মূসকব্যবস্থার হোঁচট খাওয়া সংস্কার কার্যক্রম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে পাস হয়েছে। এবার বাজেটে সবচেয়ে আলোচিত-সমালোচিত বিষয় ছিল মূল্য সংযোজন কর বা মূসক। বাজেট সংসদে উপস্থাপনের এক-দেড় মাস আগে থেকে একদিকে জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং ওই দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা; অন্যদিকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও তাদের শীর্ষ নেতারা দফায় দফায় সভা ও বৈঠক করেছেন। এসব বৈঠকের আলোচনা থেকে অনুমান করা গিয়েছিল যে ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন প্রণয়নের পর থেকেই যে চড়ায় ঠেকেছিল, তা পানিতে ভাসানো খুব কঠিন হয়ে দাঁড়াবে।
মূলত হলোও তাই। দুই পক্ষের মতভেদ মূলত মূসকের হার নিয়ে। সরকার ৩০ লাখ টাকা পর্যন্ত বছরান্তে যাঁদের মোট বিক্রি, তাঁদের ওপর মূসক আরোপ না করার বিধান করলেও সরকার ১৫ শতাংশ হিসেবে মূসকের একটিই হার প্রবর্তনের আইনি বিধান রেখেছে। অর্থমন্ত্রীর বাজেট ঘোষণায়ও তারই প্রতিফলন ঘটেছে। কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের বক্তব্য হলো, অনেক ছোট ব্যবসায়ী আছেন, যাঁরা হিসাব রাখতে সমর্থ কিংবা অভ্যস্ত নন। তাই মূসকের নিম্নতর অন্তত আরেকটি হার, হতে পারে ৫ শতাংশ, আইনে রাখা তাঁদের দাবি।
জাতীয় রাজস্ব বোর্ডের উঁচু পর্যায়ের বেশ কয়েকজন প্রতিনিধি এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের প্রতিষ্ঠান এফবিসিসিআইয়ের সমসংখ্যক প্রতিনিধির সমন্বয়ে অর্থমন্ত্রী মীমাংসায় পৌঁছানোর জন্য একটি কমিটি করে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কমিটি তাদের প্রতিবেদনও দিয়েছিল যথাসময়ে। কমিটির যে কার্যপরিধি ছিল, তার মধ্যে সাতটি বিষয়ে দুই দলই একমত হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বিরোধীয় বিষয়—মূসকের হার এক নাকি একাধিক হবে, এ বিষয়েও তাঁরা এই মর্মে একমত হয়েছিলেন যে হার একাধিকই হবে। এরপর কয়েক মাস চলে গিয়েছে। সরকার তার নিজস্ব পদ্ধতিতে সরকারি নথিতে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে মূসকের সর্বব্যাপী ১৫ শতাংশ হার অপরিবর্তিত থাকবে। মনে হয়, এখানেই সরকার বড় একটি ভুল করেছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ প্রণয়নের প্রতিটি পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে অনেকবার সলাপরামর্শ করেছেন। কিন্তু মূসকের একাধিক হার প্রবর্তনের সম্মিলিত সিদ্ধান্ত একতরফাভাবে উল্টে দেওয়ার কারণেই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে একক হার বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
রাজস্ব বোর্ডের দু-একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে ধারণা জন্মেছে যে প্রশাসনিক ও টেকনিক্যাল—উভয় দিক দিয়েই একাধিক হার বাস্তবায়ন করা সম্ভব। তবে চলমান ১৫ শতাংশের অতিরিক্ত আরেকটি হার, ধরা যাক ৫ শতাংশ, প্রচলন করতে হলে করদাতাকে আগেভাগেই লিখিতভাবে তা ঘোষণা করতে হবে এবং অনুরূপ নিম্নহারে কর প্রদানকারী রেয়াতের সুবিধা পাবেন না। এর ফল কখনো কখনো এমন হতে পারে যে ১৫ শতাংশ কর প্রদানকারীর চেয়ে ৫ শতাংশ কর প্রদানকারীর করের বোঝা রেয়াত না পাওয়ার কারণে শেষতক বেশি হয়ে যেতে পারে। তবে করদাতা সে ঝুঁকি তো জেনেশুনেই নেবেন।
আমরা আবারও বলছি, কর হার একাধিক রাখার সম্মিলিত সিদ্ধান্ত ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা না করে এবং তাঁদের সম্মত না করিয়ে কলমের এক খোঁচায় নাকচ করিয়ে দেওয়ার ফলও ভালো হয়নি। তাই সুপারিশ করছি, অবিলম্বে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করা উচিত। এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকেই। মূসকের হার এক কিংবা একাধিক—দুই রকমই হতে পারে। যেটাই হোক, কারও তাতে ইজ্জত যাওয়ার কারণ নেই। আসলে যত দূর জানি, মূসকব্যবস্থায় রাজস্ব আদায়কারী দেশগুলোর মধ্যে মাত্র একটি দেশেই মূসকের একক হার প্রচলিত। বাংলাদেশকে সেই সারিতে দাঁড় করানোর প্রাণান্তকর পরিশ্রমের প্রয়োজন কেন করতে হবে, আমার কাছে তার অর্থ স্পষ্ট নয়।
রাজস্ব বোর্ডের উদ্বেগের কারণ অনুধাবন করা কষ্টসাধ্য নয়। ব্যবসায়ীদের সঠিক হিসাব রাখা শুধু মূসকের জন্যই যে প্রয়োজন তা নয়; আয়কর সঠিকভাবে নির্ধারণ ও আদায়ের জন্যও তা জরুরি। কিন্তু একক হারের সঙ্গে আরেকটি হার যদি প্রচলন করতেই হয়, তাও স্বয়ংক্রিয় ব্যবস্থার অধীনে আনা সম্ভব। সুতরাং আশঙ্কার খুব যে একটা কারণ আছে, তা মনে হয় না।
ব্যবসায়ী সম্প্রদায়ের নেতাদেরও ভেবে দেখা দরকার যে আমাদের কর প্রদানের অবস্থা সত্যিই লজ্জাজনক। পুরো সার্ক অঞ্চলে শুধু আফগানিস্তানের কর-জিডিপির অনুপাত আমাদের নিচে। সার্কের বাইরে সম্ভবত শুধু নাইজেরিয়ায় এই অনুপাত আমাদের চেয়ে কম। মাথাপিছু আয় এবং মোট দেশজ আয় বেড়ে ক্রমাগত একটি সম্মানজনক অবস্থানে পৌঁছাচ্ছি আমরা। কর ফাঁকির মনোবৃত্তি দূর করে এখন আরও সামনে এগিয়ে আসার সময় হয়েছে।
আলী আহমদ: বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য।