মূসক প্রত্যাহার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের জাতীয় বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি শিক্ষা–প্রতিষ্ঠানগুলোর ওপর ১০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব করা হলেও পরে তা কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই কর শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আরোপিত হলেও তা প্রকারান্তরে শিক্ষার্থীদের বেতন-ভাতাদির ওপরই বর্তাবে।
অনেকেই মনে করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধনী লোকের সন্তানেরা পড়াশোনা করে। কিন্তু এ কথা পুরোপুরি সত্য নয়। আজকাল অনেক সাধারণ ঘরের সন্তানেরাও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা খুবই সীমিত হওয়ায় লাখ লাখ এইচএসসি পাস করা শিক্ষার্থী ভালো ফল করেও সেখানে ভর্তি হতে পারছে না। ফলে মধ্যবিত্ত ও এমনকি নিম্নবিত্তের পরিবারের শিক্ষার্থীরাও এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সন্তানকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য অভিভাবকেরা জমিজমাও বিক্রি করছেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের নোবেলজয়ী কৈলাস সত্যার্থী বাংলাদেশ সফরকালে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়ে মানবসম্পদ তৈরির কথা বলেছেন। মানবসম্পদ তৈরির এই কারখানা হলো বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান, হোক সে সরকারি বা বেসরকারি। অথচ আমাদের সরকার এই মূসক আরোপ করে শিক্ষার্থীদের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছে।
এ বিবেচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আরোপিত পুরো মূসক প্রত্যাহার করা হোক। সেই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানও নিশ্চিত করতে হবে।
লেখক: নাগরিক, মানিকনগর, ঢাকা।