মীর কাসেমের ফাঁসি ও পাকিস্তানিদের মনঃকষ্ট


একাত্তরের মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করার পর পাকিস্তানের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া জানানো হয়, তাতে তাদের একজন স্বদেশি ভাইয়ের জন্য তাদের মনঃকষ্টই প্রকাশিত হয়েছে। একাত্তর যে এখনো পাকিস্তানিদের তাড়িয়ে বেড়াচ্ছে, সেটাই আবার প্রমাণিত হলো।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটির শক্ত জবাব দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে মন্ত্রণালয়ে তলব করে সরকারের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে পাকিস্তান বা অন্য কোনো দেশের নাক গলানোর সুযোগ নেই। এখানে উল্লেখ করা প্রয়োজন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তান ও তুরস্ক ছাড়া কেউ বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি। এর আগে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লা, কামারুজ্জামান, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করার পরও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে।
পাকিস্তানের দাবি, যুদ্ধাপরাধের বিচার করে নাকি বাংলাদেশ ১৯৭৪ সালের ত্রিদেশীয় চুক্তির বরখেলাপ করেছে। কিন্তু তাদের ভুলে যাওয়া উচিত নয় যে ওই চুক্তিতে একাত্তরে গণহত্যায় জড়িত পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়ার কথা বলা হলেও দেশীয় যুদ্ধাপরাধীদের বিচার করা হবে না, এ রকম কোনো ওয়াদা ছিল না। স্বাধীনতার পর ১৯৭২ সালেই দালাল আইনে দেশীয় যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই বিচারপ্রক্রিয়া থেমে গেলেও যে আইনের ভিত্তিতে এখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, সেই ‘আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩’ কোনো সরকারই বাতিল করেনি। এর অর্থ ওই সরকারগুলোরও বিচারের বিষয়ে সায় ছিল।
বাঙালি খান নামে পরিচিত মীর কাসেম আলীর বিচার নিয়ে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মাধ্যমে সেই দেশের সরকার যে মনোভাব ব্যক্ত করেছে, তাতে একাত্তরের গণহত্যাকে জায়েজ করার চেষ্টাও বটে। পাকিস্তান সরকার একাত্তরের গণহত্যাকে বলেছে ‘কথিত অপরাধ’ এবং বিচারপ্রক্রিয়াকে বলেছে ‘ত্রুটিপূর্ণ’।
পাকিস্তান নিজের কথায়ই ধরা খেয়েছে। তারা একদিকে বলছে অভিযোগটি কথিত, অন্যদিকে মন্তব্য করেছে, বিচারপ্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ। কী ধৃষ্টতা! একাত্তরে বাংলাদেশের জনগণের ওপর যে গণহত্যা চলেছিল, সেটিও পাকিস্তান অস্বীকার করতে চায়। প্রশ্ন হলো, সেই গণহত্যাটি কারা করেছিল? দেশি-বিদেশি তথ্য-উপাত্ত অনুযায়ী পাকিস্তান সরকারের নির্দেশে পাকিস্তান সেনাবাহিনীর সদস্য এবং তাদের এ দেশীয় দোসর আলবদর, আলশামস ও রাজাকারেরাই এই ঘৃণ্য অপরাধ সংঘটিত করেছিল। আর দেরিতে হলেও এখন সেই অপরাধেরই বিচার হচ্ছে।
তবে পাকিস্তান বলতে পারে, এই গণহত্যার মূল হোতা যেহেতু পাকিস্তান সেনাবাহিনী ছিল, সেহেতু তাদের বিচারই আগে হওয়া উচিত। মানবাধিকার আন্দোলনের নেত্রী আসমা জাহাঙ্গীর, সাংবাদিক হামিদ মিরসহ অনেকে সেই দাবিও করেছেনও। কিন্তু পাকিস্তান সরকার সেসব আমলে না নিয়ে উল্টো বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে।
পাকিস্তান একাত্তরে বিশ্ব জনমতকে উপেক্ষা করেছে, এখনো করছে। সে সময়ে তারা মানবতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। এখনো নিচ্ছে। এমনকি পাকিস্তান সরকার গঠিত হামুদুর রহমান কমিশন যেসব সুপারিশ করেছিল, তা–ও তারা বাস্তবায়ন করেনি। জুলফিকার আলী ভুট্টো অপরের ঘাড়ে দোষ চাপাতে এই কমিশন গঠন করলেও পরে দেখেছেন, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে। সেই প্রতিবেদনে বাংলাদেশের গণহত্যায় নিহত ব্যক্তিদের সংখ্যা অবিশ্বাস্যভাবে কম দেখানো হলেও পাকিস্তানি সেনা কর্মকর্তাদের যে নৃশংসতা ও লুটপাটের বিবরণ আছে, তাতে সে সময়ে বাংলাদেশে নিয়োজিত প্রত্যেক সেনাসদস্যের বিচার হওয়া উচিত। রাও ফরমান আলী বাংলাদেশের মাটি লাল করে দিতে চেয়েছিলেন। আর নিয়াজি বাংলাদেশের নারীদের লাঞ্ছিত করতে অধীন সেনাসদস্যদের প্ররোচিত করেছেন।
আর এখন পাকিস্তান নিজের দেশের যুদ্ধাপরাধীদের বিচার না করে বাংলাদেশি যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করছে। এই বিরোধিতার একটি কারণ হতে পারে, পাকিস্তান এখনো সেই যুদ্ধাপরাধীদের তাদের নাগরিক মনে করে। দ্বিতীয়ত, তারা হয়তো ভাবছে, বাংলাদেশি অপরাধীদের বিচার হওয়ার পর পাকিস্তানিদের বিচারের বিষয়টি সামনে চলে আসবে।
পাকিস্তানের মনে থাকা উচিত যে ১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল, তাতে পাকিস্তানি যুদ্ধাপরাধীদের প্রতি ক্ষমশীল হওয়ার কথা থাকলেও বাংলাদেশি যুদ্ধাপরাধীদের ক্ষমা করার কোনো কথা ছিল না। পাকিস্তান তখন অঙ্গীকার করেছিল, তারা নিজ দেশে যুদ্ধাপরাধীদের বিচার করবে এবং বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিয়ে যাবে। কিন্তু পাকিস্তান কোনো প্রতিশ্রুত রক্ষা করেনি।
বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের উষ্মার তৃতীয় কারণ হলো দেশটিতে যে এখনো যুদ্ধাপরাধ চলছে, তা থেকে দেশবাসীর দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়া। কূটনৈতিকভাবেও দেশটি প্রায় একঘরে হয়ে পড়েছে। একাত্তরে পাকিস্তানের পরীক্ষিত বন্ধুদের অনেকেই এখন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং ভূরাজনীতিতে বাংলাদেশকেই তারা অনেক বেশি বিশ্বস্ত মনে করে। সম্প্রতি মার্কিন-ভারত সামরিক সহযোগিতা চুক্তি সইয়ের পর ইসলামাবাদ ভূরাজনীতিতে আরও বেশি কোণঠাসা হয়ে পড়েছে।
পাকিস্তানের মনঃকষ্টের আরেকটি কারণ হলো একাত্তরে তারা যে রাজনৈতিক শক্তিকে এখানে মিত্র হিসেবে পেয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে তাদের ক্রমেই প্রান্তিক অবস্থান। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ যা-ই হোক না কেন, পাকিস্তানবাদী ধ্যানধারণাকে বাংলাদেশের মানুষ চিরতরেই প্রত্যাখ্যান করে এসেছে। পাকিস্তান যাদের সামনে রেখে এখানে পাকিস্তানি ভাবধারা পুনঃপ্রতিষ্ঠার খোয়াব দেখেছিল, একের পর এক তাঁরা ফাঁসিতে ঝোলায় মনের কষ্টটা আরও বেড়েছে বৈকি।
আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না—এ প্রতিশ্রুতি দেওয়ার পরও তুরস্কের বিরূপ প্রতিক্রিয়ার পেছনে সেখানকার ক্ষমতাসীন কট্টরপন্থী দলটির সঙ্গে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আদর্শিক বন্ধনই কাজ করেছে বলে ধারণা।