মৃত্যু না গণতন্ত্র?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনরিক টার হর্স্ট
এনরিক টার হর্স্ট

ভেনেজুয়েলার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, তার অর্থভান্ডার শূন্য। দেশটির নাগরিকেরা ময়লার মধ্যে খাবার খুঁজছে। জনগণ যেমন না খেয়ে ধুঁকে ধুঁকে মরছে, তেমনি প্রতিরোধযোগ্য রোগে ভুগেও মারা পড়ছে (লাতিন আমেরিকার গড় হারের অনেক বেশি)। আবার সহিংসতার কারণেও তারা মারা পড়ছে, এমনকি সরকারি বাহিনীর গুলিতেও তাদের মৃত্যু হচ্ছে।

দেশটির ৩ কোটি ১০ লাখ মানুষের মধ্যে তিন-চতুর্থাংশের বেশি মানুষ শাসকদের বজ্র আঁটুনি থেকে মুক্তি চায়। এদের সংখ্যা বেশি নয়, শ দেড়েক মাফিয়া ভেনেজুয়েলার গণতন্ত্র ছিনতাই করেছে, তার সম্পদ হরণ করে বিপর্যয়কর মানবিক সংকট সৃষ্টি করেছে। এরপর হুগো চাভেজ ও নিকোলাস মাদুরোর ১৮ বছরের শাসনব্যবস্থা ক্ষমতা হারানোর চেয়ে পারলে পুরো জনগণকে জিম্মি করে। সম্ভবত আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁদের মানবতাবিরোধী অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু তাঁরা আর কত দিন ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন?

দেশটির নাগরিকেরা খুব করে চায়, দেশটির সরকার পরিবর্তন হোক, এ ব্যাপারে তাদের সক্রিয়তাও আছে। ২০১৫ সালের ডিসেম্বর মাসে দুই-তৃতীয়াংশ ভোটার গণতান্ত্রিক বিরোধী দলকে ভোট দিয়েছেন। ভোটের এই ফলাফলে ক্ষমতাসীন দলের ক্ষমতা হ্রাস পাওয়ার কথা, একধরনের ভারসাম্য আসার কথা, যেটা চাভেজের সংবিধানেই লিপিবদ্ধ আছে।

কিন্তু দেশটির সরকার সুনির্দিষ্টভাবে সংসদকে অগ্রাহ্য করেছে, যে প্রতিষ্ঠানকে তারা অনুগত মানুষ দিয়ে ভরে তুলেছে। এই মার্চের শেষ ভাগে দেশটির সুপ্রিম কোর্ট আরও এক ধাপ এগিয়ে সংসদের ক্ষমতা কুক্ষিগত করেন। ব্যাপারটা এত বেআইনি ছিল যে এমনকি সরকারি কৌঁসুলি লুইসা ওরতেগা দিয়াজ একে ‘সাংবিধানিক ব্যবস্থার ব্যত্যয়’ হিসেবে ঘোষণা করেন।

ভেনেজুয়েলার নাগরিকেরা রাস্তায় নেমে বিরোধিতা শুরু করে। এপ্রিলের ১ তারিখ থেকে তারা প্রতিদিন বিক্ষোভ শুরু করে, যদিও এর কারণে তাদের জীবন হুমকির মুখে পড়তে পারত। বস্তুত প্রতিবাদ শুরু হওয়ার পর নিরাপত্তা বাহিনী ৮৫ জন প্রতিবাদকারীকে হত্যা করেছে, আহত করেছে আরও এক হাজার মানুষকে। তারা যেমন জনতার মধ্যে কাঁদানে গ্যাস ছুড়েছে, তেমনি কাছ থেকে মানুষের বুক লক্ষ্য করে পেলেট ছুড়েছে। তিন হাজারের বেশি প্রতিবাদকারীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে স্রেফ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কারণে।

কোণঠাসা হয়ে ক্ষমতাসীন শ্রেণি দারুণ স্পর্ধা দেখাচ্ছে। মাদুরো সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তাঁরা যদি ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনীয় ভোট না পান, তাহলে বন্দুক ব্যবহার করবেন। একই সঙ্গে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাঁরা আরও কিছু চরমপন্থার রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছেন। প্রেসিডেন্টের ডিক্রিবলে (সংবিধান অনুসারে গণভোট দিয়ে নয়) তিনি ‘সাম্প্রদায়িক’ সংবিধান প্রণয়নের লক্ষ্যে ৩০ জুলাই সংবিধান সভা গঠনের ঘোষণা দিয়েছেন।

প্রতিবাদ, বিক্ষোভ এখন কার্যত অভ্যুত্থানে রূপ নিচ্ছে। ভেনেজুয়েলার মানুষ নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানাচ্ছে, তারা যেন সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। কৌঁসুলি ওরতেগা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন, আদালত যেন সরকারের সংবিধান পুনর্লিখন প্রচেষ্টা বানচাল করে দেন। কিন্তু আদালত বলেছেন, তাঁর অনুরোধ ‘গ্রহণযোগ্য’ নয়।

ভেনেজুয়েলার মানুষ বুঝে গেছেন, সরকারের নিয়োজিত লোকেদের অনুমোদিত মার্ক্স-লেনিনবাদী সংবিধান এক মাসের মধ্যে দেশটিকে আরেক কিউবায় রূপান্তরিত করবে। এখন প্রশ্ন হচ্ছে, বাকি পৃথিবী কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবে?

অর্গানাইজেশন অব দ্য আমেরিকান স্টেটসের (ওএএস) মহাসচিব সদস্যরাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছেন, তারা যেন ভেনেজুয়েলার এই গুরুতর মানবিক ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ব্যাপারে মনোযোগ দেয়। গত মাসে সংগঠনটির সাধারণ পরিষদে ১৪টি দেশ ভেনেজুয়েলার সঙ্গে কীভাবে আলোচনা শুরু করা যায়—সে ব্যাপারে খসড়া প্রস্তাব পেশ করেছে। কিন্তু তাতে কিছু হয়নি।

এই আলোচনার উদ্দেশ্য হবে, গত বছর ভ্যাটিকানের মধ্যস্থতায় তারা যে অঙ্গীকার করেছিল, সেটা মানতে ভেনেজুয়েলাকে চাপ দেওয়া: এ বছর অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, রাজনৈতিক বন্দীদের মুক্তিদান, মানবিক সহায়তা গ্রহণ। কিন্তু ২০টি ওএএসভুক্ত দেশ এটি মেনে নিলেও ১০টি মানেনি। কারণ, তারা তেল ও অর্থায়নের জন্য ভেনেজুয়েলার ওপর নির্ভরশীল। ফলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে তিনটি ভোট কম পড়ে।

এটাকে বিজয় হিসেবে ধরে নিয়ে দেশটির সরকার প্রতিবাদকারীদের বিরুদ্ধে আরও সহিংস হয়ে উঠেছে। এমনকি তারা নিজেদের বিরুদ্ধে ভুয়া অভ্যুত্থানের নাটক সাজায়। সম্প্রতি লেজিসলেটিভ প্যালেস ঘেরাওয়ের সময় ন্যাশনাল গার্ডের একজন কর্মকর্তা ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জুলিও বোরজেসকে অপমানিত করেন। শুধু তা-ই নয়, সরকার ওরতেগার জায়গায় একজন অনুগত মানুষকে বসাতে যাচ্ছে। ওরতেগার ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে, তাঁর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিরোধীরা পাল্টা আঘাত হানছে, তারা ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে সংবিধানের ৩৩৩ ও ৩৫০ ধারা অনুসারে গণভোট আয়োজন করতে যাচ্ছে। ভেনেজুয়েলার নাগরিকেরা মাদুরোর সংবিধান পুনর্লিখন এবং বিরোধীদের নির্বাচন দাবির বিচার করতে পারবে। একই সঙ্গে বিরোধীরা সব ভারসাম্য পুনরুদ্ধার ও ‘জাতীয় ঐক্যের’ সরকার গঠন করতে চায়। ১৬ জুলাই ভেনেজুয়েলার সব গির্জায় এই ভোট অনুষ্ঠিত হবে, যেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও থাকবেন।

সব বৈধতা হারিয়ে ভেনেজুয়েলার খুনি সরকার এখন স্রেফ সুতার ওপর ঝুলে আছে। ইতিমধ্যে ওএএস সদস্যরাষ্ট্র ভেনেজুয়েলার আগ্রাসী মাদক কারবারিদের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই মাদক ব্যবসায়ীরা রাস্তায় তরুণদের পিটিয়েছেন এবং ৩০০ রাজনৈতিক বন্দীকে নির্যাতন করেছেন (ইউরোপীয় ইউনিয়ন এখনো এতে যোগ দেয়নি)।

গণতন্ত্রে উত্তরণ প্রক্রিয়া বাতিল করে এই সরকার কেবল নিজের দুঃখই বাড়াচ্ছে, যে কারণে তাকে অনেক মূল্য চোকাতে হবে, সেই মূল্য তারা বাড়িয়েই চলেছে। ক্ষমতাসীন মহল আলোচনা করতে রাজি না হওয়ায় ওএএসের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রেরিত প্রস্তাব এই বাস্তবতায় প্রত্যাখ্যান করা কঠিন হয়ে উঠতে পারে।

এই প্রস্তাব বাস্তবায়নে তাৎক্ষণিক নির্বাচন প্রয়োজন, তার সঙ্গে সংবিধান সভা বাতিল করতে হবে। দেশটির বর্তমান সংবিধান অনুসারে এটা দ্রুত ও সহজভাবে বাস্তবায়ন করা যেতে পারে। এই প্রক্রিয়া সফল হলে আন্তর্জাতিক আস্থা ও সহযোগিতা জোরদার হবে। তবে এটা ভেনেজুয়েলার নিপীড়িত, মরিয়া ও ভুখা মানুষকে  তাদের দেশ ফিরিয়ে দিতে পারে।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

এনরিক টার হর্স্ট: জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক সাবেক ডেপুটি হাইকমিশনার।