মুচির কথাও শুনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কথা তো সত্যি, নাগরিকেরা নগরজীবনের যেকোনো ভোগান্তির জন্য সিটি করপোরেশনকে দায়ী করেন। নির্বাচনের সময় নগর উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিতে হয় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের। সেই প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, তার হিসাব-নিকাশ বলতে গেলে শুরু হয় মেয়রের দায়িত্ব গ্রহণের শুরুর দিনটি থেকেই। কিন্তু চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব যে ২৮টি প্রতিষ্ঠানের মধ্যে বণ্টন করা হয়েছে, তাদের মধ্যে সমন্বয় সাধন করতে না পারলে মেয়র বা সিটি করপোরেশন তো অসহায়। সমন্বয়হীনতার কারণে উন্নয়নই যে অনেক সময় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, তার প্রমাণ নিকট-অতীতেই পেয়েছি আমরা।
যেমন, নিয়ম থাকা সত্ত্বেও নগরের তিনটি উড়ালসড়ক নির্মাণের সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অনাপত্তিপত্র নেয়নি বলে জানিয়েছে চসিকের প্রকৌশল বিভাগ। এই সমন্বয়হীনতার কারণে উড়ালসড়কের কাজের সময় এর দুই পাশের ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের দায় নিতে রাজি নয় দুটি প্রতিষ্ঠানের কোনোটিই। অতএব দীর্ঘদিন ভোগান্তি সহ্য করতে হলো নগরবাসীকেই।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় সমস্যাটির নাম জলাবদ্ধতা। সহজে নিরাময়যোগ্য রোগ নয় এটি। তবে সমস্যা নিরসনের যেটুকু উদ্যোগ নেওয়া হয়েছে, তারও সুফল পাওয়া যায়নি সমন্বয়হীনতার কারণে। ওয়াসার পানি সঞ্চালনের পাইপ নিয়ে যাওয়া হয়েছে খাল ও বড় নালাগুলোর ওপর নির্মিত সেতু ও কালভার্টের তলদেশ দিয়ে। ফলে খাল-নালার ভাসমান ময়লা-আবর্জনা এসব পাইপে আটকে গিয়ে পানির স্রোতে বাধা সৃষ্টি করেছে। বারবার পরিষ্কার করা হলেও ভরাট হয়ে যাচ্ছে খাল-নালাগুলো। অথচ
ওয়াসা পাইপলাইন স্থাপনের আগেই চসিকের সঙ্গে বোঝাপড়া করে নিলে এই সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান বের করা সম্ভব হতো।
নগরের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে যায়। খালগুলোর মুখে স্লুইসগেট নির্মাণের দাবি দীর্ঘদিনের। সিটি করপোরেশন জলাবদ্ধতা নিরসনের কাজ করবে, কিন্তু স্লুইসগেট নির্মাণের এখতিয়ার পানি উন্নয়ন বোর্ডের। এখানেও আসছে সমন্বয়হীনতার অভিযোগ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, রেলওয়ে, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডের মতো সংস্থাগুলো যে যার মতো করে উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই উন্নয়নকাজের সুফল ভোগ করার আগেই নগরবাসী বিড়ম্বনার শিকার হচ্ছেন। যেমন, সিডিএ যখন দুই পাশের স্থাপনা ভেঙে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করে, তখন জনসাধারণ সাময়িক ভোগান্তি মেনে নেয় দীর্ঘস্থায়ী সুফল পাওয়ার আশায়। কিন্তু রাস্তা সম্প্রসারণের কাজটি যখন সম্পন্ন হলো, তার অল্প কিছুদিনের মধ্যেই আবার রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু হয়ে যায় ওয়াসার পানি সঞ্চালন লাইন স্থাপনের জন্য বা অন্য কোনো সংস্থার একই ধরনের কোনো উন্নয়নকাজের জন্য। ‘উন্নয়ন’ তখন ‘ভোগান্তি’র প্রতিশব্দ হয়ে ওঠে নগরবাসীর কাছে। তৈলাক্ত বাঁশ বেয়ে বানরের ওপরে ওঠার কসরতের মতো উন্নয়ন প্রচেষ্টাও ওঠানামা করতে থাকে।
সম্প্রতি সার্বিক উন্নয়ন পরিকল্পনা-বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করেছিলেন চসিকের নতুন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ২৮টি সংস্থার প্রধানের সঙ্গে আলোচনায় মূলত সমন্বয়ের কথাটিই তুলে ধরেছেন তিনি। বৈঠকের আগে কিছুটা হোমওয়ার্কও যে করেছিলেন, তার প্রমাণ পাওয়া গেল প্রজেক্টরের মাধ্যমে পরিকল্পনা উপস্থাপন ও ২৮টি প্রতিষ্ঠানের কাছে তাঁর সুনির্দিষ্ট ১২৪টি প্রত্যাশা ব্যক্ত করার প্রক্রিয়াটি দেখে।

>পায়ে ধুলা-কাদা যাতে না লাগে, তার জন্য নিজের পা-টি চামড়া দিয়ে মুড়ে নেওয়ার পরামর্শটি রাজাকে দিয়েছিলেন সামান্য একজন মুচি। সুতরাং মুচির পরামর্শেরও মূল্য আছে

বলা বাহুল্য, সব কটি সংস্থার প্রধান মেয়রকে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মেয়র প্রতি তিন মাসে একবার এই ধরনের সভা করে কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন বলেও জানিয়েছেন। অভিজ্ঞতা থেকে বলতে পারি, শুরুর দিকে এসব বৈঠকে বিভিন্ন সংস্থার প্রধানেরা উপস্থিত থাকলেও পরে প্রতিনিধি পাঠিয়ে কাজ সারতে চান। সমন্বয়ের ব্যাপারটি তখন কার্যকারিতা হারায়। কথা হচ্ছে, বিভিন্ন উন্নয়ন সংস্থা সরাসরি বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। যেমন চউক গণপূর্ত মন্ত্রণালয়, বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড পানিসম্পদ মন্ত্রণালয় ও সিটি করপোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। এখানে সমন্বয়ের ব্যাপারটি অনেক সময় উপেক্ষিত হয়। এই কারণেই সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী নগর সরকার গঠনের দাবি তুলেছিলেন। সদ্য নির্বাচিত মেয়রও একই প্রস্তাব তুলেছেন। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। অবশ্য সদিচ্ছা থাকলেও সমন্বয়ের ব্যাপারটি অসম্ভব নয় বলে মনে করি আমরা।
মেয়রের সামনে এখন সমস্যার পাহাড়। অথচ ৩০০ কোটি টাকা দেনা নিয়ে যাত্রা শুরু হয়েছে তাঁর। অন্যদিকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে কর বাবদ সিটি করপোরেশনের পাওনা রয়েছে প্রায় ৩০৩ কোটি টাকা। এই টাকা আদায় এখন বিরাট চ্যালেঞ্জ। পাশাপাশি সরকারের কাছ থেকে উন্নয়ন-বরাদ্দ পাওয়ার জন্যও দেনদরবার করতে হবে। তবে সরকারদলীয় মেয়র হিসেবে এ ক্ষেত্রে তিনি বাড়তি সুবিধা পাবেন বলেই ধারণা করি। সদ্য সাবেক মেয়র মনজুর আলম বিরোধী দল-সমর্থিত ছিলেন বলে তিনি নগর উন্নয়নের জন্য প্রাপ্য সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন, এমন একটি ধারণা প্রচলিত আছে। তবে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো বা এ ব্যাপারে দেনদরবার করার ব্যাপারে যথেষ্ট দক্ষতা-যোগ্যতা তিনি দেখাতে পারেননি বলেও অনেকে মনে করেন।
এ মুহূর্তে রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে মেয়রকে। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের ব্যাপারটি এখানে গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রকৌশলী, স্থপতি, নগর পরিকল্পনাবিদদের মতামত ও পরামর্শ নেওয়া জরুরি। চট্টগ্রাম শহরের মাস্টারপ্ল্যান প্রণয়নের সঙ্গে যাঁরা সম্পৃক্ত ছিলেন, তাঁদের পরামর্শ এর আগে বারবার উপেক্ষিত হয়েছে। অপরিকল্পিত উন্নয়ন যে শেষ পর্যন্ত গোদের ওপর বিষফোড়া হয়ে দাঁড়ায়, তার সাম্প্রতিক উদাহরণ বহদ্দারহাট উড়ালসড়ক। এই ‘বিরাট’ উদ্যোগটি যে শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, তা প্রমাণের জন্য কোনো তথ্য-উপাত্ত উপস্থাপনের প্রয়োজন হয় না। প্রায় যানবাহনশূন্য উড়ালসড়ক ও তার নিচেই রাস্তায় যানজটের তীব্রতা চোখে আঙুল দিয়ে সেই ব্যর্থতাকে দেখিয়ে দেয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতাটির কথা উল্লেখ করে প্রকৌশলী সুভাষ বড়ুয়া এক সাক্ষাৎকারে খেদোক্তি করেছেন, ‘জুতা আবিষ্কারে রাজা মুচির পরামর্শ নিয়েছিলেন। সমাজকর্মে নিবেদিত যোগ্য লোককে কাজে লাগাতে হবে, শুধু টাকা খরচ করলে উন্নয়ন হবে না।’ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়নের সময় সুভাষ বড়ুয়া ‘ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন’ বিষয়ে কাজ করেছিলেন। ইউএনডিপির সঙ্গে স্থানীয় পরামর্শক হিসেবে ট্রাফিক জরিপ পরিচালনা ও প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরিতে তাঁর অবদান আছে। সুতরাং তাঁর ক্ষোভ ও দুঃখের কারণ কতটা যুক্তিসংগত, তা খতিয়ে দেখার প্রয়োজন আছে। তাঁর মতো আরও অনেকে এই নগরের উন্নয়ন নিয়ে ভাবেন, গবেষণা করেন। ‘ফোরাম ফর প্ল্যান্ড চিটাগং’-এর মতো সংগঠনের সদস্যরা সভা ও সেমিনার করে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাঁদের মতামত আমলে নিলে এই নগরের পরিকল্পিত উন্নয়ন ত্বরান্বিত হতে পারে বলে আমাদের ধারণা।
মেয়র মহোদয়, পায়ে ধুলা-কাদা যাতে না লাগে, তার জন্য নিজের পা-টি চামড়া দিয়ে মুড়ে নেওয়ার পরামর্শটি রাজাকে দিয়েছিলেন সামান্য একজন মুচি। সুতরাং মুচির পরামর্শেরও মূল্য আছে।
বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।
[email protected]