মুজিব হত্যা, খুনি মেজররা ও আমাদের দ্বিচারিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পঁচাত্তরের ১৫ আগস্টের ঘটনা একই সঙ্গে বেদনার ও আত্মসমালোচনার। বেদনার এ কারণে যে বাংলাদেশ এই দিনে তার স্থপতিকে হারিয়েছে। আর আত্মসমালোচনা এ কারণে যে সেই হত্যাকাণ্ডের নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী হলেও সেদিন অনেকেই তা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন। যাঁরা মুজিবের রাজনৈতিক অনুসারী ছিলেন, তাঁদের অধিকাংশ আত্মরক্ষাকে উত্তম মনে করেছিলেন। আর বিরোধীরা দেশ ও গণতন্ত্র উদ্ধারের দায়িত্বটি কতিপয় মেজরের রক্তমাখা হাতে ন্যস্ত করে দারুণ আহ্লাদিত হয়েছিলেন। অনেকে দাবি করেন, একদলীয় শাসন তথা গণতন্ত্রহীনতাই দেশকে ১৫ আগস্টের বেদনাদায়ক ঘটনার দিকে ঠেলে দিয়েছে। সত্যি কি তাই? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড কি অনিবার্য ছিল? ইতিহাস সাক্ষ্য দেয়, ১৫ আগস্টের রক্তপাত দেশে গণতন্ত্র, সুশাসন—কোনোটাই দিতে পারেনি। কোনো দেশেই সামরিক জান্তা স্বেচ্ছায় গণতন্ত্র ফিরিয়ে দেয় না; নিজেদের ক্ষমতা জায়েজ করতে বড়জোর তারা স্বৈরশাসনের গায়ে গণতন্ত্রের লেফাফা মুড়ে দেয়।
১৫ আগস্টের অভ্যুত্থানকারীরা সপরিবারে মুজিবকে হত্যা করলেও তাঁর সরকারের সদস্যদের নিয়েই নতুন সরকার গঠন করেন, মুজিবের সেনা ও বেসামরিক প্রশাসন এবং সংসদ বহাল রাখেন। তাঁদের প্রথম ও প্রধান উদ্দেশ্য ছিল মুজিবকে সরিয়ে দেওয়া এবং সেই কাজটি সম্পন্ন হওয়ার পর তাঁরা বুঝতে পারছিলেন না কী করবেন। তাই অভ্যুত্থানকারীরা পরামর্শক হিসেবে বেছে নিলেন আওয়ামী লীগেরই কতিপয় বিতর্কিত নেতা ও পাকিস্তানপন্থী আমলাকে। দীর্ঘ মেয়াদে দেশ শাসনই যদি তাঁদের উদ্দেশ্য হতো, তাঁরা মুজিববিরোধী রাজনৈতিক দল ও নেতাদের সঙ্গে যোগাযোগ করতেন। অভ্যুত্থানকারীদের কেউ কেউ মুক্তিযুদ্ধে অংশ নিলেও রাজনৈতিক চিন্তাভাবনায় ছিলেন ঘোরতর রক্ষণশীল ও সাম্প্রদায়িক। সৈয়দ ফারুকুর রহমান ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত ইসলামি হুকুমত কায়েমের খোয়াব দেখতেন। এই ক্ষুদ্র সামরিক চক্র রাষ্ট্র ও রাজনীতিতে সাম্প্রদায়িকতার যে ভয়াবহ ক্ষত তৈরি করেছিল, তার দায় জাতিকে সম্ভবত আরও বহু বছর বয়ে বেড়াতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ব্যর্থতা নিজের নিরাপত্তার বিষয়ে ঔদাসীন্য কিংবা প্রশাসনিক অব্যবস্থা নয়, দলটির নেতা-কর্মীদের আদর্শবাদী হিসেবে গড়ে তুলতে না পারা। সুরক্ষিত ঘরে কিংবা আপন রক্ষীদের হাতে অনেক দেশের নেতা-নেত্রী খুন হয়েছেন। কিন্তু নেতার মৃতদেহ সিঁড়িতে রেখে তাঁর দলের লোকদের এভাবে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার নজির নেই। অস্বীকার করার উপায় নেই যে মুজিব সারা জীবন যে দলের নেতা-অনুসারীদের নিয়ে গৌরব বোধ করতেন, সেই দলের নেতাদের একাংশ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, অপরাংশ চরম কাপুরুষতার পরিচয় দিল।
অন্যদিকে, যে মুজিব একাত্তরে পাকিস্তানি জেলখানায় বসেও জাতির ঐক্য ও স্বাধীনতার প্রতীক হয়েছিলেন, সেই মুজিব বাহাত্তরে দেশে ফিরে নিজ দলকেই ঐক্যবদ্ধ রাখতে পারেননি। আওয়ামী লীগের সবচেয়ে চৌকস ও মেধাবী তরুণ কর্মীরা মিলে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ নামে নতুন দল করে তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন এবং পঁচাত্তরের ১৫ আগস্ট তিনি খুন না হওয়া পর্যন্ত তাঁরা থামলেন না। ‘আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র’ এই দলের মূলমন্ত্র বলা হলেও বরখাস্ত হওয়া দুর্নীতিবাজ আমলা থেকে শুরু করে কট্টর স্বাধীনতাবিরোধীরাও সেখানে ঠাঁই পেয়েছিলেন।
ভূরাজনৈতিক কারণ ছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীর উত্তরাধিকার বহন করা সেনা কর্মকর্তাদের অধিকাংশের মধ্যে যে ভারতবিরোধী মনোভাব জাগ্রত ছিল, বিপ্লবী সৈনিক সংস্থার নামে জাসদের গুপ্ত সংগঠনটি তার জোশ কয়েক গুণ বাড়িয়ে দেয়। ফলে ১৫ আগস্ট ও ৭ নভেম্বরের কথিত অভ্যুত্থানে ভারতবিরোধী ও সাম্প্রদায়িক স্লোগানের নিচে কথিত সমাজ বিপ্লবের আকাঙ্ক্ষা চাপা পড়ে যায়। মুজিবকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হলেও ইতিহাস সাক্ষ্য দেয়, জাতীয় স্বার্থ রক্ষায় ভারতের সঙ্গে তিনি যতটা দর-কষাকষি করেছেন, উত্তরসূরিদের কেউ তা করতে পারেননি। শত সীমাবদ্ধতা ও ব্যর্থতা সত্ত্বেও এই মানুষটিই যে বাংলাদেশের স্বাধীন সত্তার সঙ্গে অবিভাজ্য হয়ে গিয়েছিলেন, সে সময়ে আমাদের অনেক বিপ্লবী তাত্ত্বিক, বামপন্থী রাজনীতিক, উচ্চমার্গীয় বুদ্ধিজীবী উপলব্ধি করতে পারেননি। এখন কি পেরেছেন?
সন্দেহ নেই, মুজিব দক্ষ সংগঠক ছিলেন, প্রায় শূন্য থেকে দলকে বিশাল মহিরুহে পরিণত করেছিলেন। কিন্তু তিনি দলে আদর্শবান নেতা ও কর্মী তৈরি করতে পারেননি। পারলে তাঁর মৃতদেহ ৩২ নম্বরে রেখে আওয়ামী লীগের নেতারা কুচক্রী মোশতাকের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতেন না। সেদিন মন্ত্রিসভার সদস্যদের সবাই বন্দুকের মুখে শপথ নেননি। বঙ্গবন্ধু শত্রু-মিত্র চিনতে ভুল করেছিলেন। নৈতিক স্খলনের দায়ে মিজানুর রহমান চৌধুরী এবং দুর্নীতির দায়ে নুরুল ইসলাম মঞ্জুরকে বাদ দিলেও বহাল তবিয়তে রাখেন তাহের উদ্দিন ঠাকুর, ওবায়দুর রহমান প্রমুখকে, যাঁরা কয়েক ঘণ্টার ব্যবধানে অভ্যুত্থানকারীদের প্রতি আনুগত্য প্রকাশে দ্বিধা করেননি। আনুগত্যের ঘাটতি আছে সন্দেহে মুজিব তাজউদ্দীন আহমদকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেও বহাল রেখেছিলেন ধুরন্ধর মোশতাককে, যিনি ১৫ আগস্টের খুনিদের অভিহিত করেছিলেন ‘সূর্যসন্তান’ হিসেবে।
১৫ আগস্টের ঘটনা আমাদের রাজনীতিক ও বুদ্ধিজীবীদের একাংশের প্রবল সুবিধাবাদিতা ও আদর্শহীনতার কথাও মনে করিয়ে দেয়। প্রবীণ রাজনীতিক আতাউর রহমান খান স্বেচ্ছায় বাকশালের সদস্য হয়েও পরবর্তীকালে ১৫ আগস্টকে ‘নাজাত দিবস’ হিসেবে পালন করেছিলেন। যে মওলানা আবদুল হামিদ খান ভাসানী জুন মাসে সন্তোষে মুজিবের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, তিনিই আবার ১৫ আগস্টের পর মোশতাক সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন। যে আনোয়ার হোসেন মঞ্জু বাকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সংবর্ধনা নিয়েছিলেন, তিনিই আবার ১৫ আগস্টের পরিবর্তনকে স্বাগত জানিয়ে সম্পাদকীয় লিখেছিলেন। কেবল তা-ই নয়, সেদিন আরও অনেক প্রগতিশীল লেফাফাধারী সাংবাদিক নেতা, শিক্ষক নেতা ও আইনজীবী নেতা রাতারাতি

ভোল পাল্টে মুজিববিরোধী হিসেবে সামরিক চক্রের সঙ্গে হাত মিলিয়েছিলেন। তাঁদের একটি বড় অংশ মুজিব সরকারের সমালোচনা করতে গিয়ে ঘাতকদের পক্ষে ওকালতি করতেও দ্বিধা করেনি। এটাই হলো আমাদের আদর্শগত দেউলিয়াত্ব ও দ্বিচারিতার প্রকৃষ্ট উদাহরণ। অনেকের অভিযোগ, রক্ষীবাহিনী করার কারণেই শেখ মুজিব খুন হয়েছেন। রক্ষীবাহিনী নিয়ে সেনাসদস্যদের মধ্যে ক্ষোভ ছিল, এ কথা সত্য। কিন্তু ১৫ আগস্টের পর সেই রক্ষীবাহিনীর সদস্যদের সব রকম সুবিধা দিয়ে সেনাবাহিনীতে আত্তীকরণের ঘটনাও মিথ্যে নয়।
১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনাকে আমরা কী বলব—অভ্যুত্থান, না স্রেফ হত্যাকাণ্ড? হয়তো দুটোই। অভ্যুত্থান হলেও সেটি ছিল কতিপয় মেজরের। তবে তৎকালীন সেনাপ্রধান কে এম সফিউল্লাহ এক সাক্ষাৎকারে সরকারের প্রতি সেনাবাহিনীর ক্ষোভের কথা স্বীকার করেছেন। ৬ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদত মোহাম্মদ সায়েম বলেছিলেন, ১৫ আগস্টের ঘটনার সঙ্গে সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্ক নেই। যদি না-ই থাকবে, তাহলে কেন তাঁরা সেই অভ্যুত্থানকারীদের রক্ষায় তাঁর ও পরবর্তী সরকারগুলো তৎপর ছিল? কেনই বা তাঁদের বিদেশি দূতাবাসে চাকরি দেওয়া হলো? যেকোনো সামরিক অভ্যুত্থান বা জনবিদ্রোহের লক্ষ্য থাকে রাষ্ট্রক্ষমতা দখল। কিন্তু ১৫ আগস্টের কুশীলবেরা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই তাঁদের দায়িত্ব শেষ করেন। এরপর যা করেছেন, সেটি আত্মরক্ষার কৌশলমাত্র। এখানে উল্লেখ করা যায় যে ৩ নভেম্বর দ্বিতীয় দফায় অভ্যুত্থান হলে তাঁরা খালেদ মোশাররফের সঙ্গে আপসরফা করেই দেশ ত্যাগ করেন এবং যেকোনো দেশে আশ্রয় লাভের জন্য মরিয়া হয়ে ওঠেন। কিন্তু লিবিয়া ছাড়া কোনো দেশই এই ঘাতকদের জায়গা দিতে রাজি হয়নি।
সে সময় বাংলাদেশের রাজনীতিক, লেখক, বুদ্ধিজীবীরা যা-ই ভাবুন না কেন, অনেক খ্যাতিমান বিদেশি নাগরিক অন্তত অভ্যুত্থানকারীদের ভয়ংকর নৃশংসতা মেনে নিতে পারেননি। তাঁদেরই একজন ড. ভিক্টর এইচ, উমব্রিকট আন্তর্জাতিক রেডক্রসের পরিচালক ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি, ব্যাংককে মার্কিন দূতাবাসকে লিখেছিলেন, ‘৩ নভেম্বর ঢাকায় বেশ কিছু ব্যস্ত দিন কাটানোর পর আমি বাংলাদেশ থেকে ফিরে এসেছি। এটি ছিল সেই সময়, যখন দ্বিতীয় পর্যায়ের হত্যাকাণ্ড ঘটেছে এবং রাষ্ট্রপতি খোন্দকার মোশতাক আহমদকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এই হত্যাকাণ্ডের আগে আমি মোশতাক ও তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গে দীর্ঘ আলোচনা করি।...শেখের হত্যাকারী ও তাঁদের প্রতি সহানুভূতিশীল মানুষগুলো আপনার কাছে রাজনৈতিক আশ্রয়ের জন্য ধরনা দিয়েছেন—আমি প্রার্থনা করি, আমেরিকান কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে এই দাবি নাকচ করে দেবে। বাংলাদেশের মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী উর্দিধারী ব্যক্তিরা আগাপাছতলা অপরাধী। ...এই অপরাধীদের উচিত বাংলাদেশে ফেরত পাঠানো এবং সামরিক আদালতে বিচার করা। আর উদারতা ও মহত্ত্বের ঐতিহ্য সত্ত্বেও আমেরিকা এই ডাকাতদের জন্য দরজা খুলে রাখতে পারে না। এই শোক ও বেদনাহত অভিমত প্রকাশের জন্য আমাকে ক্ষমা করবেন। কিন্তু অন্যদের থেকে বাংলাদেশের ঘটনাবলি সম্ভবত ভালো জানার কারণে আমি মনে করি আমেরিকান কর্তৃপক্ষকে সত্য জানানো আমার দায়িত্ব। এ কারণেই আমি আপনাকে এই চিঠি লিখছি।’ (সূত্র: বাংলাদেশ মিলিটারি ক্যু অ্যান্ড দ্য সিআইএ লিংক, বি জেড খসরু, রূপা, নয়াদিল্লি)
১৫ আগস্টের পরপরই একজন বিদেশি নাগরিক ঘাতকদের চরিত্র চিনতে পারলেও বাংলাদেশের অনেক লেখক-বুদ্ধিজীবীর জানতে অনেক সময় লেগেছিল। এটাই ইতিহাসের ট্র্যাজেডি।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]