
২৩ নভেম্বর ২০১৭, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তাপর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৩৫ পয়সা বাড়ানোর আদেশ দিয়েছে। দাম বাড়ানোর এ সিদ্ধান্তে আমরা যারপরনাই বিস্মিত ও স্তম্ভিত।
৮ নভেম্বর বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারকে দেওয়া এক পত্রে বিদ্যুতের দাম বাড়ানোতে আপত্তি এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে ব্যয় বৃদ্ধির যতটুকু অযৌক্তিক ও সামঞ্জস্যহীন, ততটুকু বিদ্যুতের দামে সমন্বয় না করার বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বক্তব্য সরকারকে অবহিত করা হয় এবং বিদ্যুতের দাম কমানোর ব্যাপারে সরকারের সহযোগিতা চাওয়া হয়। সে পত্রে বলা হয়, বিদ্যুতের দাম নির্ধারণের একক এখতিয়ার বিইআরসির।
সে দাম বাড়ানো ও কমানো উভয় প্রস্তাবের ওপরই বিইআরসি গণশুনানি করেছে। শুনানিতে দাম বাড়ানোর প্রস্তাব যৌক্তিক ও সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হয়নি। বরং বিদ্যুতের দাম কমানোর প্রস্তাব যৌক্তিক বলে প্রতীয়মান হয়। বিইআরসিতে দাখিলকৃত গণশুনানি–পরবর্তী প্রতিবেদন, বিইআরসির সঙ্গে ক্যাবের ২ দফা আলোচনা এবং ২ নভেম্বর পক্ষগণ নিয়ে বিদ্যুৎ ভবনে ক্যাব আয়োজিত মতবিনিময় সভায় নিচের বিষয়গুলো গুরুত্ব পায়:
১. সরকারের নীতিজনিত কারণে সেচ ও প্রান্তিক আবাসিক গ্রাহকদের কাছে লোকসানে বিদ্যুৎ বিক্রি করা হয়। এ লোকসানের দায় সরকারের, ভোক্তার নয়। তাই এ লোকসান সমন্বয় হবে সরকারি অর্থে, দাম বাড়ানোর অর্থে নয়। উক্ত লোকসান সরকারি অর্থে সমন্বয়ের পর উদ্বৃত্ত অর্থ সমন্বয় করে বিদ্যুতের দাম কমানো যায়।
২. বিদ্যুৎ বিতরণে অবৈধ উপায়ে স্কেল পরিবর্তন করে সমতাভিত্তিক বেতন-ভাতাদি বৃদ্ধি করায় জনবল ব্যয় বাড়ে অত্যধিক। সবার ঘরে বিদ্যুৎ দিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অবকাঠামো উন্নয়ন ব্যয় বৃদ্ধি আর্থিক ও কারিগরি বিবেচনায় অযৌক্তিক ও অত্যধিক। এই ব্যয় বৃদ্ধিজনিত ঘাটতি ১ হাজার ৮০০ কোটি টাকা সমন্বয় করে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
৩. স্বল্পতম ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন করার ব্যাপারে বিইআরসির নির্দেশনা কার্যকর করা হলে উৎপাদন ব্যয় সাশ্রয় হতো ৮ হাজার ১৭১ কোটি টাকা। তাই ক্যাবের ‘বিদ্যুতের দাম কমানোর প্রস্তাব’ পিডিবির মাধ্যমে পক্ষগণ প্রতিনিধি নিয়ে গঠিত স্বার্থ-সংঘাতমুক্ত কমিটি দ্বারা বাস্তবায়ন করানোর জন্য বিইআরসিকে অনুরোধ করা হয়।
৪. আলোচ্য পরিস্থিতিতে জনগণ মনে করে, বিদ্যুতের দাম কমানো ন্যায্য ও যৌক্তিক।
৫. বিদ্যুৎ খাতে ভোক্তাস্বার্থ ও অধিকার বিপন্ন এবং অসাধু ব্যবসা প্রতিকারহীন। এ পরিস্থিতি মোকাবিলায় ক্যাব ১৫ দফা সুপারিশ পেশ করেছে। সে সুপারিশ বাস্তবায়নের জন্য বিদ্যুৎ খাত প্রশাসনে স্বচ্ছতা ও সুশাসন দরকার। সে জন্য বিদ্যুৎ খাত প্রশাসন স্বার্থ-সংঘাতমুক্ত হতে হবে। তাই ভোক্তারা মনে করে, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ কোম্পানিসমূহের চেয়ারম্যান ও বোর্ড সদস্য পদ থেকে সাবেক মুখ্য সচিব এ কে আজাদসহ বিদ্যুৎ বিভাগের সব কর্মকর্তাকে অবমুক্ত করা জরুরি।
এ প্রেক্ষাপটে নিচের প্রস্তাবগুলো জনস্বার্থে বিবেচনার জন্য ওই পত্রে সরকারের কাছে পেশ করা হয়:
১. সেচ ও প্রান্তিক আবাসিক গ্রাহকদের নিকট লোকসানে বিদ্যুৎ বিক্রিজনিত ঘাটতি সরকার বহন করবে।
২. আরইবির জনবল ও অবকাঠামো উন্নয়ন ব্যয় বৃদ্ধিজনিত ঘাটতি সরকার বহন করবে।
৩. বিইআরসির মতোই বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ খাতের রেগুলেটরি অথরিটি। বিইআরসি ডাউন স্ট্রিম, বিদ্যুৎ বিভাগ আপ স্ট্রিম রেগুলেটর। বিইআরসির চেয়ারম্যান কিংবা সদস্য/কর্মকর্তা যেমন বিদ্যুৎ খাত প্রশাসনের কোনো দায়িত্বে থাকতে পারেন না, বিদ্যুৎ বিভাগের সচিব কিংবা কোনো কর্মকর্তাও তেমনি কোনো দায়িত্বে থাকতে পারেন না। তা না হলে তাঁরা স্বার্থ-সংঘাতমুক্ত হবেন না। অথচ বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ কোম্পানিসমূহের চেয়ারম্যান ও বোর্ড সদস্যের দায়িত্বে ওই সব কর্মকর্তা রয়েছেন এবং তাঁরা স্বার্থ-সংঘাতমুক্ত না হওয়ায় কোম্পানিসমূহের পরিচালনা বোর্ড স্বার্থ-সংঘাতযুক্ত এবং তাদের ওপর রেগুলেটরি অথরিটির কর্তৃত্ব আজ শতভাগ অকার্যকর। ফলে অযৌক্তিক বিদ্যুৎ সরবরাহ ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণহীন।
এসব প্রস্তাবের অনুলিপি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিইআরসির চেয়ারম্যান এবং বিদ্যুৎ-সচিবকে দেওয়া হয়।
অবশেষে বিদ্যুৎ ভবনে ১৯ নভেম্বর আহূত সভায় তিনি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বিইআরসির সঙ্গে মিলিত হন। ওই সভায় কার্যপত্র উপস্থাপনের সুযোগ না দিয়েই সাবেক মুখ্য সচিব এসডিজির প্রধান সমন্বয়ক ও পিজিসিবির চেয়ারম্যান এ কে আজাদ ১৩২ কেভি লেভেলে বিদ্যুৎ সরবরাহ আরইবিসহ বিদ্যুৎ বিতরণ ইউটিলিটিকে হস্তান্তরের সিদ্ধান্ত দেন। যদিও এই হস্তান্তরের প্রস্তাবটি গণশুনানিতে কারিগরি ও আর্থিক বিবেচনায় অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ বলে প্রতীয়মান হয়।
উল্লেখ্য, পিজিসিবির চেয়ারম্যানের উদ্যোগে রেন্টাল মডেলে বিদ্যুৎ উৎপাদনের মতো সঞ্চালনও ক্যাপাসিটি পেমেন্টের বিনিময়ে ব্যক্তি খাতে আনা হচ্ছে। তাতে উৎপাদনের মতো বিদ্যুৎ সঞ্চালনও ব্যয়বহুল হবে। পিডিবির দ্বারা উৎপাদন ও বিতরণ করালে বিদ্যুতের দাম কমে। অথচ বিদ্যুৎ উন্নয়ন তহবিলে পিডিবির জন্য ভোক্তাদের দেওয়া অর্থ পিডিবির দ্বারা স্বল্পতম ব্যয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য।
অথচ সে উদ্যোগ চরম অবহেলার শিকার। বরং এ অর্থ কোম্পানির বিদ্যুৎ উৎপাদনে সুদে খাটিয়ে ব্যবসা করা হচ্ছে। উৎপাদন ব্যয় কমানোর উদ্দেশ্য সফল হচ্ছে না। আবার অন্য সব কোম্পানি বা সংস্থার বিদ্যুৎ বিতরণে আর্থিক ঘাটতির কারণ দেখিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হলো। অথচ পিডিবির বিদ্যুৎ বিতরণে কোনো আর্থিক ঘাটতি নেই। যদিও পিডিবিকে ভেঙে বিদ্যুৎ বিতরণ কোম্পানি নেসকো করে ২০০ কোটি টাকা আর্থিক ঘাটতি সৃষ্টি করা হলো।
বিদ্যুৎ উৎপাদনে স্বল্প দামের জ্বালানির পরিবর্তে বেশি দামের জ্বালানি ব্যবহার বেশি করা হয় এবং তরল জ্বালানির দামে আমদানি ব্যয় হ্রাস সমন্বয় যৌক্তিক ও সমতাভিত্তিক না করে উৎপাদন ব্যয় বৃদ্ধি করা হচ্ছে। আমাদের জিজ্ঞাসা, গণস্বার্থ বিপন্ন করে ব্যক্তি বা ব্যক্তি বিশেষের স্বার্থে এমন সব কাজ কী করে হয়?
প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, বিদ্যুতের দাম কমানোর দাবিতে ২১ নভেম্বর ক্যাব আয়োজিত মানববন্ধনে বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। ২২ নভেম্বর বাম রাজনৈতিক জোট বিক্ষোভ সমাবেশ করে এবং দাম বাড়ানো হলে তার প্রতিবাদে হরতালের ঘোষণা দেয়। ২৩ নভেম্বর দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে ৩০ নভেম্বর হরতালের ঘোষণাও টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে।
সংবাদমাধ্যমে এ দাম বাড়ানোর বিরুদ্ধে নানামুখী প্রতিবাদ চলছে। কর্তৃপক্ষীয় ব্যক্তিরা বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যয় বৃদ্ধির কারণগুলোর প্রতিকারের চিন্তা না করে আড়াল করতে চায় এবং বিভ্রান্তি সৃষ্টি করে ব্যক্তিস্বার্থে বিদ্যুতের দাম বাড়ানো অব্যাহত রাখতে চায়। তাই আমরা উদ্বিগ্ন; শেষে সরকার ও বিইআরসির কাছে বিদ্যুতের দাম বাড়ানোর আদেশ বাতিলসহ বিদ্যুতের দাম কমানোর লক্ষ্যে ক্যাবের ১৫ দফা সুপারিশ বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।
লেখকবৃন্দ: শিক্ষক, সাংবাদিক, গবেষক ও মানবাধিকার আন্দোলনের কর্মী।