
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত ইহুদি নিধনযজ্ঞ অস্বীকার নিষিদ্ধ করার আইন চালু আছে বিশ্বের ডজন খানেক দেশে, যেগুলোর অধিকাংশই আবার ইউরোপে। দেশগুলোর তালিকা দেখে এবং ইতিহাসের সঙ্গে মিলিয়ে নিলে দেখা যায়, প্রধানত দুই ধরনের দেশে এই আইন করা হয়েছে। প্রথমত, যেসব দেশ ইহুদি নিধনযজ্ঞে অংশ নিয়েছে। আর দ্বিতীয়ত, ওই সব দেশ, যারা ইহুদি নিধনের অপরাধের মূল হোতা হিটলারকে না ঘাঁটানো অথবা ক্ষেত্রবিশেষে তুষ্ট করার নীতি (অ্যাপিজমেন্ট) অনুসরণ করেছিল। যুদ্ধোত্তর পরিস্থিতিতে পরাজিত শক্তিগুলো মানব ইতিহাসের জঘন্যতম অপরাধ সংঘটনের দায়, লজ্জা ও গ্লানিবোধ থেকে ওই আইন করতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হুইটিয়ার ল স্কুলের আইনের শিক্ষক এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর হলোকস্ট স্টাডিজের রিসার্চ ফেলো প্রফেসর মাইকেল জে ব্যাযিলারের ব্যাখ্যায় ‘এই আইনের লক্ষ্য ছিল প্রথম সুযোগেই নাৎসিবাদের পুনরুজ্জীবন ঠেকানো।’
যেসব দেশে ইহুদি নিধনযজ্ঞ অস্বীকার নিরোধক আইন আছে, সেগুলো হলো অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, জার্মানি, লিখটেনস্টাইন, লিথুনিয়া, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, স্পেন ও সুইজারল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসব দেশের ভূমিকা কী ছিল তা ইতিহাস ঘাঁটলেও জানা যায়। হিটলারের জার্মানির কাছে পতন অথবা আত্মসমর্পণের পরিণতিতে ওই দেশগুলোতে সে সময় ইহুদি নাগরিকেরা গণহত্যা ও নিপীড়নের শিকার হন অথবা দেশান্তরি হতে বাধ্য হন। এ ছাড়া ফ্রান্সে আরও বৃহত্তর ব্যাখ্যা ও পরিসরের
একটি আইন (গেসট ল) রয়েছে, যাতে যেকোনো জাতি, গোত্র বা ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
ইউরোপের সাম্প্রতিক রাজনীতির হালচাল যাঁরা অনুসরণ করেন, তাঁরা হয়তো জেনে থাকবেন যে ইউরোপজুড়েই এখন অতি ডান উগ্রপন্থার বিপজ্জনক পুনরুজ্জীবন ঘটছে এবং তাঁদের কেউ কেউ নাৎসি ভাবাদর্শের অনুসারী। আইনে নিষিদ্ধ নাৎসি স্মারকচিহ্ন স্বস্তিকার ব্যবহার কোথাও কোথাও আবার ফিরে আসছে। গান-কবিতা-শিল্পকর্মে শ্বেতাঙ্গ-খ্রিষ্টধর্মে বিশ্বাসী ইউরোপীয় শ্রেষ্ঠত্ববাদের উদ্বেগজনক বিস্তার লক্ষণীয় হয়ে উঠেছে। এ ক্ষেত্রে অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে উগ্র ইসলামভীতি। জার্মানির উগ্র ডানপন্থী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ইতিমধ্যেই ১০ শতাংশ ভোট দখল করে নিয়েছে। ফ্রান্সে মেরি ল্য পেনের ন্যাশনাল ফ্রন্ট ২০১৪ ও ২০১৫ সালে স্থানীয় সরকার ও ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ২৫ থেকে ২৮ শতাংশ ভোট পেয়ে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বড় শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। অস্ট্রিয়ায় ফ্রিডম পার্টি কিংবা নেদারল্যান্ডসে গ্রিট ভিল্ডার্সের কট্টর মুসলিমবিদ্বেষী দল ফ্রিডম পার্টির নির্বাচনী সাফল্য উদারপন্থীদের রীতিমতো সন্ত্রস্ত করে তুলেছে। ইউরোপজুড়ে বর্ণবাদী এবং কিছুটা হলেও নাৎসিবাদী আদর্শের দলগুলোর উত্থান প্রমাণ করে হলোকস্ট ডিনায়াল অ্যাক্টের মতো আইন দিয়ে আদর্শগত বিচ্যুতি এবং ফ্যাসিবাদী রাজনীতিকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। এর মানে অবশ্য এই নয় যে এই ভ্রষ্টনীতির কাছে আত্মসমর্পণ করতে হবে। এর অর্থ হচ্ছে গণতান্ত্রিক বিতর্কের মধ্য দিয়েই প্রগতিবাদী রাজনীতিকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। ফ্যাসিবাদের জবাব আরেকটি ফ্যাসিবাদ নয়। বরং অধিকতর গণতন্ত্র, শক্তিশালী বহুত্ববাদ।
ইতিহাসের একটিমাত্র রাষ্ট্র অনুমোদিত ভাষ্য থাকতে হবে এমন ধারণার চর্চা আরও কিছু রাষ্ট্রে দেখা যায়। সেগুলো
হচ্ছে উত্তর কোরিয়া কিংবা চীনের মতো দেশ, যেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ার অনুশীলন সফল না হলেও কর্তৃত্ববাদ এবং কিছুটা পার্টিতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ ছাড়া আছে কঠোর ধর্মীয় অনুশাসনের নিগড়ে বাঁধা আরব শেখদের রাজতন্ত্রগুলো। রাজার শাসনে বৈচিত্র্যময় ইতিহাস অথবা বহুমুখিনতা থাকার কথা নয়।
২.
বাংলাদেশেও এখন একটি নতুন আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য ও পরিধি গণহত্যা অস্বীকার প্রতিরোধের চেয়েও অনেক বেশি বিস্তৃত। মূলত মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি সরকারি পাঠকে সবার জন্য অবশ্য অনুসরণীয় করার ধারণা থেকে আইন কমিশন এর একটি খসড়াও প্রকাশ করেছে। রাজনৈতিক বিভাজনের ধারায় বিভক্ত বুদ্ধিজীবীদের একটি অংশ এই উদ্যোগের ঘোর সমর্থক এবং কার্যত তাঁদের দাবি ও পরামর্শেই এই আইনের খসড়া তৈরি হয়েছে। তবে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ আইন’-এর প্রস্তাব যাঁরা করছেন, তাঁদের উদ্দেশ্য যে খুব স্পষ্ট সে কথা বলা যাচ্ছে না। তাঁরা কেন এই আইন চান? এ ধরনের আইন তো করা অথবা থাকার কথা পাকিস্তানের! কেননা, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ করেছে তারাই এবং পরাজয়ের পরও তারা সে অপরাধ স্বীকার করতে চাইছে না। পাকিস্তানিদের আত্মোপলব্ধিতে অপরাধবোধের যে ঘাটতি রয়েছে, তা দূর করতে বাংলাদেশে এ ধরনের আইনের কার্যকারিতা কী?
বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হচ্ছে গৌরবের, কেননা এর মধ্য দিয়েই আমাদের আত্মপরিচয়ের প্রতিষ্ঠা ঘটেছে। আমাদের গৌরব কি এতই ঠুনকো যে একে রক্ষার জন্য আইন করতে হবে? যে স্বাধীন ও মুক্তচিন্তার অধিকার আদায়ে স্বাধীনতার লড়াই হলো, সেই স্বাধীন দেশে ইতিহাসচর্চায় আমরা চিন্তার সীমারেখা টেনে দেব, এটা কেমন ভাবনা। আইন করে সবাইকে পাখির পাঠ পড়ানোর চিন্তা যাঁরা করেন, তাঁদের নিজেদের ভাবনায় গলদ থাকতে পারে, তাঁরা মানসিক দৌর্বল্যের শিকার হয়ে থাকতে পারেন, কিন্তু পুরো জাতির ঘাড়ে একটি অহেতুক বিধিনিষেধের পরিসীমা চাপিয়ে দেওয়া কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। আমাদের স্বাধীনতার ইতিহাসে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছুই শেখার আছে। গণসংগ্রামের দিনলিপি কিংবা রাজনৈতিক নীতিকৌশল, রণক্ষেত্রে গেরিলাযুদ্ধের কৌশল এবং মিত্রদের ভূমিকা নিয়ে নানা ধরনের প্রশ্ন উত্থাপনের সুযোগ না থাকলে সবাই কি শুধু একই মন্ত্র মুখস্থ করবে?
আমাদের লক্ষ্য যদি হয় ধর্ম-জাতি-গোত্রবিশেষের প্রতি বিদ্বেষ বা ঘৃণা ছড়ানো বন্ধ করা তাহলে তার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত রীতিনীতির তো অভাব নেই। জাতিসংঘ মানবাধিকার পরিষদের উদ্যোগে সম্পাদিত ইন্টারন্যাশনাল কভনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের আওতায় কভনেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিটিরই দায়িত্ব হচ্ছে জাতিগত, বর্ণবাদী এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোকে অপরাধ হিসেবে চিহ্নিত করে তার প্রতিকারের ব্যবস্থা করা। যুক্তরাজ্য এবং অনেক গণতান্ত্রিক রাষ্ট্রই এই পথটি বেছে নিয়েছে। ফলে হলোকস্ট ডিনায়াল অ্যাক্টের মতো আইন না করেই জাতিগত বিদ্বেষ বা ঘৃণা ছড়ানোর আইন প্রয়োগ করে তারা ইহুদিবিদ্বেষ প্রতিকারের ব্যবস্থা করেছে।
গণতান্ত্রিক বিশ্বে মত প্রকাশের স্বাধীনতার সবচেয়ে বেশি সুরক্ষা যে দেশটি দিয়ে থাকে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। সেখানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট মত প্রকাশের স্বাধীনতাকে সবার ওপর স্থান দিয়েছে এবং সে কারণে হলোকস্ট ডিনায়াল অ্যাক্টের মতো কোনো আইনের পথে তারা পা বাড়ায়নি। অথচ, কে না জানে যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ইহুদি জাতিগোষ্ঠীর প্রতি সবচেয়ে বেশি পক্ষপাত যে রাষ্ট্রটির, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। এ ধরনের আইনের প্রয়োজনীয়তা নাকচ করার পেছনে তাদের যুক্তি হচ্ছে, গণতন্ত্র শুধু সেই মতের সুরক্ষা দেবে না যে মতের সঙ্গে আপনি একমত হবেন। বরং, যে মত বিদ্বেষমূলক এবং আপনার বিরুদ্ধে তা প্রকাশের অধিকারকে সুরক্ষা দেওয়াই হচ্ছে গণতন্ত্রের আসল কথা। যুক্তরাষ্ট্রে এ ধরনের উদারনৈতিক নীতির ফলে ইহুদিবিদ্বেষ বেড়েছে এমন কথা নিশ্চয়ই কেউ বলবেন না।
এ ছাড়া প্রযুক্তির অগ্রগতি এখন নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। যে ভাবনা বা মতাদর্শকে একটি রাষ্ট্র ক্ষতিকর চিহ্নিত করে নিষিদ্ধ করছে, সেই মতাদর্শের প্রচার-প্রসার ইন্টারনেটে ঠেকিয়ে রাখা কতটা বাস্তবসম্মত? বিশ্বায়নের যুগে কোনো রাষ্ট্র যদি উত্তর কোরিয়ার মতো বিচ্ছিন্নতার পথ বেছে না নেয়, তাহলে ইন্টারনেটে খোলামেলা বিতর্ক কিংবা আলোচনা বন্ধ রাখা কি সম্ভব? তেমনটি সম্ভব হলে সবচেয়ে উন্নত ও শক্তিশালী দেশগুলোতে আইএসের মতো উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রচার এবং কর্মী সংগ্রহ এত দিন শূন্যের কোঠায় নেমে যেত।
৩.
মে মাসের গোড়ার দিকে (২ তারিখ) ছিল একজন সেরা বাঙালি লেখক ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন। সুতরাং, জন্মদিন উপলক্ষে দিন কয়েক ফেসবুকে তাঁর নির্মিত বেশ কিছু ছায়াছবি অনেকেই শেয়ার করেছেন। সেগুলো দেখতে দেখতে এই মহামানবের প্রতি আমার শ্রদ্ধাটা আরও বেড়ে গেল। তিনি যে কত বড় মাপের ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন তার ছাপ দেখলাম হীরক রাজার দেশেতে। শেষ করব ওই ছবির কালোত্তীর্ণ সংলাপের অংশবিশেষ দিয়ে:
রাজা: এরা যত বেশি পড়ে
তত বেশি জানে
তত কম মানে!–––
ঠিক কি না?
মন্ত্রীরা (সমস্বরে): ঠিক, ঠিক, ঠিক!
কামাল আহমেদ: সাংবাদিক।