মুজিবকে বুঝতে পারেননি জোসেফ ফারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোকাবহ আগস্ট
শোকাবহ আগস্ট

একাত্তরে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড ২০০০ সালে স্বীকার করেন যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন পূর্ববঙ্গের আন্দোলন প্রশ্নে একাত্তরে তিনি সঠিক ধারণা করতে ব্যর্থ ছিলেন। তিনি সরাসরি বলেছেন, ঢাকায় বসে আর্চার ব্লাড যা ভাবতে পেরেছিলেন, তিনি তা এক হাজার মাইল দূরে বসে বুঝতে পারেননি। যদিও ফারল্যান্ড একাত্তরে নিক্সন-কিসিঞ্জারের পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ার নীতির অন্যতম মুখ্য বাস্তবায়নকারী ছিলেন।
একাত্তরের জুলাইয়ে কিসিঞ্জারের গোপন চীন সফরের প্রস্তুতি নিতে ১১ মাসব্যাপী আনুষ্ঠানিক চিঠি চালাচালি শুরু হয়েছিল ১৯৭০ সালের সেপ্টেম্বরে। আর কিসিঞ্জারের সেই বিখ্যাত সফরটি, দুই দিনের যে সফরে তিনি চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সঙ্গে ‘বাংলা দেশ’ (কিসিঞ্জার-চৌ আলোচনার বয়ানে এই বানান লেখা আছে) পরিস্থিতিসহ ২০ ঘণ্টা কথা বলেছিলেন, সেটি বাস্তবে রূপ দিতে গিয়ে ইয়াহিয়া ও ফারল্যান্ড ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।
নিক্সন-কিসিঞ্জার-ফারল্যান্ড এক সুরে ব্লাডের এবং দিল্লিতে আমাদের স্বাধীনতার প্রতি বন্ধুভাবাপন্ন মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিংয়ের নিন্দা করেছেন। ফারল্যান্ড দুজনের সঙ্গেই বিরোধে জড়ান। ফারল্যান্ড একাত্তরের জুলাইয়ে জানতেন এবং আমরা সম্প্রতি সেই গোপন চীন সফরের আলোচনার বিবরণ পাঠে জানি যে, চৌ ও কিসিঞ্জার উভয়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকে সমর্থন না দিতে এবং তাঁদের ‘বন্ধু’ ইয়াহিয়ার হাত শক্তিশালী করতে একমত হন। তবে সংশ্লিষ্ট নথি থেকে বিস্ময়করভাবে দেখা যায়, কিসিঞ্জার চৌকে নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র সামরিকভাবে এই সংঘাতে জড়াবে না। এ–সংক্রান্ত নথিগুলো সাক্ষ্য দিচ্ছে, মুজিব ও বাঙালির সংকট তাঁদের চিন্তাতেই আসেনি। নিক্সন-কিসিঞ্জার বরং শঙ্কিত ছিলেন, ইয়াহিয়া দুর্বল হলে তাঁদের চীন পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হতে পারে।
কলকাতায় মার্কিন মিশনের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী কুমিল্লার আওয়ামী লীগ নেতা কাজী জহিরুল কাইউম (যাঁর নাম কিসিঞ্জারের বইয়ে আছে) একাত্তরের জুনে নিশ্চিত হন যে বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং তাঁর বিচার চলছে। তাঁর কথায়, ‘আমি মার্কিন কনসালকে বললাম, মুজিবকে তো আপনারাই নিয়ে গেছেন। ওভাবে তো তাঁর গ্রেপ্তার হওয়ার কথা নয়। ফারল্যান্ডকে নিয়েই তো আজ আপনারা এই অবস্থা সৃষ্টি করেছেন। তাঁকে যেমন ধরে নিলেন, এখন ফিরিয়ে দিন।’
উল্লেখ্য, কলকাতায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমদের সঙ্গে মার্কিন ‘মধ্যস্থতায়’ ইয়াহিয়ার গোপন আলোচনার যে কথা উঠেছিল, সেখানেও ফারল্যান্ড ছিলেন মুখ্য। ১৯৭১ সালের ৩১ আগস্ট তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম পি রজার্সের সই করা একটি নথিতে উল্লেখ আছে, গোপন সমঝোতায় ফারল্যান্ড যদি ইয়াহিয়ার অনুমোদন পান, তাহলে খন্দকার মোশতাক যুক্তরাষ্ট্রে আসতে আগ্রহী হতে পারেন। পরে দেখা যায়, ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর ইয়াহিয়া ফারল্যান্ডকে সেই অনুমোদন দিয়েছেন। এভাবেই ফারল্যান্ড নিক্সন-কিসিঞ্জার-ইয়াহিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পান। আর্চার ব্লাডের মতে, ১৯৭২ সালে ফারল্যান্ডকে ইরানে ও পরে তৃতীয়বারের মতো নিউজিল্যান্ডে রাষ্ট্রদূত (যা তিনি নেননি) করা ছিল তারই পুরস্কার।
ডিসেম্বরে বিজয়ের পর ফারল্যান্ড অবশ্য দাবি করেছেন যে যুদ্ধকালে তিনি পাকিস্তানে অন্তরীণ থাকা মুজিবের প্রাণরক্ষায় ভূমিকা রেখেছিলেন। হেনরি কিসিঞ্জারও একই দাবি করেছেন। ফারল্যান্ড মার্কিন কথ্য ইতিহাস প্রকল্পকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘হেনরি তাঁর বন্ধু। ১৯৬৭ সালেই তিনি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হন। ১৯৫৪ সাল থেকে এ ধরনের একটি অগ্রগতির জন্য ১৩৪টি সভা হয়েছিল। তখন চীন, পাকিস্তান, রোমানিয়া ও সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রীরা এই মিশন সম্পর্কে জানতেন। কিন্তু শুধু জানতেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর দপ্তরের কর্মকর্তারা।’
ফারল্যান্ডকে পাকিস্তানে নিয়োগের পর ১৯৬৯ সালের ২৯ সেপ্টেম্বর উর্দু দৈনিক ইমরোজ-এ ন্যাপ নেতা আরিফ ইফতিখার তাঁকে ‘সিআইএ প্রশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছিলেন। ইসলামাবাদের মার্কিন দূতাবাসের ধারণা ছিল, এটা হয়তো তিনি পূর্ব জার্মানির হুজ হু ইন সিআইএ বই থেকে নিয়েছেন। ফারল্যান্ড অবশ্য এফবিআইয়ের স্পেশাল এজেন্ট হিসেবে চাকরি করেছিলেন। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। এরপর তিনি ইরানের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। সেখানেই একদিন তাঁর সঙ্গে কথা হয় ইরানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত আর ডি সাথের সঙ্গে।
এই লেখক ২০১২ সালে মার্কিন জাতীয় মহাফেজখানায় ১৯৭২ সালের ২৮ নভেম্বরের এ–সংক্রান্ত মূল তারবার্তাটির আলোকচিত্র নেন। এতে দেখা যায়, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় তিনি পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর এম এ মালেকের মুক্তি আশা করছেন। ফারল্যান্ড লিখেছেন, ‘শেখ মুজিব পশ্চিম পাকিস্তানের কারাগারে থাকতে তাঁর জীবন বাঁচাতে আমি যেসব পদক্ষেপ নিয়েছিলাম, সে বিষয়ে মি. সাথেকে অবহিত করি। আমি বিশ্বাস করি, আমার নেওয়া পদক্ষেপগুলোই শেখ মুজিবের ফাঁসি ঠেকাতে নিষ্পত্তিকারক ভূমিকা রেখেছিল। আমার সরকার তাঁর জীবন বাঁচানোর প্রচেষ্টা চালাতে আমাকে এখতিয়ার দিয়েছিল। কারণ, আমরা পশ্চিম পাকিস্তান, ভারত, পূর্ব পাকিস্তানসহ বিরোধ-সংশ্লিষ্ট সব পক্ষের কল্যাণ চেয়েছিলাম।’ ফারল্যান্ড ভারতীয় রাষ্ট্রদূত সম্পর্কে লিখেছেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর (মুজিব) অনুকূলে আমরা যে চেষ্টা করেছিলাম, সে বিষয়ে তিনি এর আগে অবহিত ছিলেন বলে মনে হলো না।’ ফারল্যান্ড তাঁকে এমন ধারণাই দেন যে তিনি মুজিবের প্রাণ রক্ষা করেছেন, এখন তাঁর অনুরোধে মুজিব যাতে মালেকের প্রাণ রক্ষা করেন!
লক্ষণীয়, এম এ মালেককে ক্ষমা করে দেওয়ার বিষয়ে ফারল্যান্ড মরিয়া হয়ে ভারতের হস্তক্ষেপ কামনা করেছিলেন। কথাটি বঙ্গবন্ধুর কানে পৌঁছাতে এমনকি ফারল্যান্ড এ কথাও বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এই মর্মে সাক্ষ্য দিতে পারি, মালেক নিজের ইচ্ছায় পূর্ব পাকিস্তানের গভর্নর হননি। জীবন বাঁচানোর তাগিদ থেকেই তাঁকে ওই পদ গ্রহণে উৎসাহিত করা হয়। আমি আশা করতে চাই, শেখ মুজিব স্মরণে আনবেন যে তাঁর জন্য ক্ষমা আদায়ে কী ধরনের প্রচেষ্টা চালানো হয়েছিল। অবশ্য তা শুধু আমার সরকারই নয়, অন্যরাও চেষ্টা করেছিলেন। তাই মালেককে ক্ষমাপ্রদর্শনের উদ্দেশ্যে মুজিব তাঁর মুখরক্ষায় যা খুশি বলুন, কিন্তু শেষ পর্যন্ত আমি আশা করব যে ড. মালেকের জীবন তিনি রক্ষা করবেন। তাঁর দণ্ড মার্জনা করবেন এবং তাঁকে বাংলাদেশ ত্যাগ করতে অনুমতি দেবেন।’

ফারল্যান্ডের ১৯৭২ সালের তারবার্তা l প্রথম আলো
ফারল্যান্ডের ১৯৭২ সালের তারবার্তা l প্রথম আলো

ফারল্যান্ড ওয়াশিংটনকে অবহিত করেন, ‘ভারতের রাষ্ট্রদূত এতে সায় দেন এবং ইঙ্গিত দেন যে এটা হয়তো বাস্তবায়ন করা সম্ভব হবে।’ ফারল্যান্ড যখন জানতে পারেন, ইন্দিরা গান্ধী শিগগিরই তেহরান সফর করবেন, তখন তিনি ইন্দিরার সঙ্গে সাক্ষাতের আগ্রহ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকায় একাত্তরের ২৮ ফেব্রুয়ারি ফারল্যান্ডের সঙ্গে আলোচনায় বলেছিলেন, পাকিস্তানকে যুক্তরাষ্ট্র বছরে সাড়ে চার বিলিয়ন ডলার অর্থ সাহায্য হিসেবে দেয়, তারা তাঁকে এক বিলিয়ন ডলার দিলে তিনি এমন এক ‘বাংলা দেশ’ গড়বেন, যা হবে গণতন্ত্রের দুর্গ। এই বার্তা ওয়াশিংটনে পাঠিয়েছিলেন ব্লাড। মুজিব ফারল্যান্ডকে আশ্বস্ত করেছিলেন যে তিনি নিজে বামপন্থী নন এবং ভবিষ্যতে তিনি বামপন্থার দিকে ঝুঁকবেন না। বামপন্থীদের বিরুদ্ধে তাঁর দলের কঠোর মনোভাব সম্পর্কেও মুজিব এই মার্কিন রাষ্ট্রদূতকে একটি নির্দিষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেন।
২০০০ সালে মার্কিন কথ্য ইতিহাস প্রকল্পকে দেওয়া সাক্ষাৎকারে ফারল্যান্ড একাত্তরে তাঁর ওই বৈঠক সম্পর্কে বলেছেন, ‘আমি পূর্ব পাকিস্তানে গিয়ে শেখ মুজিবুরের সঙ্গে কথা বলি। মুজিব তাঁর জীবনের বেশির ভাগ সময় কারাগারে কাটিয়েছিলেন। আমি তাঁকে একজন অত্যন্ত যুক্তিবাদী মানুষ হিসেবে দেখেছিলাম। আমি তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনা করি। তিনি আলোচনায় আগ্রহী ছিলেন। আমি জানতাম রাজনৈতিক জটিলতা আছে, কিন্তু আর্চার ব্লাড যা অনুমান করতে পেরেছিলেন, আমি তা উপলব্ধি করতে পারিনি।’
এরপর তাঁকে প্রশ্ন করা হয়, ‘বাংলাদেশি’ বিরোধী দলের সঙ্গে যোগাযোগে একজন রাষ্ট্রদূত হিসেবে আপনার যোগাযোগ রক্ষার কি কোনো কারণ ছিল? উত্তরে ফারল্যান্ড বলেছিলেন, ‘আমার দৃষ্টিভঙ্গিতে তা ছিল না। তার কোনো কারণ ছিল না এবং তেমন কিছু করার কোনো নির্দেশনাও পাইনি।’ এখানে পুরোপুরি হয়তো সত্য বলেছেন তিনি। তাঁর প্রতি নির্দেশনা ছিল শুধু ইয়াহিয়াকেই রক্ষা করার।
ফারল্যান্ড অবশ্য বলেছেন, ‘আমি শেখ মুজিবুর রহমানের সঙ্গে একটি আলোচনার চেষ্টা চালিয়েছিলাম। তবে তখন তাঁকে খুবই সক্রিয় এবং সবকিছুরই বিরোধী হিসেবে লক্ষ করেছিলাম। আমাদের সেই আলোচনা ছিল চমৎকার। কিন্তু আলোচনায় তাঁকে খুবই যুক্তিপরায়ণ মনে হয়েছিল। আমি তো মনে করি, এ রকম কিছুর সম্ভাবনা (অর্থাৎ আলোচনা করে সমঝোতা) যদি থেকে থাকত, তাহলে একজন কনসাল জেনারেলের (ব্লাডের) সেটা এগিয়ে নেওয়াই ছিল কাজ। কিন্তু বাস্তবে চূড়ান্তভাবে যে অবস্থা দাঁড়িয়েছিল, সেই বিষয়ে যে একটা জরুরি কিছু করণীয় ছিল, তার কোনো ইঙ্গিত আমার কাছে ছিল না।’
ওই সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে ফারল্যান্ড বলেন, ‘একাত্তরের ঘটনায় সিআইএ খুব বেশি জড়িত ছিল না।’ তাঁর আরও দাবি, ‘সোভিয়েতরা গোড়াতে সক্রিয় ছিল। কিন্তু আমি সেখানে (পাকিস্তানে) প্রায় ছয় মাস থাকতে তাদের সঙ্গে ঘনিষ্ঠ হই এবং তারা (বাংলাদেশ প্রশ্নে) পিছিয়ে আসতে থাকে। আমি জানতাম, সোভিয়েতদের সর্বদাই পারস্য উপসাগর কিংবা ভারত সমুদ্রে একটা পথ তৈরির চিন্তা মাথায় ছিল। ১৯৭১ সালে আফগানিস্তানের নিযুক্ত কেজিবি-প্রধানকে দেখা গেল, তিনি ইসলামাবাদের রাষ্ট্রদূত হয়ে এসেছেন।’
ফারল্যান্ড এটাও মানতেন, পশ্চিম ও পূর্ব পাকিস্তানিদের মধ্যে এমন কোনো মিল ছিল না, যা তাদের একত্র রাখে। তাঁকে প্রশ্ন করা হয়, বাঙালিদের প্রতি পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনী যে নির্যাতন করেছিল, আপনার কাছে কি তার কোনো খবর ছিল? উত্তরে তিনি বলেন, ‘আমি কিছু রিপোর্ট পেয়েছিলাম। আমি ইয়াহিয়ার কাছে অভিযোগ করি। উত্তরে ইয়াহিয়া তা অস্বীকার করেছিলেন। আমি জানতাম, বাংলাদেশ একটি বাস্কেট কেস। বাঙালিরা যখন বিদ্রোহ করল, তখন আর্চার ব্লাডও বিদ্রোহ করেছিলেন। আমাদের দূতাবাস যথাযথভাবে ব্লাডের ওপর নজর দিতে পারেনি। এক হাজার মাইল দূরবর্তী ঢাকায় যদি আমি থাকতাম, তাহলে আমিও ঠিক সেভাবেই অনুভব করতাম। আমি ব্লাডের অনুভূতি বুঝতে পারি।’
উল্লেখ্য, ফারল্যান্ডের সঙ্গে ব্লাডের বোঝাপড়াটা খারাপ ছিল না। ঢাকায় ব্লাডের বিশ্বস্ত সহকর্মী কিলগোরের সঙ্গে ফারল্যান্ডের হৃদ্যতা ছিল। তাই ১৯৭২ সালে কিলগোর তেহরানে তাঁর সহকর্মী হন। সত্তরের বন্যায় ফারল্যান্ড দুর্গত মানুষের পাশে দাঁড়ান। ব্লাড তাঁর বইয়ে একটি আলোকচিত্র মুদ্রণ করেছেন, যেখানে দেখা যায়, সত্তরের বন্যাদুর্গত মানুষের সেবার জন্য ব্লাড ফারল্যান্ডের কাছ থেকে মেডেল নিচ্ছেন। ফারল্যান্ড বলেন, ‘আমি দ্রুত ঢাকায় যাই এবং আর্চারের সঙ্গে অবস্থান করি। আমি মার্কিন বিমানঘাঁটিকে ঢাকায় পাঁচটি বিমান পাঠাতে অনুরোধ করি। আমি পূর্ব পাকিস্তানে যাওয়ার সাত দিন পর ইয়াহিয়া সেখানে গিয়েছিলেন। ইয়াহিয়া আমার কাছে জানতে চেয়েছিলেন, আমি তাঁকে বলেছি, আমি সাত দিন ছিলাম।’
ওই সাক্ষাৎকারে ফারল্যান্ড বলেন, ‘আমি নিশ্চিত যে ব্লাড বুঝতে পেরেছিলেন, তাঁর ভূমিকার (সেই টেলিগ্রাম) প্রতি আমি সহানুভূতিশীল ছিলাম না। আজ এটা বলছি বটে, আসলে আমি তাঁর প্রতি সহানুভূতিশীল ছিলাম। কারণ, আমি যদি তাঁর জায়গায় থাকতাম, তাহলে হয়তো এটাই করতাম।’ ফারল্যান্ড স্বীকার করেন, তাঁর কাছে সবচেয়ে বড় হয়ে উঠেছিল পশ্চিম পাকিস্তানকে রক্ষা করা। হোয়াইট হাউস থেকে তিনি তেমন নির্দেশনাই পেয়েছিলেন। ফারল্যান্ড বলেছেন, ‘আমি চট্টগ্রাম সফর করেছি, কক্সবাজার সফর করেছি, আমি বাঙালিদের ভালোবেসেছি।’ তাঁর মতে, ‘সপ্তম নৌবহর পাঠানোর কারণে ভারতীয়দের দ্বারা পশ্চিম পাকিস্তান ভেঙে দেওয়ার পরিকল্পনা প্রতিহত করা গেছে। এ নিয়ে আমরা প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছিলাম।’
আচ্ছা, ওই সময়ে (সত্তরের বন্যা) পূর্ব পাকিস্তানে এসব যখন ঘটছিল, তখন কি আপনি অনুভব করছিলেন যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বিদ্রোহী তৎপরতার সঙ্গে ব্লাড একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন? এর উত্তরে ফারল্যান্ড বলেন, ‘না, আমি তা বুঝতে পারিনি।’ শেষ।