প্রায় দুই বছর দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন হুগো রাফায়েল চাভেজ ফ্রিয়াস। বিশ্বব্যাপী ভেনেজুয়েলার এই নেতা পরিচিত হুগো চাভেজ হিসেবে। হুগো চাভেজ প্রায় ১৪ বছর লাতিন আমেরিকার তেলসমৃদ্ধ দেশ, অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। এই সময়ের মধ্যে তিনি সমগ্র বিশ্বে বিপ্লবী নেতা হিসেবে পরিচিতি পান। অনেকে মনে করেন, দক্ষিণ আমেরিকা তথা বিশ্বে সমাজতান্ত্রিক বিপ্লবী হিসেবে কিউবার ফিদেল কাস্ত্রোর পরই ইতিহাসে তাঁর স্থান হবে। তুলনা করা হবে লাতিন আমেরিকার, তথা বিশ্বনন্দিত আরেক বিপ্লবী চে গুয়েভারার সঙ্গে। তার পরও হুগো চাভেজ ছিলেন এই দুই সমাজতান্ত্রিক বিপ্লবী থেকে আলাদা।হুগো চাভেজের উত্থান এমন সময়ে হয়, যখন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিশ্বজুড়ে, সহজেই প্রতিষ্ঠিত হয়েছিল একক পরাশক্তি হিসেবে। সোভিয়েত ইউনিয়ন খণ্ড-বিখণ্ড হওয়ার পর হুগো চাভেজের উত্থান হয়েছিল। তাঁরই সৃষ্ট ‘বলিভারিয়ান মুভমেন্টের’ (আন্দোলন) মাধ্যমে লাতিন আমেরিকা গণধিক্কৃত দক্ষিণপন্থী অপারেশন কন্ডোরের সমাপ্তির প্রায় এক দশক পর। উল্লেখ্য, ১৯৬০ থেকে ১৯৭৫ পর্যন্ত লাতিন আমেরিকার প্রায় প্রতিটি দেশে দক্ষিণপন্থী ও যুক্তরাষ্ট্রপন্থী সামরিক অভ্যুত্থানের পালা চলেছে। অপারেশন কন্ডোরে যে দেশটি অগ্রণী ভূমিকা পালন করেছিল, সে দেশটি ছিল দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকার অন্যতম বৃহত্তম দেশ চিলি। চিলিতে ১৯৭৩ সালে যে সামরিক অভ্যুত্থান হয়, তাতে সালভাদর আলেন্দেকে ক্ষমতাচ্যুত করা হয়।অপারেশন কন্ডোর শুধু চিলিতেই সীমাবদ্ধ থাকেনি, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তথাকথিত বিদ্রোহী বিরোধী দলের নেতা ও সোশ্যালিস্টপন্থীদের নির্বিচারে হত্যা করা হয়েছিল। রুখে দেওয়ার চেষ্টা হয়েছিল লাতিন আমেরিকায় সোশ্যালিস্ট আন্দোলন বা ক্ষমতায়ন। যুক্তরাষ্ট্রের পরোক্ষ সহযোগিতায় এই অপারেশনে যোগ দিয়েছিল আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া ও ব্রাজিল। এসব অঞ্চলে প্রায় ৫০ হাজার মানুষকে হত্যা করা হয়। নিখোঁজ হয় প্রায় ৩০ হাজার, প্রায় চার লাখ লোক বাড়িঘর ছেড়ে নিরুদ্দেশ হয়। এরই মধ্যে বেড়ে ওঠেন জন্মসূত্রে আফ্রো-ভেনেজুয়েলা-স্প্যানিশ এক নিম্নমধ্যবিত্ত শ্রমজীবী পরিবারে জন্মগ্রহণ করা হুগো চাভেজ।১৯৭১ সালে হুগো চাভেজ কারাকাসের সামরিক একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। চাভেজের ব্যাপক পরিবর্তন আসে, যখন তিনি ১৯৭৪ সালে পেরুর স্বাধীনতাযুদ্ধের সূচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে আনুষ্ঠানিকতায় যোগদান করেন। ওই যুদ্ধের সূচনাকারী ছিলেন ভেনেজুয়েলায় জন্মগ্রহণকারী সিমন বলিভার। সিমন বলিভার, যাঁর নামে বলিভিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, অষ্টাদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ছিলেন একজন বিপ্লবী জেনারেল। সিমন বলিভারের নেতৃত্বেই উপনিবেশবাদের শিকল থেকে মুক্তি পেয়েছিল অনেক দেশ। পেরুতে ১৯৭৪ সালের ওই দিনে ক্ষমতাসীন ছিলেন হুয়নে ফ্রান্সিসকো ভেলাসকো আলভারাদো। পেরুর এই সাবেক জেনারেল পরিচিত ছিলেন বামপন্থী শাসক হিসেবে। পেরুর ওই অনুষ্ঠানে ভেলাসকো-প্রদত্ত ভাষণ হুগো চাভেজের মনে বিপ্লবের চেতনার বীজ বপন করে। ভেলাসকো বলেছিলেন, যখন ক্ষমতাসীনেরা শ্রমজীবী মানুষকে বঞ্চিত করে, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তখন সামরিক বাহিনীকে সমাজের খেটে খাওয়া গরিব মানুষের পাশে দাঁড়ানো উচিত।চাভেজ শুধু ভেলাসকোর আহ্বানেই অনুপ্রাণিত হননি, তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন লাতিন আমেরিকার উপনিবেশবিরোধী স্বাধীনতাকামী বিপ্লবী সিমন বলিভারের দ্বারাও। যে কারণে চাভেজের আন্দোলনের নাম বলিভারিয়ান রেভল্যুশন। সিমন বলিভার ছাড়া আর যে দুজন ভেনেজুয়েলিয়ান বিখ্যাত বিপ্লবীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন চাভেজ, তাঁরা ছিলেন জ্যাকুয়েল জামোরা ও সিমন রডরিগাস। সিমন রডরিগাস ছিলেন দার্শনিক ও শিক্ষাবিদ। তিনি ছিলেন সিমন বলিভারের গুরু। এঁদের দর্শন থেকেই সূত্রপাত হয়েছিল হুগো চাভেজের বলিভারিয়ান রেভল্যুশনের।চাভেজের বিপ্লব শুরু হয়েছিল ১৯৮৯ সালে কার্লোস আন্দ্রেজ পেরেজের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে। পেরেজ তাঁর নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্র ও আইএমএফ থেকে দূরে থাকার অঙ্গীকার করেছিলেন। কিন্তু নির্বাচনের পর তিনি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। কার্যত ওয়াশিংটন আর আইএমএফের সংস্কারের ফাঁদে পা দিয়ে ভেনেজুয়েলার প্রণোদিত অর্থনীতি সিংহ ভাগ সাধারণ মানুষকে দারিদ্র্যের সীমারেখার নিচে নিয়ে আসে। ব্যাপক অর্থনৈতিক অব্যবস্থা আর সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ব্যাপক অশান্তির সৃষ্টি করে। কারাকাসসহ দেশে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা শুরু হয়। পেরেজ অশান্তি আর দাঙ্গা ঠেকাতে সামরিক বাহিনী ব্যবহার করেন। শত শত লোককে নির্মমভাবে হত্যা করা হয়। ওই অভিযান থেকে দূরে ছিলেন চাভেজ। তত দিনে তিনি পেরেজের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করেন। তবে ওই পরিকল্পনা কার্যকর না হওয়ায় চাভেজ আত্মসমর্পণ করেন। পেরেজ তাঁকে সুযোগ দেন টেলিভিশনের মাধ্যমে তাঁর অনুগামীদের আত্মসমর্পণের আহ্বান করার। পেরেজ অজান্তে চাভেজকে সমগ্র দেশবাসীর কাছে পরিচিত করার সুযোগ দিয়েছিলেন। চাভেজের ওই আহ্বানে লুকিয়ে ছিল তাঁর ভবিষ্যতের রাজনৈতিক দিগ্দর্শন।চাভেজের অভ্যুত্থান ব্যর্থ হলেও সাধারণ মানুষ চাভেজের মধ্যেই খুঁজে পেয়েছিল তাদের মতো এমন একজন, যিনি ভেনেজুয়েলার দিক পরিবর্তন করবেন। এর পরও বেশ কয়েকটি ব্যর্থ অভ্যুত্থান হয়। অবশেষে পার্লামেন্ট পেরেজকে অদক্ষতা, দুর্নীতি এবং অন্যান্য কুকীর্তির জন্য অভিশংসন করে। পেরেজের পরে রাফায়েল কালডেরা প্রেসিডেন্ট নির্বাচিত হলে চাভেজ ও বলিভারিয়ান বিপ্লবীদের মুক্ত করেন। পরে চাভেজ ২ ফেব্রুয়ারি ১৯৯৯ সালে প্রথমবারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি বিপুল ভোট পেয়েছিলেন গরিব ও শ্রমজীবী মানুষের।চাভেজের ১৪ বছরের শাসনে ভেনেজুয়েলার অর্থনীতির উন্নতি থেকে আর্থসামাজিক উন্নয়ন বিশ্বকে তাক লাগিয়ে দেয়। ভেনেজুয়েলার তেলসম্পদ থেকে অর্জিত অর্থের সুষম বণ্টনে বেকারত্বের হার ১৯৯৯ সালে যেখানে ছিল ১৪ দশমিক ৫ শতাংশ, তা ২০০৯ সালে দাঁড়ায় ৭ দশমিক ৬ শতাংশে। জনসংখ্যা হ্রাসে অত্যন্ত সার্থক হয়েছিলেন চাভেজ। ২০১১ সালে মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছিল ১০ হাজার ৮০১ মার্কিন ডলার, যা ১৯৯৯ সালে ছিল চার হাজার ১০৫ মার্কিন ডলার।সবচেয়ে বড় সাফল্য ছিল, যার জন্য চাভেজ ভেনেজুয়েলার ইতিহাসে অমর হয়ে থাকবেন, দারিদ্র্য বিমোচনে। ভেনেজুয়েলার প্রায় আড়াই কোটি জনগণের মধ্যে ১৯৯৯ সালে ২৩ দশমিক ৪ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে ছিল ২০১১ সালে, প্রায় তিন কোটি জনসংখ্যার অনুপাতে, দারিদ্র্যের হার কমে ৮ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছিল। উন্নতি হয়েছিল প্রাথমিক স্বাস্থ্যসেবার খাত, যার কারণে শিশুমৃত্যুর হার হাজারে ২০ থেকে কমে ২০১১ সাল পর্যন্ত ১৩-তে নেমে এসেছিল। শুধু তা-ই নয়, ভেনেজুয়েলা একসময় সন্ত্রাসের স্বর্গরাজ্য বলে আখ্যায়িত ছিল। এক লাখ মানুষের মধ্যে যেখানে বছরে ৪৫ জন খুন হতো, ১২ বছরে তা কমে ২৩ জনে রেকর্ড করা হয়েছিল। ভেনেজুয়েলার প্রধান প্রাকৃতিক সম্পদ তেল। তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেকের অন্যতম সদস্যদেশ হিসেবে ২০১১ সালে প্রতিবছর রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ৬০ বিলিয়ন মার্কিন ডলার, যা ১৯৯৯ সাল পর্যন্ত গড়ে ১৪ বিলিয়ন মার্কিন ডলার ছিল।হুগো চাভেজ লাতিন আমেরিকার দেশগুলোকে কীভাবে যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু ও পশ্চিমা শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করে নিজস্ব গতিতে চলতে হয়, তেমনটাই দেখিয়েছিলেন। তিনি সাহস জুগিয়েছিলেন পার্শ্ববর্তী দেশগুলোতে বলিভারিয়ান আন্দোলনের বাতাস ছড়িয়ে দিতে। তাঁরই সাহস, নেতৃত্ব আর জনগণের নেতা হিসেবে বেড়ে ওঠার দৃষ্টান্তে উত্তর লাতিন আমেরিকা, মেক্সিকোয় এক নতুন নেতৃত্বের জাগরণের সূচনা হয়েছে। ব্রাজিলে এ পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও তাঁর ওয়ার্কার্স পার্টি ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত দুবার ক্ষমতায় ছিল। বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের উত্থানও হয় চাভেজের প্রভাবে। ২০০৬ সাল থেকে ইভো মোরালেস ও তাঁর সোশ্যালিস্ট পার্টি ক্ষমতায় রয়েছে। ইভো মোরালেসও একজন সাধারণ শ্রমজীবী মানুষের সন্তান।চাভেজ নেই। কিউবার ফিদেল কাস্ত্রো থেকেও নেই। এখন প্রশ্ন উঠছে, চাভেজের ধারাবাহিকতা তাঁর উত্তরসূরি নিকোলাস মাদুরো, যিনি ব্যক্তিজীবনে একজন বাসচালক ছিলেন, চাভেজের মতো নিজে বলিভারিয়ান মুভমেন্ট চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন কি না। চাভেজের মৃত্যুসংবাদের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংক্ষিপ্ত মন্তব্য যথেষ্ট গুরুত্ব বহন করে। প্রেসিডেন্ট ওবামা বলেছেন, চাভেজ বিভক্ত দেশ রেখে গেছেন। ওবামা আরও বলেন, ভেনেজুয়েলার এখন পরীক্ষার সময় এসেছে। আগামী ৩০ দিনের মধ্যে যে নির্বাচন হবে, তার ফলাফলের ওপরই নির্ভর করবে চাভেজের বলিভারিয়ান মুভমেন্টের ভবিষ্যৎ। ওই নির্বাচনের ওপর নির্ভর করবে চাভেজের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে কি হবে না। মাদুরো রাষ্ট্রপতি নির্বাচিত হলেও চাভেজের প্রকৃত উত্তরসূরি হতে পারবেন কি না, তা দেখার বিষয়।ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.): সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক। [email protected]