
মুক্তিযুদ্ধ কেবল বাংলাদেশের নয়, সমগ্র বাঙালি জাতির ইতিহাসে একেবারে ব্যতিক্রমী অনন্য পর্ব। এমন বীরত্ব ও আত্মত্যাগের দৃষ্টান্ত জাতি হিসেবে বাঙালির ইতিহাসে আর মিলবে না। তাই এ আমাদের ইতিহাসের গৌরবময় সোনালি অধ্যায়। এর মর্যাদা ও স্থান আলাদা, সর্বোচ্চ।
আজকাল মনে সংশয় হয় এ কথা আমরা যতটা বলি, ততটাই উপলব্ধি করি কি না। বিনীতভাবে বলতে চাই গোড়া থেকেই এই মর্যাদা কীভাবে কাকে দেব এ নিয়ে আমাদের উদ্যোগগুলো যেন গভীর ভাবনার ফল নয়। কাদের মুক্তিযোদ্ধা বলা হবে বা বলা উচিত, তা নিয়ে আমাদের ভাবনা সব সময় এক জায়গায় স্থির ছিল না। অস্ত্র হাতে যাঁরা প্রত্যক্ষ ও গেরিলা যুদ্ধ চালিয়েছেন, তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে বীরত্বের পুরস্কার (গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড) পাবেন-এটাই স্বাভাবিক। ওই সময় শরণার্থী হিসেবে দেশান্তরি অনেকেই ভারতে প্রবাসী সরকারে থেকে বা তার অধীনে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছেন। আর অনেকেই প্রবাসে ও অবরুদ্ধ দেশে নানা পর্যায়ে নানা মাত্রায় মুক্তিযুদ্ধ ও যোদ্ধাদের সহায়ক শক্তিরূপে কাজ করেছেন-এঁরা মুক্তিযুদ্ধের কর্মী। তাহলে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধের কর্মী এই তিন ধারার মানুষকে পেলাম, যাঁরা মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হয়েছেন।
খুব উদার বা ঢালাও বিবেচনায় না গিয়ে প্রত্যেকের ভূমিকার চুলচেরা মূল্যায়ন হওয়া উচিত। এটা সংসদে আলোচনায় ঠিক হতে পারে, জনমতের প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে। এর বাইরে অবরুদ্ধ দেশে থেকে যাঁরা এভাবে সহায়তা করেছেন, তাঁদের জীবনের ঝুঁকি ছিল এবং অনেকেই শহীদ হয়েছেন। সব বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়ার সিদ্ধান্তটাও সঠিক হয়েছে। এভাবে মুক্তিযুদ্ধের সংগঠক ও কর্মীদেরও মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়া সংগত, কিন্তু এ রকম ঢালাওভাবে অনেককে সম্মান দেওয়া এক কথা আর প্রকৃত যোদ্ধার মূল্যায়ন ভিন্ন কথা। যেহেতু এ দেশের স্বাধীনতার জন্য গেরিলা যুদ্ধ ও সম্মুখ সমর হয়েছে, তাই রণাঙ্গনের অস্ত্রধারী যোদ্ধারা ভিন্ন মর্যাদায় গণ্য হবেন বা হওয়া উচিত।
যার সঙ্গে মর্যাদার প্রশ্ন যুক্ত, তাকে অনায়াসে আর্থিক বা বৈষয়িক লাভালাভের সঙ্গে সম্পর্কিত করা একটু মুশকিলের বিষয়। কেননা অনেক সময় এতে মর্যাদা বাড়ার পরিবর্তে ক্ষুণ্ন হয়। মুক্তিযুদ্ধের কারণে যোদ্ধারা বীরত্বের স্বীকৃতি পাবেন, রাষ্ট্র তাঁদের সম্মান জানিয়ে বিশেষ কিছু সুবিধা দেবে, যেমন সব রকম পরিবহনের টিকিটে রেয়াত দেওয়া। যুদ্ধাহত, অসুস্থ, দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা ও চিকিৎসা-সুবিধা রাখা সংগত। যেহেতু মুক্তিযুদ্ধ এক অর্থে ছিল জনযুদ্ধ, তাই রণাঙ্গনে উচ্চশিক্ষিত পেশাজীবী যেমন ছিলেন, তেমনি শিক্ষাবঞ্চিত কৃষক-যুবা বা কারখানার শ্রমিকেরাও ছিলেন। শেষোক্তদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার বিশেষ কার্যক্রম থাকতে পারত। সেটা শিক্ষা ও চাকরির ক্ষেত্রে প্রথম কুড়ি-পঁচিশ বছর এবং চিকিৎসার ক্ষেত্রে আজীবন হতে পারত।
আমার এখনো মনে হয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পুরস্কার হিসেবে সামরিক বাহিনীর মুক্তিযোদ্ধা অফিসারদের বাড়তি পদোন্নতির সিদ্ধান্ত সঠিক ছিল না। একটি পেশাদার ইউনিফর্মধারী বাহিনীর শৃঙ্খলার মানদণ্ড ও ঐতিহ্য তাতে ক্ষুণ্ন হয় এবং এ কারণেই দেশের সেনাবাহিনীতে গোড়াতেই বিভেদ ও অসন্তোষের বীজ বপন হয়েছিল ও তা ডালপালা মেলেছিল। এর খেসারত, যা অনেক ক্ষেত্রে চরম পর্যায়ে গেছে, বহু মেধাবী অফিসার এবং তার সূত্রে তাঁদের পরিবারকে ও গোটা দেশকে বহুকাল দিতে হয়েছে।
মুক্তিযুদ্ধ একটি বিপ্লবী যুদ্ধও ছিল বটে, এর ফলে একটি জাতি ও দেশের জন্মই কেবল হয়নি, এতে একটি গৃহস্থ সংসারমনস্ক জাতির সামরিক জাতে রূপান্তর ঘটেছিল। এমনকি কালের যাত্রায় পরিবর্তন ঘটলেও এই মানসের রেশ আর সম্পূর্ণ কাটেনি। বাঙালি, অন্তত বাংলাদেশে সে যে তারুণ্য অর্জন করেছে তাতে সাহসী ও সংগ্রামী উদ্দীপনার প্রাধান্য দেখা যায়। তবে হ্যাঁ, পরবর্তীকালে মুক্তিযুদ্ধকে ব্যক্তিগত বা সামষ্টিক লাভের জন্য ব্যবহারের প্রবণতা আমাদের মধ্যে সনাতন বাঙালির হীনতা ও দুর্বলতার চারিত্রিক বৈশিষ্ট্য বহুলাংশে ফিরিয়ে আনল। ঘটনার চার-পাঁচ দশক পরেও মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতাকে দোহন করে বৈষয়িক লাভের পথ খুঁজে বেড়াচ্ছি আমরা। এর ফলে দেখা যাচ্ছে সরকারের সচিব, কলেজের অধ্যক্ষ কি রাষ্ট্রের পদস্থ প্রকৌশলী ও সমাজের অনেক উচ্চস্তরের ব্যক্তিরাও ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধার সুবিধা নেওয়ার অপচেষ্টা করেছেন।
এখন মুক্তিযোদ্ধা পরিচয়কে তৃতীয় প্রজন্ম বা বংশপরম্পরায় লাভজনকভাবে ব্যবহারের পথ খুলে দেওয়ায় এমন নজির আরও বাড়বে। মুক্তিযুদ্ধ জাতির জন্য, তার চেতনা বিকাশের পথে এক কল্পতরু বা কামধেনু হতে পারে। কিন্তু যা জাতির অর্থাৎ সবার এবং সেই সঙ্গে অনাগত ভবিষ্যতের, তাকে কিছু মানুষের বৈষয়িক লাভের মধ্যে সীমাবদ্ধ করে দিলে কাজটা ঠিক হবে না। এতে মুক্তিযুদ্ধকে বৈষয়িক স্বার্থে ব্যবহারের হিড়িক পড়ে যাবে। ফলে মুক্তিযুদ্ধের চেতনা বা ভাবাদর্শ কে কোন হীন স্বার্থে বা সুদূরপ্রসারী ব্যক্তিগত অ্যাজেন্ডা পূরণের জন্য ব্যবহার করছে কিংবা করবে তা বোঝা দুঃসাধ্য হয়ে পড়বে। এভাবে আমরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার প্রকৃত মূল্য ও মর্যাদা লাঘব করে চলেছি। রবীন্দ্রনাথের অসামান্য গানের সেই দুটি চরণ মনে করা উচিত-নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান (প্রথম চরণ-আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে)।
ভাবাবেগ বাদ দিয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের পথে চলতে হবে। মুক্তিযুদ্ধ মর্যাদার বিষয় বলেই কোনো বিনিময়যোগ্য লাভজনক বিষয় নয়। তাই অবশ্যই মেধা ও দক্ষতার ঘাটতি পূরণের আরেকটি হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষয় হতে পারে না। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান বা পরিবারের সদস্যকে প্রয়োজনে বিশেষ সহযোগিতা দেওয়া যেতে পারে, কিন্তু সেটা শিক্ষায় বেতনে, ভর্তি ফিতে সুবিধার মতো বিষয়ে সীমাবদ্ধ থাকা উচিত, মেধা বা দক্ষতার ক্ষেত্রে নয়। ফলে প্রথমত, মুক্তিযোদ্ধার ঢালাও তকমা দেওয়া বন্ধ হওয়া উচিত এবং দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধের ৪৭ বছর পরে এ নিয়ে কোটাপদ্ধতি রাখা অনুচিত। এই ঢিলেঢালা অব্যবস্থার কারণে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে ব্যর্থ হলাম আমরা। এটি যুদ্ধজয়ী জাতির জন্য সীমাহীন লজ্জার বিষয়।
যখন মুক্তিযোদ্ধা সংসদ নামে ফুটবল দল তৈরি করা হয়েছিল, তখনো আমরা কেউ কেউ আপত্তি জানিয়েছিলাম, আমি কলাম লিখেও নিবৃত্ত করতে চেয়েছিলাম। যুক্তিটা এই যে মুক্তিযুদ্ধ আমাদের অহংকার ও গৌরবের উত্তরাধিকার। অথচ ফুটবল দলের জন্য জয়-পরাজয় স্বাভাবিক ব্যাপার। আমরা কি মুক্তিযুদ্ধকে পরাজয়ের সঙ্গে যুক্ত করতে পারি? আমার ধারণা পারি না, কাজটা অনুচিত। আজ মুক্তিযোদ্ধা সংসদ দলের কথাও শোনা যায় না। মুক্তিযুদ্ধের নামের এই পরিণতি অবশ্যই কাম্য ছিল না। মুক্তিযুদ্ধ নিয়ে সুবিধা আদায়-তা নাতির ভর্তি, ছেলের চাকরি বা দলের ভোট যা-ই হোক না কেন তাতে এই চেতনার ক্ষয় ঘটে। সুবিধাদির বহর ও আড়ম্বর বাড়তে থাকলে এ যুদ্ধের আসল যে মহিমা বীরত্ব, ত্যাগ ও বিজয়ের মধ্যে রয়েছে তা গুরুত্ব হারিয়ে ফেলবে। এখনই কি আমরা টের পাচ্ছি না মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং সেই চেতনা নিয়ে যা হয় তার অনেকখানিই বাগাড়ম্বর, ফাঁপা বুলি, প্রকৃত চেতনা ও ভাবাদর্শের মহিমা অনেকটাই কি ফিকে হয়ে যায়নি?
আবুল মোমেন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক