আবারও প্রশ্নবিদ্ধ। গত বুধবার প্রথমবারের মতো সামরিক বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন অনেক নতুন ইঙ্গিত বহন করে। কেননা, এই সামরিক বাহিনীই তাঁকে কয়েক দফায় ১৫ বছর ধরে গৃহবন্দী করে রাখে। কুচকাওয়াজ অনুষ্ঠানের ভাষণে দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর প্রভাব বজায় রাখার কথাও বলা হয় স্পষ্ট করেই।এ থেকে এনএলডি ও সামরিক বাহিনীর ভেতর সমঝোতার ইঙ্গিত রয়েছে। আর এমন পরিস্থিতিতে সেনা টহল ও জরুরি অবস্থা বজায় থাকলেও রাজনৈতিক নেতাদের মৌনতা ও বোঝাপড়ার সুযোগ হামলাকারীরা প্রচ্ছন্ন ইঙ্গিত বলে ধরে নেবে।তবে সহিংসতার পেছনের কারণ ও রাজনৈতিক দলের ভূমিকা যা-ই হোক, ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতের চিহ্ন কি অভিন্ন? এমনকি সহিংসতা থেকে এর আশপাশের দেশে যে ধরনের প্রভাব পড়ে, তা-ও একই হওয়ার আশঙ্কা।মিয়ানমারে এই সহিংসতা নতুন নয়। ১৯৪৮ সাল থেকেই রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী সে দেশে নিপীড়িত ও নানা বৈষম্যের শিকার। সংবিধান নানাভাবে তাদের জাতীয়তার পরিচয় না দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। দেশটির প্রাকৃতিক সম্পদ ও সুলভ শ্রমের কারণে সম্প্রতি বহির্বিশ্বের নজর আকৃষ্ট হওয়ায় দেখা দিয়েছে ক্ষমতা প্রতিষ্ঠার লড়াই। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডা মিয়ানমারে বিনিয়োগে আগ্রহী; একই সঙ্গে চীনও তার এত দিনের কর্তৃত্ব সহজে ছেড়ে দেবে না। এ অবস্থায় মিয়ানমার কোন পক্ষের সঙ্গে সম্পর্ক কীভাবে, কতটা নির্ধারণ করবে—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর ওপরও অনেকটা নির্ভর করছে সাম্প্রদায়িক সহিংসতা নিরসনে দেশটির সরকার ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী হবে। ইতিহাস সাক্ষ দেয়, রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমার কখনোই জাতীয় পরিচয় দিতে আগ্রহী নয়। দেশটির উত্তর দিকে রয়েছে চীনা মুসলিম, দক্ষিণ পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা মুসলিম। মধ্যাঞ্চলের গুজরাটি মুসলিমদের ব্যবসা। গত জুনের সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণ হারিয়েছিল ২০০ মানুষ। আশ্রয়হীন হয়েছে এক লাখের বেশি। সে সময় নাফ নদী পার হয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মহল যতটা চাপ প্রয়োগ করেছে, ততটা চাপ প্রয়োগ করেনি দাঙ্গা বন্ধের। গত রোববার জাতিসংঘের বিশেষ দূত বিজয় নামিবিয়ার দাঙ্গাকবলিত স্থান ও কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি করেছে। এ ছাড়া আন্তর্জাতিক মহলের কাছ থেকে তেমন বক্তব্য পাওয়া যায়নি। উপরন্তু গত মঙ্গলবার মিয়ানমার সরকার জানিয়েছে, এবারের সহিংসতা নিরসনে মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। ২০ মার্চ মিকতিলায় শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪০। মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া দাঙ্গা যে অচিরেই মাগুই প্রদেশ পার হয়ে রাখাইন রাজ্যেও ছড়িয়ে পড়বে না, সে আশঙ্কা বাদ দেওয়া যায় না। সংখ্যালঘু ও সংখ্যাধিক্যের মধ্যকার আক্রমণের ঘটনা সব সময়ই সেই বেলুনে চাপ প্রয়োগ তত্ত্বের মতো। বাতাসভর্তি বেলুনের একদিকে চাপ দিলে অন্যদিকে যেমন ফুলে-ফেঁপে ওঠে। রাখাইন প্রদেশের হামলার ঘটনার পর ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের রামুসহ কয়েকটি স্থানে বৌদ্ধবিহারে হামলার ঘটনা ঘটেছিল। অর্থাৎ এক স্থানের ঘটনার ক্রিয়া ও প্রতিক্রিয়া ছড়িয়ে গেছে দ্রুত বিভিন্ন দেশে। এদিকে পাকিস্তানে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর মেজোরিটির হামলা অব্যাহত রয়েছে। শ্রীলঙ্কায় বৌদ্ধরা মুসলিমদের বিরুদ্ধে প্রতি সপ্তাহে ঘোষণা করছে সো কলড ‘ডাইরেক্ট অ্যাকশন’। ভারতের উত্তর প্রদেশে পুলিশ হিন্দু-মুসলিম দাঙ্গা থামাতে জারি করছে কারফিউ। ২৬ মার্চের ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের এক রাজ্যের ভাষাগত সংখ্যালঘুরা বিশ্বাস করছে না একই সম্প্রদায়ের অন্য রাজ্যের মানুষকে। গোটা দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশেই যখন চলছে সাম্প্রদায়িক সহিংসতার চর্চা; তখন মিয়ানমারের এ ঘটনা বাংলাদেশে দ্রুত বিরূপ প্রভাব ফেলতে পারে। আবারও দলে দলে মানুষ সাঁতরে এসে উঠবে নাফ নদীর এ পারে। আর তাদের জাতিসত্তা হারানোর যন্ত্রণা, বিক্ষিপ্ত মানসিকতার সুযোগ নিয়ে বিশেষ মহল আবার ঘটিয়ে ফেলবে নতুন কোনো রামুর ঘটনা। ইতিহাস যেমন শুধু বুকে নয় লেখা থাকে জনপদের মাটিতে, তেমনি সাম্প্র্রদায়িকতাও মানুষের গায়ে লেখা থাকে না, দেশের সংকটের সময় সম্প্রদায়ের আচরণে তা প্রমাণিত হয়। তিমির হননের গান গাওয়ার সময় পেরিয়ে যায়। সাদিয়া মাহ্জাবীন ইমাম: সাংবাদিক ও লেখক।[email protected]