শেখ মুজিবুর রহমানের পক্ষে ইয়াহিয়ার সঙ্গে কে কথা বলবেন তা খুঁজে পেতে বার বার চেষ্টা করেছিল ভারত। কিন্তু একজনও নির্ভরযোগ্য নেতা পাওয়া যায়নি। সে কারণে যুদ্ধকালে মার্কিন মধ্যস্থতায় ইয়াহিয়ার সঙ্গে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের প্রস্তাবিত সংলাপে ভারত কোনো কাজে আসেনি। বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে নিক্সনকে লেখা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চিঠি হাতে একাত্তরের এই দিনে (৬ ডিসেম্বর) এ তথ্য যিনি জানিয়েছিলেন, তিনি এল কে ঝা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। হেনরি কিসিঞ্জার ১৯৭৯ সালে তাঁর হোয়াইট হাউস ইয়ার্স-এ লিখেছেন, এল কে ঝা-ই গোড়াতে ইয়াহিয়ার সঙ্গে রাজনৈতিক সংলাপের ব্যাপারে তাঁদের অবহিত করেছিলেন। উল্লেখ্য, দিল্লি ও ওয়াশিংটন উভয় স্থানে একাত্তরে এই দিনটি (৬ ডিসেম্বর) ছিল ভারতীয় কূটনীতিকদের। খোদ ওয়াশিংটনে বাংলাদেশকে স্বীকৃতি দানসংক্রান্ত চিঠি নিয়ে এল কে ঝা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রজার্সের মুখোমুখি হন এই দিন। ইন্দিরা নিক্সনকে এই দিন ৩ ডিসেম্বরের হামলার বিষয়ে লেখেন, ‘সাতচল্লিশের স্বাধীনতার পর থেকে পাকিস্তান এ নিয়ে চতুর্থবার (১৯৪৭, ১৯৪৮, ১৯৬৫) ভারতের ওপর হামলা করল।’ ঝা-এর সঙ্গে ভারতীয় দূতাবাসের মিনিস্টার রাসগোত্রা ও ভার্মা ছিলেন। রাসগোত্রা এ সময় ওয়াশিংটনে ইন্দিরা গান্ধীর সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিটিংয়ের একটি মন্তব্য স্মরণ করিয়ে দেন। তিনি রজার্সকে বলেন, কিটিংয়ের আশঙ্কাই সত্য হলো। কিটিং বলেছিলেন, যদি ভবিষ্যতে পাকিস্তান পশ্চিম ফ্রন্টে ভারতকে আক্রমণ করে বসে তাহলে সে জন্য ভারতকেই দোষারোপ করা হবে। এ সময় ঝা রজার্সের উদ্দেশে বলেন, ‘আপনি তখন বলেছিলেন ভারতকে এভাবে অহেতুক দোষ দেওয়া হবে না।’ উল্লেখ্য, এই দিন উভয় পক্ষের আলোচনার এই স্মারকটির খসড়া প্রস্তুত করা হলেও তা বিলি করা হয়েছিল কি না তার উল্লেখ নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা এই নথিতে দেখা যাচ্ছে ঝাকে রজার্স বলেন, ‘ভুল বা শুদ্ধ যাই হোক, আমরা এটা বুঝেছি যে, ভারত বাংলাদেশের স্বাধীনতা চায়। এর একমাত্র সুরাহা হলো পাকিস্তানকে দুই টুকরো করা। শক্তি প্রয়োগ করে এ অর্জনে আমরা সমর্থন দিতে পারিনি। এখন যেটা দরকার সেটা হলো যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার। এরপর একটি রাজনৈতিক সমাধান অবশ্যই দরকার। তবে ভারত মনে করে, এটা কেবল সামরিক পথেই আদায় করা সম্ভব। সে কারণে আমরা ভারতের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট। আমরা আন্তরিকভাবেই অর্থনৈতিকভাবে শক্তিশালী দুটি রাষ্ট্রকে একসঙ্গে বেড়ে উঠতে দেখতে চেয়েছিলাম। ভারতকে দেওয়া প্রতিশ্রুত ৮৭ মিলিয়ন ডলারের সাহায্য আমরা আজ বাতিল করছি। মার্কিন কংগ্রেস নেতৃত্ব মনে করছে, এসব সাহায্য দেওয়া অকারণ পয়সা নষ্ট।’ রজার্স এ সময় জানতে চান জাতিসংঘে আপনাদের অবস্থানে কোনো পরিবর্তন আছে কি না। ঝা বলেন, ‘আমরা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছি এবং জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধির অংশগ্রহণ চাইছি।’ ভারতীয় সৈন্য কি পাকিস্তানে থাকবে? রজার্সের প্রশ্নে ঝা নেতিবাচক উত্তর দেন। রজার্স বলেন, ‘আমরা একটি রাজনৈতিক সমাধানে বিশ্বাস করি। আমরা বলি আগে যুদ্ধ থামাও। পরে সুরাহা।’ ঝা বলেন, ‘ভারত আট মাস অপেক্ষা করেছে। কিন্তু রাজনৈতিক সমাধানের পথে কোনো অগ্রগতি হয়নি। ভারত কেবল উদ্বাস্তু ফিরিয়ে নেওয়ার শর্ত দিয়েছিল।’ রজার্স বলেন, ‘ইয়াহিয়ার মাথায় রাজনৈতিক প্রস্তাব ছিল। যেটা কাজ করবে বলে তিনি ভেবেছিলেন। কিন্তু তাঁর সুযোগ তিনি পেলেন কোথায়? ভারতের কাছে একমাত্র গ্রহণযোগ্য বিকল্প মনে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। ভারত মুজিবের সঙ্গে সংলাপের পূর্বশর্ত দিয়েছিল বলেই প্রতীয়মান হয়েছে। অন্যদিকে ইয়াহিয়া মুজিবের মনোনীত কারও সঙ্গে আলোচনা করবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। ইয়াহিয়া মনে করেছিলেন মুজিবের সঙ্গে তিনি কথা বলবেন না। ইয়াহিয়া ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি কলকাতার বাংলাদেশ প্রতিনিধি কিংবা মুজিবের মনোনীত প্রতিনিধির সঙ্গে সংলাপ করবেন।’ ঝা এ সময় বলেন, ‘এই প্রক্রিয়ার প্রতি ভারতের অবস্থান কিন্তু নেতিবাচক ছিল না। কিন্তু সমস্যা দেখা দিল কে হবেন মুজিবের মনোনীত ব্যক্তি। যাকে ঠিক করা হবে তিনি কতটুকু খাঁটি বা যোগ্য হবেন।’ ওই স্মারকটি সাক্ষ্য দিচ্ছে যে, ঝা ওই মন্তব্য করা মাত্র রজার্স সুযোগ নিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ধরে নিচ্ছি, এখন যদি এই সমস্যার একটা সমাধান করা যায়, তাহলে তো সংলাপ শুরু করা যেতে পারে। কিছু বিষয় ইয়াহিয়া এখনই মেনে নেবেন আর কিছু বিষয়ে বলবেন, তিনি বিবেচনা করবেন। তবে কথা হলো, শক্তি ব্যবহার ক্রমশ এতটাই বাড়ছে যে, কোনো ধরনের সংলাপের পরিবেশই সৃষ্টি হতে দিচ্ছে না।’রাসগোত্রা এ সময় বলেন, ‘আমরা কিন্তু মনে রাখতে পারি যে, উল্টো পাশের চিত্রটি কী। পাকিস্তানের সামরিক বাহিনীই পূর্ব পাকিস্তান অভিমুখে যাত্রা করেছিল এবং তারাই সেখানে হুমকি ও উসকানি দিয়েছিল।’ রজার্স বলেন, ‘যুক্তরাষ্ট্রের এটা বুঝতে দারুণ কষ্ট হচ্ছে যে, পূর্ব পাকিস্তানের ঘটনায় ভারতের নিরাপত্তা কীভাবে হুমকিগ্রস্ত হলো। আমরা যে এলাকায় সহায়তা দেওয়ার চেষ্টায় থাকি, সেসব এলাকায় আমাদের বৈধ স্বার্থ নিহিত রয়েছে। ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক থেকে প্রেসিডেন্ট ভীষণ অসন্তুষ্ট আছেন। কারণ, তিনি ভেবেছিলেন তাঁর সঙ্গে বৈঠকের পর শক্তি প্রয়োগের হুমকি এড়ানো যাবে। বর্তমানে আমরা মনে করি, ভারতের ইচ্ছা পূরণ হলে পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হবে।’ ওয়াশিংটনে এই দিনে যখন কথার পিঠে কথা চলছে, দিল্লিতে তখন ভারতীয় পররাষ্ট্রসচিব টিএন কাউল একাত্তরের এই দিনে (৬ ডিসেম্বর) মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিংকে তলব করেন। কাউল নিরাপত্তা পরিষদে আনা মার্কিনি প্রস্তাবে ‘বিস্ময়, ক্ষোভ ও হতাশা’ ব্যক্ত করেন। তবে তাঁরা দুজনে বন্ধুত্বপূর্ণ উক্তিও করেন। কিটিংয়ের পাঠানো তারবার্তায় দেখা যায়, ভারতের স্বীকৃতির কথা তাঁকে জানাতেই কিটিং বলেন, ‘সোভিয়েতরা কবে দিচ্ছে?’ কাউল তাঁকে থামিয়ে বলেন, ‘সেটা পরে, আগে বলুন, আপনারা কবে দিচ্ছেন।’ কিটিং উত্তর দেন, ‘আমি জানামাত্র আপনাকেই প্রথম বলব।’ কাউল বলেছিলেন, ‘ততদিন পর্যন্ত আমি যেন পররাষ্ট্রসচিব থাকি।’ এদিকে লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান সাদারল্যান্ড এদিনেই মার্কিন দূতকে জানিয়ে দেন, তাঁরা বুঝতে পারছেন একটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় অত্যাসন্ন। হংকং-এর মার্কিন কনস্যুলেট পররাষ্ট্র দপ্তরকে বলেছে, চীন ভারতের প্রতি নিন্দার ভাষা তীব্র করলেও পাক-ভারত যুদ্ধ যে তাদের নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি করেছে সেটা তারা বলছে না। ৬ ডিসেম্বরে পিপলস ডেইলিতে মুদ্রিত এক নিবন্ধে ভারতকে ‘বৃহত্তর ভারতীয়তাবাদ’ এবং ‘সাম্রাজ্যবাদী নীতি’র জন্য দোষারোপ করা হয়। চীনা ‘ভাষ্যকার’ বলেন, ‘উদ্বাস্তু সমস্যা তিব্বতিদের মতোই কৃত্রিম। ভারত পূর্ব পাকিস্তান দখল করে নেবে।’ওয়াশিংটন ডিসি থেকে মিজানুর রহমান খান: সাংবাদিক। [email protected]