
চারদিকে কী রকম একটা গুমোট পরিবেশ। সারা দিন অনলাইন পত্রিকা খুলে রাখি, টেলিভিশনের পর্দার নিচে খবর গড়াগড়ি করে, সেসব পড়ি, ফেসবুকের হোমে থাকি, এই বুঝি কিছু ঘটল? কোনো দিন যদি ভালো যায়, মনে হয়, আহা, কী একটা অসাধারণ ঘটনা ঘটল, আজকে কোথাও তেমন কিছু ঘটেনি! কী একটা দিনই না আজকে পৃথিবী উপহার দিল!
ফেসবুকের হোমে কিন্তু বুদ্ধিদীপ্ত সব জিনিসপত্র আসে।
এগুলোকে কি মিম (meme) বলা হয়?
যেমন ধরুন, একটা পোস্ট, যা দেখতে পোস্টকার্ড কিংবা পোস্টারের মতো, তাতে লেখা—
‘তনু চাপা পড়ল মিতুতে।
মিতু চাপা পড়ল গুলশানে।
গুলশান চাপা পড়ল শোলাকিয়ায়।
সবকিছুর নিচে চাপা পড়ল রামপাল।’
আর আমাদের বেলায়, গুলশানের শোক কাটতে না কাটতেই শোলাকিয়া।
শোলাকিয়া নিয়ে ভাবতে না ভাবতেই ফ্রান্সে ট্রাক চাপা দিয়ে ৮৪ জন মানুষ হত্যা।
আবার ফ্রান্স বুঝে ওঠার আগেই তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান।
আমাদের একটা মুহূর্তও ভালো যায় না। চারদিকে গুজব আর আতঙ্ক।
এই সময়ে আমি একটা মাত্র জিনিস দেখলাম, যাতে খানিকটা আশাবাদী হওয়া চলে।
তা হলো বগুড়ার চরে শত শত পুলিশ, র্যাব, বিজিবি সারা দিন ধরে অভিযান চালিয়ে তিনটা পুরোনো মরচে পড়া চাপাতি উদ্ধার করেছে।
আপনারা বলবেন, এর মধ্যে আশার আলোটা কোথায়?
আশার আলোটা হলো, চেষ্টায়। আমরা চেষ্টা করেছি। কিন্তু তার চেয়েও বড় আলো আছে এই ঘটনায়। তা হলো সততায়, সত্যতায়। এই অভিযানে তেমন কিছু পাওয়া যায়নি, এটা যে তারা সহজে স্বীকার করে নিলেন, এখানেই আমি আশাবাদী হওয়ার উপাদান পাই।
আপনারা জানেন, বাংলাদেশের পুলিশদের নিয়ে একটা কৌতুক প্রচলিত আছে।
তিন দেশের পুলিশ একটা আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছে। আমেরিকার পুলিশকে বলা হলো, জঙ্গল থেকে হরিণ ধরে আনতে। আমেরিকার পুলিশ দুই ঘণ্টার মধ্যে দুটি হরিণ ধরে আনল।
ফ্রান্সের পুলিশকে বলা হলো, হরিণ ধরে আনতে। তারা ছয় ঘণ্টা পরে একটা হরিণ ধরে নিয়ে এল।
এরপর বাংলাদেশের পুলিশের পালা। তারা সেই যে গেল ফেরার নাম নেই। দুদিন পরে ফিরে এল তারা একটা ছাগল নিয়ে।
‘এ কী? ছাগল কেন?’
‘আরে এরে রিমান্ডে নিতে দেন। ছাগল নিজেই কইব আমি হরিণ।’
এটা নিতান্তই কৌতুক। আমরা আশা করি, বাস্তবতার সঙ্গে এই কৌতুকের কোনো সম্পর্ক নেই।
এখন আমাদের কর্তৃপক্ষ যদি সত্য কথা বলে, সততা অবলম্বন করে, তাহলে কিন্তু সব দিক থেকেই ভালো। সততাই শ্রেষ্ঠ পন্থা।
জজ মিয়াকে ধরে গ্রেনেড হামলার আসামি না বানালেই হলো। জজ মিয়ার পরিবারকে আবার পুলিশই পুষত, মাসোহারা দিত।
যাই হোক, এই রকম সময়ে, যখন গাছ থেকে পাতা ঝরার শব্দেও বুক কেঁপে ওঠে, তখন সবচেয়ে ভালো নাকি হাসিখুশি থাকা। ভয় না পাওয়া। কারণ, সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য হলো মানুষকে ভয় পাইয়ে দেওয়া। আমরা যদি ভয় পাই, দরজা-জানালা বন্ধ করে রাখি, অফিস-আদালত, দোকানপাট না খুলি, সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যই তাতে শুধু সফল হয়। কাজেই নন্দলালের মতো ঘরে বসে না থেকে আমাদের স্বাভাবিক কাজকর্ম করে যেতে হবে।
এই কারণে আমি ঠিক করেছি, আজকের গদ্য কার্টুনে আমি হাসিঠাট্টা করব। কৌতুক পরিবেশন করব।
ফেসবুকে কথাসাহিত্যিক মাহবুব মোরশেদের পরিবেশিত একটা গল্প পড়ে খিলখিল করে হেসে উঠেছি...শেষ লাইনটা পড়া শেষ করে। এটা আমি এখন নিজের ভাষায় বলব।
এক গৃহস্থের বাড়িতে গরুচোর এসেছে। এলাকায় গরুচোরের উপদ্রব ছিল। কাজেই গৃহস্থ তাড়াতাড়ি গোয়ালঘরে গেলেন।
চোরেরা করল কী, সঙ্গে সঙ্গে গৃহস্থের মুখ চেপে ধরল। গরুর মুখ বাঁধার কুলুপ দিয়ে তাঁর মুখ বন্ধ করে দিল। আর তাঁর হাত
দুটো পেছনে বেঁধে তাঁকে গরুর খুঁটির সঙ্গে বাঁধল। তারপর গরুটাকে নিয়ে চোরেরা চম্পট দিল। গাই গরু। ভালো দুধ দেয়। তার বাছুর রইল ছাড়া।
সকাল হলো। বাড়ির মানুষ গৃহস্থকে খুঁজে না পেয়ে একসময় গোয়ালে এসে দেখল, গৃহস্থ গরুর খুঁটির সঙ্গে বাঁধা। তাঁর মুখও বাঁধা। তারা গৃহস্থকে মুক্ত করল, তাঁর হাতের বাঁধন ও মুখের বাঁধন দিল খুলে।
গৃহস্থ ছাড়া পেয়েই গরু পেটানোর লাঠি নিয়ে ছুটল বাছুরের দিকে।
বাছুরটাকে সে মারতে লাগল।
সবাই বলল, করো কী, করো কী। বাছুরটাকে মারো কেন?
গৃহস্থ বলল, হারামজাদা বাছুরকে কত করে বোঝানোর চেষ্টা করলাম, আমি তোর মা না। হারামজাদা কিছুতেই বোঝে না।
এই গল্পের উপদেশ কী, আমার জানা নেই। হয়তো এ এমন এক সময়, কার দোষে কে যে কোথায় বাঁধা পড়ছে, আর কে যে কাকে মারধর করছে, কিছুই বোঝা যাচ্ছে না।
তবে একটা জিনিস বেশ বোঝা যাচ্ছে, তা হলো, গৃহস্থের মুখটা বাঁধতে হয়। গরুর মুখে বাঁধার টোপর দিয়ে বাঁধতে পারলে ভালো।
কিন্তু তাই বলে শিল্পকলা একাডেমিতে নাটকের দলকে নাটক করতে দেওয়া হবে না, নাটক শুরুর আগে সেখানে আনু মুহাম্মদ সুন্দরবন নিয়ে কথা বলবেন, এই ভয়ে। রামপাল নিয়ে কথা বলবেন, এই আশঙ্কায়।
আনু মুহাম্মদ কী বলতে পারতেন? রামপাল আমাদের পরিবেশের জন্য ÿক্ষতিকর। এটা হতে দেওয়া হবে না। সুন্দরবন বাঁচাতে হবে। এটা তো সুলতানা কামাল সেদিনই বললেন সর্বসমক্ষে, আমরা টেলিভিশনে দেখলাম, খবরের কাগজে পড়লাম। শ তিনেক দর্শকের সামনে এটা তাঁকে বলতে দিলে কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত।
কথা বলতে দিন। প্রতিবাদ জানাতে দিন। নাটক করতে দিন। আমি জানি, নাটকের মঞ্চে কথা বলাটা উচিত নয়। নাটকের মঞ্চে নাটক হওয়াই যুক্তিসংগত। তবু কথা বলতে দিলে কিছু্ই হতো না, কথা বলতে না দেওয়ায় মঞ্চের বাইরে হয়ে গেল বড় নাটক।
ফরাসি, আমেরিকান আর বাংলাদেশের ডাক্তাররা এক সম্মেলনে মিলিত হয়েছেন।
ফরাসি বললেন, আমাদের চিকিৎসাব্যবস্থা এত উন্নত যে আমরা করোটি না খুলেই ব্রেনের অপারেশন করতে পারি।
আমেরিকান বললেন, আমাদের চিকিৎসাব্যবস্থা এত উন্নত যে হার্ট বের না করেই আমরা হার্টের অপারেশন করতে পারি।
রুশ ডাক্তার বললেন, আমাদের চিকিৎসা এত উন্নত যে আমরা মুখ না খুলেই দাঁতের অপারেশন করতে পারি।
মুখ খুলতে কী অসুবিধা—রুশ ডাক্তারকে জিজ্ঞাসা করলেন আমেরিকান আর ফরাসি ডাক্তার।
‘আমাদের দেশে যে মুখ খোলা বারণ।’
এখন কি রাশিয়ার বদলে বাংলাদেশি ডাক্তাররাও একই কথা বলবেন?
মানুষকে কথা বলতে দিন। চিত্তের স্বাধীনতাই হলো আসল স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা বহু সমস্যার নিয়মতান্ত্রিক সমাধান সম্ভবপর করে তুলতে পারে।
*শর্ত প্রযোজ্য: মন্ত্রীরা কথা কম বললেই বোধ হয় ভালো। সব তথ্য একজন মন্ত্রী আগেভাগেই জানতেন, কথাটা যুক্তিসংগত বলে মনে হয় না।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।