কারও কাছে পরম পূজনীয়, আবার কারও কাছে চরম ঘৃণার পাত্র। রাজনীতিকদের ক্ষেত্রেই এ রকম অদ্ভুত বৈপরীত্য প্রযোজ্য। বিংশ শতাব্দীর বিশ্বরাজনীতির সবচেয়ে ক্ষমতাধর নারী লৌহমানবী মার্গারেট থ্যাচার তাঁর রাজনৈতিক অনুসারী ভাবশিষ্যদের কাছে ইতিহাসের সেরা ব্রিটিশদের অন্যতম। কিন্তু তাঁর রাজনৈতিক ভাবধারা থ্যাচারিজমের নিষ্ঠুর বাস্তবতার শিকার হয়েছিলেন যাঁরা, তাঁদের কাছে তো তিনি ডাইনি বুড়ি। তাই ডাইনির মৃত্যুতে উল্লাস করতে রাস্তায় নেমে এসেছে শত শত মানুষ, পুড়িয়েছে তাঁর কুশপুত্তলিকা। এমন মন্তব্যও এসেছে যে ‘এই মৃত্যু ৮৭ বছরের বিলম্বিত মৃত্যু।’ত্রিশের দশকের অস্ট্রেলীয় একটি ছায়াছবির গান, ‘ডিং ডং দ্য উইচ ইজ ডেড’ প্রায় আট দশক পর আবার ব্রিটেনে অনেকের মুখে মুখে। ইন্টারনেট থেকে প্রতি সপ্তাহে যেসব গান সবচেয়ে বেশি ডাউনলোড হয়ে থাকে, সেগুলোর ওপর একটি তালিকা করে বিবিসির রেডিও ওয়ানে প্রচারিত হয় টপ চার্ট অনুষ্ঠান। ম্যাগি থ্যাচারকে যাঁরা ডাইনির রূপক বিবেচনা করে ওই গানটি শুনেছেন, তাঁদের কল্যাণে গেল সপ্তাহে ব্রিটেনের টপ চার্টের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেটি। আর থ্যাচারের সমর্থকদের ‘আই অ্যাম ইন লাভ উইথ মার্গারেট থ্যাচার’ গানটির অবস্থান হচ্ছে তালিকার পঞ্চত্রিংশতি অবস্থানে।ব্যারনেস থ্যাচারের মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর রাত নামার আগেই উৎসব হয়েছে লন্ডনের ব্রিক্সটন, স্কটল্যান্ডের শিল্প শহর গ্লাসগো, পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল, উত্তর আয়ারল্যান্ডের লন্ডন ডেরি ও বেলফাস্টে। এসব জায়গায় শত শত নারী-পুরুষ রাজপথে সমবেত হয়ে শ্যাম্পেনের বোতল খুলে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করে। ব্রিক্সটন ও ব্রিস্টলে উৎসব থেকে হাঙ্গামা শুরু হলে তা নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত পুলিশের ডাক পড়ে।আশির দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিগ্যানের অর্থনৈতিক নীতি যেমন রেগানোমিক্স বলে পরিচিতি পায়, ঠিক তেমনি আটলান্টিকের এপারে থ্যাচারের বাজারমুখী সংস্কারের নীতি থ্যাচারিজম হিসেবে প্রতিষ্ঠা পায়। একদিকে, রাষ্ট্রীয় ব্যয় সংকোচনে প্রাধান্য দিয়ে স্কুলের ছেলেমেয়েদের বিনা পয়সায় দুধ খাওয়ানোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, অন্যদিকে বাজার সংস্কারের ধুয়ো তুলে একের পর এক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বেসরকারীকরণের মাধ্যমে গড়ে তোলা হয় নতুন এক ধনিক গোষ্ঠী। আর বিপরীতে লাখ লাখ সরকারি কর্মচারী বেকার হয়েছেন, কারখানা, কয়লাখনি বন্ধ হয়েছে, শ্রমিক ইউনিয়নের শক্তিকে নিঃশেষ করে দেওয়ার সব ধরনের কৌশলই সরকার প্রয়োগ করেছে। ফলে শিল্পাঞ্চলে যখন আধপেটা অথবা অভুক্ত শ্রমিকের পরিবারে দারিদ্র্যের যাতনা গ্রাস করছিল, তখন পুঁজিবাজারে ঘটেছে প্রাণের সঞ্চার। শ্রমিক ইউনিয়নগুলো চরম প্রতিকূলতার মুখে পড়ে। কয়েক দশক ধরে যাঁরা ওই পরাজয়ের আগুন বুকে পুষে রেখেছিলেন, তাঁরাই আজ গাইছেন ডিং ডং দ্য উইচ ইজ ডেড। ব্যারনেস থ্যাচার ক্ষমতায় থাকাকালেই গড়ে ওঠা একটি গোষ্ঠী ক্লাস ওয়ার ঘোষণা করে যে, থ্যাচারের যখন মৃত্যু হবে, তার পরের শনিবার সন্ধ্যাবেলায় তাঁরা ট্রাফালগার স্কয়ারে আনন্দ সমাবেশ করবেন। ক্লাস ওয়ার নামের সংগঠনটির এখন আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু তার পরও তিন দশক আগে ঘোষিত সেই কর্মসূচি পালিত হয়েছে বিচ্ছিন্ন কিছু ব্যক্তির উৎসাহে। গেল শনিবার ১৩ মার্চ সন্ধ্যায় সেই আয়োজনে প্রায় তিন হাজার প্রতিবাদী মানুষ অংশ নিয়েছেন, যাঁদের কারও কারও জন্ম থ্যাচার-যুগের পরে। বিবিসি টেলিভিশনের পর্দায় দেখছিলাম, তাঁদের যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে তাঁরা কেন ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে উৎসব করতে এসেছেন, তখন তাঁদের জবাব ছিল, থ্যাচার-আমলের নীতি সমাজে যে ক্ষত তৈরি করে দিয়েছে, তাঁদের প্রজন্মকেও তার মূল্য দিতে হচ্ছে। এদের কেউ কেউ এমন কথাও বলেন যে থ্যাচারের ভাবশিষ্যরা এখন ক্ষমতায় বসে খেটে খাওয়া মানুষের ওপর যে ধরনের বোঝা চাপিয়ে দিচ্ছেন, তা-ও শ্রেণীবৈষম্য বাড়িয়ে দেবে। ব্যারনেস থ্যাচারের শেষকৃত্য অনুষ্ঠানকে ঘিরে তাই সরকার এবং পুলিশকর্তারা কিছুটা উদ্বিগ্ন যে শেষ পর্যন্ত না বিদেশি অতিথিদের উপস্থিতিতে কোনো ধরনের অশোভন পরিস্থিতি তৈরি হয়। পুলিশ প্রথমে জানিয়েছিল, সেন্ট পলস ক্যাথিড্রালে তাঁর যে শেষকৃত্য অনুষ্ঠিত হবে, সেই গির্জার বাইরে কিংবা তাঁর কফিন আনা-নেওয়ার পথে কোনো বিক্ষোভ করতে দেওয়া হবে না। কিন্তু সর্বশেষ তারা বলেছে, কেউ যদি কফিনের দিকে পশ্চাদ্দেশ রেখে উল্টোমুখো হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে পুলিশ তাতে বাধা দেবে না। কারণ, তাতে আইন লঙ্ঘিত হবে না। থ্যাচারবিরোধীরা সবাই যে রাজপথে নেমে আসছেন, বিষয়টি তেমন নয়। কিন্তু যাঁরা একজন মৃত মানুষকে অসম্মান প্রদর্শনের মতো চরম পদক্ষেপ নিতে মোটেও কুণ্ঠিত নন, তাঁদের সংখ্যাই বলে দেয় যে কী গভীর এক ক্ষত তৈরি করেছিলেন তিনি। কোনো মানুষের মৃত্যুতে উল্লাস প্রকাশ কোনোভাবেই শোভনীয় হতে পারে না উল্লেখ করে রাজনীতিকদের অনেকেই এ ধরনের প্রকাশ্য উৎসব আয়োজনের সমালোচনা করেছেন। থ্যাচারের রাজনৈতিক প্রতিপক্ষ যাঁরা, সেসব রাজনীতিকদের অধিকাংশই এ ক্ষেত্রে সংযত আচরণ করেছেন। কিন্তু ক্ষমতাসীন টোরি নেতৃত্বের একটি অংশের অতিমাত্রায় থ্যাচার-স্তুতির পরিকল্পনা অনেকেই মানতে পারছেন না। সাবেক উপপ্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা লর্ড প্রেসকট সানডে মিরর পত্রিকায় লিখেছেন, ব্যারনেস থ্যাচারের শেষকৃত্য আয়োজনের দায়িত্বটি সরকারি খরচে না করে বেসরকারীকরণ করা উচিত। টোরি পার্টির নেতৃত্বাধীন জোটের বাজেটে যে ১৩ হাজার কোটিপতি কর রেয়াত পেয়েছেন, তাঁদের উচিত এ শেষকৃত্যের খরচ জোগানো। সরকারিভাবে নিশ্চিত না করা হলেও অনুমান করা হচ্ছে যে এ আয়োজনে খরচ হচ্ছে এক কোটি পাউন্ড, যা বাংলাদেশি টাকায় ১২০ কোটি টাকার বেশি। ব্যারনেস থ্যাচারের জন্ম যে শহরে, সেই গ্র্যান্থামের বিশপ রেভারেন্ড টিম এলিস বলেছেন, এক কোটি পাউন্ড খরচ করে তাঁকে মহিমান্বিত করার চেষ্টা ঠিক নয়। ব্রিটিশ সমাজে মার্গারেট থ্যাচারের অনুসৃত নীতিমালা যে একটা বড় ধরনের বিভক্তি তৈরি করে দিয়েছে, সে কথা অবশ্য প্রধানমন্ত্রী ক্যামেরনও স্বীকার করে নিয়ে বলেছেন, ওই বিভক্তির বাস্তবতা সত্ত্বেও তিনি ছিলেন একজন বড় মাপের মানুষ।রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে, ব্যারনেস থ্যাচার ব্রিটেনের রাজনীতিতে এমন পরিবর্তনের সূচনা করে দিয়েছেন, যেখান থেকে আর পেছনে ফেরা সম্ভব নয়। এর কারণ হিসেবে তাঁরা বলছেন, তাঁর সূচিত সংস্কারের কারণে বাজার অর্থনীতিতে যে পরিবর্তন ঘটেছে, ব্যক্তি উদ্যোগের যে গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে, সমাজ ও ব্যক্তিজীবনে রাষ্ট্রের ভূমিকা যতটা সংকুচিত হয়েছে, সেটা এখন অনেকটাই স্থায়ী হয়ে গেছে। ফলে ট্রেড ইউনিয়নের দাপট কমেছে। বিভিন্ন পরিষেবার বিষয়টিতে রাষ্ট্র দায়িত্বমুক্ত হয়ে তা বাজারের হাতে ছেড়ে দিয়েছে। উদ্যোক্তা এবং সম্পদ সৃষ্টির এক সংস্কৃতি বিকাশ লাভ করেছে। এসব সংস্কারের বিস্তৃতি এতটাই ব্যাপক ছিল যে বলা হয়, তার প্রভাবে প্রতিপক্ষ লেবার পার্টিকেও তাল মেলানোর জন্য নিজেদের মধ্যে সংস্কার করতে হয়েছে। লেবার পার্টি রূপান্তরিত হয়েছে নিউ লেবারে। নিউ লেবারের পথিকৃৎ টনি ব্লেয়ারকে অনেক বামপন্থীই থ্যাচারের প্রতিভূ বলে বর্ণনা করে থাকেন। কেননা, অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে মি ব্লেয়ারও লেবারের দীর্ঘ ঐতিহ্য জলাঞ্জলি দিয়ে বাজারকে আরও উন্মুক্ত করেছেন। অনেকের বিবেচনায় বাজারের ওপর সরকারের তদারকি ভূমিকা ক্রমে আলগা হতে থাকার কারণেই ব্যাংকাররা এত অনিয়ম করে সর্বগ্রাসী সংকট ডেকে এনেছে। পাঁচ বছর ধরে যে সংকটের মাশুল দিচ্ছে সাধারণ মানুষ।দেশের ভেতরে তাঁর এ রকম একটা বিভাজকের ভূমিকা থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর নেতৃত্বের বিষয়ে তেমন একটা বিতর্ক নেই। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতন ঘটানোর ক্ষেত্রে তাঁর ভূমিকার স্বীকৃতি মিলেছে তৎকালীন সোভিয়েত রাজনীতির সংস্কারক মিখাইল গর্বাচেভের কথায়। গর্বাচেভ বলেছিলেন, পাশ্চাত্যের রাজনীতিকদের মধ্যে মিসেস থ্যাচারই হলেন এমন একজন নেতা, যাঁর সঙ্গে কাজ করা যায়। তাঁদের সেই সহযোগিতার পরিণতিতেই চার দশক ধরে চলা স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। কিন্তু বিশ্বপরিসরে কেউ সম্মানিত হলেই যে তিনি দেশের ভেতরেও একই ধরনের মর্যাদা পাবেন, বিষয়টি তো আর এমন নয়।রাজনৈতিক জীবনে যাঁর ভূমিকা বিভাজন তৈরি করেছিল, তাঁর মৃত্যুও সেই বিভক্তিকে টিকিয়ে রাখল। দলের জন্য পর পর তিনটি নির্বাচনে সাফল্য বয়ে আনলেও শেষ পর্যন্ত তাঁকে অব্যাহত গণ-অসন্তোষের কারণে প্রধানমন্ত্রীর আসন ছাড়তে হয়েছিল। তাঁর অনুসারীদের অনেকেই বলেছেন, মৃত মানুষের প্রতি অশ্রদ্ধা হয় এমন আচরণ প্রত্যাশিত না হলেও কারও প্রতিবাদের অধিকারে বাধা দেওয়া চলে না। কেননা, তেমনটি হলে যিনি জীবদ্দশায় ব্যক্তিস্বাধীনতার চ্যাম্পিয়ন ছিলেন, মৃত্যুর পর তাঁকে তো কবরেও লজ্জায় মুখ আড়াল করতে হবে। পরমতসহিষ্ণুতার এ পরীক্ষা কঠিন হলেও, সেটাই তো গণতন্ত্রের সারকথা। কামাল আহমেদ: প্রথম আলোর লন্ডন প্রতিনিধি।