
কেউ কি সত্যিই বিশ্বাস করে, নির্বিচারে মানুষ খুন করে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ইসলামি রাষ্ট্র কায়েম সম্ভব? যেসব ইসলামি সংগঠন আজ কোনো কোনো দেশে ইসলামের প্রথম পর্বের অনুসরণে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করছে, তারা মূলত নিজ নিজ দেশে নিরীহ মানুষের ওপর সহিংসতা ও সংঘাত চাপিয়ে দিচ্ছে। পাকিস্তানের ওয়াজিরিস্তানে মাওলানা আখতার মনসুরের নেতৃত্বাধীন তালেবানরা তাদের মতো করে ইসলামি শাসন কায়েম করেছিল। কিন্তু তাদের কঠোর শাসনের ভেতর থেকে বেরিয়ে এসেছে কিশোরী মালালা ইউসুফজাই—যে আজ মুসলিম নারীশিক্ষার বৈশ্বিক প্রতীকে পরিণত হয়েছে। তালেবানি শাসনকে অগ্রাহ্য করেই তার আবির্ভাব। আর শেষ পর্যন্ত বহু মানুষের রক্তস্রোতের এবং বিপুল ধ্বংসযজ্ঞের ভেতর দিয়ে তাদের ক্ষমতাও ছাড়তে হয়েছে। সোমালিয়ার আল শাবাব, নাইজেরিয়ার বোকো হারামও তো নিজ নিজ দেশের মানুষের চরম যন্ত্রণা ও দুঃখের কারণ হচ্ছে, বিশেষত নারী ও শিশুদের জন্য।
বাংলাদেশে জামায়াতে ইসলামী পুনর্গঠিত হওয়ার সময় থেকে ১৯৭৯-৮০ সালে ইরানি বিপ্লবের অনুকরণে ইসলামি বিপ্লবের স্বপ্ন নিয়ে কাজ করেছিল। কিন্তু ক্ষমতার রাজনীতিতে ঘুরপাক খেতে খেতে তারা গাঁটছড়া বেঁধেছে খালেদা জিয়ার নেতৃত্বে। তাদের ঘোষিত আদর্শের সঙ্গে বিএনপির ঘোষিত আদর্শে মেলে না, তারা যে পদ্ধতির রাজনৈতিক কার্যক্রমে অংশ নিয়েছে, সেই গণতন্ত্রে দলটি বিশ্বাস করে না, নারী নেতৃত্বও তাদের মান্য করার কথা নয়, নেত্রীর পদতলে বসা তো দূরের কথা। মুখে ইসলামের কথা বললেও দলটি যে সংঘাত এবং অকারণ রক্তপাতে জড়িয়েছে, তা অতীতের মানবতাবিরোধী যুদ্ধাপরাধের পুনরাবৃত্তি যেন। লক্ষ্য ও আদর্শে গলদ থাকলে কর্মসূচিতে ত্রুটি ঘটবে, আর ত্রুটিপূর্ণ কর্মসূচি ভুল গন্তব্যে নিয়ে যাবে। বারবার আল্লাহর দেওয়া কঠিন পরীক্ষার দোহাই দিয়ে নেতৃত্বের ভ্রান্তি ঢাকা যাবে না।
বিষয়টাকে আমাদের আরও একটি দিক থেকে বিবেচনা করে দেখতে হবে। প্রথমত, আমরা সবাই জানি, শিল্পবিপ্লবের পর থেকে পশ্চিমা বিশ্ব ধীরে ধীরে সারা পৃথিবীর ওপর নিজেদের আধিপত্য বিস্তার করেছে। প্রাচীনকালের উন্নত সভ্যতার অধিকারী জনবহুল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় তারা প্রথমে উপনিবেশ স্থাপনে মনোযোগ দেয়। কিন্তু তারা তা করেছে নিষ্ঠুরতায় নৈপুণ্যের পরাকাষ্ঠা দেখিয়ে, মানবিক বিবেচনা পদদলিত করে এবং ন্যায়বিচার ও ইতিহাসের গতিধারাকে সম্পূর্ণ উপেক্ষা করে। আফ্রিকায় তারা মানবিক মূল্যবোধকে বিন্দুমাত্র তোয়াক্কা করেনি, স্থানীয় মানুষকে পশুর মূল্যও দেয়নি। হত্যা, দখল ও লুণ্ঠন ছিল তাদের একমাত্র কাজ। দুই আমেরিকা ও অস্ট্রেলিয়ায়? না, এ তিনটি মহাদেশে পশ্চিমা অভিযাত্রী ও উপনিবেশ স্থাপনকারীরা বেশি ঝামেলায় যায়নি। তারা স্থানীয় আদিবাসীদের ঝাড়েবংশে খুন করে নিজেদের নতুন বসতি তৈরি করে নিয়েছিল। ছিটেফোঁটা যে আদিবাসীরা এসব গণহত্যাযজ্ঞ থেকে প্রাণে বেঁচে ছিল, তাদের স্থান হলো দুর্গম অঞ্চলে। এখন বহুকালের ব্যবধানে, দর্শনীয় নিদর্শন হিসেবে সংরক্ষিত অবস্থান তাদের। আর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় পশ্চিমারা নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছে প্রথম মহাযুদ্ধের পটভূমিতে। এভাবে সারা বিশ্বে নিজেদের প্রভুত্ব তারা কায়েম করেছে।
পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টি বিবেচনায় নিতে হবে, তা হলো রেনেসাঁসের পর থেকে জ্ঞান-বিজ্ঞান ও নানান উদ্ভাবনীতে তাদের কৃতিত্বের কথা। এর জোরেই একদিকে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে, অন্যদিকে যুদ্ধজয়ের অস্ত্রে এবং শাসনকাজের দক্ষতায় বিশাল অগ্রগতি হয়েছে। যে মুসলিম বিশ্ব ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত জ্ঞান-বিজ্ঞানচর্চায় সবার চেয়ে এগিয়ে ছিল, প্রভাবিত করেছে ইউরোপীয় রেনেসাঁসকে, এ সময় তাদের চলছে ক্ষমতালোভী ও ধর্মান্ধদের চাপে চরম পশ্চাত্পদতা। একসময় মধ্য এশিয়ার দেশগুলো চলে গেল রাশিয়ার জারের অধীনে, আর মধ্যপ্রাচ্যের আরব বিশ্ব হয় ইঙ্গ-ফরাসি-মার্কিনদের দখলে গেল, নয় তো তাদের তাঁবেদার রাষ্ট্রে পরিণত হলো। এ সময়ও কিন্তু অটোমান সাম্রাজ্য রয়েছে, খেলাফতও চলছে। কিন্তু জ্ঞান-বিজ্ঞানচর্চা হাতছাড়া হলে কেবল স্রষ্টার কৃপায় যে পতন ঠেকানো যায় না, মুসলিম বিশ্বের পতন তারই প্রকৃষ্ট নিদর্শন।
আজ যেসব দল ও নেতৃত্ব জ্ঞান-বিজ্ঞানচর্চার বিপরীতে দাঁড়িয়ে হানাহানির মাধ্যমে ইসলামি হুকুমত কায়েম করতে চায়, তাদের পেছনে কারা আছে, কারা সম্পদ বিনিয়োগ করছে, তা আর কোনো ধাঁধা নয়। এর উত্তরও পরিষ্কার। আজকের দিনে পশ্চিমের অর্থনীতির মেরুদণ্ড হলো অস্ত্র ব্যবসা। এই অস্ত্র বিক্রির অর্থনীতি তেজি রাখতে হলে তাদের প্রয়োজন বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধাবস্থা বজায় রাখা এবং কোথাও-না-কোথাও যুদ্ধ লাগিয়ে রাখা। ধুরন্ধর পশ্চিমা কূটনীতিকেরা ভালোভাবেই জানেন, আজকের দিনে বিশ্বযুদ্ধ বেধে গেলে তাদের ক্ষতি। কারণ, তারাও এর বাইরে থাকতে পারবে না এবং যুদ্ধের চরম মূল্য তাদেরও দিতে হবে। দুটি মহাযুদ্ধ, বিশেষত দ্বিতীয় মহাযুদ্ধ, তাদের এ ব্যাপারে খুব ভালোভাবেই শিক্ষা দিয়েছে। সে যুদ্ধে ইউরোপেই ছয় কোটি মানুষ প্রাণ হারায়, জার্মানির বহু শহর, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মতো শহর প্রায় ধ্বংস হয়ে যায়। পুরো ইউরোপ বহু বছর ধরে এই যুদ্ধের বৈষয়িক, মানবিক ক্ষত ও জের বয়ে বেড়িয়েছে। তাই ওই পথ তারা আর মাড়াবে না। আর সে কারণেই পারমাণবিক যুদ্ধও তারা হতে দেবে না।
কিন্তু ব্যবসা তো চালাতে হবে, অর্থনীতিকে তো তেজি রাখতে হবে। খোদ যুক্তরাষ্ট্রে রয়েছে অনেক ভাড়াটে বাহিনী, যারা বিভিন্ন দেশি ও বিদেশি নিয়োগদাতার স্বার্থ রক্ষায় ভাড়া খাটে। তবে সবচেয়ে বেশি কাজে লাগানো হয় স্থানীয় পর্যায়ের গোষ্ঠী-জাতি-বর্ণগত দ্বন্দ্বগুলোকে। এই বিরোধগুলোকে কৌশলে কাজে লাগিয়ে স্থানীয় গ্রুপগুলোকে অস্ত্র কেনার বাস্তবতায় ঠেলে দেয় তাদের এজেন্টরা।
ওপরের ব্যাখ্যার আলোকে যদি আমরা ইরাক, লিবিয়া, আফগানিস্তানের সাম্প্রতিক যুদ্ধবিগ্রহ, তাতে পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপ এবং তার পরিণতির দিকে তাকাই, তাহলে কী দেখি? প্রতিটি জায়গায় স্থানীয় কিছু দল বা গোষ্ঠীকে পশ্চিমারাই টাকাপয়সা ও অস্ত্রশস্ত্রের সহায়তা দিয়ে যুদ্ধে উসকে দিয়েছে। কিন্তু সে ক্ষেত্রেও তাদের দ্বৈত চরিত্র লক্ষণীয়। আফগানিস্তানে সমাজতান্ত্রিক নজিবুল্লাহ সরকারের পতনের জন্য তারা তালেবানদের সার্বিক সহায়তা দিয়েছে, আবার এরাই পাকিস্তানের সামরিক স্বৈরাচারের উত্থানকে স্পনসর করে সহায়তা দিয়েছে তালেবানদের হটানোর জন্য।
ইরাকের সাদ্দাম হোসেন ছিলেন আরব বিশ্বের স্বাধীনচেতা শাসক এবং সে কারণে পশ্চিমের মাথাব্যথার কারণ। তার ওপর ইরাক প্রায় ভাসছে প্রাকৃতিক তেলের ওপর। ফলে পশ্চিমারা ধুয়া তুলেছিল ইরাকে স্বৈরশাসন চলছে, সেখানে সরকার পরিবর্তন করে গণতন্ত্র কায়েম করতে হবে। তারা ইরাক আক্রমণের অজুহাত খাঁড়া করল সাদ্দামের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র মজুতের অভিযোগ তুলে। অতএব, তারা যৌথ বাহিনী গঠন করে রাতারাতি ইরাকে আক্রমণ চালাল। তারপর থেকে সে দেশে কী ধরনের অস্থিতিশীলতা, হানাহানি ও ধ্বংসযজ্ঞ চলেছে, তা তো সবারই জানা। এদিকে এ যুদ্ধে পশ্চিমের মূল সহায় ও দোসর ছিল সৌদি আরব, যে দেশে গণতন্ত্রের বালাইও নেই, নেই মানবাধিকার কিংবা আইনের শাসনের সামান্যতম নজির। লিবিয়ায় একই ঘটনা ঘটছে, আজ খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করেছেন, এসব আক্রমণ ভুল ছিল, তারাই বলছে এক গাদ্দাফিকে হটিয়ে এখন ৫০ জন গাদ্দাফি তৈরি করা হয়েছে।
অনেকের মনে থাকতে পারে, ইরাক পতনের পরপর ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে একপর্যায়ে বলেছিলেন, ‘আপনারা এখানে বসে কী করছেন, ব্রিফকেস গুছিয়ে ইরাকে চলে যান, সেখানে পুনর্গঠন, পুনর্বাসনের বিস্তর কাজ হবে।’ তেল ব্যবসার নতুন সুযোগগুলোর কথাও পশ্চিমের ব্যবসায়ীরা জানতেন।
আজকে যারা অস্ত্র হাতে দেশে দেশে ইসলামি হুকুমত কায়েম করতে চাইছে, তারা যেসব অস্ত্র ব্যবহার করছে, সবই পশ্চিমের তৈরি। তালেবান, আল-কায়েদা যেভাবে পশ্চিমের সহায়তায় সৃষ্টি হয়েছে, এ ধারার অন্য গোষ্ঠীগুলোর পেছনেও সেই হাতই কাজ করছে। এরা আক্রমণ করছে প্রধানত নিজ দেশের নিরীহ নারী ও শিশু, অন্য ধর্মের মানুষ, ভিন্নমতাবলম্বীদের ওপর। ইদানীং পশ্চিমা বিশ্বে যেসব হামলা ঘটাচ্ছে, তাতেও নির্বিচারে নিরীহ মানুষই মারা যাচ্ছে। কিন্তু যা প্রয়োজন পশ্চিমা সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতির, তাতে এদের কোনো উৎসাহ দেখা যায় না। জামায়াত এ দেশের পুরোনো ধর্মপন্থী দল, তাদের ইতিহাসেও এ বিষয়টি নেই।
পশ্চিমের স্বার্থ আছে আরবে, তাই তারা সৌদি আরবকে হাতে রেখে সেখানে ইসরায়েলের উত্থানে কাজ করেছে এবং নির্বিবাদে অন্যান্য মুসলিমপ্রধান দেশে অস্থিরতা তৈরি করে চলেছে। আমাদের অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে। ফলে এখানে অস্থিরতা বাড়লে সন্দেহের তির তাদেরই দিকে যাবে। গুপ্তহত্যাকারীদের সুকৌশলে কারা মদদ দিচ্ছে, আজ সেসব বিষয়ও ভাবা দরকার।
কথা এখানেই শেষ করা যায় না। কেননা, ওরা কেন এভাবে অন্যদের বোকা বানাতে পারছে? তা-ও তো ভাবতে হবে। এর মূল কারণ একদিকে আমাদের জ্ঞান-বিজ্ঞানচর্চায় পিছিয়ে পড়া, অন্যদিকে রেনেসাঁস-উত্তর বিশ্বে মানবজীবনে ও রাষ্ট্রব্যবস্থায় যেসব পরিবর্তন ঘটেছে তার সঙ্গে ইসলামের মূল শিক্ষাকে বজায় রেখেই একটি সফল রফা করার কাজ আমরা বকেয়া রেখে দিয়েছি। বিজ্ঞান পড়ে এবং বিজ্ঞানী হয়েও মুসলমান থাকা যায়, বাঙালি থেকেও মুসলমান হতে অসুবিধা নেই, সংস্কৃতিচর্চা ও ইসলাম সাংঘর্ষিক নয়—এ কথাগুলো বোঝার সময় এসেছে। নয়তো জাতির সমূহ সর্বনাশ হবে।
আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।