আমাদের গণযোগাযোগের জগতে ‘ব্লগ’, ‘ফেসবুক’, ‘টুইটার’ ইত্যাদি মাধ্যম শিক্ষিত, বিশেষ করে তরুণ মহলে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। ব্যক্তিগত বা গোষ্ঠীগত হলেও এসব মাধ্যমের ব্যাপক গ্রহণযোগ্যতা সারা বিশ্বেই প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে প্রতিদিন এর ব্যবহার ও জনপ্রিয়তা বাড়ছে। অভিযোগ উঠেছে, কিছু তরুণ তাদের ‘ব্লগে’ ইসলাম ধর্ম ও হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচার করেছে। বিভিন্ন সংগঠনের পক্ষে তারা এই ব্লগারদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের জন্য দাবি জানানো হয়েছে। ধর্মীয় সংগঠন ‘হেফাজতে ইসলাম’ ৬ এপ্রিল ১৩ দফা দাবিতে লংমার্চ ও শাপলা চত্বরে বিরাট সমাবেশ করে, যাদের অন্যতম দাবি ছিল ধর্ম অবমাননাকারীদের গ্রেপ্তার ও শাস্তি বৃদ্ধি। সরকার চারজন ব্লগারকে আটকও করেছে। অন্যদিকে বহু মানুষ ও সংগঠন বিবৃতি দিয়ে ও সমাবেশ করে তাঁদের মুক্তি চেয়েছে। বাংলাদেশে গণমাধ্যমের যেমন স্বাধীনতা রয়েছে, তেমনি ব্যক্তির মত প্রকাশেরও স্বাধীনতা রয়েছে। দেশে শত রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও আমরা মত প্রকাশের স্বাধীনতা ব্যবহারও করতে পারছি। টিভিতে প্রতি রাতের টক শো ও প্রতিদিনের সংবাদপত্র আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করছে। এই একটি ক্ষেত্রে আমরা সত্যি সৌভাগ্যবান। এই প্রজন্মের তরুণেরা হয়তো জানে না পাকিস্তান আমলে, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সামরিক, আধা সামরিক আমলে আমরা গণমাধ্যমে স্বাধীনভাবে কোনো মত প্রকাশ করতে পারিনি। দেশের একমাত্র টিভি চ্যানেল বিটিভি সাধারণত বিরোধী দলের রাজনৈতিক সংবাদ পরিবেশন করেনি, এখনো করে না। শুধু সরকারের একতরফা সংবাদ পরিবেশন করে। এ রকম কঠিন দিন পার হয়ে আজ আমরা একধরনের গণতন্ত্রের স্বাদ পাচ্ছি। স্বাধীন গণমাধ্যম ব্যবহার করতে পারছি। এখন বেসরকারি ২২টি টিভি চ্যানেল সরকারের পাশাপাশি বিরোধী দলের সংবাদও প্রচার করতে পারছে। এই অগ্রগতি সামান্য নয়। এই অগ্রগতি প্রবীণেরা যত অনুভব করতে পারছেন, তরুণেরা তত বুঝতে পারছে কি না সন্দেহ হয়।এ রকম মুক্ত পরিবেশে কারও দায়িত্বহীন আচরণ যদি সামাজিক স্থিতি নষ্ট করে, তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? তারা হয়তো ভাবতেও পারেনি তাদের এই ‘স্বাধীন মতামত’ দেশকে একটা সংকটের দিকে ঠেলে দিতে পারে। বলার অপেক্ষা রাখে না যে গুটি কয়েক তরুণের দায়িত্বহীন আচরণে আজ ব্লগের মতো একটি সহজপ্রাপ্য সামাজিক মাধ্যম প্রশ্নবিদ্ধ হয়েছে।তবে আমরা যেভাবে বিষয়টা লিখছি, বিষয়টা তত সহজ না-ও হতে পারে। প্রথমত, যে কজন ব্লগারকে সরকার গ্রেপ্তার করেছে, ঠিক তারাই এই কুরুচিপূর্ণ কথাগুলো লিখেছে কি না, তা আগে নিশ্চিত হতে হবে। তথ্যপ্রযুক্তিবিদেরা বলেছেন, অন্য লোকও একজনের নামে অ্যাকাউন্ট খুলে তার নাম-ঠিকানা ব্যবহার করে যা খুশি তা ব্লগে লিখতে পারে। এদের ক্ষেত্রে যে তা হয়নি তা কে বলবে? ইতিমধ্যে এ রকম অনেক ‘ভুয়া ব্লগার’ ধরাও পড়েছে। বেশ কিছুদিন আগে শেখ হাসিনা ও খালেদা জিয়ার নামেও ব্লগে কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা হয়েছিল। সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন পুরো বিষয়টি তাদের উন্মোচন করতে হবে। সরকারের একটি কমিটি এ ব্যাপারে কাজ করছে বলে আমাদের জানানো হয়েছে। জানা গেছে, এ রকম আরও ৬২ জন ব্লগারের সন্ধান পেয়েছে সরকার। তাদের গ্রেপ্তার করার আগে সরকারকে নিশ্চিত হতে হবে ব্লগে কুরুচিপূর্ণ লেখাগুলো তাদেরই লেখা। গ্রেপ্তার প্রসঙ্গে আরও একটি কথা বলা দরকার। গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে তাদের হাতকড়া পরাতে হবে কেন? তারা কি খুনের আসামি? ডাকাত? পুলিশের এই আচরণ কোনোভাবেই সমর্থন করা যায় না। কয়েকটি রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন শাহবাগ প্রজন্ম চত্বরের সব তরুণকেই ‘নাস্তিক’ বলে সমালোচনা করছে। এই প্রবণতা খুবই নিন্দনীয়। একটা জনগোষ্ঠীকে এভাবে একটা অভিযোগ দিয়ে ব্র্যাকেট করা সমীচীন নয়। শাহবাগ প্রজন্ম চত্বর নিয়ে নানা সমালোচনা করার সুযোগ রয়েছে। তা মিডিয়ায় অনেকে করছেনও। কিন্তু প্রজন্ম চত্বরের সব তরুণকে ‘নাস্তিক’ বলা অনুচিত। তা ছাড়া আমরা জানি, প্রজন্ম চত্বরের আন্দোলন কোনো ধর্মের সমালোচনা করার আন্দোলন নয়। ধর্ম সেখানে বিষয় নয়। তবু কিছু ধর্মীয় সংগঠন, এমনকি বিএনপির নেত্রী খালেদা জিয়াও শাহবাগ চত্বরের তরুণদের ঢালাওভাবে ‘নাস্তিক’ বলে সমালোচনা করেছেন। এ ধরনের দায়িত্বহীন উক্তি কাম্য নয়। প্রজন্ম চত্বরের সঙ্গে যাঁরা যুক্ত বা যাঁরা কর্মী তাঁদের মধ্যে কেউ কেউ ধর্মে অবিশ্বাসী থাকতে পারেন। সেটা তাঁদের ব্যক্তিগত মত। কিন্তু সেই মতের সঙ্গে প্রজন্ম চত্বরের দাবি-দাওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে না। দুটো সম্পূর্ণ পৃথক বিষয়। যেসব তরুণ ধর্মে অবিশ্বাসী, তাদের অনেকে হয়তো জানে না ধর্মে অবিশ্বাস করার স্বাধীনতা তার আছে বটে, কিন্তু কোনো ধর্ম, ধর্মগ্রন্থ, ধর্মগুরু বা নবীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা, কার্টুন আঁকা, প্রকাশ্যে সমালোচনা করার অধিকার নেই। যেকোনো ধর্ম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনার সূত্র ধরে সরকারের তথ্য অধিদপ্তর সংবাদপত্র ও টিভিতে বিজ্ঞাপন দিয়ে ‘ধর্ম সম্পর্কে কটূক্তি করার শাস্তির বিধান’ ব্যাপকভাবে প্রচার করতে পারে। এতে হয়তো অনেকে জানতে পারবেন অপরাধ ও শাস্তির ধরন সম্পর্কে। ব্লগ ও ব্লগের মাধ্যমে এসব ব্যক্তিগত মতামত প্রচার একেবারেই নতুন ঘটনা।যদি প্রমাণিত হয় যে এই তরুণেরা নিজেরা তাদের ব্লগে এগুলো লেখেনি, তাহলে কারা লিখেছে তা প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায় কি না, পুলিশ বিভাগকে তা দেখতে হবে। অনেক তথ্যপ্রযুক্তিবিদ পত্রপত্রিকায় লিখেছেন যে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায় ব্লগারের কোন পোস্ট আসল, কোনটি নকল। পুলিশের গোয়েন্দা বিভাগ যদি এ রকম একজন দুর্বৃত্তকেও ধরতে পারে, তাহলে সেটি হবে বড় একটি কাজ। কারণ, সে হলো মহা দুর্বৃত্ত। কারণ, সে এক ঢিলে দুটি অপকর্ম করছে। ১) সে একজন নির্দোষ তরুণকে আইনের চোখে, সমাজের চোখে অপরাধী হিসেবে অভিযুক্ত করছে। ২) অপরদিকে সে পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে সমাজে একটা উত্তেজনা সৃষ্টির সুযোগ তৈরি করে দিয়েছে। সে উত্তেজনা ধর্মীয় আবেগ থেকে জন্ম নিলেও নানা স্বার্থান্বেষী দল বা গোষ্ঠী এই উত্তেজনাকে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছে এবং ভবিষ্যতেও করতে পারে। তাই যেসব দুর্বৃত্ত অন্যের নামে অ্যাকাউন্ট খুলে তার স্বাক্ষরে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করেছে, তাদের ধরে এবং বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। সংবাদপত্র ও টেলিভিশন গণমাধ্যম হলেও সেখানে খুব কম বিষয় সরাসরি প্রচারিত বা প্রকাশিত হয়। টেলিভিশনে হাতে গোনা কয়েকটি অনুষ্ঠান বা রিপোর্ট, যেগুলো লাইভ প্রচার করা হয়, সেগুলো খুব দায়িত্বশীল ও অভিজ্ঞ ব্যক্তি ছাড়া অন্যদের সাধারণত দেওয়া হয় না। কারণ, লাইভ প্রচারের পর ভুল সংশোধন করার বিশেষ সুযোগ থাকে না। অনেক সময় সংশোধনী তেমন কাজেও আসে না। ক্ষতি যা হওয়ার তা হয়েই যায়। কিন্তু টিভির রেকর্ডেড প্রোগ্রাম ও সংবাদপত্রে প্রকাশিতব্য প্রায় প্রতিটি লেখা অভিজ্ঞ ব্যক্তির হাতে সম্পাদিত হয়ে প্রকাশিত হয়। ফলে সংবাদপত্রের মাধ্যমে ধর্ম সম্পর্কে কটূক্তি প্রচারের সুযোগ তুলনামূলকভাবে কম। মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার রক্ষার দোহাই দিয়ে সব কথা বলার সুযোগ নেই। ব্লগের ব্যাপারে সঠিক অপরাধীকে চিহ্নিত করতে হবে। মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।