গত শনিবার যখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ গেমসের উদ্বোধন হচ্ছিল, সেই সময়ই প্রথম ও দ্বিতীয় সাফ গেমসের পরিকল্পক ও প্রধান সংগঠক জেনারেল আমীন আহম্মদ চৌধুরী বিদায় নিচ্ছেন। সেনাবাহিনীর বিউগলে লাস্ট পোস্টে বেজে উঠল করুণ সুর। মনে পড়ে গেল, আমরা শেকসিপয়ারের কোরিওলেনাস নাটক করছিলাম আশির দশকে। নাটকের শেষে কোরিওলেনাসের মৃত্যুর পর লাস্ট পোস্ট বেজে উঠত। তিনি নাটক দেখে বলে উঠলেন, লাস্ট পোস্টের সুরটা ঠিক হয়নি। আমরা তখন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুরকার দেবু ভট্টাচার্য্যকে দিয়ে আবারও লাস্ট পোস্টের সঠিক সুরটি করে নিয়েছিলাম। ১৯৭২ সালে যখন বিজয়ের আনন্দে সারা দেশ ভাসছে, তখন আমীন আহম্মদ চৌধুরী পূর্ব জার্মানির হাসপাতালে সারা বুকে গুলি নিয়ে চিকিৎসায় আছেন। সেই সময় ভূপেন হাজারিকা তাঁকে কোলে করে যুব উৎসবের অনুষ্ঠানে গান গাইছেন। অত্যন্ত গর্বের সঙ্গে ভূপেন হাজারিকা সেই সময়ের স্মৃতিচারণায় এ কথা বলছিলেন। ১১ নম্বর সেক্টরে যুদ্ধরত অবস্থায় একেবারেই সামনে চলে এসেছিলেন, গুলিতে তাঁর বুকটা প্রায় ঝাঁঝরা হয়ে গিয়েছিল, অধিনায়ক আমিনুল হক রক্তাক্ত ক্যাপ্টেন আমীন আহম্মদ চৌধুরীকে কোলে করে নিয়ে হেলিকপ্টারে তুলে দেন। প্রাণে বেঁচে যান ক্যাপ্টেন আমীন। তারপর ফিরে আসেন সেনাবাহিনীতে। অদ্ভুত মানুষ ছিলেন তিনি। যেখানেই গেছেন, গড়ে তুলেছেন। চোখে-মুখে-কাজে সর্বত্রই আশা, স্বপ্ন। সেনাবাহিনীর বাইরেও যখন যেখানে দায়িত্ব পেয়েছেন, সেখানেই একটা কিছু গড়ে তুলছেন। মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টে একসময় এলেন। ভেঙে পড়া প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার জন্য কী আপ্রাণ চেষ্টা! মুক্তিযোদ্ধাদের জন্য একটা কিছু করতে হবে। তারপর দেখি বাংলাদেশ চা বোর্ডে। ঘুরে বেড়াচ্ছেন চা-বাগান থেকে চা-বাগানে। চায়ের রপ্তানি কী করে বাড়ানো যায়। স্বপ্নতাড়িত আমীন। শুধুই চায়ের উৎপাদন বাড়ানো নয়, রপ্তানি নয়, চা-বাগানের কর্মরত যাঁরা আছেন, তাঁদের ছেলেমেয়েদের জন্য বিদ্যালয় করতে হবে। ইংল্যান্ড থেকে শিক্ষক নিয়ে এসে দার্জিলিং বা কালিম্পংয়ের মতো বিদ্যালয় করতে হবে। বহুদূর এগিয়ে গেলেন সেই স্বপ্ন নিয়ে। এখন কী অবস্থায় আছে, জানি না। আবার ফিরে গেলেন সেনাবাহিনীতে। পদোন্নতি হলো। ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল। ইতিমধ্যে সাফ গেমসের সূচনা। চীন থেকে প্রশিক্ষক আনলেন। ডিসপ্লে যা হলো, তা আন্তর্জাতিক মানের। দ্বিতীয়বারও তা-ই। যুক্ত করলেন দেশের বড় বড় শিল্পীকে। মুস্তাফা মনোয়ার, কাইয়ুম চৌধুরী, সমর দাস আরও অনেকে। মাসকট তৈরি করতে হবে, সেই সঙ্গে আন্তর্জাতিক মানের সুর। কী করে খুঁজে বের করা যায় আসল মানুষটাকে, তা নিয়ে দিনরাতের সাধনা। রাত নেই, দিন নেই, শুধু কাজ আর কাজ। এর মধ্যে বড় বড় বিবাদ মেটাতে হচ্ছে, সরকারের সঙ্গে সমন্বয় করতে হচ্ছে। একেকটা কাজ যেন একেকটা মুক্তিযুদ্ধের মতোই। বিজয় ছিনিয়ে আনতে হবে। নো মিসটেক ফিলোসফি, যেখানে একাধারে তিনি সৈনিক, অন্যদিকে নেতা। কোনো মান-অভিমান নেই, ক্ষোভ নেই, বঞ্চনার ব্যথা নেই, শুধু লক্ষ্যে পৌঁছানোর সংগ্রাম।সেনাবাহিনীতে কর্মরত থাকার সময়ও মুক্তিযুদ্ধের জন্য যা কিছু করণীয়, তাতে পিছপা হননি, তার একটা নিদর্শন গাজীপুর চৌরাস্তার ভাস্কর্যটি। খুঁজে বের করলেন ভাস্কর আবদুর রাজ্জাককে। তাঁকে দিয়ে দ্রুত একটি নকশা করে গড়ে তুললেন ভাস্কর্যটি। এসব কাজ তাঁর জন্য নির্বিঘ্ন হয়নি। বেশ কয়েকবার চাকরি হারানোর উপক্রম হয়েছে। আমরা যখন আশির দশকে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, তখনো গোপনে নানা সাহায্য ও সহযোগিতা করেছেন। সেই বিপজ্জনক সময়ে আমাদের সঙ্গে সম্পর্ক তিনি ত্যাগ করেননি। একটা গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখতাম তাঁর চোখে-মুখে। সেই সময় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বিপজ্জনক মানুষ ছিলেন কর্নেল তাহের। তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গেও ছিল আমীন আহম্মদ চৌধুরীর ঘনিষ্ঠ সম্পর্ক। কর্নেল তাহেরের পরিবারের কাছেও তিনি পিয়ারু ভাই। সেনাবাহিনীর মধ্যেও তিনি একটা একাডেমিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করতেন। নিজেরও ছিল লেখাপড়ার অভ্যাস। সুযোগ জেনেই বই নিয়ে বসতেন। গভীর রাত পর্যন্ত আলো জ্বলত তাঁর ঘরে। কখনো যুদ্ধবিষয়ক বই, কখনো ইতিহাস এমনকি ভাওয়াল সন্ন্যাসীকে নিয়েও বিস্তর গবেষণা করেছেন। আমরা বলতাম, আপনি লেখেন না কেন? স্মিত হাসতেন। শেষ পর্যন্ত অবশ্য কলাম লেখা শুরু করেছিলেন। ছিলেন প্রচারবিমুখ। জীবনের শেষের কটা বছর অবশ্য সভা-সমিতিতে যেতেন, টেলিভিশনের টক শোতে আসতেন, বিশেষ করে সেক্টর কমান্ডারস ফোরাম গঠিত হওয়ার পর।সেনাবাহিনীর শৃঙ্খলা এবং রণকৌশলের শিক্ষাকে তিনি ব্যক্তিজীবনেও কাজে লাগানোর চেষ্টা করতেন। যে কাজটি ধরবেন, তা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা করতেন। মাঝপথে ফেলে দিতেন না বা থেমে যেতেন না। জীবিকার জন্য কাজ, বাকি সব সময় দেশ, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র রক্ষা—এসবই তাঁর কর্তব্য। কূটনীতিক হিসেবেও তিনি ছিলেন সফল। প্রবাসীদের জন্য, দেশের জন্য বাজার খোঁজা, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সার্বক্ষণিক এক প্রচেষ্টা থাকত তাঁর। ওমানের মরুভূমির কোনো প্রান্তরে বাংলাদেশের একজন শ্রমিক তাঁর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন কাগজের অভাবে, তার জন্যও বিনিদ্র রাত কেটেছে তাঁর।যে শক্তি জেনারেল আমীনকে তাড়িত করত তা হলো সৃজনশীলতা। যেখানেই যেতেন, সেখানেই নতুন কিছু করার চেষ্টা করতেন। চা বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন বাংলাদেশে চা-শিল্পের ১৪০ বছর পূর্তির আয়োজন করেন। সে সময় নানা উদ্যোগের সঙ্গে চায়ের উন্নতির জন্য সাতটি ভাষায় একটি প্রামাণ্যচিত্রও করেন। বিভিন্ন সেনানিবাসে, বিশেষ করে জালালাবাদে বেশ কিছু ভাস্কর্য নির্মাণ করেন। এসব ক্ষেত্রে তিনি দেশের বিখ্যাত ভাস্করদের নিয়োগ করেন। সেনাবাহিনীর আইনকানুন সম্পর্কে ছিল তাঁর বিস্তর জ্ঞান, কিন্তু ভালো কাজের সময় তিনি কিছুই তোয়াক্কা করতেন না। সেনাবাহিনী চলে চেইন অব কমান্ডে, তিনি কমান্ডকে শুধু নির্দেশ বলে মনে করতেন না। যেকোনো সৈনিক, মুক্তিযোদ্ধা বা সাধারণ মানুষ খুব সহজেই তাঁর সঙ্গে দেখা করে তাঁর সমস্যার কথা বলতে পারতেন। বড় অফিসারসুলভ দাম্ভিকতার কথা কখনোই শোনা যায়নি। সব শৃঙ্খলার মধ্যে একধরনের আত্মভোলা শিশুও বাস করত তাঁর মধ্যে। সেনাবাহিনীতে এমন কৌতুকও তাঁর সম্পর্কে চালু আছে যে হয়তো ২০ থেকে ২৫ জন অফিসারকে বাসায় দাওয়াত দিয়েছেন। সবাই এসেছেন, কিন্তু বাসায় স্ত্রীকে বলতে ভুলেই গিয়েছেন। শিশুর মতো বোকা হাসি দিয়ে ময়মনসিংহের ভাষায় বলতেন, ‘আইচ্ছা অইবোনে’।তাঁর পিতৃভূমি ফেনী হলেও বাবার কর্মস্থল ময়মনসিংহেই স্থায়ী বসবাস। বড় ভাই মুকুল ফৌজের সংগঠক আমীর আহম্মদ চৌধুরী (রতন দা নামেই বহুল পরিচিত) ময়মনসিংহের ক্রীড়া ও সংস্কৃতি জগতের এক বিশিষ্ট নাম। ছোটবেলা থেকেই ক্রীড়া, বিশেষ করে ক্রিকেটের প্রতি ছিলেন আকৃষ্ট। পঞ্চাশ ও ষাটের দশকে ক্রীড়া, সংস্কৃতি ও রাজনীতিতে ময়মনসিংহ জেলা ছিল এক অগ্রণী ভূমিকায়। সেই পরিমণ্ডলে বেড়ে ওঠা আমীন আহম্মদ চৌধুরীর কর্মজীবনেও সেই প্রভাব ছিল সার্বক্ষণিক। সেনাবাহিনীর ক্রীড়ার ক্ষেত্রেও এক অনন্য ভূমিকা রেখেছেন।আজ যখন যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে, দেশ যখন এক গভীর সংকটে নিপতিত, তখনই তাঁর বিদায় আমাদের এক অপূরণীয় ক্ষতি। তাঁর মত নির্ভীক, সত্যবাদী মানুষ আজ বিরল।তাঁর শেষ বিদায় অনুষ্ঠানে যখন লাস্ট পাস্ট বেজে উঠল, তখন সমবেত সৈনিকদের স্যালুটের সঙ্গে সঙ্গে আমরা যাঁরা সিভিলিয়ান, যাঁরা অনেক দেশপ্রেমিক সেনানায়কের মৃত্যুতে উপস্থিত থাকতে পারিনি, তাঁদের মধ্য থেকেও নীরবে-নিভৃতে একটা সালাম দিতে পেরেছি। যদিও আমার বিশ্বাস, তিনি এখনো জীবিত। কারণ, তিনি মৃত্যুঞ্জয়ী।মামুনুর রশীদ: নাট্যব্যক্তিত্ব।