মৃত সাগরে সাঁতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্যবিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে জর্ডান যাই সম্প্রতি। আম্মান বিমানবন্দরে লক্ষ করি রঙিন শাড়ি, সালোয়ার-কামিজ পরা, হলুদ ক্যাপ মাথায় নানা বয়সী অনেক মেয়ে বাংলায় কথা বলছেন। কৌতূহলে আলাপ করি তাঁদের সঙ্গে। জানতে পারি, তাঁরা সবাই বাংলাদেশ থেকে এসেছেন জর্ডানে গৃহকর্মীর কাজ নিয়ে। তাঁরা জানান, আরও অসংখ্য মেয়ে ইতিমধ্যেই জর্ডানে গৃহকর্মী হিসেবে 

কাজ করছেন। জর্ডানে এত বিপুলসংখ্যক বাংলাদেশের মেয়ে গৃহকর্মী হিসেবে কাজ করেন, আমার জানা ছিল না। যে কোম্পানি তাঁদের এ দেশে নিয়ে এসেছে, তাদের দেওয়া বাহারি ক্যাপ মেয়েদের মাথায়। কিন্তু সেই ক্যাপের নিচে তাঁদের সবার ক্লান্ত চোখ, অজানা দেশের মুখোমুখি হয়ে সে চোখে গভীর অনিশ্চয়তা। যোজন দূর পাড়ি দিয়ে আসা হলুদ ক্যাপ পরা বিহ্বল বোনদের পেছনে রেখে ইমিগ্রেশন পার হয়ে যাই।

পরদিন সম্মেলনে এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জর্ডানের সহকর্মীদের কাছ থেকে জানতে পারি, জর্ডানের অবস্থাপন্নদের ভেতর গৃহকর্মী রাখা এখন বেশ একটা আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে। নানা রিক্রুটিং কোম্পানি মোটা অঙ্কের টাকার বিনিময়ে জর্ডানের অভিজাত পরিবারের কাছে গৃহকর্মী সরবরাহ করে। ঘর পরিষ্কার, রান্না, কাপড় ধোয়া—গৃহস্থালি সব কাজই করতে হয় তাঁদের। একসময় এই কোম্পানিগুলো শ্রীলঙ্কা ও ফিলিপাইন থেকে গৃহকর্মী আনত, ইদানীং আনে বাংলাদেশ থেকে। জর্ডানের অবস্থাপন্নরা তাদের ঘরের ভেতর বৌদ্ধ বা খ্রিষ্টান নয়, একজন মুসলমানকে রাখতে বেশি আগ্রহী। সেই সূত্রে চাহিদা বেড়েছে বাংলাদেশি গৃহকর্মীদের। কাকতালীয়ভাবে লাঞ্চের টেবিলে আমার পাশে বসেন জর্ডানের সাবেক স্বাস্থ্যমন্ত্রী। তাঁর সঙ্গে আলাপ করতে গিয়ে জানতে পারি, তাঁর বাড়ির গৃহকর্মীটি বাংলাদেশেরই। তিনি অবশ্য তাঁর বাংলাদেশি গৃহকর্মীটির ব্যাপারে বেশ অসন্তুষ্টি প্রকাশ করলেন। বললেন, ‘এত বেতন দিই, তার পরও এই মেয়ে কেন শুধু বাড়ি যেতে চায় আর দিন-রাত মোবাইলে দেশে কথা বলে, বুঝি না।’ ভাবি বিশ্বায়নের যুগে নব্য ক্রীতদাসী এই বাংলাদেশের গৃহকর্মী বহুদূর এক আরব কর্তার বাড়ির চার দেয়ালে বসে কেন ঘরকাতর হন, তা বোঝার জন্য তো রকেটবিদ্যা জানার প্রয়োজন পড়ে না।

আরব বিশ্বজুড়ে রাজনৈতিক পরিবর্তনের হাওয়া বইলেও জর্ডান সেই ডামাডোল থেকে ছিল দূরে। পার্লামেন্ট একটা থাকলেও জর্ডান মূলত রাজতন্ত্রের অধীনেই চলে, যার বর্তমান বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। তিনি জনগণকে নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে একটা স্থিতাবস্থা বজায় রেখেছেন। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে জর্ডানের খুবই সুসম্পর্ক। আম্মান শহরজুড়ে বড় বড় জৌলুশভরা সব শপিং মল; তাতে পশ্চিমা সব ব্র্যান্ড উপাদানের দোকান, রাস্তাজুড়ে টম ক্রুজের, অ্যাঞ্জেলিনা জোলির বিরাট বিলবোর্ড। নানা আমেরিকান শহরের নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়।

তবে এটা যে কোনো পশ্চিমা দেশ নয়, তা জানান দেয় চারপাশের মরুময় ল্যান্ডস্কেপ, ধূসর পাথরের বাড়ি আর হিজাব পরা মেয়েরা। জানতে পারি,  হলিউডের চলচ্চিত্র ইন্ডিয়ানা জোনস, লরেন্স অব অ্যারাবিয়া কিংবা সাম্প্রতিক কালে অস্কার জেতা দ্য হার্ট লকার ইত্যাদির শুটিং হয়েছে জর্ডানের মরু অঞ্চলেই। জর্ডানে দুটি বিশ্বখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে—পেট্রা ও জারাস। পেট্রা পাথরের পাহাড় খোদাই করে তৈরি খ্রিষ্টপূর্ব এক লোকালয় আর জারাস প্রথম খ্রিষ্টীয় শতকের এক রোমান শহর। পেট্রায় যাওয়ার সময় হয়নি কিন্তু ঘুরে এসেছি জারাস থেকে। প্রথম শতাব্দীর সেই সময়টায় জর্ডান, সিরিয়াসহ আরব বহু অঞ্চলই রোমানদের দখলে। সেই সময়েরই একটা বিখ্যাত রোমান শহর জারাস। জারাসের নগর পরিকল্পনা বিস্ময়কর। দুই হাজার বছর আগের এই শহরকে যেভাবে প্রশাসনিক, বিনোদন, খেলাধুলা আর আধ্যাত্মিক জোনে ভাগ করা হয়েছে, তা দেখে আমাদের আজকের বহু শহরের মাথা হেঁট হবে।

সমুদ্রপৃষ্ঠ থেকেও নিচে, পৃথিবীর সবচেয়ে নিচু হাইওয়ে ধরে গিয়ে পৌঁছাই জর্ডানের বিখ্যাত ডেড সি-তে। মিনিয়েচার এক সাগর। এক পাশে জর্ডান, অন্য পাশে ফিলিস্তিন আর ইসরায়েল। মৃত সাগরে নামি। সাঁতারে দক্ষ নই, তবু ডেড সি-তে নামতে ভয় নেই। এ সাগরে কেউ ডোবে না। ছোটবেলাতেই জেনেছি, ডেড সিই পৃথিবীর একমাত্র সাগর, যার নিচে কোনো প্রাণ নেই—না-মাছ, না-উদ্ভিদ। সে কারণেই এর নাম হয়েছে মৃত সাগর। পৃথিবীর অন্যান্য সাগরের লবণাক্ততা যেখানে ছয় থেকে আট ভাগ, সেখানে ডেড সির লবণাক্ততা ৩৫ ভাগেরও বেশি। এই লবণাক্ততার সঙ্গে বিবিধ খনিজ পদার্থের উঁচু মাত্রার কারণে ডেড সিতে কোনো প্রাণী বা উদ্ভিদের বেঁচে থাকা সম্ভব হয় না। এই লবণাক্ততার কারণে এই সাগরের প্লবতা অনেক বেশি, ফলে এখানে ভেসে থাকাও সহজ। এই আশ্চর্য জলাশয়ে নামার সঙ্গে সঙ্গে অনুভব করি তলদেশ থেকে উঠে আসা একটা চাপ, যা ভাসিয়ে রাখে শরীরকে। সবাই চিত হয়ে ভেসে থাকে। কারণ, আমাদের জানিয়ে দেওয়া হয় ঘন লবণ আর খনিজ মেশা এই পানি যদি চোখে লাগে, তাহলে তা মারাত্মক ক্ষতি করতে পারে। এই পানিকে প্রায় বিছানার বিকল্প ভেবে অনেকে তাতে শুয়ে দিনের বিশ্রামটা সেরে নেন। চাইলে শুয়ে বইও পড়া যায়। ভেসে থাকতে থাকতে ভুল করে ঠোঁটে এই সাগরের পানি লেগে গেলে টের পাই এর ভয়াবহ লবণাক্ততা। তীরে উঠে আসি দ্রুত। উচ্চ হারের খনিজ সম্পৃক্ততার কারণে ডেড সির তলদেশের মাটির নানা ভেষজ গুণ রয়েছে বলে জানা যায়। এই মাটি বিখ্যাত সব প্রসাধনী কোম্পানি তাদের প্রসাধনীতে ব্যবহার করে বলে জানতে পারি। ডেড সির পর্যটকদের জন্য অবশ্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিরাট পাত্রে পর্যটকদের জন্য রাখা হয়েছে বিনা মূল্যে সাগরতলের মাটি। ঘন কালো সে মাটি। ত্বকের তারুণ্যের আশায় নারী-পুরুষ অনেকেই সারা গায়ে সে মাটি মেখে কিম্ভূত সেজে বসে থাকে সৈকতে। আমি সৈকতে দাঁড়িয়ে দেখি ঢেউহীন গম্ভীর সাগরে ইতস্তত ভেসে আছে মানুষ, আর তীরে কালো কাদা মাখা ভুতুড়ে নারী-পুরুষ। কোনো পরাবাস্তব দৃশ্য যেন। যেন বা বার্গম্যান, তারকোভোস্কি বা আন্তোনিয়নির চলচ্চিত্রের কোনো সেট।

রাতে ডেড সির সৈকতে এক রেস্টুরেন্টে নৈশভোজ। সাগরের হাওয়ায় হামুস, মেজে, ফাটুস সালাদসমেত চমৎকার আরব খাওয়া। ভোজের মাঝখানে হঠাৎ বেজে ওঠে আরব বাজনা। বিদ্যুৎ চমকের মতো এক নারী এসে সূচনা করেন বিখ্যাত বেলি ড্যান্স। শরীরের আশ্চর্য সব মুদ্রায় চমকিত করে রাখেন তিনি। আমার পাশের জর্ডানের সহকর্মী অবশ্য বলে, তাঁর নাচ ঠিক হচ্ছে না। কারণ, এই মেয়ের শরীরে আরব রক্ত নেই। জানায়, আজকাল অর্থ উপার্জনের আশায় সাবেক সোভিয়েত রাশিয়ার অনেক মেয়ে এ দেশে এসে আরব নাচ করেন। মনে ভাবি, বিপ্লবী সোভিয়েতের পতন কাকে যে কোন মুলুকে নিয়ে ঠেকিয়েছে। বাজনার তালে তালে দেশ থেকে ছিটকে পড়া রুশ রূপসী একটা মশাল শিখার মতো শূন্যে হাতের মুদ্রা তৈরি করেন। তার পেছনে দূরে দেখা যায় পৃথিবীর মানচিত্রের সবচেয়ে দ্বন্দ্ববিক্ষুব্ধ এক ভূমি ফিলিস্তিনের আলো।

হঠাৎ আম্মান বিমানবন্দরে হলুদ ক্যাপ পরা বাংলাদেশি বোনদের মুখ মনে পড়ে। আজ রাতে তাঁরা কি চোখের পানি মুছতে মুছতে জর্ডান থেকে মোবাইলে কথা বলছেন তাঁদের স্বজনের সঙ্গে গাইবান্ধায়, টাঙ্গাইলে অথবা মাদারীপুরে?

শাহাদুজ্জামান: কথাসাহিত্যিক।