মুক্তির ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার জানা ছিল না যে পানিতে ভাসিয়ে দিলে পুরুষের লাশ চিৎ হয়ে ভাসে আর নারীর লাশ ভাসে উপুড় হয়ে। মৃত্যুর পর পানিতে এদের মধ্যে এইটুকুই তফাৎ।হাসান আজিজুল হক, একাত্তর করতলে ছিন্নমাথালাশ ভেসে যায় জলে। লাশ টেনে নিয়ে যায় নদীর ঢেউ। কোনোটি চিত হয়ে ভাসে, কোনোটি ভাসে উপুড় হয়ে। ভাসতে ভাসতেই পচন ধরে শরীরে। মাংসখেকো পাখিরা কিংবা মাংসভুক নদীর মাছেরা সে লাশ থেকে মাংস ছিঁড়ে খায়।লাশ পড়ে থাকে নদীর ধারে। লাশ পড়ে থাকে রাজপথে। রাজারবাগ পুলিশ লাইনে থ্রি নট থ্রি রাইফেলের শব্দ তুলে যে পুলিশ সদস্য যোগ দেয় দেশরক্ষায়, তার হাতে ধরিয়ে দেওয়া হয় দুনিয়া ছাড়ার ছাড়পত্র। গোলার আঘাতে কেঁপে ওঠে বিশ্ববিদ্যালয়ের হলগুলো। শিক্ষার্থীদের ধরে বেঁধে নিয়ে আসা হয় খোলা মাঠে। ব্রাশফায়ারে তাদের শরীর গুঁড়িয়ে দেওয়া হয়। কিন্তু মরে না তাঁদের স্বপ্ন। হাটে-মাঠে-ঘাটে শুধু লাশ আর লাশ। শকুনরা কি এত বড় মহাভোজে আগে কোনো দিন শরিক হতে পেরেছে? দাউ দাউ আগুন জ্বলেছে দেশটা জুড়ে। পোড়ামাটি নীতির মানে কী—সেটা ওই হানাদার বাহিনী জানিয়ে দিয়েছে আমাদের।আমি ১৯৭১ সনের ২৮ মার্চ আমাদের সুইপার সুপারভাইজার পঞ্চমের দলে মিটফোর্ড হাসপাতালের লাশঘর থেকে লাশ তুলেছি। কয়েকদিন আমি সুপারভাইজার সাহেব আলীর দলে মিলব্যারাক পুলিশ লাইনের নদীর পাড় থেকে পনের জন যুবক, একজন সাধু ও বৃদ্ধার ক্ষত-বিক্ষত, ফুলো, পচা লাশ তুলেছি। প্রতিটি লাশ চোখ ও হাত-পা বাঁধা ছিল।বদলু ডোম, ওয়ারী সুইপার কলোনী বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, দলিলপত্র, অষ্টম খণ্ডগণহত্যার সংজ্ঞা বোঝানোর ব্যবহারিক শিক্ষা দেওয়ার আয়োজন করেছিল ওরা। তারিখটি লক্ষ করুন। ২৮ মার্চ। লাশগুলো ছিল ক্ষত-বিক্ষত, ফুলো, পচা...। এ রকম ক্ষত-বিক্ষত, ফুলো, পচা লাশে ছেয়ে ছিল দেশ। নয় মাসজুড়ে চলেছে এই হত্যাযজ্ঞ।যুদ্ধ বাধলে আমরা সবাই খুলনাতেই আছি। সান্ধ্য আইন চলছে, ঘরের বের হবার উপায় নেই। ৩রা চৈত্র রাত ১০.৩০টায় ৬ জন পাকসেনা আমাদের বাড়ি ঢোকে। আমরা তখন আকাশবাণীর খবর শুনছি। পাক সেনারা ঢুকে আমার স্বামীকে ডাকে, তারপর ঘরে ঢুকে আমার সকল গহনা খুলে দিতে বলে। আমি সকল গহনা খুলে দিই আর যা টাকা পয়সা ছিল সব নিয়ে আমার স্বামীকে নিয়ে চলে যায়। রাত ১১-৩০টায় গুলির আওয়াজ পেলাম। পরে শুনলাম আলতাফ গলির মোড়ে ৮ জনকে গুলি করে, ৬ জন মারা যায়, ২ জন বেঁচে যায়—একজন চিত্ত, অপরজন রবি। আমার স্বামী ঐদিন মারা যায় পাক সেনাদের গুলিতে।তারপর আমি আমার ৪ মাসের বাচ্চা নিয়ে মাইলের পর মাইল হেঁটে বহু দূরে আমার গ্রামের বাড়ি যাই। ওখান থেকে কয়েক দিন হেঁটে বহু লাঞ্চনা সয়ে ভারতে যেতে পারি। দেশ স্বাধীন হলে দেশে আসি, আমার কেউ দেখার নেই, বাড়িঘর নেই। সম্পূর্ণ অসহায় নিঃসহায় শুধু ভাবছি এমনি যন্ত্রণা নিয়ে আর কদিন বাঁচব।নীলিমা রাণী দাস, সাউথ সেন্ট্রাল রোড, খুলনাবাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, দলিলপত্র, অষ্টম খণ্ডনীলিমা রাণী দাস কি এখনো বেঁচে আছেন? তিনি কি সত্যিই বেঁচে ছিলেন আর, যুদ্ধের সময় বা যুদ্ধের পরে? ৪ মাস বয়সী শিশুকে নিয়ে মাইলের পর মাইল পাড়ি দিলেন যে মানুষটি, তাঁর হূদয়ে কতটা যন্ত্রণা লেখা থাকে, তার খবর কি আমরা কেউ রাখি? মুক্তিযুদ্ধে নারী কেমন ছিল, কী যুদ্ধ ছিল তাদের অস্তিত্বজুড়ে, সে খবর কি কেউ রেখেছি আমরা?নয় মাসের এই হত্যাযজ্ঞের ভিতর থেকেই উঠে এল একটি দেশ। ষোলোই ডিসেম্বরে গোলাগুলির আওয়াজে আতঙ্ক ছিল না। এ ছিল বিজয়ের প্রকাশ। ঢাকা শহরের প্রতিটি প্রবেশপথ ধরে মুক্তিযোদ্ধারা ঢুকছিল। মুক্তি! মুক্তি! মুক্তি! স্বাধীনতা! এই আনন্দ, এই মুক্তির আস্বাদ কটা দেশের মানুষ পেয়েছে?ডিসেম্বর ১৬বৃহস্পতিবারআজ ১২টায়...যুদ্ধবিরতির পর মুক্তিফৌজ ঢাকার পথে পথে এসে আবার সোচ্চার হলো ‘জয় বাংলা’ উচ্চারণে।সুফিয়া কামাল, একাত্তরের ডায়েরী রক্তে ভেজা একটি ভূখণ্ডে ফুটল মুক্তির ফুল। আজ বিজয়দিবস।পাঠক, আপনার কাছেই প্রশ্ন, সেই মুক্তির ফুলটিকে কি সযত্নে রাখতে পেরেছি আমরা?নিজেকেই একবার প্রশ্ন করুন তো!তবু বলি, ষোলোই ডিসেম্বর এক মহৎ সত্যের জন্ম হয়েছে। সেই সত্যকে শরীরে জড়িয়ে নিলে কোনো ভয় বা শঙ্কা আর থাকে না। থাকবে না সুদূর বা অদূর ভবিষ্যতেও।জাহীদ রেজা নূর